মাহমিয়া আলম শান্তা

একজন প্রার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। লাখ লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রিলিমিনারি পেরিয়েছেন, লিখিত পেরিয়েছেন, ভাইভা পেরিয়েছেন। কেউ কেউ আবার নিজ নিজ বিষয়ে প্রথমও হয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও তাঁদের সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে। এরপরও তাঁর চাকরি হবে কি না, সেটি নির্ভর করছে একটি অস্পষ্ট ‘পুলিশ ভেরিফিকেশন’-এর ওপর। কীসের ভিত্তিতে এই ভেরিফিকেশন হয়, কী কারণে একজনকে বাদ দেয়া হয়, সেই মানদণ্ড কী - এসবের কিছুই সাধারণের কাছে স্পষ্ট নয়।

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের পর এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। ২০২৫ সালের ১১ নভেম্বর সরকারি কর্ম কমিশন ৬৮৩টি পদের বিপরীতে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। ১৫টি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় সেগুলো শূন্য রাখা হয়। কিন্তু ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত প্রজ্ঞাপনে নাম পাওয়া গেল ৬১১ জনের। অর্থাৎ সাময়িকভাবে মনোনীত ৫৭ জনের নাম শেষ পর্যন্ত গেজেটে নেই।

কেন নেই? - এই প্রশ্নের উত্তর প্রজ্ঞাপনে নেই। পুলিশ ভেরিফিকেশনে কী পাওয়া গেছে, নথিতে কী সমস্যা ছিল, স্বাস্থ্য পরীক্ষায় কী সমস্যা হয়েছে - কিছুই বলা হয়নি। ফলে একজন প্রার্থী কেন বাদ পড়লেন, সেটাই তিনি জানেন না। অথচ তাঁর বহু বছরের পরিশ্রমের পরিণতি নির্ধারণ করে দেয়া হলো।

সরকারি চাকরিতে ভেরিফিকেশন থাকবে- এতে আপত্তি নেই। একজন প্রার্থী কোনো ফৌজদারি অপরাধে যুক্ত কি না, তাঁর সনদ জাল কি না, পরিচয়সংক্রান্ত কোনো সমস্যা আছে কি না- এসব যাচাই করতেই পারে রাষ্ট্র। কিন্তু ভেরিফিকেশন এমন কোনো গোপন দরজা হতে পারে না, যার ওপারে কী আছে- প্রার্থী জানেন না; কোন নিয়মে সিদ্ধান্ত হয় - জানেন না; কেন বাদ পড়লেন- জানেন না; এমনকি সিদ্ধান্তের বিরুদ্ধে কোথায় আপত্তি করবেন- সেটিও জানেন না।

আর ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়াদের মধ্যে কেউ কেউ রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, কেউ নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রতি সহানুভূতিশীল ছিলেন, আবার কারও পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি বিসিএসের মেধাক্রমে প্রথম হওয়া একজনকেও বাদ দেয়ার ঘটনা সামনে এসেছে। যদি এসব পরিচয়ই ভেরিফিকেশনের অদৃশ্য মানদণ্ড হয়ে থাকে, তাহলে প্রশ্ন আরও সরাসরি- রাষ্ট্র কি এখন অপরাধের পরিবর্তে রাজনৈতিক পরিচয়েরও ভেরিফিকেশন করছে? আর ভিন্ন রাজনৈতিক আদর্শ কি তাহলে এত বড় পাপ রাষ্ট্রের কাছে?

একজন মানুষ কোনো রাজনৈতিক দলকে পছন্দ করতে পারেন, কোনো মতাদর্শে বিশ্বাস করতে পারেন, তাঁর বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন- এগুলো অপরাধ নয়। অপরাধ করলে আইনে বিচার হবে। কিন্তু অপরাধ না করেও শুধু রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে চাকরি থেকে বঞ্চিত হতে হলে, সেটি আর মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা থাকে না।

আমরা সরকারি চাকরির নিয়োগে বৈষম্য, রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত আনুগত্যের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি; জুলাই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। তাহলে শুধু ভুক্তভোগীর পরিচয় বদলে দিয়ে একই ব্যবস্থা আজও কেন বহাল তবিয়তে? সবচেয়ে বড় কথা, গেজেট প্রকাশের আগে পর্যন্ত যদি একজন প্রার্থীর যোগ্যতা নিয়ে রাষ্ট্রের কোনো আপত্তি না থাকে, তাহলে গেজেটের ঠিক আগে একটি অস্বচ্ছ ভেরিফিকেশন কীভাবে তাঁর সব যোগ্যতাকে এক মুহূর্তে অকার্যকর করে দিতে পারে?

ভেরিফিকেশন থাকুক। কিন্তু তার নিয়ম প্রকাশ্য হোক। মানদণ্ড স্পষ্ট হোক। কাউকে বাদ দিলে কারণ জানানো হোক। ভুল হলে আপিলের সুযোগ থাকুক। কোনো নাগরিকের ভবিষ্যৎ কোনো অদৃশ্য প্রতিবেদনের হাতে তুলে দেয়া না হোক।

কারণ বিসিএস পরীক্ষায় একজন প্রার্থীকে মেধা দিয়ে জিততে বলা হলে, শেষ পর্যন্ত তাঁর চাকরিটাও মেধার ভিত্তিতেই নিশ্চিত হতে হবে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পেরিয়ে একজন প্রার্থীকে যদি শেষ পর্যন্ত ভেরিফিকেশনের মুলা ঝুলিয়ে বঞ্চিত করা যায়, তাহলে প্রশ্ন উঠবেই- এই দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ায় আসলে মেধার মূল্য কতটুকু? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার, রাষ্ট্রব্যবস্থা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য!

লেখক : শিক্ষার্থী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।