বিদেশভ্রমণ সাধারণত মানুষের কাছে নতুন দেশ, নতুন শহর, নতুন সংস্কৃতি ও নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার একটি সুযোগ। কিন্তু আমার এবারের লন্ডন সফরটি নিছক কোনো বিদেশভ্রমণ ছিল না। এর সঙ্গে জড়িয়ে ছিল দীর্ঘদিন পর একমাত্র সন্তানের সান্নিধ্যে ফিরে যাওয়ার আকাক্সক্ষা, নাতি-নাতনির মুখ দেখার আনন্দ, প্রবাসে বাংলাদেশীদের জীবনযাপন কাছ থেকে দেখার অভিজ্ঞতা এবং সর্বোপরি ইউরোপের মাটিতে মুসলিম সমাজের দ্বীনি কর্মকাণ্ড, ইসলামী জ্ঞানচর্চা ও সামাজিক উদ্যোগের কিছু বাস্তব চিত্র প্রত্যক্ষ করার সুযোগ।

তিন বছরেরও বেশি সময় ধরে আমার একমাত্র ছেলে হাসানুল বান্না তার পরিবার নিয়ে লন্ডনে বসবাস করছে। দীর্ঘ এই সময়ে ছেলে যেমন বারবার লন্ডনে যাওয়ার জন্য অনুরোধ করেছে, তেমনি আমার স্ত্রীর বড় ভাই মীর হোসেন (সেলিম)—যিনি প্রায় চার দশক ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন—তিনিও দীর্ঘদিন ধরে আমাদের সেখানে যাওয়ার জন্য তাগাদা দিয়ে আসছিলেন। গত ৩১ ডিসেম্বর ২০১৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিলেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর যেন আমি অবশ্যই লন্ডনে যাই। তাঁর সেই আন্তরিক অনুরোধ মনে গেঁথে ছিল। এর মধ্যে জীবনের নানা ব্যস্ততা আমাদের সেই যাত্রাকে বারবার পিছিয়ে দিয়েছে। কিন্তু সাংগঠনিক দায়িত্ব, রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনসহ নানা ব্যস্ততায় সেই ইচ্ছা বাস্তবায়নের সুযোগ হয়ে উঠছিল না। মানুষের জীবনে দায়িত্ব যেমন আছে, তেমনি আছে সম্পর্কের দায়ও। সংগঠন, কর্মসূচি ও জনজীবনের ব্যস্ততার মধ্যেও একসময় মনে হলো—জীবনের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেও তো কিছু সময় দেওয়া প্রয়োজন। বিশেষ করে নাতি-নাতনিদের মুখ দেখার আকাক্সক্ষা দীর্ঘদিন ধরে হৃদয়ের ভেতর জমে ছিল। নির্বাচনের পর সংসদের কার্যক্রম শুরু হলে মনে হলো, এবার হয়তো সেই সুযোগটি তৈরি হয়েছে। অবশেষে সিদ্ধান্ত নিলাম—এবার যেতেই হবে।

২১ দিনের সেই যাত্রা : আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি ও আমার স্ত্রী যুক্তরাজ্যের ভিসা পেলাম। সফরের তারিখ নির্ধারিত হলো ৫ আগস্ট। ফেরার তারিখ ২৬ আগস্ট। অর্থাৎ সামনে অপেক্ষা করছে ২১ দিনের একটি নতুন অভিজ্ঞতার যাত্রা। ৫ আগস্ট ভোর ৫টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের যাত্রা শুরু হলো। প্রায় সাড়ে ১১ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা শেষে পৌঁছালাম লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। পৃথিবীর অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে নেমেই মনে হলো, এটি যেন শুধু একটি বিমানবন্দর নয়—বিশ্বের নানা প্রান্তের মানুষের এক বিশাল মিলনস্থল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে সন্ধ্যা ৭টা বেজে গেল। অবশেষে যখন বাইরে এলাম, তখন দীর্ঘ প্রতীক্ষার যেন অবসান ঘটল।

আমাদের নিতে এসেছিলেন আমার একমাত্র ছেলে হাসানুল বান্না এবং আমার স্ত্রীর বড় ভাই মীর হোসেন সেলিম। ছেলেকে দেখার মুহূর্তটি ছিল সত্যিই আবেগঘন। দীর্ঘদিন পর বাবা-মায়ের সামনে সন্তান। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই ছেলে আমাদের বুকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে যেন তিন বছরেরও বেশি সময়ের বিচ্ছেদ, অপেক্ষা, ভালোবাসা, অভিমান ও আবেগ একসঙ্গে মিশে গেল। প্রবাসের মাটিতে সন্তানের সঙ্গে বাবা-মায়ের সেই সাক্ষাৎ কোনো ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। সেখান থেকে আমরা হিলফোর্ডে মীর হোসেন সেলিম ভাইয়ের বাসায় গেলাম। তিনি সেখানে দীর্ঘ প্রায় ৩৮ বছর ধরে বসবাস করছেন। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি কাটাতে দুদিন সেখানে বিশ্রাম নিলাম।

নিউপোর্ট : সন্তানের কাছে ফিরে পাওয়া সময় : দুদিন পর ছেলের বাসস্থান ওয়েলসের রাজধানী কার্ডিফের অদূরে অবস্থিত ঐতিহাসিক শহর নিউপোর্টের উদ্দেশে রওনা হলাম। যুক্তরাজ্যের চারটি অঙ্গদেশের একটি ওয়েলস; এর রাজধানী কার্ডিফ। নিউপোর্টে প্রায় এক সপ্তাহ অবস্থান করেছি। তিন বছরেরও বেশি সময় পর ছেলেকে কাছে পাওয়া এবং নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানো—সফরের এই সময়টুকুই আমার কাছে ছিল সবচেয়ে মূল্যবান অধ্যায়।

নাতি-নাতনিদের মুখের হাসি, ছেলের সঙ্গে দীর্ঘদিন পর মুখোমুখি বসে কথা বলা, পারিবারিক নানা স্মৃতি নিয়ে আলোচনা—সব মিলিয়ে মনে হচ্ছিল, সময় যেন অদ্ভুত দ্রুততায় চলে যাচ্ছে। কত কথা জমে ছিল! কত স্মৃতি ভাগ করে নেওয়ার ছিল! অথচ সময় যেন হাতের মুঠোয় ধরা বালুর মতো দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। সাংগঠনিক ব্যস্ততা, রাজনৈতিক কর্মসূচি ও নানা দায়িত্বের কারণে জীবনের কত মূল্যবান মুহূর্ত যে আমরা অজান্তেই হারিয়ে ফেলি, এই সফর আমাকে তা নতুন করে উপলব্ধি করাল। নিউপোর্টের পরিবেশও আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। শান্ত প্রকৃতি, পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর বসতি—সব মিলিয়ে শহরটির মধ্যে এক ধরনের প্রশান্তি রয়েছে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয়গুলোর একটি ছিল বাসার কাছেই একটি বড় মসজিদ। মাত্র সাত-আট মিনিটের পথ। প্রবাসের মাটিতে থেকেও সেই মসজিদকে ঘিরে বাংলাদেশী মুসলমানদের দ্বীনি কর্মকাণ্ড আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

মসজিদের পরিচালনা ও দ্বীনি কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশের কয়েকজন মানুষ সম্পৃক্ত। তাঁদের মধ্যে সিলেটের তানভীর ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। প্রায় ৩৫ বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন এবং মসজিদের দায়িত্ব পালন করছেন। তার সাথে আরও যুক্ত আছেন মাইনুদ্দিন বাদল, আনোয়ার আলী, শাহীন খান। দীর্ঘ প্রবাসজীবনেও তিনি দ্বীনি কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। শিশুদের জন্য তিনি একটি মাদরাসাও পরিচালনা করছেন। প্রবাসে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির মধ্যেও একটি আলাদা সৌন্দর্য আছে। পরিচয় হয়তো অল্প দিনের, কিন্তু আন্তরিকতা তৈরি হতে কখনো দীর্ঘ সময় লাগে না। তানভীর ভাইয়ের সঙ্গেও তেমনই একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হলো।

একদিন তানভীর ভাইয়ের সঙ্গে নিউপোর্টের বিভিন্ন এলাকা ঘুরে দেখার সুযোগ হলো। সেদিন তাপমাত্রা ছিল প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের মধ্যেই আমরা একটি বনাঞ্চলের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখলাম, আগুনে বনাঞ্চল ধোঁয়ায় আচ্ছন্ন। চারদিকে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ। আগুনের ভয়াবহতা দেখে পরিস্থিতির গুরুত্ব সহজেই বোঝা যাচ্ছিল। তবে একই সঙ্গে যে বিষয়টি বিশেষভাবে চোখে পড়ল, তা হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি তৎপরতা। ফায়ার সার্ভিস, উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা, সতর্কীকরণ কার্যক্রম—সবকিছু সক্রিয়ভাবে চলছিল। মোবাইল ফোনের মাধ্যমেও সতর্কবার্তা দেওয়া হচ্ছিল। একজন পর্যটক হিসেবে দৃশ্যটি দেখেছি, কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তা আমাকে ভাবিয়েছে। দুর্যোগের মুহূর্তে রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রবাসের মাটিতে প্রত্যক্ষ করা এই অভিজ্ঞতাটি আমার কাছে তাই শুধু একটি ভ্রমণ-দৃশ্য হয়ে থাকে নি; বরং তা হয়ে উঠেছে একটি শিক্ষণীয় উপলব্ধি।

নিউপোর্টে আরেকজনের কথা উল্লেখ না করলেই নয়—মইনুদ্দিন বাদল ভাই। প্রায় চার দশক ধরে তিনি নিউপোর্ট এলাকায় বসবাস করছেন। দীর্ঘ প্রবাসজীবনেও তিনি মানুষের সুখ-দুঃখের খোঁজখবর রাখেন এবং মুসলমানদের মধ্যে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। একদিন তিনি তাঁর বাসায় আমাকে দাওয়াত দিলেন। সেখানে নিউপোর্ট এলাকার অনেক বাংলাদেশী মুসলমান ভাই উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দঘন ও আন্তরিক পরিবেশে সেদিনের ডিনার অনুষ্ঠিত হয়। পরিচিত-অপরিচিত অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ হলো। প্রবাসের মাটিতে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব রয়েছে। সুন্দর একটি আয়োজনের জন্য বাদল ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনুভব করেছি।

সেদিনের অনুষ্ঠানে খলিলুর রহমান ভাইয়ের সঙ্গেও সাক্ষাৎ হলো। তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে সামাজিকভাবে মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রচেষ্টা আমার ভালো লেগেছে। প্রবাসে বসবাসরত মানুষের সামাজিক সম্পৃক্ততা, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক ভূমিকা একটি কমিউনিটিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে। তাঁদের সঙ্গে সাক্ষাৎ আমার জন্য যেমন আনন্দের ছিল, তেমনি ছিল শিক্ষণীয়ও।

ইসলামী রীতিনীতি অনুসরণে একটি সুন্দর বিবাহ অনুষ্ঠান : MCA-এর সেক্রেটারি নূরুল মতিন চৌধুরীর আমন্ত্রণে লন্ডনে একটি বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। অনুষ্ঠানটি প্রত্যক্ষ করে সত্যিই অভিভূত হয়েছি। একটি অমুসলিম দেশে থেকেও কীভাবে ইসলামী রীতি-নীতি ও মূল্যবোধ অনুসরণ করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও পরিপূর্ণ বিবাহ অনুষ্ঠান আয়োজন করা যায়, তার একটি সুন্দর দৃষ্টান্ত দেখলাম সেখানে। পুরুষ ও নারীদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। নারীদের অংশগ্রহণের জন্যও ছিল স্বতন্ত্র আয়োজন। সার্বিক ব্যবস্থাপনায় ইসলামী শালীনতা, সৌন্দর্য ও পরিমিতিবোধের একটি সুন্দর প্রতিফলন লক্ষ্য করেছি। অনুষ্ঠানে অনেকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। সবার নাম উল্লেখ করলে লেখার কলেবর আরও বেড়ে যাবে বলে এখানে তাঁদের নাম আলাদাভাবে উল্লেখ করছি না। বিবাহ অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। ছেলের পিতা আমার পরিচিত হওয়ায় তিনি বরকে আমার কাছে দোয়া করানোর জন্য নিয়ে আসেন। তখন উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে বর ও কনের জন্য দোয়া করি।

ব্যারিস্টার আসাদুজ্জামানের চেম্বারে— সহযাত্রীদের এক মিলনমেলা : ব্যারিস্টার আসাদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমেদের মেয়ের জামাই। তিনি তাঁর ল-ম্যাট্রিক্স চেম্বারে আমাকে দাওয়াত দেন। মীর হোসেন (সেলিম) সাহেবের পরিবারসহ আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে সেই আয়োজনে অংশগ্রহণ করি। সেখানে বেশ কয়েকজন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ হলো। বিশেষ করে যশোরের আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে দীর্ঘ সময় কথা বলার সুযোগ হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং সবার কাছে ‘কবি’ নামে পরিচিত। তাঁর সঙ্গে আলোচনায় উঠে আসে যশোরের নানা বিষয়, মানুষের জীবনযাপন এবং এলাকার বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক। চাঁদপুরের দেলোয়ার ভাইও আমাদের সঙ্গে ছিলেন। তিনিও সাবেক ছাত্রনেতা। তাঁর সঙ্গে চাঁদপুরসহ আমাদের এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক কথাবার্তা হয়। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও দেশের মাটি, মানুষের কথা এবং নিজ নিজ এলাকার স্মৃতি নিয়ে এমন প্রাণখোলা আলোচনা লন্ডন সফরের স্মৃতিতে একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। আলোচনার একপর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ভাই তাঁর বাসায় একদিন লাঞ্চের দাওয়াত দিলেন। সেই আয়োজনটি অনেকটা ইসলামী আন্দোলনের সহযাত্রীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

দেশে যাঁদের সঙ্গে পরিচয় ছিল, তাঁদের অনেকের সঙ্গে সেখানে আবার সাক্ষাৎ হলো। প্রবাসের মাটিতে পরিচিত মুখগুলোকে একসঙ্গে দেখে আনন্দ ও আবেগে মন ভরে উঠেছিল। সেখানে শামসুল আলম গোলাপ ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি। দেশে থাকাকালে তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছিলেন। তাঁর জীবনে ঘটে যাওয়া নানা প্রতিকূলতা ও নির্যাতনের কথা আমাদের জানা। দীর্ঘ সময় পর তাঁকে আবার সামনে দেখে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে পড়ি। সেখানে সাবেক ছাত্রনেতা আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়ার সঙ্গেও সাক্ষাৎ হয়। তিনিও আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। এ ছাড়া ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ হয়েছে। সেখানে আরও ছিলেন গোলাম মুর্তজা সিআইপি, ইউরোপের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ব্যারিস্টার আবু বকর মোল্লা, সেক্রেটারি ব্যারিস্টার ফখরুল ইসলাম, ব্যারিস্টার বদরে আলম দিদার, শাহরিয়ার শিফার, আইটি কনসালট্যান্ট ফুয়াদ হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী পারভেজসহ আরও অনেকে। তাঁদের সঙ্গে দেখা হওয়া, পুরোনো সম্পর্কের পুনর্মিলন এবং ইসলামী আদর্শ ও আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমার লন্ডন সফরকে আরও অর্থবহ করে তুলেছে।

পুরো অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং যুক্তরাজ্যভিত্তিক সংগঠন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (MCA)-এর কেন্দ্রীয় সভাপতি। তিনি একজন পরিচিত ইসলামী বক্তা ও স্কলার। লন্ডনে বসবাসরত বাংলাদেশী ও বাঙালি মুসলমানদের মধ্যে ইসলামের শিক্ষা ও আদর্শ তুলে ধরার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। প্রবাসের মাটিতে দেশের মানুষগুলোর সঙ্গে এমন পুনর্মিলন অনেকটা হারিয়ে যাওয়া কোনো পরিচিত গন্ধ হঠাৎ ফিরে পাওয়ার মতো। দূরদেশে থেকেও দেশের মাটি, মানুষের কথা ও আদর্শের স্মৃতি যে কত গভীরভাবে মানুষকে একসূত্রে বেঁধে রাখে, এই আয়োজন তারই একটি জীবন্ত উদাহরণ।

ইস্ট লন্ডন মসজিদ : প্রবাসে দ্বীনি পরিচয়ের এক দৃশ্যমান ঠিকানা : লন্ডন সফরে ইস্ট লন্ডন মসজিদে যাওয়ার সুযোগটিও ছিল বিশেষভাবে স্মরণীয়। একটি অমুসলিম দেশের ব্যস্ত নগরীর মধ্যে মুসলমানদের জন্য এমন একটি বৃহৎ মসজিদ ও দ্বীনি পরিসর দেখে ভালো লেগেছে। মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; প্রবাসী মুসলমানদের জন্য এটি পরিচয়, শিক্ষা, সামাজিক যোগাযোগ এবং নতুন প্রজন্মকে দ্বীনের সঙ্গে যুক্ত রাখার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মুসলিম সন্তানদের সামনে যখন একদিকে পশ্চিমা সংস্কৃতি, অন্যদিকে পারিবারিক ও ধর্মীয় ঐতিহ্য—তখন মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইস্ট লন্ডন মসজিদে গিয়ে মনে হলো, প্রবাসী মুসলমানরা শুধু অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন না; তাঁরা তাঁদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ও ধরে রাখার চেষ্টা করছেন।

লন্ডন সফরে মসজিদ পরিদর্শন ও আলেমদের সঙ্গে সাক্ষাৎ ছিল আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয়। সৌদি আরবে তাঁর লেখাপড়ার সময় থেকেই তাঁর সঙ্গে আমার পরিচয়। তিনি একজন ইসলামি স্কলার এবং পাণ্ডিত্যপূর্ণ আলোচনার অধিকারী। অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও তিনি আমাকে ৩০ মিনিটের বেশি সময় দিয়েছেন। এ সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তাঁর জ্ঞানগর্ভ বক্তব্য, প্রজ্ঞা ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।

মসজিদের ইমাম জনাব আবুল হোসেন সাহেব এবং মসজিদের পরিচালক জনাব দেলোয়ার ভাইও আমাকে মসজিদের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। তাঁরা মসজিদের কার্যক্রম, ব্যবস্থাপনা ও বিভিন্ন সেবামূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। মসজিদে নারীদের জন্য পৃথক ব্যবস্থাপনা রয়েছে, যার মধ্যে মরিয়ম সেন্টার উল্লেখযোগ্য। শুক্রবার জুমার নামাজে বিপুলসংখ্যক নারী ও পুরুষের অংশগ্রহণও লক্ষ্য করেছি। মসজিদের পরিবেশ, ব্যবস্থাপনা ও মুসল্লিদের অংশগ্রহণ দেখে মনে হয়েছে—প্রবাসের মাটিতেও মুসলমানরা কীভাবে একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রাণবন্ত সামাজিক পরিবেশ গড়ে তুলতে পারেন। লন্ডন মসজিদ তাই শুধু নামাজ আদায়ের স্থান নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলমানদের ধর্মীয় চর্চা, সামাজিক সংযোগ এবং প্রবাসে ইসলামী পরিচয় সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

মরিয়ম সেন্টার : নতুন প্রজন্মকে ঘিরে ভাবনা : লন্ডন সফরে মরিয়ম সেন্টারেও যাওয়ার সুযোগ হয়। প্রবাসী মুসলিম সমাজের জন্য এ ধরনের প্রতিষ্ঠান শুধু ধর্মীয় কার্যক্রমের জায়গা নয়; বরং পরিবার, শিশু-কিশোর, শিক্ষা ও কমিউনিটি জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উদ্যোগের ক্ষেত্রও হতে পারে। প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের সামনে একটি স্বাভাবিক প্রশ্ন থাকে—তারা যে সমাজে জন্মেছে ও বেড়ে উঠছে, তার অংশ হয়েও কীভাবে নিজের পারিবারিক ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখবে? মরিয়ম সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব এখানেই। এগুলো শুধু একটি ভবন বা প্রতিষ্ঠান নয়; বরং পরিবার, শিক্ষা, পরিচয় ও কমিউনিটির ভবিষ্যৎকে ঘিরে ভাবনার একটি ক্ষেত্র। প্রবাসে বসবাসকারী মুসলমানদের জন্য নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং নিজস্ব ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলার বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ, এই সফরে তা আরও গভীরভাবে উপলব্ধি করেছি।

গ্রিনউইচ : সময়, বিজ্ঞান ও নৌ-ঐতিহ্যের এক পাঠশালা : লন্ডন সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল গ্রিনউইচ ভ্রমণ। ব্যারিস্টার ফখরুল ইসলাম, যিনি ‘ল-ম্যাট্রিক্স’-এর সঙ্গে যুক্ত, আমাকে গ্রিনউইচে নিয়ে যান। টেমস নদীর তীরে অবস্থিত গ্রিনউইচ ইতিহাস, বিজ্ঞান ও নৌ-ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ঐতিহাসিক রয়্যাল অবজারভেটরি, প্রাইম মেরিডিয়ান, গ্রিনউইচ মিন টাইম, কাট্টি সার্ক, ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম এবং গ্রিনউইচ পার্ক—সব মিলিয়ে গ্রিনউইচ যেন ইতিহাস ও বিজ্ঞানের এক উন্মুক্ত পাঠশালা। পৃথিবীর সময় গণনার ইতিহাসে Greenwich Mean Time সব-এর ভূমিকা এবং দ্রাঘিমারেখার শূন্য ডিগ্রির সঙ্গে গ্রিনউইচের সম্পর্ক সম্পর্কে জানার সুযোগ ছিল বিশেষ আগ্রহের। সেখানে দাঁড়িয়ে মনে হলো, পৃথিবীর মানচিত্রে কিছু কিছু স্থান কেবল একটি ভৌগোলিক বিন্দু নয়। সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে ওঠে মানবসভ্যতার জ্ঞান, ইতিহাস ও অগ্রযাত্রার প্রতীক। গ্রিনউইচে দাঁড়িয়ে সময়ের কথা ভাবছিলাম। পৃথিবীর কোটি কোটি মানুষ একই সূর্যের আলোয় জীবনযাপন করে, অথচ সময়ের হিসাবে তারা ভিন্ন ভিন্ন প্রান্তে অবস্থান করে। আর সেই সময়কে মাপার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই গ্রিনউইচ। ভ্রমণ কখনো কখনো শুধু চোখকে নতুন দৃশ্য দেখায় না; চিন্তার জানালাও খুলে দেয়। গ্রিনউইচ সফর আমার জন্য তেমনই একটি অভিজ্ঞতা। লন্ডন সফরের প্রতিটি দিন যেন আমাকে নতুন কোনো দৃশ্য, নতুন কোনো মানুষ, নতুন কোনো চিন্তা কিংবা পুরোনো কোনো সম্পর্কের নতুন অনুভূতির মুখোমুখি করেছে।

একদিকে সন্তানের কাছে ফিরে পাওয়া দীর্ঘ প্রতীক্ষার আনন্দ, অন্যদিকে প্রবাসে বাংলাদেশীদের সংগ্রাম, সামাজিক বন্ধন ও আন্তরিকতা; কোথাও দ্বীনি প্রতিষ্ঠান ও ইসলামী জীবনচর্চার দৃশ্য, কোথাও ইতিহাস ও সভ্যতার অনন্য নিদর্শন—সব মিলিয়ে এই ২১ দিনের সফর আমার কাছে কেবল একটি বিদেশভ্রমণ হয়ে থাকে নি। বরং এটি হয়ে উঠেছে মানুষকে নতুন করে জানার, সমাজকে ভিন্ন দৃষ্টিতে দেখার, নিজের জীবনের ব্যস্ততার দিকে ফিরে তাকানোর এবং প্রবাসের মাটিতে বাংলাদেশের মানুষ ও মুসলিম সমাজের জীবনযাত্রাকে কাছ থেকে অনুভব করার এক অনন্য সুযোগ।

(পরবর্তী লেখা চলমান...)