মানুষের সংজ্ঞা কী? কাহাকে মানুষ বলা হইবে? বর্তমান সময়ে সভ্যতার নায়কদের কথাবার্তা শুনলে মনে হয়, শৈশব থেকে যেসব পাঠ নিয়ে বড় হয়েছি, তা সবই ভুল এবং ভুল। সত্য, ন্যায় ও মানবিকতার চর্চাও তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। বরং আপন মর্জি, স্বার্থ ও অহংকার হলো শ্রেষ্ঠ বিষয়। এসব গুণের বিকাশে নিষ্ঠুর, নির্মম ও বিধ্বংসী হওয়া যেন বর্তমান সভ্যতার বৈশিষ্ট্য। এসব কোনো কাব্যকথা নয়। বর্তমান সভ্যতার শ্রেষ্ঠ শাসক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাম্ভিক বয়ানের যৎকিঞ্চিত বর্ণনা করলেও বিষয়টি সম্যকভাবে উপলব্ধি করা যাবে। শনিবার জর্জিয়ায় এক নির্বাচনি প্রচার সভায় ট্রাম্প বললেন, আলোচনার জন্য ইরানি নেতাদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালানো তার বন্ধ করা উচিত। তিনি আরো বলেন, ‘আমার ইরানি নেতাদের হত্যা বন্ধ করা উচিত। কেননা আমার জানা প্রয়োজন কাদের সঙ্গে আমরা আলোচনা করেছি।’ বক্তব্যে ইরানের পুরো নেতৃত্ব ও প্রতিরক্ষা সক্ষমতাকে ধ্বংস করার দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘তাদের বিমান নেই, জাহাজ নেই, কিছুই নেই। কোনো নেতৃত্বও নেই। প্রথম সারি, দ্বিতীয় সারির সব নেতারা নিহত হয়েছেন।’ সভ্যতার শ্রেষ্ঠ নায়কের এ কেমন বক্তব্য, যিনি হত্যা ও ধ্বংসলীলায় আনন্দ পান, গর্বিত হন। এই নেতা এখন আবার চটেছেন নরওয়ের ওপর। ট্রাম্পের দাবি-শান্তিতে নোবেল পুরস্কার তারই প্রাপ্য ছিল। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শান্তিতে নোবেল না দেওয়ায় নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না। ট্রাম্প আরও বলেন, নরওয়ে আসলে একটি জঘণ্য দেশে পরিণত হয়েছে। উল্লেখ্য, নোবেল কমিটির সদর দপ্তর নরওয়ের রাজধানীর অসলোতে অবস্থিত। ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নরওয়ের নোবেল কমিটি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয় নি। তবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘এন আর কে’-বলেন, ‘ট্রাম্প খুবভালো করেই জানেন, নোবেল কমিটি একটি স্বাধীন প্রতিষ্ঠান। কারও এ নিয়ে সন্দেহ থাকলে তাদের জন্য বিষয়টি আবার মনে করিয়ে দিচ্ছি। পরিস্থিতি এখনো একই রকম রয়েছে।’ নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ট্রাম্পের ভালো লাগার কথা নয়। কারণ, তিনি নোবেল কমিটির ‘স্বাধীনতার’ কথা বলেছেন। ‘স্বাধীনতা’ শব্দটিই ট্রাম্পের পছন্দ নয়, যেমন পছন্দ নয় যুদ্ধাপরাধী খলনায়ক নেতানিয়াহুরও। যে কারণে ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন এখনো পূরণ হয় নি। প্রশ্ন জাগে, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার দাবি করেন কোন কাণ্ডজ্ঞানে? এ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় কি তিনি কোনো কাজ করেছেন? বরং যুদ্ধ, ধ্বংস ও হত্যাযজ্ঞের সাথে জড়িয়ে আছে তার নাম। ট্রাম্প তো দম্ভ করে বলেছেন, পৃথিবীকে বহুবার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র তাদের কাছে মজুত আছে। প্রশ্ন জাগে, পৃথিবী প্রথমবার ধ্বংস হওয়ার পর আবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য তিনি বেঁচে থাকবেন তো? শান্তি ভঙ্গকারী এমন অস্ত্রবাজ নেতাদের থেকে সাবধান থাকতে হবে নোবেল কমিটিকে। কারণ, এরা নোবেল পুরস্কার পেলে নোবেল পুরস্কারের মর্যাদাই ধূলিসাৎ হয়ে যাবে।
যুদ্ধবাজ ট্রাম্পের দম্ভ ও নিষ্ঠুরতার খবর মার্কিনীরাও জানেন। আগামী ৩ নবেম্বর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় উঠে আসছে আলোচনায়। শনিবার ওহাইও এবং মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেট প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার সভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইরান যুদ্ধ এবং নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অদক্ষতা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। বারাক ওবামা বলেন, এখন আপনাদের সামনে সুযোগ এসেছে এটা বলার যে-অনেক হয়েছে, আর নয়। ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করে এই ডেমেক্রেট নেতা বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন, যার জন্য কেউ কখনো বলে নি। জনসভায় ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের জয়ের দাবিকে কটাক্ষ করে ওবামা বলেন, এই যুদ্ধের ফলে ইরান আগের চেয়ে আরো বেশি অর্থনৈতিক সুবিধা পেয়েছে। কারণ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলার হুমকি দিয়ে রপ্তানিকারকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে সমর্থ হয়েছে দেশটি। এ সময় বারাক ওবামা আল-সায়েদের সমালোচকদের কটাক্ষ করে বলেন, ৪১ বছর বয়সি এই রাজনীতিককে হেয় করতে সমালোচকরা তার নাম এবং ইসলাম ধর্মকে ব্যবহার করছেন। এমন ঘটনার শিকার তিনি নিজেও হয়েছেন বলেও উল্লেখ করেন। ওবামা বলেন, যারা আল-সায়েদকে উগ্রপন্থী বলছেন, তাদের বলতে চাই—‘আবদুল আল সায়েদ আমার মতোই আদর্শে বিশ্বাসী।’
যুদ্ধবাজ ট্রাম্প ও নেতানিয়াহুর মুখোশ উন্মোচিত হয়ে পড়েছে স্বদেশে এবং বিদেশে। ফলে নিজ দেশে সমর্থন কমছে ট্রাম্প ও নেতানিয়াহুর। ঘটনা এখানেই থেমে থাকে নি। যুদ্ধবাজ এ দুই নেতার অনুসারীরা বিদেশেও পরাজিত হচ্ছেন। প্রসঙ্গত ব্রাজিল ও সার্বিয়ার কথা উল্লেখ করা যায়। এবার ব্রাজিলের নির্বাচনে পরাজিত হয়েছেন ট্রাম্পের মিত্র ফ্লাভিও বলসোনারো, জয়লাভ করেছেন ফিলিস্তিনের বন্ধু লুলা দ্য সিলভা। আর সার্বিয়ার নির্বাচনে পরাজিত হয়েছে ইসরাইলের মিত্র ও স্বৈরশাসক আলেকসান্দার ভুচিস। ছাত্রদের সরকারবিরোধী আন্দোলন এবারের নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। দুই দেশের নির্বাচনের এই ফলাফল আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। লুলা দ্য সিলভার বিজয় তার ফিলিস্তিনপন্থী অবস্থানের বিষয়টিও নতুন করে সামনে এসেছে। ২০২২ সালের নির্বাচনী প্রচারে তিনি ফিলিস্তিনী নেতাদের সাথে সাক্ষাতের সময় ‘কেফিয়াহ’ পরেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘ফিলিস্তিনীদের আমাদের পূর্ণ মনোযোগ ও সংহতি প্রাপ্য।’ একই সঙ্গে একটি ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনী রাষ্ট্রের’ পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছিলেন তিনি।
লুলা মানুষ, নেতানিয়াহুও মানুষ; ট্রাম্প তো আরো বড় মানুষ। কিন্তু তাদের কাজের ধরন ও মান কেমন? এ জন্যই লেখার শুরুতে প্রশ্ন রেখেছিলাম মানুষের সংজ্ঞা কী, কাহারা মানুষ? ট্রাম্প ও নেতানিয়াহু তো মানুষের স্বাধীনতাকে সম্মান করেন না, বরং স্বাধীনতাকামী মানুষকে হত্যা করতে তারা ভালোবাসেন, যার বড় প্রমাণ ফিলিস্তিন। উভয় নেতাই চরিত্রে বড় নিষ্ঠুর। মধ্যবর্তী নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাতো ডোনাল্ড ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তাকে ভোট না দেয়ার আহ্বা জানিয়েছেন মার্কিন জনগণের প্রতি। বর্তমান সভ্যতায় যারা বড় বড় মানুষ হিসেবে পরিচিত, তাদের অনেকেই আসলে অতি ক্ষুদ্র মানুষ, কাউকে কাউকে তো মানুষ পদবাচ্যেও অভিহিত করা যায় না। ট্রাম্প এবং নেতানিয়াহু আসলে কোন ধরনের মানুষ? যারা অব্যাহতভাবে মানুষ হত্যা করে, কোনো জাতিকে নির্মূল করে দিতে চায়, বিজ্ঞান-প্রযুক্তির অপব্যবহারে জলবায়ু সংকট সৃষ্টি করে, পৃথিবীকে ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্রের সামর্থ্য নিয়ে অহংকার করে, তাদের কোন নামে অভিহিত করা যায়? এদের ‘দানব’ বললেও বোধ হয় কম বলা হয়। মানব সমাজে এদের বসবাসের কোনো নৈতিক অধিকার আছে কী? এসব দানবদের ধ্বংস করার সামর্থ্য থাকলেও গড়ার সামর্থ্য কতটুকু আছে? এদের সিদ্ধান্ত ও ধ্বংসযজ্ঞে লাখো মানুষ নিহত হয়েছে, কিন্তু একটি মানুষের প্রাণ তারা ফিরিয়ে দিতে পারবে কী? তাহলে এতো মানুষ হত্যা করা হয় কোন কান্ডজ্ঞানে? যুদ্ধ ও ভূরাজনীতির নামে কি সবকিছু করা যায়? এদের তুলনায় তো এব্রো আহমেদকে আমাদের অনেক বড় মানুষ মনে হয়। বর্তমান সভ্যতায় তো আমাদের অনেক অনেক এব্রো আহমেদ প্রয়োজন।
এব্রো আহমেদের গল্পটা বর্তমান ভ্রষ্ট সভ্যতাকে পথের দিশা দিতে পারে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলে নিয়ন্ত্রণহীন একটি স্কুলবাসে জীবনবাজি রেখে উঠে শিক্ষার্থীদের দুর্ঘটনা থেকে রক্ষা করেন ২৭ বছর বয়সি মুসলিম যুবক এব্রো আহমেদ স্কুলবাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সৃষ্টি হয়েছিল এক বিপদজনক পরিস্থিতি। বাসটিতে তখন ছিল আতঙ্কিত ১৯ শিক্ষার্থী। পবিত্র কুরআনের একটি আয়াত তাকে এমন ঝুঁকিপূর্ণ কাজে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে বলে জানান এব্রো আহমেদ। ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, গত সোমবার বিকেলে সেন্টপলে পরিবারের মালিকানাধীন ‘ইয়া ব্রিকস স্ন্যাকস এন্ড টোব্যাকো’ নামের দোকানের বাইরে বিরতির সময় ফুটবল খেলছিলেন, পাশাপাশি মোবাইল ফোনও দেখছিলেন। এ সময় হঠাৎ একটি হলুদ রঙের স্কুল বাসকে পাশ দিয়ে যেতে দেখেন, যার দরজা খোলা ছিল। বাসচালকের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে তার সন্দেহ হয়, চালক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে এক মুহূর্ত দেরি না করে বাসটির দিকে দৌড়ে যান আহমেদ। এরপর চলন্ত বাসে লাফিয়ে ওঠেন। সামনে বসা দুই ছাত্রীর হাতে নিজের মোবাইল ফোন ও চশমা দিয়ে দেন, যাতে দুই হাতে বাসটি থামানোর চেষ্টা করতে পারেন। প্রথমে বাসটিকে পার্কিং গিয়ারে নেয়ার কথা ভাবেন তিনি। কিন্তু ভীতসন্ত্রস্ত শিশুদের চিৎকার শুনে শেষ পর্যন্ত বাসটির জরুরি ব্রেক টেনে ধরেন। এতে বাসটি থেমে যায়। এ ঘটনায় বাসটির ভিতরে থাকা কোনো শিক্ষার্থী কিংবা রাস্তায় থাকা কেউ আহত হন নি। এরপর প্যারামেডিকরা ঘটনাস্থলে যান । অন্য একটি বাস এসে বাসটিতে থাকা ১৯ শিক্ষার্থীকে যার যার বাড়িতে পৌঁছে দেয়। স্থানীয় সংবাদমাধ্যম কেটিএসপি এব্রো আহমেদের চলন্ত বাসে দৌড়ে ওঠার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সংবাদমাধ্যমকে আহমেদ জানান, চিকিৎসাবিষয়ক জনপ্রিয় টিভি সিরিজ ‘গ্রেজ অ্যানাটমি’ থেকে এমন পরিস্থিতিতে কী করতে হয়, সে সম্পর্কে কিছু ধারণা পেয়েছিলেন তিনি। শুক্রবার দ্য গার্ডিয়ানকে আহমেদ বলেন, বিপদের মুহূর্তে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার সময় কুরআনের একটি আয়াতের কথা মনে পড়েছিল তার। সূরা আল-মায়েদার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করার কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। আর যে কারও প্রাণ রক্ষা করলো, সে যেন সমগ্র মানবজাতি প্রাণ রক্ষা করলো।’ উপলব্ধি করা যায়, পবিত্র কুরআনের আলো স্কুলবাসের শিশুদের প্রাণ রক্ষায় উদ্বুদ্ধ করেছিল এব্রো আহমেদকে। আহমেদ যুক্তরাষ্ট্রের নাগরিক। আর দেশটির বড় নাগরিক হলেন ডোনাল্ড ট্রাম্প। একজনের নাম উঠে আসে যুদ্ধ ও মানুষ হত্যার সাথে, আর একজনের নাম উঠে আসলো মানুষের প্রাণ রক্ষার সাথে। এখানে প্রকৃত মানুষ হিসেবে আমরা কাকে বিবেচনা করবো? আমরা তো জানি- মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য; এটাই তো মানুষের সংজ্ঞা।
