গণভোটের ব্যালটে প্রদত্ত প্রশ্নটি দেখতে সরল: ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’

‘সরল’ এ প্রশ্নের ‘সরল’ উত্তর হ্যাঁ বা না। কিন্তু আপাত সরলতার আড়ালে অন্তত তিনটি স্তরের সমস্যা একসঙ্গে সক্রিয় ছিল: কাঠামো, উপস্থাপনা ও ভাষাগত। তিনটি স্তর মিলেই এমন পরিস্থিতি তৈরি করেছিল, যেখানে ভোটার নিশ্চিতভাবে বলতে পারেননি– তিনি আসলে কোনটাকে সমর্থন করছেন।

প্রথমত, কাঠামোগত সমস্যা। প্রশ্নটি একসঙ্গে দুটি ভিন্ন বিষয়ের ওপর সম্মতি চাইছে: ১. জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫, যা একটি বাস্তবায়ন কাঠামো; এবং ২. সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার-সংক্রান্ত ক, খ, গ, ও ঘ প্রস্তাব, যা নীতিগত বিষয়বস্তু। দুটিকে পৃথকভাবে জিজ্ঞেস না করে একত্রে একটি ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তরে বেঁধে দেওয়া হয়েছে। ফলে ভোটার যদি সংস্কারের পক্ষে থাকেন কিন্তু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আপত্তি থাকে বা উল্টোটা, তাহলে সেই অবস্থান প্রকাশের উপায় নেই।

এখানেই সমস্যার শেষ নয়। একই ধরনের সংযোজন নীতিগত প্রস্তাবগুলোর মধ্যেও বিদ্যমান। ক, খ, গ, ও ঘ– প্রতিটি প্রস্তাব আলাদাভাবে বিবেচনার সুযোগ না দিয়ে একত্রে একটি উত্তরে বেঁধে দেওয়া হয়েছে। ফলে ভোটার কেবল বাস্তবায়ন কাঠামো ও নীতিগত বিষয়বস্তুর মধ্যে পার্থক্য প্রকাশ করতে পারেননি, বরং নীতিগত প্রস্তাবগুলোর মধ্যকার পার্থক্যও পৃথকভাবে প্রকাশ করতে পারেননি।

দ্বিতীয়ত, উপস্থাপনার সমস্যা। একই প্রস্তাব দুটি দলিলে দুইভাবে উপস্থিত। জুলাই জাতীয় সনদে কিছু প্রস্তাবের ক্ষেত্রে মতভেদের উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবায়ন আদেশে সেই একই প্রস্তাবগুলোতে মতভেদ তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ একই বিষয়বস্তু একটিতে বিতর্কিত, অন্যটিতে আপাতসম্মত হিসেবে উপস্থাপিত। ফলে একই প্রশ্নে ভোট দিতে গিয়ে ভোটার একযোগে দুই ভিন্ন উপস্থাপনার মুখোমুখি হন; কিন্তু কোনটিকে অনুমোদন দিচ্ছেন– স্পষ্ট থাকে না। এটি সরাসরি যুক্তিগত বিরোধ না হলেও গভীর উপস্থাপনাগত অসামঞ্জস্য, যা পরে ‘ম্যান্ডেট’ ব্যাখ্যার সুবিধাবাদী ব্যবহার সম্ভব করে।

কেউ বলতে পারেন, গণভোটের ব্যালটে জুলাই জাতীয় সনদের ক ও খ নম্বরযুক্ত প্রস্তাবগুলো এমনভাবে উপস্থাপিত হয়েছে, যেখানে সনদের অভ্যন্তরীণ মতভেদ কার্যত উপেক্ষিত। এতে বাস্তবায়ন আদেশে মতভেদশূন্যতা এবং সনদে মতভেদসহ উপস্থিতির উপস্থাপনাগত অসামঞ্জস্য দূর হয়ে যায়। কিন্তু এই ব্যাখ্যা টেকে না। কারণ সনদে আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ মতভেদগুলো সাধারণীকৃত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে মুছে ফেলা এক ধরনের প্রক্রিয়াগত জালিয়াতি; ভোটারদের কখনও জিজ্ঞাসা করা হয়নি– তারা মতভেদগুলো বাতিল করতে চান কিনা।

আরও মৌলিকভাবে, যদি কোনো বাস্তবায়ন কাঠামো জুলাই জাতীয় সনদের অভ্যন্তরীণ মতভেদকে উপেক্ষা করে, তবে তা ক্ষমতার সীমা লঙ্ঘনের ঝুঁকিতে পড়ে। উৎস দলিলের অভ্যন্তরীণ শর্ত অগ্রাহ্য করার ক্ষমতা বাস্তবায়ন আদেশে নেই। উদ্ভূত প্রক্রিয়া কখনোই উৎসকে অকার্যকর করতে পারে না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা অন্যত্র করা হয়েছে।

তৃতীয়ত, ভাষার স্তরে দ্ব্যর্থতা এই সমস্যাকে আরও ঘনীভূত করে। আমার দৃষ্টিতে এটিই মৌলিক সমস্যা। কারণ অন্য সমস্যাগুলো শেষ পর্যন্ত ভাষাগত কাঠামোর মধ্য দিয়েই কার্যকর হয়। এখানে তিনটি ভাষাগত উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ: ‘এর’, ‘এ’, এবং ‘সম্পর্কিত’। এর মধ্যে ‘এর’ একটি সম্বন্ধসূচক প্রত্যয়; ‘এ’ একটি অবস্থানসূচক বিভক্তিচিহ্ন, এবং ‘সম্পর্কিত’ একটি বর্ণনামূলক বিশেষণ। গণভোটের ব্যালটের প্রশ্নে ব্যবহৃত ‘প্রস্তাবসমূহের’ শব্দে ‘এর’ প্রত্যয়ের সরল পাঠে এটি সনদে লিপিবদ্ধ প্রস্তাবগুলোর সঙ্গেই যুক্ত বলে মনে হয়। কিন্তু বাক্যের গঠন এমন যে এটি পূর্ববর্তী সমগ্র অংশ, অর্থাৎ আদেশ ও সনদ, উভয়ের সঙ্গেই সম্পর্কিত বলে পড়া সম্ভব। এ ক্ষেত্রে প্রশ্নটি এভাবে পাঠ করা যায়: ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-‘এর’ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহ-‘এর’ প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’

এই পাঠের অর্থ দাঁড়ায়, সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ এবং সনদের সংস্কার প্রস্তাবগুলো উভয়ের প্রতিই সম্মতি দেওয়া হবে কিনা। এর ফলেই কাঠামোগত সমস্যা তৈরি হয়। আবার ‘বাস্তবায়ন আদেশের প্রতি সম্মতি’ মানে আদেশ নথিতে অন্তর্ভুক্ত সবকিছুর প্রতিই সম্মতি। আর সেই নথিতেই একই প্রস্তাবগুলো মতভেদ ছাড়া তালিকাভুক্ত। ফলে ‘এর’-এর এই পাঠ ভোটারকে একই প্রস্তাবের দুটি ভিন্ন রূপ, মতভেদসহ এবং মতভেদশূন্য, উভয়ের প্রতিই একযোগে সম্মতি দিতে বাধ্য করে, যা উপস্থাপনাগত সমস্যা।

অন্যদিকে ‘সনদে’ শব্দের ‘এ’ বিভক্তি অবস্থানগত দ্ব্যর্থতা তৈরি করে। বিষয়টি বুঝতে প্রশ্নটি এভাবে পড়া যায়: ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-‘এ’ এবং জুলাই জাতীয় সনদ-‘এ’ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ বাস্তবে একই প্রস্তাব আদেশেও এবং সনদেও উপস্থিত, কিন্তু ভিন্নরূপে। ফলে ‘আদেশে’ এবং ‘সনদে’ লিপিবদ্ধ প্রস্তাব এইভাবে পড়লে স্পষ্ট হয় যে একই বিষয়বস্তু দুটি দলিলে নোঙর করা হয়েছে, কিন্তু তাদের উপস্থাপনাগত পার্থক্য, অর্থাৎ একটিতে মতভেদ দৃশ্যমান এবং অন্যটিতে অনুপস্থিত, তা উল্লেখ করা হয়নি।

এভাবে প্রশ্নটি পড়লে আরেকটি সমস্যা সামনে আসে। যদি সম্মতি কেবল ‘আদেশে’ লিপিবদ্ধ প্রস্তাবগুলো নির্দেশ করে, তাহলে বাস্তবায়ন আদেশ নথির অন্যান্য উপাদানের, প্রস্তাবসমূহের বাইরে, প্রতি ভোটারের সম্মতি চাওয়া হয়নি। অথচ একই আদেশের মাধ্যমেই গণভোটের কাঠামো নির্ধারিত হয়েছে। ফলে প্রশ্নটির আওতা ও আদেশ দলিলের মধ্যে ফাঁক তৈরি হয়, যা গণভোটে প্রদত্ত সম্মতির পরিধি নিয়েই অনিশ্চয়তা সৃষ্টি করে।

এবার এই পাঠের দিকে খেয়াল করুন: “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ ‘সম্পর্কিত’ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার ‘সম্পর্কিত’ নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?” এখানে ‘সম্পর্কিত’ শব্দটি দ্ব্যর্থতাকে আরও প্রসারিত করে। এটি বিশেষণ হিসেবে প্রস্তাবগুলোর সঙ্গে সংবিধান সংস্কারের সম্পর্ক নির্দেশ করে, কিন্তু একই সঙ্গে প্রশ্ন তোলে– এই সম্পর্ক কি আদেশের মাধ্যমে নির্ধারিত, নাকি সনদের মাধ্যমে; নাকি উভয়ের সঙ্গেই কোনোভাবে যুক্ত। ফলে প্রস্তাবগুলোর উৎস, পরিসর এবং কর্তৃত্ব অনির্দিষ্টতায় থেকে যায়।

এই তিনটি ভাষাগত উপাদান– ‘এর’ সংযুক্তি, ‘এ’ অবস্থান, এবং ‘সম্পর্কিত’ সম্পর্ক নির্দেশ– মিলে স্তরীভূত দ্ব্যর্থতা তৈরি করে; তবে তারা একই ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করে না। বরং প্রতিটি পাঠ সম্মতির ভিন্ন ভিন্ন পরিসর নির্ধারণ করে। ফলে একটি মৌলিক প্রশ্ন তৈরি হয়: যে প্রক্রিয়ায় ভোট নেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়াটির বৈধতার জন্য কি জনগণের সম্মতি চাওয়া হয়েছে? এই ভিন্ন পাঠগুলো তাই কেবল ভাষাগত দ্ব্যর্থতা তৈরি করে না; তারা গণভোটের বৈধতার ভিন্ন ভিন্ন ভিত্তি নির্মাণ করে। এক পাঠে সীমিত আকারে হলেও সংবিধান সংস্কার-সংক্রান্ত জুলাই জাতীয় সনদ ও বাস্তবায়ন আদেশ উভয়ই অনুমোদিত হয়। অন্য দুটি পাঠে সেই সম্মতি সংকুচিত হয়ে কেবল সংবিধান সংস্কার-সংক্রান্ত প্রস্তাবগুলোয় সীমাবদ্ধ থাকে।

ফলে একটি টিক চিহ্ন একই সঙ্গে দুটি ভিন্ন অর্থ তৈরি করে: একদিকে এটি পুরো বাস্তবায়ন কাঠামো এবং সনদের প্রস্তাবগুলোর সম্মিলিত অনুমোদন হিসেবে পড়া যায়; অন্যদিকে এটি কেবল প্রস্তাবগুলোর প্রতি সীমিত সম্মতি হিসেবে ব্যাখ্যা করা যায়। উভয় ক্ষেত্রেই প্রস্তাবগুলোর উপস্থাপনা, অর্থাৎ মতভেদসহ না মতভেদহীন– এই প্রশ্ন ঘিরে ‘জনগণের ম্যান্ডেট’ নিয়ে পরস্পরবিরোধী ব্যাখ্যার সুযোগ তৈরি হয়। আর সেই অনিশ্চয়তাই পরে এই ম্যান্ডেটকে মৌলিকভাবে অনির্দিষ্ট করে তোলে।

ওপরে আলোচিত কাঠামোগত সমস্যা, উপস্থাপনাগত অসামঞ্জস্য এবং ভাষাগত দ্ব্যর্থতা একটি বিষয় স্পষ্ট করে: গণভোটের প্রশ্ন প্রণয়নে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় দক্ষতা ও সংবেদনশীলতা প্রদর্শনে ব্যর্থ হয়েছিল। ফলে অস্পষ্ট ম্যান্ডেট তৈরি হয়েছে এবং জনমতের ব্যাখ্যা নিয়ে নতুন বিভেদের সূত্রপাত ঘটেছে।

ড. কাজী এ এস এম নুরুল হুদা: সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়