আমলাতন্ত্রের ছায়াতলে আমজনতা
রাষ্ট্র যখন আমলাতন্ত্রের হাতে অধিকতর নির্ভরশীল হয়ে পড়ে তখন জনগণ হয়ে যায় প্রান্তিক। এ এক ধরনের আধুনিক উপনিবেশায়ন, যেখানে শাসক ও শাসিতের মাঝে তৈরি হয় অদৃশ্য বিভাজন রেখা। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে স্পষ্ট হয় যে, ঔপনিবেশিক উত্তরাধিকার বহনকারী জনপ্রশাসন কখনোই একটি গণতান্ত্রিক ও জনমুখী রাষ্ট্রের অনুকূলে কার্যকর হতে পারে না। আগেই উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ভিত্তি স্থাপিত হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়, যেখানে প্রশাসনের প্রধান লক্ষ্য ছিল শাসকের ক্ষমতা সংরক্ষণ, শোষণের মাধ্যমে সম্পদ আহরণ এবং জনগণকে নিয়ন্ত্রণে রাখা। ‘সরকারের সহায়ক জনগণের সেবক’ নয় বরং ‘সরকারের প্রতিনিধি’ হিসেবেই আমলারা কাজ করত। জনগণকে তাদের অধিকারবোধহীন ‘শাসিত’ বলে গণ্য করা হতো।
