জাফর আহমাদ
ঈমান নামক নিয়ামতটি মু’মিনদের জন্য সর্বোত্তম পুঁজি। এই পুঁজিকে অবশ্যই সমাজে বিনিয়োগ করতে হবে। বাজারে আবর্তনের মধ্যে পুঁজির সার্থকতা। সিন্দুকে পড়ে থাকা পুঁজি যেমন কোন মুনাফা বয়ে আনতে পারে না, তেমনি ঈমান রূপ পুঁজি সমাজে প্রতিফলিত না হলে তার সার্থকতা থাকে না। ঈমানকে আরেকভাবে উপস্থাপন করা যেতে পারে, ঈমান হলো, একটি প্রজ্জলিত চেরাগ, এই চেরাগের আলো সীমিত একটি নির্দিষ্ট জায়গা আলোকিত করতে পারে। কিন্তু এই আলো সমাজে ছড়িয়ে দিলে সমাজ আলোকিত হবে, এটি রাষ্ট্রে ছড়িয়ে দিলে রাষ্ট্র আলোকিত হবে এমনিভাবে মানুষের জীবনের সকল স্তরে এই আলো ছড়িয়ে দিলে মানুষের সামগ্রিক জীবন আলোকিত হয়ে যাবে। কিন্তু এতে নিজের আলো বিন্দুমাত্রও কমবে না। বরং তা লাভসহ আপনার কাছে ফিরে আসবে। সমাজের আলোর বরকতে আপনি নিজেই বেশি লাভবান হবেন।
কিন্তু এই আলো দিতে যদি আমরা কৃপণতা করি বা ঈমানের পুঁজি সমাজে বিনিয়োগ না করি তাহলে আখিরাতে মহান আল্লাহর দরবারে স্বার্থবাদী হিসাবে চিহ্নিত হবো। এবং স্বার্থপরতার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা বর্তমানে এতটাই স্বার্থবাদী হয়ে গেছি যে, ঈমান বা চরিত্ররূপ পুঁজি নিয়ে মসজিদের কোনে বা মাদরাসা বা খানকার সেফ কাস্টডিতে আশ্রয় গ্রহণ করেছি। মনে রাখতে হবে, সংক্রামক ব্যাধি হতে দেখে দূরে অবস্থান যেমন স্বার্থপরতা, তেমনি ঈমান নিয়ে এভাবে মসজিদ, মাদরাসা ও খানকায় আশ্রয় নেয়াও স্বার্থপরতার শামিল। ঈমান নামক নিয়ামত লাভ করার পর তা নিয়ে বসে থাকা যাবে না, এই নিয়ামত অন্যদের মাঝে ছড়িয়ে দিতে হবে। পুঁজি আটকে রাখলে যেমন তা নষ্ট হয়ে যায় তেমনি ঈমান নামক পুঁজি আটকে রাখলে নিজের মধ্যে ঈমানের মৃত্যু ঘটে। কারণ ঈমান ও চরিত্র সমাজে বিনিয়োগ করলে তার প্রধান প্রতিদ্বন্ধী হয়ে দাঁড়ায় শয়তান। চারদিক থেকে হামলা শুরু হয়। শয়তানের হামলা, পাশ্চাত্যের বস্তুবাদী হামলা ও নাস্তিক্যবাদী হামলা। এই সমস্ত হামলা মোকাবেলা করতে না পেরে ভীত সন্ত্রস্ত হয়ে ব্যক্তিগত ঈমান রক্ষার জন্য মসজিদে, মাদরাসা ও খানকার কোণে আশ্রয় গ্রহণ করা আত্মঘাতী চিন্তা ছাড়া আর কিছুই নয়। কিন্তু শেষ অবদি তার ঈমানকে রক্ষা করতে পারে না বরং শেষ অবদি নিজের ঈমানই খুঁইয়ে বসে।
শয়তানের চতুরমুখী হামলা থেকে বাঁচার জন্য এবং ঈমানের পুঁজির মজবুত ভীত তৈয়ার করার জন্য এ পুঁজিকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের পরিধি যত বিস্তৃত হবে, শয়তান, পাশ্চাত্যের বস্তুবাদী ও নাস্তিক্যবাদীদের হামলা তত কমবে। কারণ শয়তানের ভীত অত্যন্ত নড়বড়ে, সাহসিকতার সাথে ঈমান বা চরিত্র নিয়ে মাঠে নামলে শয়তান ও তার সহযোগীরা পালিয়ে যেতে বাধ্য হবে। ঈমানদারদের বৈশিষ্ট্যই হচ্ছে, এই সমস্ত প্রতিদ্বন্দ্বীদের সাথে মোকাবেলা করেই ব্যবসা টিকিয়ে রাখতে হবে। যেমন: আল্লাহ তা’আলা বলেছেন, “যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা লড়াই করে আল্লাহর পথে আর কাফেররা লড়াই করে তাগুতের পথে। কাজেই শয়তানের সহযোগীদের সাথে লড়ো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল।”(সুরা নিসা:৭৬) এটি আল্লাহর একটি দ্ব্যর্থহীন ফায়সালা। আল্লাহ পৃথিবীতে একমাত্র তার দীন প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে লড়াই করা হচ্ছে ঈমানদারদের কাজ। এটিই ঈমানের পুঁজি বিনিয়োগ করা। যথার্থ ও সত্যিকার মুমিন এই কাজ থেকে কখনো বিরত থাকে না। আর আল্লাহর পৃথিবীতে আল্লাহ বিরোধী ও আল্লাহদ্রোহীদের রাজত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তাগুতের পথে লড়াই করা হচ্ছে কাফেরদের কাজ। কোন ঈমানদার ব্যক্তি এ কাজ করতে পারে না।
ঈমান নিয়ে মসজিদের কোণে বসে থাকা মানে জীবনের বিশাল অংশে শয়তানের রাজত্ব পরিচালনাকে পক্ষান্তরে অনুমোদন দেয়ার নামান্তর। সত্যিকার অর্থে শয়তানও এটাই কামনা করে। শয়তান চায় মুমিন পৃথিবী পরিচালনার কাজে না আসুক, সে তার ঈমান নিয়ে শুধু মসজিদের ভেতরই পড়ে থাকুক। শয়তানের বিশাল আয়োজন ও শক্তি সামর্থ দেখে ভয় পেয়েই মুলত: তারা ব্যক্তি জীবনে ঈমানকে সীমিত করে নিয়েছে। অর্থাৎ আল্লাহর নির্দেশিত পন্থায় পৃথিবী পরিচালনা ঈমানের দাবী। এটিকে পৃথিবীর জুট-ঝামেলা নাম দিয়ে ঈমানকে নির্ধারিত গণ্ডিতে আবদ্ধ করা হলে তাতে লাভ হলো, শয়তান, পাশ্চাত্য বস্তুবাদ ও নাস্তিক্যবাদের। অথচ আল্লাহ বলছেন, “এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল।” (সুরা নিসা : ৭৬) আপাত দৃষ্টিতে শয়তান ও তার সাথীরা বিরাট প্রস্তুতি নিয়ে এগিয়ে আসে এবং জবরদস্ত কৌশল অবলম্বন করে কিন্তু তাদের প্রস্তুতি ও কৌশল দেখে ঈমানদারদের ভীত হওয়া উচিত নয়, অবশ্যি তাদের সকল প্রস্তুতি ও কৌশল ব্যর্থতায় পর্যবসিত হবে। শর্ত হলো, মুমিনদেরকে ঈমানের পুঁজি বিনিয়োগ করতে হবে এবং আল্লাহর পথে লড়াইয়ের মাঠে নিজেকে উপস্থাপন করতে হবে।
তবে শয়তান ও তার সাথীদের হামলা থেকে বাঁচার জন্য পলায়ন নয় বরং মহান রাব্বুল আলামীনের দ্বারস্থ হতে হবে, তাঁর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। তাঁর সাহায্য ছাড়া ঈমান রক্ষা করা যেমন কঠিন তেমনি একে বিকশিত করা আরো কঠিন। এই কঠিন কাজকে সহজ করার জন্য মু’মিনদেরকে আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করতে হবে। মুমিনদেরকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য দীনের সকল বিধি-বিধানের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। সর্বপ্রথম আল্লাহর ফরয বিধানগুলো যথাযথভাবে আদায় করতে হবে। হালাল-হারামের পার্থক্যবোধ থাকতে হবে। প্রকৃত হিদায়াত ও বিশুদ্ধ ঈমানের জন্য সরাসরি কুরআন-হাদীস অধ্যায়ন করতে হবে। যথাসম্ভব নফল বিধানের প্রতি দৃষ্টি দিতে হবে। নফল সালাত, নফল সওম, নফল দান ও অন্যান্য সামাজিক কাজের প্রতি সম্পৃক্ততা যতবেশি হবে, আল্লাহর সাথে সম্পর্ক ততবেশি বৃদ্ধি হবে। সকাল-বিকাল আল্লাহর যিকিরগুলো সুন্নাহ মোতাবেক পালন করতে হবে। আল্লাহর সাথে যতবেশি সম্পর্ক বৃদ্ধি হবে, শয়তানের হামলা প্রতিহত করার ক্ষমতা ততবেশি বৃদ্ধি পাবে।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নঈম সিদ্দিকী তাঁর ‘চরিত্র গঠনের মৌলিক উপাদান’ বইয়ের ভূমিকায় উল্লেখ করেছেন যে,‘ শয়তানের হামলা সাধারণত তিন প্রকার, এক, শয়তান মানুষের রূপ ধারণ করে আসে, দুই শয়তান মানুষের চতুর্দিক থেকে হামলা করে, তিন, শয়তান মানুষের রক্ত কণিকায় প্রবেশ করে। তিনি আরো দুটি হামলার কথা বলেছেন, পাশ্চাত্যের বস্তুবাদী হামলা ও নাস্তিক্যবাদী হামলা। পাশ্চাত্যের বস্তুবাদী হামলা দুই প্রকার, এক, পুঁজিবাদ দুই, জাতীয়তাবাদ নাস্তিক্যবাদ হামলা তিন প্রকার যথা: এক, সমাজতন্ত্র বা কমিউনিজম, দুই, স্রষ্টার অস্তিত্বে অস্বীকৃতি তিন,ব্যক্তি জীবনে ইসলামকে মেনে না নেওয়া। সত্যিকার অর্থে পরের দুটি হামলাও শয়তানের হামলার অন্তর্ভুক্ত। অর্থাৎ পাশ্চাত্যের বস্তুবাদী হামলা ও নাস্তিক্যবাদী হামলা দু’টিই শয়তানেরই তৈরি। এই হামলা থেকে বাঁচার জন্য তিনি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন এবং সাথে সাথে আল্লাহ সাথে সম্পর্ক বৃদ্ধির চারটি উপায় বাতলে দিয়েছেন। যথা: এক, মৌলিক বা ফরয ইবাদাতসমূহ যথাযথভাবে পালন করা, দুই, কুরআন-হাদীস সরাসরি অধ্যায়ন করা, তিন, নফল ইবাদাতসমূহ পালন করা এবং চার, সার্বক্ষণিক দু’আ ও যিকির করা।
ঈমানের পুঁজি বিনিয়োগ করলে চীর প্রতিদ্বন্দ্বী শয়তানের হামলা অবশ্যাম্ভাবী। ঈমানের পথে যতবেশি এগিয়ে যাবেন শয়তানের তৎপরতা ততবেশি বৃদ্ধি পাবে। তখন আপনার প্রধান সঙ্গী হলো মহান আল্লাহর সাথে সম্পর্ক। তিনিই আপনাকে শয়তানের হামলা থেকে রক্ষা করবেন। এর পরও যদি নিজের ঈমান নিয়ে পলায়ন করেন, ঝামেলামুক্ত নির্জন কোন স্থানে আল্লাহকে পাওয়ার সাধনায় নিজেকে নিয়োজিত করেন, তাহলে আল্লাহকে পাওয়ার তো প্রশ্নই আসে না। বরং শয়তান আপনার উত্তম সাথী হবে। শয়তান তাকে আরো বেশি করে গোমরাহীতে নিমজ্জিত করবে। হাশরের ময়দানে যখন আল্লাহর আদালত কায়েম হবে, একক বিচারের দণ্ড নিয়ে আল্লাহ বিচারের আসনে বসবেন, সেদিন শয়তান আল্লাহর আদালতে এদেরকে বিপদগামী করার কাজটি অস্বীকার করবে। অর্থাৎ শয়তান তার অনুসারীদের কারো দায়দায়িত্ব গ্রহণ করবে না। সুরা ইবরাহিম চতুর্থ রুকুতে শয়তানের উক্তিটি সরাসরি উপস্থাপিত হয়েছে: “তোমাদের ওপর আমার তো কোন জবরদস্তি ছিল না, আমার অনুসরণ করার জন্য আমি তোমাদের বাধ্য করিনি। আমি তোমাদেরকে আমার পথের দিকে আহবান জানিয়েছিলাম, এর বেশি কিছুই করিনি। আর তোমরা আমার আহবান গ্রহণ করেছিলে। কাজেই এখন আমাকে তিরস্কার করো না বরং তোমাদের নিজেদেরকে তিরস্কার করো।” (আয়াত : ২২)
সুতরাং যারা আজ দুনিয়াতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম ও ইসলামী জীবন ব্যবস্থার সাথে শত্রুতা পোষণ করছেন, ঈমানকে পৈত্রিক সম্পত্তি মনে করছেন, তিনি সমাজে নামে ডাকে যতবড় ঈমানদার বুযুর্গই হোন, সাবধান হয়ে যান মৃত্যু আসার আগেই তাওবা করে আল্লাহর দিকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চলে আসুন। আল্লাহ এখনো তাঁর তাওবা বা ফেরত আসার দরজা খুলে রেখেছেন। আপনি যে পন্থায় আল্লাহর সন্তুষ্টি খুঁজছেন, কোনদিনও সে পথে আল্লাহর সন্তুষ্টি পাবেন না। তাই খুব দ্রুত সঠিক পথে ফিরে আসুন। অন্যথায় হাশরের ময়দানে বিশাল জনগোষ্ঠীর সম্মুখে লজ্জিত হবেন এবং চরম খারাপের জায়গা জাহান্নাম নিক্ষিপ্ত হবেন। শয়তান আপনার আমার কোন দায়িত্ব গ্রহণ করবে না। আর সুরা আরাফের ২৭ নং আয়াতেও আল্লাহ আবারো সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন, “হে বনী আদম! শয়তান যেন তোমাদের আবার ঠিক তেমনিভাবে বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ না করে যেমনভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল এবং তাদের লজ্জাস্থান পরস্পরের কাছে উন্মুক্ত করে দেবার জন্য তাদেরকে বিবস্ত্র করেছিল। সে ও তার সাথীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। এ শয়তানদেরকে আমি যারা ঈমান আনে না তাদের অভিভাবক করে দিয়েছি।” (আরাফ : ২৭)
লেখক : ব্যাংকার ও প্রাবন্ধিক।
