পৃথিবীতে আকাশ আছে, বাতাস আছে; আছে নদী-সাগর ও সবুজ ভূমি। সব মিলিয়ে সুন্দর পৃথিবী। প্রকৃতি ও জীববৈচিত্র্যে শৃঙ্খলা আছে, কাজ আছে; কারো কাজে কেউ হস্তক্ষেপ করে না। এখানে বার্তা রয়েছে মানুষের জন্য। কিন্তু মানুষ বার্তা গ্রহণ করে কী? লক্ষ্য করা যায় ভিন্ন চিত্র। বার্তা গ্রহণ তো দূরের কথা, বরং মানুষের ভুল কাজ ও আগ্রাসনে জলে স্থলে অন্তরীক্ষে দেখা দিয়েছে বিপর্যয়। সাধারণ মানুষ নয়, ছোট দেশ নয়; বড় বড় মানুষ, বড় বড় দেশ এর জন্য দায়ী। তবে কেউ দায় স্বীকার করতে চায় না, দায় স্বীকারে বাধ্য হলেও কর্তব্য পালন করতে চায় না। এমন এক পৃথিবীতে, এমন এক সভ্যতায় এখন আমাদের বসবাস।
বর্তমান সভ্যতায় আগ্নেয়গিরি হয়ে আছে মধ্যপ্রাচ্য। কখনো আগ্রাসন হয় ফিলিস্তিনে, কখনো ইরাকে, কখনো বা ইরানে। যুদ্ধে অস্থির হয় পৃথিবী। জ্বালানি ও খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে গেলে জনজীবনে নেমে আসে দুর্ভোগ। তবে দুর্ভোগের ঢেউ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকে না। আমেরিকা, ইসরাইলসহ আরো বহু দেশে এর প্রভাব পড়ে। ক্রিয়ার তো প্রতিক্রিয়া আছে। বর্তমান বিশ্বব্যবস্থায় যে ভূরাজনীতি ও আগ্রাসন চলছে, তার বিষফল ফলতে শুরু করেছে। শুধু মজলুম মানুষ নয়, আগ্রাসী দেশের ছাত্র-জনতাও অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করেছে। যার পরিণাম লক্ষ্য করা গেছে এবার ইসরাইল ও আমেরিকার নির্বাচনে। নেতানিয়াহু ও ট্রাম্পকে বর্জন করেছে ইসরাইল ও আমেরিকার জনগণ। বাড়াবাড়ির তো একটা সীমা আছে। সীমালংঘন করলে ফল ভোগ করতে হয়। এবার ফল ভোগের পালা মন্দ রাজনীতির। মধ্যপ্রাচ্যকে আগ্নেয়গিরিতে পরিণত করার মূল কারিগর উগ্র ইহুদি বলয়, যাদের সাহায্য করেছেন দাম্ভিক ট্রাম্প-প্রশাসন।
আমেরিকার ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা রাবি অ্যামিয়েল হাশের কপালে ভাঁজ পাড়েছে। তিনি নির্বাচনে মানুষের মনোভাব লক্ষ্য করে বলেছেন, আমেরিকান ইহুদিদের দীর্ঘদিনের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। শুক্রবার রাতে শাবাতের এক ধর্মীয় ভাষণে তিনি বলেন, এখানে ইহুদিদের জন্য নতুন এক বাস্তবতা তৈরি হয়েছেÑ যেখানে ইহুদিবিদ্বেষ ও ইসরাইল বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। অ্যামিয়েল হার্শ উত্তর আমেরিকার ‘রিফর্ম’ ইহুদি আন্দোলনের একজন নেতা। আমেরিকার এবারের মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে প্রদত্ত ভাষণে হার্শ বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা ছিল আমেরিকান ইহুদিদের স্বর্ণযুগের অবসানের প্রতীকী সূচনা। তাঁর মতে, আমেরিকার রাজনৈতিক ডান ও বামÑ উভয় শিবিরেই ইহুদিবিদ্বেষী মনোভাব স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে।
হার্শ আমেরিকান ইহুদি সম্প্রদায়ের নেতাদের নিজেদের অবস্থান ও কৌশল নতুন করে মূল্যায়নের আহ্বান জানান। তার মতে, ভবিষ্যতে ইহুদি সম্প্রদায়কে আরো বাস্তববাদী হতে হবে, বিভিন্ন গোষ্ঠীর সম্প্রদায়কে জোট গড়ে তুলতে হবে এবং নিজেদের প্রভাব সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক বছর আমেরিকান ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। হার্শ বলেন, ‘এক সময় ইহুদিদের সম্মান করা হতো, সাদরে গ্রহণ করা হতো এবং সমাজের কাছে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়েও বেশি। ইসরাইলের প্রতি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলেই ব্যাপক সমর্থন ছিল। সে সোনালি দিনগুলো যেন শেষ হয়ে গেছে। আমরা আবার ইতিহাসের সে পুরোনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি।’
আমেরিকার প্রভাবশালী ইহুদি নেতা রাবি অ্যামিয়েল হার্শের কথাগুলো বিবেচনা করে দেখার মতো। তিনি বলেছেন, আমেরিকান ইহুদিদের দীর্ঘদিনের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। বলেছেন, আমেরিকায় ইহুদিবিদ্বেষ ও ইসরাইল বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। তিনি আফসোস করে আরো বলেন, এক সময় আমেরিকায় ইহুদিদের সম্মান করা হতো, সাদরে গ্রহণ করা হতো। কিন্তু সেই সোনালি দিনগুলো এখন শেষ হয়ে গেছে। নতুন বাস্তবতায় ইহুদি সম্প্রদায়ের নেতাদের নিজেদের অবস্থান ও কৌশল নতুন করে মূল্যায়নের আহ্বান জানান হার্শ। উপলব্ধি করা যায়, ইহুদিরা আমেরিকায় ‘স্বর্ণযুগ’ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। তবে ‘স্বর্ণযুগ’ এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যায় না, এর জন্য সামর্থ্য ও যোগ্যতা লাগে। জ্ঞান-বিজ্ঞান, অর্থনীতি, মিডিয়া, রাজনীতি, সংগঠন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ইহুদিদের পারঙ্গমতাতো চোখে পড়ার মতো। ফলে মার্কিন উহুদিরা তাদের লক্ষ্য পথে এগিয়ে যেতে পেরেছে, এগিয়ে গেছে ইসরাইলও। তবে পৃথিবীতে শাশ্বত সত্য বলেও কিছু আছে। অর্থ-সম্পদ ও প্রযুক্তিতে জৌলুস আছে, তবে নৈতিকতারও একটা শক্তি আছে। মানুষ শুধু দেহ ধারণ করে না, মনন এবং আত্মাও বিরাজ করে মানুষের মধ্যে। এক সময় এসব বিষয়ের জাগৃতি ঘটে। এবারের নির্বাচনে আমেরিকা এবং ইসরাইলে নানা মাত্রায় এ বিষয়গুলোর উত্থান লক্ষ্য করা গেছে। বছরের পর বছর ধরে ইসরাইল ও উগ্র ইহুদি সম্প্রদায় অর্থ, অস্ত্র, রাজনীতি ও কূটনীতির খেলা খেলে গেছে এবং মার্কিন প্রশাসন তাদের সঙ্গ দিয়ে গেছে। এমন প্রশ্রয়ে ইসরাইল ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করে গেছে, ইহুদিরা ফিলিস্তিনীদের উৎখাত ও হত্যা করে গেছে। বিষয়গুলোর প্রতি মার্কিনদের চোখ ছিলো, বিষয়গুলো সাধারণ ইহুদিরাও দেখেছে। আর কত! এবার মার্কিন ছাত্র-জনতা পরিবর্তন চেয়েছে, পরিবর্তন চেয়েছে ইসরাইলিরাও। তবে ইসরাইলিদের পরিবর্তন আকাক্সক্ষায় রকমফেরও লক্ষ্য করা গেছে। সামনের দিনগুলোতে তাদের পরিবর্তনের রঙরূপ আরও স্পষ্ট হবে।
ইসরাইল ও ইহুদিদের রাজনীতির মূল বিষয় ছিল ইসলাম ও মুসলিম বিদ্বেষ। মুসলমানদের অনৈক্য ও দুর্বলতার সুযোগে ইহুদিরা তাদের আগ্রাসন চালিয়ে গেছে। জুলুম-নির্যাতন, হত্যা, উৎখাত চালিয়ে ইসরাইল সন্তুষ্ট ছিল না; গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যকে তছনছ করার উদ্যোগ নিয়েছিল এবার নেতানিয়াহু সরকার, সাথে যুক্ত করতে সমর্থ হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। তবে সব কিছুর একটা সীমা আছে।
সীমালংঘনের কারণে নিজ দেশের জনগণও এবার এ দুই নেতাকে প্রত্যাখ্যান করেছে। আর বিশ^বাসী তো আরো আগে তাদের প্রতি প্রকাশ করেছে অনীহা। আমেরিকায় এবার ইহুদি লবির ইসলামবিদ্বেষী রাজনীতির পরাজয় ঘটেছে। মুসলিম নারি ও পুরুষ নিজেদের পরিচয়কে ধারণ করেই এবার নির্বাচনী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন এবং তারা ভালোভাবেই বিজয় অর্জন করেছেন। এবার আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রায় ১০০ জন মুসলিম প্রার্থী বিজয় লাভে সমর্থ হয়েছেন। এত সংখ্যক মুসলিম প্রার্থী আগে কখনো মার্কিন নির্বাচনে বিজয় লাভ করে নি। ফলে উপলব্ধি করা যায়, কেন আমেরিকার ইহুদি নেতা রাবি অ্যামিয়েল হার্শ বলেছেন, আমেরিকান ইহুদিদের দীর্ঘদিনের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে।
হার্শ-এর পাশপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখনকার উপলব্ধি ও বিবেচনায় আনা যায়। সোমবার সিবিএস নিউজকে প্রদত্ত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাতের পরিসর আর বাড়াতে চান না তিনি। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এটিই ছিল তার প্রথম মুখোমুখি সাক্ষাৎকার। নির্বাচনী পরাজয়ের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প জানান, ‘ভোটাররা যুদ্ধ পছন্দ করেন নি’ এবং ‘গ্যাসের দাম বেড়ে যাওয়াটাও পছন্দ করেন নি’। তিনি আরও বলেন, ‘অবিশ^াস্যভাবে ইসরাইলের প্রতি এক বিরাট অপছন্দ রয়েছে।’
সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে, ট্রাম্পের যুদ্ধনীতি মার্কিন জনগণের পছন্দ নয়। গ্যাসের মূল্যবৃদ্ধিসহ যুদ্ধের যাবতীয় মন্দফলও মানুষের পছন্দ নয়। কারণ এতে জীবনযাপনে দুঃখ বাড়ে। নাগরিকদের দুঃখ বৃদ্ধি তো একজন প্রেসিডেন্টের কাজ হতে পারে না, আর সে কাজ যদি করতে হয় নেতানিয়াহুর মতো একজন যুদ্ধাপরাধীর প্ররোচনায়। ইসরাইল যে মার্কিন জনগণের কাছে বড় অপছন্দের বিষয়, সে বিষয়টিও সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন দাম্ভিক ট্রাম্প।
প্রশ্ন জাগে, নির্বাচনে পরাজয়ের পর যে বিষয়গুলো উপলব্ধি করতে পারছেন ট্রাম্প, তা আগে বোঝার মত সামর্থ্য কি এই মার্কিন প্রেসিডেন্টের ছিল না? দুর্ভাগ্য মার্কিন জনগণের! এত অযোগ্য, নীতিহীন ও যুদ্ধবাজ একজন মানুষ তাদের প্রেসিডেন্ট পদ অলংকৃত করার সুযোগ পেয়েছেন। এতে শুধু মার্কিনী ও ফিলিস্তিনিদের দুঃখ বাড়ে নি, দুঃখ বেড়েছে পৃথিবীর আরো বহু দেশের মানুষের। এর একটা দায় আছে। আশা করি, মার্কিন জনগণ এ দায় পরিশোধে এগিয়ে আসবেন।
