দেখুন, ভারতবর্ষের হিন্দুত্ববাদী রাজনীতির যাত্রা অনেকাংশেই বাংলা থেকে শুরু হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আপনি জানেন। তিনি বাঙালি ছিলেন, ভবানীপুরে তাঁর বাড়ি ছিল, তাঁর বাবা আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁকে ‘বাংলার বাঘ’ বলা হতো। সেই শ্যামাপ্রসাদের বাংলায় বহু দশক ধরে বিজেপি কিছুতেই সফল হতে পারেনি। এবার হিন্দুত্ববাদী রাজনীতি প্রায় গোটা ভারত জয় করে নিজের শিকড়ের জায়গা, অর্থাৎ বাংলাকেও জয় করল।

৪ মে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি আর আগের মতো নেই। বিজেপির প্রধান বিরোধী দল, খাতায়-কলমে যা এখনো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দলটাকে কার্যত তিন টুকরো করে দেওয়া হয়েছে। একটা ছোট অংশ মমতা ব্যানার্জির অনুগত হিসেবে তাঁর সঙ্গে আছে। একটা বড় অংশ ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে ‘গণতান্ত্রিক তৃণমূল’ নামে নতুন একটা দল গঠন করেছে, যারা বিজেপির গৃহপালিত বিরোধী দল। আরেকটা অংশ, অর্থাৎ তৃণমূলের অধিকাংশ সংসদ সদস্য এনসিপিআই নামে আলাদা দল তৈরি করেছেন।

২০১১ সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গে বামপন্থীদের মধ্যে একটা দীর্ঘ রক্তক্ষরণ চলছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর, আর তৃণমূল কংগ্রেসের এই অবস্থার ফলে, রাজ্যে বামপন্থীদের সামনে এখন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ভোটের বিচারে এখনো সেটা তেমন দেখা যাচ্ছে না। কারণ, দুটি উপনির্বাচন হয়েছে এবং বামেরা সেখানে ভালো ভোট পায়নি। কিন্তু ধীরে ধীরে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে তারা হয়তো একটা বড়সড় শক্তির জায়গায় পৌঁছাবে। এখনো পর্যন্ত অবস্থা এই।

না না না, পতন এখনই বলা যাবে না। আমরা বলছি যে এখন তাদের ‘হানিমুন পিরিয়ড’ চলছে। ১৯৭৭ সালে কংগ্রেসকে হারিয়ে বামফ্রন্টের ক্ষমতায় আসা আমি দেখিনি, তখন আমার জন্মই হয়নি। কিন্তু ২০১১ সালে সিপিএমকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা আমি দেখেছি। বিশ্বাস করুন, অন্য রাজ্যেও পালাবদল দেখেছি। কিন্তু ক্ষমতায় আসার দু-তিন মাস বা চার মাসের মধ্যেই কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়ে যাচ্ছে, এটা একটা নতুন প্রবণতা। এটা আমি আগে দেখিনি।

এর কারণ, একদিকে তারা খুবই আগ্রাসী আচরণ করছে। পুজোতে বামপন্থীদের যে বুকস্টল বসে, সেই বুকস্টল ভাঙা হয়েছে, হকার উচ্ছেদ হচ্ছে, আরও নানা কিছু ঘটছে। জনপ্রিয়তা কমছে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এটা একটা দিক মাত্র। আরেকটা দিক হলো, পশ্চিমবঙ্গের জনগণের একটা বড় অংশ হিন্দুত্বের দিকে পোলারাইজড হয়ে গিয়েছে। তারা হিন্দুত্ববাদীদের পক্ষ অবলম্বন করছে। কাজেই এখনই এদের পতনের শুরু, এ রকম কিছু বলার কোনো সুযোগ নেই।

আমি আরেকটা কথা বলতে চাই। ৫ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে যে উগ্র ডানপন্থার উত্থান ঘটল, সেটা নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অনুঘটকের ভূমিকা পালন করেছে। শেখ হাসিনার অনেক অপকর্ম ছিল, সেগুলো নিয়ে আগে বহুবার বলেছি। সেগুলো এখানে আলোচ্য নয়। কিন্তু বিজেপির ক্যাম্পেনই ছিল, ‘পশ্চিমবঙ্গকে আরেকটা বাংলাদেশ হতে দেব না।’ সেটা একাংশের মানুষকে প্রভাবিত করেছে।

সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, যাঁরা আমাদের কালচারাল আইকন ছিলেন, তাঁদের জায়গায় বিজেপি যখন শ্যামাপ্রসাদকে নতুন আইকন হিসেবে আনছে, তখন তাদের সবচেয়ে বড় কথাটা হচ্ছে, শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের জনক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই পশ্চিমবঙ্গকে তৈরি করেছেন। নইলে আমাদের এখনকার বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশি মুসলিমদের সঙ্গে থাকতে হতো!

এটা আমি অনেক জায়গায় বলেছি এবং লিখেছি। আমি মনে করি, এর মূলে আছে আমাদের কিছু ঐতিহাসিক ফল্টলাইন। ১৯৭৭ সালে বামপন্থীদের ক্ষমতায় এনেছিল কারা? মূলত উদ্বাস্তুরা আর কৃষকেরা বামফ্রন্টকে ক্ষমতায় বসিয়েছে। শহরে কংগ্রেস জিতত। এই উদ্বাস্তু কারা? আমরা। যেমন, আমাদের আদি বাড়ি নাটোরে ছিল। সেখান থেকে আমরা ওপার বাংলায় চলে যাই, কেউ কলকাতায়, কেউ মুর্শিদাবাদে। আমরা একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম। বাঁচার সেই লড়াইয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল কমিউনিস্ট পার্টি এবং আরএসপিসহ অন্য বামপন্থী শক্তিগুলো। তারা পাশে দাঁড়িয়েছিল বলেই সেই জায়গা থেকে আমরা বামপন্থার সঙ্গে ছিলাম।

কিন্তু একই সঙ্গে এটা বলতেই হবে যে বামফ্রন্টের আমলেও সরকারি বাম তো বটেই, এমনকি যাঁরা সরকারবিরোধী বাম, তাঁরাও হিন্দুত্ববাদের রাজনীতির বিপদ, তার ভয়াবহতা নিয়ে আমাদের মধ্যে পর্যাপ্ত বোঝাপড়া তৈরি করেননি, পর্যাপ্ত প্রচারও করেননি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা ভীষণভাবেই সত্যি। ফলে এই উদ্বাস্তু জনগণের একটা বিরাট অংশ ধীরে ধীরে বিজেপির দিকে চলে গেছে।

আরেকটা হলো দলিত কমিউনিটির কথা। ব্রাহ্মণ্যবাদী রাজনীতির বিরুদ্ধে থাকার কথা যাঁদের, সেই দলিত কমিউনিটিকে নিজেদের দিকে নিয়ে আসার জন্য বিজেপি গোটা ভারতবর্ষেই কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে। শুধু পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। সেই দলিতদের একটা বড় অংশের ভোট পশ্চিমবঙ্গে বিজেপি পাচ্ছে।

ভারতের মাটিতে প্রগতিশীলতার আড়ালে সাম্প্রদায়িকতার বীজ সুপ্ত ছিল। এত দিন ধরেই ছিল। এখন ভালো জল-হাওয়া পেয়ে সেই বীজটা মহিরুহে পরিণত হচ্ছে।

প্রথম কথা হলো, এটা এত সহজ নয় যে ওরা এল আর আপনি সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে দিলেন। আমার মনে হয়, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক যুগের সূচনা। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকুক বা না থাকুক, সামাজিক স্তরে বিভেদের যে ব্যাপক ভয়ংকর পরিবেশ তৈরি হয়েছে, সেটা এত তাড়াতাড়ি কেটে যাবে, এ রকমটা আমার মনে হয় না। এটা লং লং ওয়ে টু গো, অনেক দীর্ঘ পথ বাকি।

বামপন্থীরা যেটা করতে পারেন, তা হলো, আমাদের বাংলায়, আমাদের সমাজের ভেতরে, একটা অদ্ভুত সমন্বয়ী রাজনীতি রয়েছে। ও-বাংলা, এ-বাংলা দুই বাংলাতেই সেই অদ্ভুত সমন্বয়ী রাজনীতি আছে। এটা তো লালনের বাংলা, তাই না? এই বাংলাতেও আলট্রা রাইটকে আটকাতে, ইসলামিস্টদের আটকাতে আমার মনে হয় এই সমন্বয়ী রাজনীতির চর্চা করা খুব জরুরি। আর জরুরি সামাজিক স্তরে একটা বৃহত্তর কোয়ালিশন গড়ে তোলা, ভোটের অঙ্ক কষে নয়। পশ্চিমবঙ্গে বামপন্থীরা যদি এ রকম কিছু করেন, সেই চেষ্টা তাঁরা শুরু করেছেন। তাহলে আমার মনে হয় দীর্ঘ মেয়াদে সেটা ভালো হবে।

১২ বছর ধরে দিল্লিতে নরেন্দ্র মোদির সরকার শাসনক্ষমতায় রয়েছে। এই সময়ে আমরা একটা জিনিস দেখেছি। সরকার তো তার মতো করে মোকাবিলা করবেই, কিন্তু বিরোধীরা নানা কারণে কখনোই খুব বড় সফল আন্দোলন গড়ে তুলতে পারেনি। অথচ আন্দোলন গড়ে তোলার জমি প্রস্তুত ছিল। একবার এনআরসি-সিএএ-এর বিরুদ্ধে বড় আন্দোলন আমরা দেখেছি। আরেকবার দেখেছি বড় কৃষক আন্দোলন। এখনো কিন্তু আন্দোলনগুলো জনগণই গড়ে তুলছে।

মোদি সরকারের বিরুদ্ধে সমাজের বিরাট অংশের ব্যাপক ক্ষোভ রয়েছে, বিশেষ করে যুবসমাজের মধ্যে। এই ক্ষোভকে ভাষা দেওয়ার ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলোর কিছুটা সমস্যা রয়েছে বলে আমার মনে হয়। একটা স্ফুলিঙ্গের দরকার ছিল। সেই স্ফুলিঙ্গটাই এল যখন প্রধান বিচারপতি ‘ককরোচ’ বলে কটাক্ষ করলেন এবং সেই জায়গা থেকে তরুণেরা রাস্তায় নেমে এলেন।

মানুষ মর্যাদার জন্য লড়াই করে। মর্যাদা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এটাকে শুধু চাকরি পাওয়া না-পাওয়া, অর্থনৈতিক সংকট বা প্রশ্নফাঁসের ভিত্তিতে দেখেন, তাহলে আমার মনে হয় সেটা ঠিক হবে না। মানুষ মূলত রাস্তায় নামছে মর্যাদার জন্য, নিজের ডিগনিটির জন্য।

প্রথম কথা হলো, একটা জিনিস পরিষ্কার করা ভালো। শ্রীলঙ্কা, নেপাল বা বাংলাদেশে গণ-অভ্যুত্থান হয়েছে এবং গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে। ভারতে কোনো গণ-অভ্যুত্থান হচ্ছে না, এটা গণ-আন্দোলন। এটা এখনো গণ-অভ্যুত্থান হয়নি। আমি মনে করি যে ভবিষ্যতেও হবে না। আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের বিচারব্যবস্থা অনেক বেশি শক্তিশালী। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, নরেন্দ্র মোদি সরকারকে ভোটেই পরাজিত করতে হবে। রাস্তায় মারামারি করে সরকার ফেলে দেবেন, এটা আমার ধারণা—হবে না। সেটা খুব স্বাস্থ্যকরও নয়। বামপন্থীদের অনেক সময় কিছু বিপ্লবী স্বপ্ন থাকে, বিপ্লবী প্রত্যাশা, আকাঙ্ক্ষা থাকে, আর সেগুলো আমরা অনেক সময় জনগণের ঘাড়ের ওপর চাপিয়ে দিতে চাই। ভারতের মতো দেশের ক্ষেত্রে তার কোনো সুযোগ নেই বলেই আমার মনে হয়।

আরেকটা কথা বলি। আপনি নতুন পার্টির উত্থানের কথা বললেন। বাংলাদেশ ও নেপালে, আমরা নতুন পার্টির উত্থান দেখেছি। বাংলাদেশে এনসিপি, নেপালে বালেন শাহর পার্টি। এর মধ্যে এনসিপি একেবারেই, কী বলব, কার্যত পুরোনো রাজনীতির জায়গায় চলে গেছে, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীর জুনিয়র পার্টনারে পরিণত হয়েছে। নেপালে বালেন শাহর পার্টি ভোটে জিতে ক্ষমতায় এসেছে।

শ্রীলঙ্কার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। শ্রীলঙ্কায় কোনো নতুন পার্টির উত্থান হয়নি। শ্রীলঙ্কায় এখন সরকার চালাচ্ছেন কমিউনিস্টরা, জেভিপি, সত্তরের দশকের শুরুতে গণ-অভ্যুত্থান করতে গিয়ে তাঁদের হাজার হাজার কমরেড শহীদ হয়েছিলেন। আশির দশকের শেষে তাঁরা আরেকটা গণ-অভ্যুত্থানের পর্যায়ে ছিল, সেখানেও হাজার হাজার কমরেড শহীদ হয়েছিলেন। তাঁদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে, ত্যাগ-তিতিক্ষার ইতিহাস আছে এবং তাঁরা ক্ষমতায় এসেছেন।

কিন্তু যেটা দেখা যাচ্ছে, সবগুলো দেশেই, শুধু দক্ষিণ এশিয়া নয়, ইউরোপের বিভিন্ন দেশেও সাধারণ মানুষ পুরোনো ব্যবস্থাটাকে প্রত্যাখ্যান করছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আমরা দেখলাম, মানুষ শুধু রাজাপক্ষেকে সরাননি, সব পুরোনো রাজনীতিকে প্রত্যাখ্যান করলেন। আর জেভিপি নিজেকে সেই পুরোনো রাজনীতির বাইরে থাকা একটা শক্তি হিসেবে দাঁড় করাতে পেরেছে।

নেপালের ক্ষেত্রেও দেখুন, রাজতন্ত্র উচ্ছেদ এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ওখানে তিনটি বড় পলিটিক্যাল ফোর্স ছিল—মাওবাদী, কেপি অলির দল ইউএমএল এবং নেপালি কংগ্রেস। জনগণ এই তিনটিকেই উচ্ছেদ করল। তারপর একটা নতুন পার্টি ক্ষমতায় এল। কাজেই এই নতুনের প্রতি ঝোঁক, পুরোনো পৃথিবীটাকে, পুরোনো ব্যবস্থাটাকে প্রত্যাখ্যান করা, এটা মানুষ করছে।

যেখানে শ্রীলঙ্কার মতো বামপন্থীরা দৃঢ় ভিত্তি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একটা বিকল্প রাষ্ট্রপ্রকল্প প্রস্তাব করছেন, সেখানে বামপন্থীদের ক্ষমতায়ন হচ্ছে, যেমন শ্রীলঙ্কায় হয়েছে। যেখানে সেটা নেই, সেখানে হচ্ছে না।

আর ‘ইউএস অর্থায়ন’ নিয়ে দুটো কথা বলার আছে। প্রথম কথা হলো, আমেরিকা কিন্তু সরকার ফেলে দেয়। আজ পর্যন্ত তারা পৃথিবীব্যাপী এক শর ওপর ক্যু করেছে। কাজেই আমেরিকা ধোয়া তুলসীপাতা, ব্যাপারটা এ রকম নয়। কিন্তু ধরুন আপনাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে ভারতের একটা নির্দিষ্ট ভূমিকা ছিল। জিওপলিটিকসের কারণে। কিন্তু ভারতের সেই ভূমিকার কারণে আপনি কি গোটা মুক্তিযুদ্ধকে, যেটা আসলে ছিল একটা জনযুদ্ধ, একটা ভারতীয় প্রকল্পের বাস্তবায়ন বলবেন? এটা বলা যায় না।

বাংলাদেশের ডানপন্থীদের অনেকে বলেন মুক্তিযুদ্ধ ছিল ভারতের ষড়যন্ত্র, পাকিস্তানকে দুই টুকরো করার ভারতীয় ষড়যন্ত্র। কিন্তু তাঁরা যেটা বলেন না, তা হলো, মহান মুক্তিযুদ্ধে, জনযুদ্ধে লাখ লাখ মানুষ বুকের রক্তে বাংলার মাটি ভিজিয়েছে। তারা আসলে জনগণের আত্মত্যাগকে অস্বীকার করে।

কাজেই ভূরাজনৈতিক বাধ্যবাধকতার কারণে কখনো ভারত, কখনো আমেরিকা, কখনো রাশিয়া নানা কিছু করে। কিন্তু আপনি যখন কেবল সেটাকেই বড় করে দেখেন, সেটাকেই একমাত্র গুরুত্ব দেন, তখন আসলে জনগণের আত্মত্যাগকে অস্বীকার করেন। একই কথা দেশে দেশে তরুণ প্রজন্মের আন্দোলনের ক্ষেত্রেও প্রযোজ্য। অবশ্যই সেখানে আমেরিকার ভূমিকা থাকতে পারে, অন্য কোনো রাষ্ট্রের ভূমিকা থাকতে পারে। কিন্তু একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ যে জনগণের আত্মত্যাগকে যেন আমরা অস্বীকার না করি।

এটা বলা খুব কঠিন। কারণ, আমাদের দেশের নির্বাচন একটা পর্যায় পর্যন্ত অন্তত ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, এটাই আমরা প্রত্যাশা করি। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। নির্বাচনব্যবস্থা যদি ত্রুটিমুক্ত ও ফেয়ার হয়, তাহলে আমার মনে হয় এই আন্দোলনের একটা বড় প্রভাব পড়তে চলেছে। কিন্তু যদি নির্বাচনটাই কম্প্রোমাইজড হয়, রিগড হয়, (আমি আশা করি সেটা হবে না, কারণ সে রকম হলে সেটা ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে সংগতিপূর্ণ হবে না) আমার ধারণা নির্বাচন ঠিকভাবেই হবে এবং নিশ্চয়ই এই আন্দোলনের প্রভাব পড়বে।

বামপন্থীদের জন্য এই সময়টা খুব কঠিন সময়। স্বাধীনতার পর এই প্রথম ভারতবর্ষে কোথাও বামপন্থীদের দ্বারা পরিচালিত কোনো সরকার নেই। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ আগেই চলে গিয়েছিল, কেরালাতেও বাম সরকার এই মুহূর্তে ক্ষমতায় নেই। এই পরিস্থিতিতে সংসদীয় বামপন্থা ধাক্কার মধ্যে রয়েছে। আবার ঠিক উল্টো দিকে দেখবেন, গণ-আন্দোলন ও রাজপথের রাজনীতিতে বামপন্থীরা নিজেদের নতুন করে আবিষ্কার করছেন।

নেহা বোরার কথাই দেখুন। এই মুহূর্তে ভারতের ‘ইউথ আইকন’ বলতে আপনি যদি কাউকে চিনতে চান, তাহলে তিনি কিন্তু নেহা। আর গোটা উত্তর ভারতে, যা ঐতিহ্যগতভাবে বামপন্থীদের জন্য শক্তিশালী জায়গা নয়, সেখানেও বামপন্থীরা নতুন করে কাজ করছেন। বিরোধী জোট, বিরোধীদের আন্দোলন, রাজপথের আন্দোলন, প্রতিটি আন্দোলনে তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলতে পারি, এটা একটু কঠিন, আবার সম্ভাবনাময়ও। কারণ, ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের বামপন্থীদের ক্রমাগত রক্তক্ষরণ হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য রয়েছে, একে অন্যের বিরুদ্ধে তাঁদের বহু অভিযোগ রয়েছে, যার অনেকগুলোই হয়তো ন্যায্য। কিন্তু বর্তমান পরিস্থিতি সব বাধার দেয়াল পেরিয়ে তাঁদের এক কাতারে নিয়ে আসছে, এক জায়গায় জড়ো করছে। এটা আমার কাছে খুব সম্ভাবনাময় মনে হয়।

একেকটা দেশের একেক রকম কারণ। ইউরোপ বলতে জীবনযাত্রার মানসহ যেসব ধারণা আমাদের সামনে আসত, সেই ধারণাগুলো বড়সড় প্রশ্নের মুখে পড়ছে। ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যে ইউরোপের জন্ম হয়েছিল, সেই লিবারেল গণতান্ত্রিক ইউরোপ ভেঙে পড়ছে, তার পা কাঁপছে। অথচ একটা নতুন ইউরোপ এখনো গড়ে উঠছে না।

কাজেই এই সময়ে ইউরোপে একদিকে সর্বত্র অতি দক্ষিণপন্থার উত্থান হচ্ছে। জার্মানিতে নিও-নাৎসি এএফডির উত্থান হচ্ছে, ইতালিতে মুসোলিনির উত্তরসূরিদের উত্থান হচ্ছে, স্পেনে ভক্সের মতো দলের উত্থান হচ্ছে, ফ্রান্সে লা পেনের উত্থান হচ্ছে। এটা যেমন একটা ছবি, তেমনি উল্টো দিকে বৈষম্যের বিরুদ্ধে, আবাসনের ভাড়া কমার দাবিতে, শিক্ষার দাবিতে, চাকরির দাবিতে হাজার হাজার, কোথাও কোথাও লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসছে। ফ্রান্সে ঐতিহাসিক আন্দোলন আমরা দেখছি; ইতালিতে, স্পেনে, পর্তুগালে, বেলজিয়ামে দেখছি। এই আন্দোলনগুলোর কেন্দ্রে খুব গুরুত্বপূর্ণভাবে বামপন্থীরা অবস্থান করছেন।

ফ্রান্সে একদিকে যেমন লা পেনের উত্থান হচ্ছে, তেমনি লা পেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো লিবারেল বা এই ধরনের কেউ নন, উঠে আসছেন মিডিয়াতে যিনি অতি বামপন্থী নামে পরিচিত, সেই জঁ-ল্যুক মেলঁশোঁ। ৭৪ বছর বয়সের একজন নেতা। আবার বেলজিয়ামে সেখানকার ওয়ার্কার্স পার্টি, পিটিবি-এর ব্যাপক উত্থান হচ্ছে। কাজেই ইউরোপে আসলে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে একটা নতুন ধরনের বামপন্থারও উত্থান হচ্ছে।

এভাবে আমি বলতে পারি না। কারণ, বিশ শতকের মডেলে একুশ শতকে যে কিছু হবে না, এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। এই মুহূর্তে ইউরোপে বৈষম্যের বিরুদ্ধে লড়াইগুলোতে বামপন্থী ক্যাম্প যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের মধ্যে দুটো পার্টি আছে যারা একেবারেই বিশ শতকীয় লেফট। একটা হচ্ছে গ্রিসের কমিউনিস্ট পার্টি, তারা খুবই বড় শক্তি। আরেকটা হচ্ছে বেলজিয়ামের ওয়ার্কার্স পার্টি, পিটিবি, তারাও বড় শক্তি। কিন্তু এগুলোর বাইরে অন্য যে শক্তিগুলো, তারা কেউই বিশ শতকীয় বাম নয়, অনেকটাই একুশ শতকের।

তারা তাদের মতো করে বিকল্পের কথা বলছে। পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের কথা তাদের অনেকেই বলছে না। তারা বলছে একটু সহনীয় পৃথিবীর কথা, একটু বৈষম্যহীন পৃথিবীর কথা। এমন একটা রাষ্ট্রের কথা, যে রাষ্ট্র জনগণের জ্বলন্ত সমস্যাগুলোর মোকাবিলা করবে। এটা অর্জন করে ফার রাইটকে খানিকটা দূর পর্যন্ত আটকানোর পর পরবর্তী ধাপ সমাজতন্ত্রের দিকে যাওয়া কি না, পুঁজিবাদ উচ্ছেদ কি না, সেগুলোর উত্তর সময়ই দেবে।

ইউরোপের কথা বলতে পারি। ইউরোপের ব্যাপারটা আপনাদের এখানকার বা ভারতের চেয়ে খুব একটা আলাদা নয়। ইউরোপে বলা হচ্ছে, তাদের যাবতীয় সংকটের মূলে অভিবাসীরা। আমাদের মতো কালো বা বাদামি চামড়ার মানুষ দলে দলে ইউরোপে ঢুকে পড়ে ইউরোপের সর্বনাশ করে দিচ্ছি, সব চাকরি-বাকরি কেড়ে নিচ্ছি, ইউরোপের সুন্দর, গণতান্ত্রিক, সুশীল, সংস্কৃতিবান পরিবেশ নষ্ট করছি—এ রকম কথা বলা হচ্ছে। ভারতেও একই জিনিস বলা হয় যে সব রোহিঙ্গা মুসলমান ঢুকে পড়ে আমাদের শেষ করে দিচ্ছে। বাংলাদেশেও আমরা কার্যত একই কথা শুনতে পাই।

এই যে অপরকে চিহ্নিত করা, অন্য বা ‘আদার’কে চিহ্নিত করা, এই আদার ইউরোপের ক্ষেত্রে অভিবাসী ও মুসলমান, ভারতের ক্ষেত্রে মুসলমান, বাংলাদেশের ক্ষেত্রে শাহবাগী, মাজারপন্থী ইত্যাদি; তাকেই যাবতীয় সংকটের মূল বলে চিহ্নিত করে ঘৃণা উৎপাদন করা। আমার মনে হয় এটা সব জায়গারই প্রবণতা। ইউরোপও তার ব্যতিক্রম নয়।

আপনাদের ২৪-এর আপরাইজিংকে আমি যেভাবে দেখি, তা হলো, আওয়ামী লীগ যদি ২০১৮ সালের নির্বাচনটা ঠিকভাবে করত, তাহলে তাকে এভাবে যেতে হতো না। এমনকি ২০২৪-এর নির্বাচনটাও যদি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে করত, তাহলেও না। কারণ, আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের প্রচুর নেতা-কর্মী এই দেশে আছেন। সার্বিয়াতে যেটা হলো, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলে গেল, ভোট হলো। কিন্তু মানুষকে ভোট দিতে না দেওয়াটা এখনকার দিনে কোনোভাবেই মেনে নেওয়া খুবই কঠিন। আপনি উন্নয়ন করুন, অপউন্নয়ন করুন, যা-ই করুন, আপনাকে জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।

যেহেতু আওয়ামী লীগ ভোট দিতে দেয়নি, ফলে একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এর বিরুদ্ধে মানুষ কথা বলেছে, প্রতিবাদ করেছে। বিরোধী দলগুলো ছিল কার্যত নখদন্তহীন অবস্থায়। এই জায়গা থেকে একটা আন্দোলন হলো, একটা সাধারণ দাবি, কোটার বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনটা অনেক বড় হয়ে গেল এবং সরকারকে ফেলে দিল। ইন্টারেস্টিংলি, এই আন্দোলনে বামপন্থীরা ছিলেন, ডানপন্থীরা ছিলেন, উগ্র ডানপন্থীরা, সবাই ছিলেন। আওয়ামী লীগ ঘরানারও প্রচুর মানুষ এই আন্দোলনে ছিলেন।

আমি মনে করি, ২ আগস্ট দ্রোহযাত্রা যেদিন হলো, সেদিন রাত্রিবেলা দ্রোহযাত্রার মানুষজন যদি বাড়ি ফিরে না যেত, যদি ওখানেই থেকে যেত, ওটাকে একটা ফ্রিডম স্কয়ার বানিয়ে ফেলত কিংবা সেখান থেকেই যদি গণভবনের দিকে বা রাষ্ট্রপতির ভবনের দিকে মার্চ করত, তাহলে এই গণ-অভ্যুত্থানের পরিণতি হয়তো অন্যরকম হতে পারত।

কিন্তু এরপর যেটা হলো, আপনাদের অভ্যুত্থানের নেতৃত্ব বলে যাঁরা উঠে এসেছিলেন, তাঁরা গোটা বাংলাদেশের সঙ্গে যা করেছেন, সেটা বিট্রেয়াল। অভ্যুত্থানের শুরু থেকে তাঁরা যেসব স্লোগান ব্যবহার করেছেন, যেসব গান গাওয়া হয়েছে, আর ৫ আগস্টের পর থেকে, বিশেষ করে যেভাবে উগ্র ডানপন্থার উত্থান হলো, তাঁরা তার সঙ্গে ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ মেলালেন; আর সবচেয়ে বড় কথা, তাঁরা একদম সরাসরি জামায়াতে ইসলামীর সঙ্গে গিয়ে একাত্তরের অপরাধের দায় রয়েছে যে দলের, তার জুনিয়র পার্টনার হয়ে গেলেন। ফলে মানুষের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।

আরেকটা প্রসঙ্গ আলোচনা হওয়া দরকার। বিএনপিকে বাদ দিয়ে চব্বিশের নির্বাচন যদি পার্টিসিপেটরি ডেমোক্রেসির উদাহরণ না হয়, তাহলে গণহত্যার দায়ে আওয়ামী লীগের দোষী নেতা-কর্মীদের শাস্তি দেওয়ার পরও আওয়ামী লীগের যে বিপুল অংশের কর্মীরা থাকবেন, তাঁদের বাদ দিয়ে আগামী দিনের গণতন্ত্র কি পার্টিসিপেটরি ডেমোক্রেসি হবে? আমি বলছি না যে হাসিনার নেতৃত্বেই নতুন করে আওয়ামী লীগের কার্যকলাপ চলার সুযোগ তৈরি হবে। সেটা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তিনিই ছিলেন নির্দেশদাতা, তাঁর বিচার হওয়া তো মানুষের দাবি। কিন্তু তার বাইরে যে বিপুলসংখ্যক আওয়ামী লীগের সমর্থক, তাঁদের নিয়ে নতুন করে ভাবার সুযোগ আছে কি না, এই কথাগুলো নিশ্চয়ই আলোচনা হওয়া দরকার। একাত্তরের পরেও কিন্তু এদেশে জামায়াত রাজনীতি করেছে।

নেপালের ক্ষেত্রে ব্যাপারটা মোটামুটি একই। বাংলাদেশে হাসিনা নির্বাচন করতে দেননি বলে মানুষ খেপেছিল। নেপালে নির্বাচন হতো, কিন্তু তিনটি বড় শক্তি পারমুটেশন-কম্বিনেশন করে ক্ষমতা ধরে রাখত। কখনো আমি-আপনি সরকার আর উনি বিরোধী দল, কখনো আমি-উনি সরকার আর আপনি বিরোধী দল, এভাবেই চলত। ফলে যা হলো, রাজতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করল, সেই গণতন্ত্র একটা প্রহসনে পরিণত হলো। আর যাঁরা বামপন্থী নেতা বা কংগ্রেসের নেতা, তাঁদের ছেলেমেয়েরা, যাঁরা ‘নেপো-কিড’ বলে পরিচিত, তাঁদের বিপুল দুর্নীতি এবং বিপুল বিলাসবহুল জীবনযাপন, এগুলো মানুষ দেখতে শুরু করল। মানুষের সামনে এগুলো আসতে শুরু করল এবং তার বিরুদ্ধে মানুষ আন্দোলন করল।

তো ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশই হোক বা নেপাল, ইতিহাস থেমে যায়নি। ডানপন্থার বিরুদ্ধে বাংলাদেশেও নতুন লড়াই শুরু হচ্ছে। আমার ধারণা, এই নতুন লড়াইয়ের সমীকরণও অন্য রকম হবে, চব্বিশে আটকে থাকলে হবে না। নেপালেও জেন-জি আন্দোলনের কাঁধে ভর করে ক্ষমতায় আসা বালেন শাহ সরকারের বিরুদ্ধে জেন-জি প্রোটেস্ট শুরু হচ্ছে। কাজেই ইতিহাস থেমে যায়নি। আমার মনে হয়, প্রত্যেকটা অভ্যুত্থানেরই কিছু ভালো জিনিস থাকে, কিছু না-পাওয়া থাকে, কিছু খারাপ থাকে। সবকিছু পেরিয়েই মানুষ পরের সংগ্রামের দিকে যায়।

বাংলাদেশে একটা অতি দক্ষিণপন্থা রাজনীতির উত্থানের আশঙ্কা রয়েছে। আমি শুধু জামায়াতে ইসলামীর কথা বলছি না, জামায়াত অতি দক্ষিণপন্থী তো বটেই। তার থেকেও ডানপন্থী শক্তিরা শক্তিশালী অবস্থানের মধ্যে রয়েছে। এই অতি দক্ষিণপন্থার উত্থানের আশঙ্কা বাংলাদেশে অবশ্যই রয়েছে।

কিন্তু একই সঙ্গে আমি এটাও বলি, প্রো-লিবারেশন ফোর্স বাংলাদেশে বিশাল। বাংলাদেশকে আমার সামান্য চেনার ভিত্তিতে আমি যেটুকু বুঝি, সেখান থেকে এটা বলছি। অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের নেতারা যদি এই কাজগুলো না করতেন, যদি মুক্তিযুদ্ধকে ওউন করতেন, তাহলে এই বিরাট অংশকে তাঁরা নিজেদের সঙ্গে পেতেন। আর বিএনপিও, যাঁরা এখন সরকারে আছেন, তাঁরাও যদি মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলোর প্রতি কোনো শিথিলতা না দেখান, তাহলে আওয়ামী লীগের ফেরার জায়গা কমে আসে। গোটা সংসদে কার্যত এখন একজনই বিরোধী নেত্রী, আমি তাঁকে দেখি, রুমিন ফারহানা, যিনি স্বতন্ত্র হিসেবে জিতেছেন।

কাজেই দুটো সম্ভাবনাই আছে। একদিকে অতি দক্ষিণপন্থা শক্তির উত্থানের আশঙ্কা আছে, আরেক দিকে মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করে একটা নতুন শক্তির উত্থান ঘটতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি সংকীর্ণ অর্থে আওয়ামী চেতনা বলছি না, আমি বলছি এই দেশের যে ভিত্তি, সেটাকে। পুরোনো মুক্তিযুদ্ধ-চেতনার যে ব্র্যান্ডিং আমরা দেখেছি, মানুষ যেটা নিয়ে বিরক্ত, সেটা নয়। সেই ভিত্তিকে ধারণ করে যদি নতুন একটা শক্তির উত্থান ঘটে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ একটা সুন্দর আগামী দিনের দিকে যাবে। আর তা না হলে অতি দক্ষিণপন্থার উত্থানের আশঙ্কা থাকবেই।