ইউনুচ রাতুল
বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাস বা প্রায় ২২২ দিন অতিক্রম করেছে। সাধারণ মানুষের কাছে এটি একটি দীর্ঘ সময় মনে হলেও নীতি-নির্ধারকদের কাছে হয়তো একেবারেই প্রাথমিক সময়। সাধারণ মানুষের কাছে সময়টি দীর্ঘ মনে হওয়ার মূল কারণ দীর্ঘদিন ধরে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার ক্ষমতায় আসার পর নানান জটিলতার অজুহাতে আইনশৃঙ্খলা ফেরাতে সময় লাগার কথা জানিয়েছিল। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও সার্বিক পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি দেখা যাচ্ছে না। চাঁদাবাজি, ভাঙচুর, খুন ও লুটতরাজ সবকিছুই এখন নিত্যদিনের স্বাভাবিক বাজারদরের মতো ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ঘটনাটিকে খুব স্বাভাবিকভাবেই বর্ণনা করে তিনি যেন বুঝিয়ে দিলেন বাংলাদেশে টিকে থাকতে হলে এসব মেনেই নিতে হবে।
কেবল এ ধরনের হামলা বা ভাঙচুরই নয়, প্রতিনিয়তই দেশে অসংখ্য মানুষের অস্বাভাবিক মৃত্যুর খবর আমাদের চোখে পড়ে। এসব যেন এখন আমাদের কাছে খুব স্বাভাবিক বিষয় হয়ে গেছে। কিন্তু প্রশ্ন জাগে, আমরা কি এই অস্বাভাবিক মৃত্যুর জন্য এ দেশে জন্মগ্রহণ করেছিলাম? প্রশ্ন করে অবশ্য লাভ নেই, কারণ উত্তরে এংকটাই চর্বিতচর্বণ শোনা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।’ কিন্তু কবে? কবে আমরা অন্তত স্বাভাবিক মৃত্যুর ন্যূনতম নিশ্চয়তা পাব?
একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা চাই। কিন্তু আমাদের জীবনের যদি কোনো নিরাপত্তাই না থাকে, তবে এসব মৌলিক অধিকার দিয়ে আমরা কী করব? প্রতিদিন খবরের পাতা খুললেই চোখ আটকে যায় খুন, ছিনতাই, ধর্ষণ আর নানা নির্মমতার খবরে। স্বাধীনতার পর থেকে যুগের পর যুগ ধরে আমরা এসব খবর দেখেই যাচ্ছি। তাহলে আজও কেন আমাদের একটি স্বাভাবিক মৃত্যুর জন্য এভাবে আকুতি জানাতে হচ্ছে? রাষ্ট্রীয় নীতি-নির্ধারকদের কাছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বিগত সরকার আইনশৃঙ্খলা কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে, যা পুনর্গঠন করতে কয়েক বছর লেগে যাবে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও এই ‘কয়েক বছর’-এর প্রতীক্ষা কেন শেষ হয় না? বাংলাদেশে আজ এমন কোনো নাগরিক নেই, যিনি নিজেকে শতভাগ নিরাপদ মনে করতে পারেন। রাষ্ট্রীয় নীতি-নির্ধারকদের দায়িত্ব কি কেবল কোনো অপরাধ ঘটার পর প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটানো? বাস্তবতায় আমরা সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন দেখতে পাই না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তানের নির্মম হত্যাকাণ্ড এবং সালমান মুক্তাদির এর ঘটনাটি বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ভঙ্গুর দশাকেই উন্মোচিত করে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পুলিশ সদর দপ্তরের উপাত্ত বিশ্লেষণ করলেও চরম নিরাপত্তাহীনতার একই চিত্র স্পষ্ট হয়ে ওঠে। পুলিশি তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই ছয় মাসে সাতটি প্রধান ক্যাটাগরিতে সারাদেশে মোট ২১,৭৫৬টি মামলা হয়েছে, যা আগের ছয় মাসের তুলনায় ৫২৮টি বেশি। আশঙ্কাজনক বিষয় হলো, এর মধ্যে কেবল খুনের মামলা হয়েছে ১,৭৮৯টি (যা আগের ৬ মাসের চেয়ে ৯টি বেশি) এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ১১,১৬৫টিতে (যা আগের চেয়ে ১,০৭৫টি বেশি)। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে, দেশের মানুষের জীবন আজ কতটা মারাত্মক ঝুঁকির মুখে। আর বাস্তবতা হচ্ছে, বহু অপরাধ ভয়ে বা ঝামেলা এড়াতে থানাতেই নথিভুক্ত হয় না। ফলে মাঠপর্যায়ের প্রকৃত পরিস্থিতি কাগজের হিসাবের চেয়েও অনেক বেশি ভয়াবহ।
সব ঘটনা হয়তো সংবাদপত্রের পাতায় স্থান পায় না, কিংবা সেগুলো নিয়ে আলোচনা-সমালোচনাও হয় না। কিন্তু পর্দার আড়ালে প্রতিনিয়তই এমন করুণ ঘটনা ঘটে চলেছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মূলত দায়ী কারা? পুলিশ বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা এমনিতেই নড়বড়ে। রাজনৈতিক ফায়দা লুটতে বারবার পুলিশকে ব্যবহার করার ফলে একটি জনবান্ধব নিরাপত্তাবাহিনী হিসেবে তারা গড়ে উঠতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করার দৃশ্যমান কোনো উদ্যোগ এখনও আমাদের চোখে পড়ে না।
বিভিন্ন আন্দোলনের পর পুলিশ বাহিনীর ওপর মানুষের তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল, কারণ অতীতের অভিজ্ঞতা বলে তারা সবসময় ক্ষমতার রক্ষাকবচ হিসেবে এবং রাজনৈতিক মত দমনে ব্যবহৃত হয়েছে। অথচ পুলিশের মূল দায়িত্ব হওয়ার কথা ছিল দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের অপরাধমুক্ত জীবন নিশ্চিত করা। মূল কাজের প্রতি নজরদারি বাড়ানোর ক্ষেত্রে প্রশাসনিক বা রাজনৈতিক কোনো দৃঢ় পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়। পুলিশকে যদি আবারও শাসকদলের হাতের পুতুল বানিয়ে রাখা হয়, তবে আরও ৫০ বছর পেরিয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোদিন স্বাভাবিক হবে না। প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ সাহায্যের আশায় থানায় গিয়ে খালি হাতে ফিরে আসে; তারা পুলিশের কাছে নিরাপত্তা পায় না। রাজনৈতিক দলগুলোর এই মানসিকতাই পুলিশকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন ও রাষ্ট্রকে অনিরাপদ করে তুলেছে।
একটি রাষ্ট্র যদি তার নাগরিকদের জীবনের সুরক্ষা দিতে না পারে, তবে অন্যান্য বাহ্যিক উন্নয়ন সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়ে। বিচারহীনতার সংস্কৃতি আর আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করা না গেলে, ‘স্বাভাবিক মৃত্যুর আকুতি’ চিরকাল অরণ্যে রোদন হয়েই থাকবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সময়ের দাবি; অন্যথায় প্রতিটি অস্বাভাবিক মৃত্যুর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে।
লেখক : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
