সপ্তম কিস্তি

গত সংখ্যায় আমরা লাহোরের ইছারায় জিলদার পার্কে অবস্থিত মরহুম মাওলানা মওদূদীর আবাসিক ভবন ও তার কবর জিয়ারতের কথা উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যে, তার বাড়িটি এখন ইসলামী জমিয়তে তোলাবার হেড কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এও বলেছিলাম যে, এই জমিয়তের প্রথম নাজেমে আলা ছিলেন জনাব জাফরুল্লাহ খান। তিনি ১৯৪৭ সালের ডিসেম্বর থেকে ১৯৫০ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাকে নিয়ে এ যাবত অর্থাৎ ২০২৬ পর্যন্ত ৭৯ বছরের পাকিস্তান জমিয়তে তোলাবার (ইসলামী ছাত্রসংঘ) নাজেমে আলা হিসেবে ৪১ জন দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে এই দায়িত্বে আছেন সাহেবজাদা ওয়াসির হায়দার। অবিভক্ত পাকিস্তান তথা নিখিল পাকিস্তান পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের ১৩তম নাজেমে আলা বা সভাপতি ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি ১৯৬৯ সালের নভেম্বর থেকে ১৯৭১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জামায়াতের আমীরের দায়িত্ব পালনকালে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্পমন্ত্রীরও দায়িত্ব পালন করেন। তিনি দুই দুইবার পাবনায় তার নির্বাচনী এলাকা থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ এবং পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সরকার ২০১০ সালে তাকে গ্রেফতার করে এবং তাদের দ্বারা গঠিত মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে বিচারের নাটকের মাধ্যমে ফাঁসির রায় দিয়ে ২০১৬ সালের ১১ মে রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের মাধ্যমে তাকে হত্যা করা হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইসলামী ছাত্রসংঘের উল্লেখিত কেন্দ্রীয় নাজেমে আলাদের মধ্যে ইঞ্জিনিয়ার খুররম মুরাদ ১৯৫১-৫২ ষাটের দশকে ঢাকা শহর জামায়াতের আমীর ছিলেন। তিনি পূর্ব পাকিস্তানে সেচ ও বন্যা নিয়ন্ত্রণে কর্মরত বিশ্বখ্যাত সংস্থা এসোসিয়েটেড কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের ( Associted Consulting Engineers ) প্রধান নির্বাহী প্রকৌশলী ছিলেন। গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প তিস্তা র‌্যারাজ প্রকল্প, চাঁদপুর সেচ প্রকল্প এবং ভারতের ফারাক্কা বাঁধের প্রতিষেধক হিসেবে নির্মিতব্য গঙ্গা বাঁধ প্রকল্পের প্রাথমিক প্ল্যান ও ডিজাইন তারই নির্দেশনায় তৈরি হয়েছিল। ৪নং নামেজে আলা ডা. ইসরার আহমদ একজন নন্দিত ইসলামী স্কলার, ধর্মতত্ত্ববিদ ও জনপ্রিয় বক্তা হিসেবে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্যে এবং পশ্চিম ইউরোপে সুপরিচিত ছিলেন। ৫নং নাজেমে আলা অধ্যাপক খুরশীদ আহমদ ও ইঞ্জিনিয়ার খুররম মুরাদের অনেকগুলো কীর্তির মধ্যে রয়েছে ১৯৭৩ সালে যুক্তরাজ্যের লিসেস্টারের কাছাকাছি মার্ক ফিল্ড গ্রামের প্রায় ১০ একর জমির ওপর ইসলামিক ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠা। এর অধীনে মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয়। এখানে ইসলাম ও সমসাময়িক মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণা পরিচালনা ছাড়াও স্বতন্ত্রভাবে এবং লাববুরো বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে শিক্ষা ও প্রশিক্ষণ কোর্স এবং গবেষণা কর্মসূচি পরিচালিত হয়।

পাকিস্তান জামায়াতের বর্তমান আমীর ইঞ্জিনিয়ার হাফেজ নাইমুর রহমানসহ বেশ কয়েকজন আমীর, সেক্রেটারি জেনারেল ও সিনিয়র নেতারা জমিয়তের সর্বোচ্চ পদাধিকার ছিলেন। দলটির সদ্য সাবেক সেক্রেটারি জেনারেল জনাব আমীরুল আজিম অক্টোবর/৮৬ থেকে সেপ্টেম্বর/৮৮ পর্যন্ত জমিয়তে তোলাবার নাজেমে আ’লা ছিলেন। গত জুলাই মাসের ২৩ তারিখে আমাদের সফরের সমাপ্তি দিবসের একদিন আগে ২২ জুলাই আমরা তার মৃত্যুর মর্মান্তিক খবর পাই। আমীরে জামায়াত জনাব নাজির আহমদ জানজুয়াকে তার স্থলাভিষিক্ত করেছেন।

জামায়াতের একটি বৈশিষ্ট্য হচ্ছে দলটি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের কঠোর শৃঙ্খলা, শিক্ষা প্রশিক্ষণ, ত্যাগ, সততা নিষ্ঠা প্রভৃতির অনুশীলনের মাধ্যমে দল ও সমাজ পরিচালনার জন্য নিজেরাই যোগ্য লোক তৈরি করেন। তাদের ছাত্র ও ছাত্রী সংগঠনগুলো এর প্রাথমিক উৎস হিসেবে কাজ করে। কেন্দ্রীয় জমিয়ত ছাড়াও প্রত্যেকটি প্রদেশ (৪), বিভাগ (৪০), জেলা (১৭৩), তহসিল/তালুক (৫১৭) এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত পাকিস্তান জামায়াতের ছাত্র সংগঠন রয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামী জমিয়তে তোলারা (মেয়েদের ক্ষেত্রে তোলাবাত) এবং মাদরাসা পর্যায়ে জমিয়তে তোলাবায়ে আরাবিয়া দ্বীন প্রতিষ্ঠার জন্য উপযুক্ত নেতৃত্ব ও লোক তৈরির কাজে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে। বলাবাহুল্য, জামায়াত মূলত তিন দফা দাওয়াত ও চার দফা কর্মসূচির ওপর তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। তিন দফা দাওয়াতের মধ্যে রয়েছে

(১) সাধারণভাবে সকল মানুষ এবং বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ তায়ালাকে হুকুমকর্তা বা ইলাহ এবং শেষ নবী ও রাসূল হযরত মোহাম্মদ (সা.)কে আদর্শ নেতা হিসেবে মেনে নেয়ার আহ্বান।

(২) যারা এই ঈমান ও ইসলামের দাবিদার তাদের বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত চিন্তা, কুসংস্কার, অন্যায় ও মন্দ কাজ দূর করে খাঁটি ও পূর্ণাঙ্গ মুসলিম হবার আহ্বান

৩. সংঘবদ্ধ ও নিয়মতান্ত্রিক প্রচেষ্টার মাধ্যমে সমাজে তথা রাষ্ট্রে ইসলামী অনুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করা। আবার চার দফা কর্মসূচির মধ্যে রয়েছে ।

১. কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষা প্রচারের মাধ্যমে জনগণের চিন্তার বিকাশ সাধন এবং ইসলামী অনুশাসন অনুশীলনে উদ্বুদ্ধকরণ।

২. ইসলামী সমাজ কায়েমের সংগ্রামে আগ্রাহী ব্যক্তিদের সুসংগঠিত করা এবং তাদের উপযুক্ত ইসলামী প্রশিক্ষণ প্রদান করা।

৩. ইসলাহে মুয়াশারা তথা সমাজের প্রচলিত অন্যায়, অশ্লীলতা ও দুর্নীতি দূর করে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও কল্যাণমুখী সমাজ কায়েম করা।

৪. গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে বিদ্যমান সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

তৃণমূল থেকে গড়ে তোলা জামায়াতের এই মানুষগুলোই মানুষের প্রকৃত বন্ধু হিসেবে পরিচিত হয়ে উঠেছেন এবং সমাজে মানুষকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করছেন।

আমার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের ছয় বছরে ইসলামী ছাত্র সংঘের সাথে সম্পৃক্ত থাকাকালীন সময়ে আমি কেন্দ্রীয় সংগঠনের চারজন নাযেমে আলা পেয়েছিলাম। এরা হচ্ছেন— জনাব মোহাম্মদ হোসেন খান (১৯৬২), জনাব শেখ মাহবুব আলী (১৯৬২-৬৪), জনাব সাইয়েদ মনওয়ার হাসান (১৯৬৪ অক্টোবর ’৬৭) এবং ডা. মোহাম্মদ কামাল। পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি হিসেবে আমি যাদের পেয়েছিলাম তাদের মধ্যে ছিলেন জনাব অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক নাজির আহমদ এবং জনাব নূরুল ইসলাম। এদের কেউই বর্তমানে জীবিত নেই।

এখন লাহোরের মূলতান রোডের মনসুরায় অবস্থিত পাকিস্তান জামায়াতে ইসলামীর সদদফতরের প্রসঙ্গে আসি।

১৯৪১ সালের ২৬ আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে মাওলানা সাইয়েদ আবুল আলা মওদূদীর নেতৃত্বে ইসলামী সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের কাঠামো সৃষ্টির লক্ষ্যে ইসলামী অনুশাসন ও মূল্যবোধের প্রসার ও প্রতিষ্ঠা এবং খোদাদ্রোহী আদর্শসমূহ থেকে মুসলিম সমাজকে রক্ষার জন্য ‘জামায়াতে ইসলাম হিন্দ’ নামে দলটির জন্ম হয়। উপমহাদেশ ব্রিটিশ শাসনমুক্ত হবার পর ১৯৪৭ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে জামায়াতের কার্যক্রম শুরু হয়। মনসুরায় এর হেড কোয়ার্টার অবস্থিত। একে জামায়াতের কেন্দ্রীয় সচিবালয় হিসেবে বিবেচনা করা হয়। ইঞ্জিনিয়ার হাফিজ নাইমুর রহমান এখন আমীরের দায়িত্ব পালন করছেন। দলটির পাঁচজন নায়েবে আমীর আছেন। এরা হচ্ছেন— সর্ব জনাব লিয়াকত বালুচ, ড. ওসামা রাজি, অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খান, ড. আতাউর রহমান এবং মিয়া মোাহাম্মদ আসলাম। ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি জনাব নাজির আহমদ জানজুয়াকে সহযোগিতা করছেন চারজন ডেপুটি জেনারেল সেক্রেটারি। এরা হচ্ছেন— জনাব খালিদ রহমান, সাইয়েদ কিরাসাত শাহ, জনাব আজহার ইকবাল হাসান এবং সাইয়েদ ওয়াকাস আনজুম জাফরী। হেড কোয়ার্টারটি সুসংগঠিত, সুপরিকল্পিত ও সুশৃঙ্খল। সেন্ট্রাল সেক্রেটারিয়েট ছাড়াও প্রায় ২৫ একর জমির ওপর দেয়াল ঘেরা এই কমপ্লেক্সে রয়েছে দৃষ্টিনন্দন বিশাল মনসুরা মসজিদ যা ইন্টেরিয়র কলাম ও বীম ছাড়া তৈরি, আল খিদমত পরিচালিত মনসুরা হাসপাতাল। এটি বিভিন্ন বিভাগের রোগ নির্ণয় ও জরুরি পরিচর্যা সম্পন্ন স্বল্প ও বিনামূল্যে চিকিৎসা প্রদানকারী একটি বৃহৎ হাসপাতাল। সেনাবাহিনীর মেডিকেল কোর এর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এর তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে আরো আছে ছেলে ও মেয়েদের জন্য স্বতন্ত্র আবাসিক স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আরো আছে সাবেক ও বর্তমান জামায়াত নেতা, অফিস স্টাফ এবং স্থায়ী বসিন্দাদের জন্য আবাসিক ব্লক। জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল ও আমীর মিয়া তোফায়েল মোহাম্মদের আবাসিক ভবনও এই ব্লকে অবস্থিত। ১৯৭২ সালে তার হাতে এমারতের দায়িত্ব দিয়ে মাওলানা মওদূদী অবসর গ্রহণ করেন। ২০০৯ সালের ২৫ জুন ৯৫ বছর বয়সে তিনি ইন্তিকাল করেন।

জামায়াত সদরদফতরের পরিকল্পনায় মাওলানা মওদূদীর (র) প্রতিভার প্রতিচ্ছবি পাওয়া যায়। তুলনামূলক ধর্মতত্ত্বের একজন গবেষক ও ইসলাম বিষয়ক কানাডিয় পণ্ডিত, প্রটেস্টান্ট খ্রিস্টান চার্চের যাজক উইলফ্রেড কান্টওয়েল মাওলানা মওদূদী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, “ Maulana Syed Abul Ala Maududi is the most Systematic thinker of modern Islam, Quranic exegesis, Hadis, Law philosophy and history. He bacically penred almost all his books in urdu that were later translated into Arabic, English, Hindi, Bangla, Telugu, Nepalese, Tamil, Burmese, Chinese, Japanese, Malaysia and many other languages. There are three Modern evils in his eyes and they are : secularism, nationalism, and socialism ”

উল্লেখ্য, যে ষাটের দশকের মাঝামাঝি মাওলানা মওদূদীর সাহিত্যের ওপর গবেষণাকর্ম পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় একটি বিভাগ খুলেছিল এবং উইলফেড কান্টওয়েল ওই বিভাগের অন্যতম একজন গবেষক হিসেবে কাজ করেছেন।

সামাজিক ও অর্থনৈতিক সমস্যাবলি এবং দেশের গুরুত্বপূর্ণ খাতসমূহে কাজ করার জন্য জামায়াতের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। যেমন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে দৈনিক জাসারত, শ্রমিক অঙ্গনে জাতীয় শ্রমিক ফেডারেশন, সেবাখাতে আল খিদমত ফাউন্ডেশন, গবেষণার ক্ষেত্রে ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ (আইপিএস) ইসলামিক রিসার্স একাডেমি এবং ইসলামিক ফাউন্ডেশন, লিচিস্টার, ইউকে। (চলবে)।