আরশী আক্তার সানী

কেউ রাস্তায় পড়ে গেলেন, কেউ বিপদে পড়লেন, কোথাও ঝগড়া হচ্ছে, কেউ কাঁদছেন আগে এমন কিছু দেখলে মানুষ সাধারণত এগিয়ে যেত। কী হয়েছে জানতে চাইত, সম্ভব হলে সাহায্য করত। এখন অনেক ক্ষেত্রেই দৃশ্যটা একটু অন্যরকম। বিপদে পড়া মানুষটির কাছে যাওয়ার আগেই কারও কারও হাতে উঠে আসে মোবাইল ফোন। সাহায্য করার আগে ভিডিও করা হয়। তারপর সেই ভিডিও ফেসবুক, টিকটক বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষ সেটি দেখে, মন্তব্য করে, শেয়ার করে। আর যার জীবনের একটা মুহূর্ত সবার সামনে চলে গেল, সে হয়তো তখনও জানে না তার সঙ্গে আসলে কী ঘটছে। আমরা এখন এমন একটা সময়ে বাস করছি, যেখানে একটা ঘটনা ঘটার পর মানুষ শুধু ঘটনাটা জানতে চায় না, সেটাকে দেখতে চায়। আর দেখতে চাওয়ার এই অভ্যাসটাই অনেক সময় অন্য একজন মানুষের ব্যক্তিগত জীবনকে সবার সামনে নিয়ে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনের খুব স্বাভাবিক একটা অংশ হয়ে গেছে। দূরে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করা, নিজের কথা বলা, কোনো সমস্যা মানুষের সামনে তুলে ধরা সবকিছুই এখন অনেক সহজ। অনেক অন্যায়ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে মানুষের নজরে এসেছে। অনেক মানুষ বিপদের সময় সাহায্য পেয়েছেন, অনেক ঘটনার বিচার চাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমকে খারাপ বলার কোনো কারণ নেই। সমস্যাটা সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বরং আমরা এটাকে কীভাবে ব্যবহার করছি সেখানে। আমরা ধীরে ধীরে এমন একটা জায়গায় চলে যাচ্ছি, যেখানে ভিউ আর শেয়ার পাওয়ার জন্য অন্যের ব্যক্তিগত মুহূর্তও কনটেন্ট হয়ে যাচ্ছে।

কিছুদিন আগেও “ভাইরাল” শব্দটা শুনলে মনে হতো কোনো গান, সিনেমা, মজার ভিডিও বা গুরুত্বপূর্ণ খবর মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছে। এখন অনেক সময় একজন মানুষের কান্না, ঝগড়া, দুর্ঘটনা, ব্যক্তিগত সম্পর্ক কিংবা অপমানের মুহূর্তও ভাইরাল হয়ে যায়। বিষয়টা আরও অস্বস্তিকর লাগে তখন, যখন আমরা সেই ভিডিও দেখে হাসি, মন্তব্য করি, বন্ধুদের পাঠাই কিন্তু একবারও ভাবি না, ভিডিওর মানুষটির জায়গায় যদি আমি থাকতাম? একজন মানুষ হয়তো জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি হয়তো কাঁদছেন, ভয় পেয়েছেন, অপমানিত হয়েছেন কিংবা কোনো বিপদের মধ্যে আছেন। সেই সময় তার সবচেয়ে বেশি দরকার হতে পারে একজন মানুষের সাহায্য। কিন্তু আমরা অনেক সময় সাহায্যের বদলে ক্যামেরা সামনে ধরছি।

ধরুন, একজন মানুষ রাস্তায় পড়ে আছেন। তার মাথায় আঘাত লেগেছে। আশেপাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন। তাদের কেউ হয়তো তাকে হাসপাতালে নেওয়ার কথা ভাবছেন, আবার কেউ মোবাইলে ভিডিও করছেন। পরে সেই ভিডিও হয়তো হাজার হাজার মানুষ দেখবে। কিন্তু সেই মুহূর্তে মানুষটির প্রয়োজন ছিল একটি সাহায্যের হাত, একটি ফোনকল কিংবা দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া। ভাইরাল হওয়া তখন তার কোনো কাজে আসবে না। এখানেই আমাদের মানসিকতার একটা পরিবর্তন চোখে পড়ে। আমরা অনেক সময় কোনো ঘটনার অংশ হতে চাই না, কিন্তু ঘটনাটার দর্শক হতে চাই। আর সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের সেই দর্শক হওয়ার সুযোগ খুব সহজ করে দিয়েছে।

সবচেয়ে বড় সমস্যা হয় যখন ব্যক্তিগত কোনো ঘটনা কারও অনুমতি ছাড়া প্রকাশ করা হয়। ধরুন, দুইজন মানুষের মধ্যে ব্যক্তিগত ঝামেলা হয়েছে। তাদের কথাবার্তা, মেসেজ কিংবা ছবি অন্য কেউ প্রকাশ করে দিল। এরপর মানুষ সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করল। কেউ একজন পক্ষ নিল, কেউ অন্য পক্ষকে দোষ দিল, কেউ আবার মজা করে মন্তব্য করল। কিন্তু যে মানুষগুলো বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত, তাদের মানসিক অবস্থার কথা কয়জন ভাবল? একটা ব্যক্তিগত ঝামেলা কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসার পর সেটি কয়েক হাজার মানুষের আলোচনার বিষয় হয়ে গেল।

এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার কেউ নিজের জীবনের কিছু একটা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেই তার জীবনের সবকিছুর ওপর অন্যদের অধিকার তৈরি হয়ে যায় না। আমরা প্রায়ই বলি, “নিজেই তো পোস্ট করেছে।” কিন্তু একজন মানুষ একটা ছবি পোস্ট করেছেন মানে এই নয় যে অন্য কেউ সেটি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। কেউ একটা ভিডিও নিজের পরিচিতদের জন্য শেয়ার করলেন, সেটাকে অন্য কেউ কেটে, অন্য ক্যাপশন দিয়ে, অন্য উদ্দেশ্যে হাজার মানুষের কাছে ছড়িয়ে দিলেন দুটো বিষয় এক নয়। একজন মানুষ নিজের জীবনের কতটুকু অন্যদের সঙ্গে ভাগ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজের থাকা উচিত।

আরেকটি বড় সমস্যা হলো, ইন্টারনেটে কিছু ছড়িয়ে পড়ার পর সেটাকে পুরোপুরি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। একটা ছবি মুছে ফেলা যায়, একটা পোস্ট ডিলিট করা যায়, কিন্তু এর মধ্যে যদি শত শত মানুষ সেটি ডাউনলোড করে ফেলে, স্ক্রিনশট নেয় বা অন্য জায়গায় আপলোড করে, তাহলে সেই ছবি বা ভিডিও আর একজন মানুষের নিয়ন্ত্রণে থাকে না। কয়েক মিনিটের একটি ঘটনা তখন বছরের পর বছর একজন মানুষকে অনুসরণ করতে পারে। আজ যে ভিডিওটি নিয়ে মানুষ হাসছে, কয়েক বছর পরও সেটি হয়তো কোনো সার্চে উঠে আসতে পারে। তাই অনলাইনে প্রকাশিত একটি বিষয়কে শুধু একটা পোস্ট হিসেবে দেখলে ভুল হবে।

এই সমস্যা নারীদের ক্ষেত্রে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে। কোনো নারী রাস্তায় হয়রানির শিকার হলেন, কেউ তার ভিডিও করলেন। উদ্দেশ্য হয়তো ছিল অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেখা গেল, মানুষ অন্যায় করা ব্যক্তির চেয়ে ওই নারীর পোশাক, চেহারা বা ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা করছে। তখন প্রশ্ন আসে, আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, নাকি নতুন করে একজন ভুক্তভোগীকেই মানুষের সামনে তুলে ধরছি? অনেক সময় সত্য প্রকাশ করার নামেও এমন কিছু করা হয়, যা পরে ভুক্তভোগীর জন্য আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেও বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। একটি ঘটনা মানুষের সামনে তুলে ধরা দরকার হতে পারে। কিন্তু সবকিছু দেখানো দরকার এমন কোনো কথা নেই। একজন সাংবাদিক বা কনটেন্ট নির্মাতার দায়িত্ব শুধু দ্রুত খবর দেওয়া নয়, কীভাবে খবরটি দেওয়া হচ্ছে সেটাও ভাবা। একজন মানুষের মুখ দেখানো কি প্রয়োজন? তার নাম প্রকাশ করা কি প্রয়োজন? তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা কি সত্যিই জনস্বার্থে দরকার? নাকি আমরা শুধু মানুষের কৌতূহল মেটানোর জন্য এগুলো করছি? এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। জনস্বার্থ আর মানুষের কৌতূহল এক জিনিস নয়।

কেউ কীভাবে মারা গেলেন, কার সঙ্গে কার সম্পর্ক ছিল, কে কাকে কী বলেছে—এসব জানার আগ্রহ মানুষের থাকতে পারে। কিন্তু সেই আগ্রহ মেটানোর জন্য একজন মানুষের ব্যক্তিগত জীবন সবার সামনে নিয়ে আসা কতটা নৈতিক, সেটা ভাবার বিষয়। একজন মানুষের ব্যক্তিগত কষ্ট আমাদের বিনোদন হওয়ার কথা নয়। কারও কান্না আমাদের কনটেন্ট হওয়ার কথা নয়। কারও বিপদ আমাদের ভাইরাল হওয়ার সুযোগ হওয়ার কথা নয়। অথচ বাস্তবে অনেক সময় আমরা ঠিক সেটাই করছি।

আমাদের মধ্যে আরেকটা প্রবণতা তৈরি হয়েছে কোনো কিছু দেখলেই শেয়ার করে দেওয়া। অনেক সময় আমরা পোস্টটা সত্য কি না, সেটাও যাচাই করি না। একটা ভিডিওর সঙ্গে একটা ক্যাপশন দেওয়া হলো, আর আমরা ক্যাপশনটাই সত্য ধরে নিলাম। এরপর শুরু হলো শেয়ার। কিছুক্ষণের মধ্যে এমন একটা তথ্য হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেল, যার সত্যতা হয়তো কেউ যাচাইই করে নি। এভাবে শুধু ভুল তথ্য ছড়ায় না, একজন নির্দোষ মানুষের সম্মানও নষ্ট হতে পারে। পরে তথ্যটি মিথ্যা প্রমাণিত হলেও প্রথম যে ক্ষতিটা হয়েছে, সেটা সবসময় সহজে মেরামত করা যায় না।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা অনেক সময় নিজের ক্ষেত্রে যে বিষয়টাকে অন্যায় মনে করি, অন্যের ক্ষেত্রে সেটাকেই বিনোদন হিসেবে দেখি। আমার নিজের ছবি কেউ অনুমতি ছাড়া প্রকাশ করলে আমি বিরক্ত হব। আমার ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট কেউ ছড়িয়ে দিলে আমি চাইব সেটা দ্রুত মুছে ফেলা হোক। আমার কোনো বিপদের ভিডিও যদি মানুষ হাসাহাসি করে শেয়ার করে, তখন হয়তো খুব খারাপ লাগবে। তাহলে অন্য একজনের ক্ষেত্রে আমরা একই বিষয়কে এত সহজভাবে নিই কেন? হয়তো কারণ স্ক্রিনের ওপাশে থাকা মানুষটাকে আমরা মানুষ হিসেবে না দেখে শুধু একটি ভিডিও বা একটি পোস্ট হিসেবে দেখতে শুরু করেছি।

সমস্যাটা শুধু যারা ভিডিও করে তাদের মধ্যে নয়। যারা দেখে, শেয়ার করে, কমেন্ট করে, আবার অন্যকে পাঠায় তারাও এই সংস্কৃতির অংশ। একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য একজনের ক্যামেরা যথেষ্ট নয়। তার সঙ্গে লাগে হাজার হাজার মানুষের দেখা, শেয়ার, মন্তব্য এবং আগ্রহ। অর্থাৎ ভাইরাল সংস্কৃতি তৈরি করছি আমরা সবাই। আমরা যদি কোনো ব্যক্তিগত ভিডিও না দেখি, শেয়ার না করি, তাহলে সেটার ছড়িয়ে পড়ার সুযোগও কমে যায়। তাই দায়টা শুধু ভিডিও করা মানুষের নয়; দর্শক হিসেবেও আমাদের দায়িত্ব আছে।

অবশ্য সব ছবি বা ভিডিও প্রকাশ করা খারাপ নয়। অনেক সময় একটি ভিডিওই অন্যায়ের প্রমাণ হয়ে দাঁড়ায়। কোনো দুর্নীতি, সহিংসতা বা অনিয়ম সামনে আনতে ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এমন অনেক ঘটনা মানুষের নজরে এসেছে, যেগুলো হয়তো অন্যভাবে এত দ্রুত সামনে আসত না। কিন্তু তখনও আমাদের দেখতে হবে ভিডিওটি প্রকাশের উদ্দেশ্য কী? মানুষকে সচেতন করা, নাকি শুধু ভাইরাল হওয়া? একজনের পরিচয় প্রকাশ না করেও অনেক ঘটনা তুলে ধরা যায়। প্রয়োজনে মুখ ঝাপসা করা যায়, ব্যক্তিগত তথ্য বাদ দেওয়া যায়, ঘটনার প্রয়োজনীয় অংশটুকু দেখানো যায়। অর্থাৎ দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার পথ আমাদের হাতেই আছে।

আমাদের একটা কথা মনে রাখা দরকার ক্যামেরা হাতে থাকলেই সবকিছু ধারণ করার অধিকার পাওয়া যায় না। প্রযুক্তি আমাদের অনেক ক্ষমতা দিয়েছে। কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে। একটা মোবাইল ফোন দিয়ে আমরা কয়েক সেকেন্ডে এমন কিছু হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যা আগে ছড়িয়ে দিতে অনেক সময় লাগত। তাই এখন আগের চেয়ে আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ একটা ভুল পোস্ট বা একটা অসচেতন শেয়ার কখনো কখনো একজন মানুষের জীবনে এমন প্রভাব ফেলতে পারে, যেটা আমরা দূর থেকে কল্পনাও করতে পারি না।

ভাইরাল হওয়া হয়তো কয়েক ঘণ্টার আনন্দ দিতে পারে। কয়েক হাজার লাইক হয়তো কিছু সময়ের জন্য ভালো লাগা তৈরি করতে পারে। কিন্তু যে মানুষটির ব্যক্তিগত জীবন সেই ভাইরালের কারণে বদলে গেল, তার জন্য বিষয়টা হয়তো এত ছোট নয়। হয়তো সে এরপর মানুষের সামনে যেতে ভয় পাবে। হয়তো পরিবারে সমস্যায় পড়বে। হয়তো পড়াশোনা বা চাকরিতে সমস্যার মুখোমুখি হবে। হয়তো প্রতিদিন একই ঘটনার কথা মনে পড়ে অস্বস্তিতে থাকবে। আর আমরা যারা ভিডিওটা দেখেছিলাম, তারা হয়তো কয়েক দিন পর সেটার কথা ভুলেও যাব। আমাদের জন্য সেটা ছিল কয়েক মিনিটের কৌতূহল, কিন্তু তার জন্য সেটা হয়ে উঠতে পারে বছরের পর বছর বয়ে বেড়ানোর মতো একটি অভিজ্ঞতা।

এই জায়গাটাতেই আসল পার্থক্য। আমাদের জন্য একটি ভাইরাল ভিডিও কয়েক মিনিটের বিনোদন হতে পারে, কিন্তু সেই ভিডিওর মানুষটির জন্য সেটি হয়তো পুরো জীবনের একটি খারাপ স্মৃতি। তাই কোনো ছবি বা ভিডিও শেয়ার করার আগে খুব বেশি কিছু করার দরকার নেই। শুধু একবার থামতে হবে এবং নিজেকে একটা প্রশ্ন করতে হবে এই মানুষটি যদি আমার জায়গায় থাকত, আমি কি চাইতাম তার ব্যক্তিগত মুহূর্ত এভাবে সবাই দেখুক? উত্তরটা যদি না হয়, তাহলে হয়তো শেয়ার না করাই ভালো।

আমরা এমন একটা সমাজ চাই, যেখানে প্রযুক্তি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবহার হবে, মানুষের ব্যক্তিগত জীবন নষ্ট করার জন্য নয়। যেখানে বিপদে পড়া মানুষকে দেখে প্রথমে ক্যামেরা নয়, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। যেখানে কোনো ঘটনা সামনে এলে আমরা শুধু ভাইরাল হয়েছে কি না দেখব না, বরং ভাবব এর সঙ্গে একজন মানুষের জীবন জড়িয়ে আছে। কারণ শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সবাই শুধু দর্শক নই। কখনো না কখনো আমরাও সেই ক্যামেরার সামনে থাকা মানুষটি হতে পারি। আর সেদিন হয়তো আমরাও চাইব কেউ যেন আমাদের ব্যক্তিগত কষ্টকে নিজের জনপ্রিয়তার উপকরণ না বানায়। ভাইরাল হওয়ার দৌড়ে আমরা যেন মানুষটাকেই হারিয়ে না ফেলি।

লেখক : গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।