আমাদের মন্ত্রীদের কথাবার্তায় একটি অদ্ভুত ধারাবাহিকতা আছে। সরকার বদলায়, মন্ত্রী বদলায়, রাজনৈতিক দল বদলায়, কিন্তু কিছু কিছু বক্তব্য বদলায় না। বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সময় মনে হয়, নতুন কোনো সরকার নতুন কোনো ব্যাখ্যা দিচ্ছে না, বরং আগের সরকারের বক্তব্যই একটু ঘুরিয়ে আবার বলা হচ্ছে। যেন শুধুমাত্র বক্তার মুখটি বদলে যায়, তবে কথা একই থাকে। তেলের দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয়, বিপিসির লোকসান, ভর্তুকির চাপের সাথে যে যুক্তিটি প্রায় নিয়মিত শোনা যায় তাহলো সীমান্ত দিয়ে তেল পাচার। প্রতিটি সরকারের জ্বালানিমন্ত্রীরই দাবি, প্রতিবেশী দেশ ভারতে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় বেশি, ফলে বাংলাদেশে তেল সস্তা থাকলে তা ভারতে পাচার হয়ে যায়; আর তাই পাচার ঠেকাতে দেশের বাজারে দাম বাড়াতে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এই যুক্তি শুনেছি, এখন বিএনপি সরকারের মন্ত্রীদের মুখেও একই ধরনের যুক্তি শুনছি। অর্থাৎ সরকার বদলেছে, কিন্তু অজুহাত বদলায় নি।

শুধু অজুহাত নয়, শব্দের ব্যবহারেও কী বিস্ময়কর মিল। কোনো সরকারই যেন তেলের ‘দাম বাড়াতে’ চায় না। তারা ‘মূল্য সমন্বয়’ করে। যেন ‘দাম বাড়ানো’ কথাটির মধ্যে মানুষের পকেটের ওপর সরাসরি আঘাতের বিষয়টি খুব স্পষ্ট; আর ‘মূল্য সমন্বয়’ শব্দটি তুলনামূলকভাবে নিরীহ। মনে হয়, বাজারের সঙ্গে সরকারের কোনো স্বাভাবিক হিসাব-নিকাশ চলছে। কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা হলো, এই সমন্বয় যখন ওপরের দিকে যায়, তখন এক লিটার তেলের দাম একসঙ্গে ১৫ কিংবা ২০ টাকা বাড়ানো সম্ভব হয়। যেমনটা সম্প্রতি প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়িয়ে দেয়া হলো। অথচ আন্তর্জাতিক বাজারে দাম কমলে সেই একই সমন্বয়ের গতি অস্বাভাবিকভাবে ধীর হয়ে যায়। তখন ২-৩ টাকা কমাতেও নানা হিসাব সামনে আসে। অর্থাৎ দাম বাড়ানোর সময় সমন্বয় খুবই সক্রিয়, কমানোর সময় সমন্বয় যেন বেশ অলস।

সর্বশেষ জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘটনাতেও এই প্রশ্নগুলো নতুন করে সামনে এসেছে। সরকারের যুক্তিগুলোর মধ্যে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, আমদানি ব্যয় এবং বিপিসির আর্থিক চাপের মতো বাস্তব বিষয় রয়েছে। এগুলোকে অস্বীকার করার কোনো কারণ নেই। বাংলাদেশ জ্বালানি তেলের বড় অংশ আমদানি করে; তাই আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়লে এবং আমদানি ব্যয় বাড়লে দেশের বাজারে তার প্রভাব পড়বেই। কিন্তু এরপরও সরকারের ব্যাখ্যার একটি অংশ নিয়ে প্রশ্ন তোলা যায়, আর তা হলো পাচার ঠেকাতে দেশের ভোক্তার জন্য তেলের দাম বাড়ানোর যুক্তি। ধরা যাক, বাংলাদেশে তেলের দাম কম হওয়ায় সত্যিই সীমান্ত দিয়ে তেল পাচার হচ্ছে। তাহলে স্বাভাবিক প্রশ্ন হলো, পাচার বন্ধ করার দায়িত্ব কার? যিনি বৈধভাবে পাম্পে গিয়ে তেল কিনছেন, তার নয় নিশ্চয়ই।

সীমান্তে নজরদারি করা, অবৈধ পরিবহন বন্ধ করা, চোরাচালান চক্র শনাক্ত করা এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও সীমান্ত ব্যবস্থাপনার প্রতিষ্ঠান সেই কাজের জন্যই রয়েছে। তাহলে কিছু মানুষ অবৈধভাবে তেল পাচার করছে বলে বৈধভাবে তেল কেনা কোটি কোটি মানুষকে বেশি দাম দিতে হবে কেন? চোরাচালান বন্ধ করতে না পারার দায়ও কি শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপর বর্তাবে?

এই প্রশ্নের সঙ্গে আরও কিছু প্রশ্নও যুক্ত হওয়া দরকার। সত্যিই যদি তেল পাচার হয়ে থাকে, তার পরিমাণ কত? কোন সীমান্ত দিয়ে কতটা তেল যাচ্ছে? এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি কত? পাচার বন্ধে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সেই ব্যবস্থা কতটা কার্যকর? আর পাচার ঠেকানোর জন্য দাম বাড়ানোর ফলে দেশের বৈধ ভোক্তাদের ওপর যে অতিরিক্ত ব্যয় চাপানো হচ্ছে, তার পরিমাণই বা কত? এসব তথ্য সামনে না এনে শুধু ‘পাচার ঠেকাতে মূল্য সমন্বয়’ বলা হলে বিষয়টির অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই করার সুযোগ থাকে না।

তবে তেলের দাম বৃদ্ধির আসল সমস্যা শুধু দাম বৃদ্ধির অঙ্কেই নয়, বরং এর বহুগুণ প্রভাবের মধ্যে। একজন মানুষ হয়তো নিজের গাড়ি চালান না, তার তেলের সরাসরি খরচ নেই। কিন্তু তাই বলে তেলের দাম তার জীবনে কোনো প্রভাব ফেলবে না, এমনটি ভাবার সুযোগ নেই। তিনি যে বাসে অফিসে যান, সেটি জ্বালানি ব্যবহার করে। তার সন্তান যে স্কুলে যায়, সেই যাতায়াতের সঙ্গেও জ্বালানি খরচ জড়িত। বাজারে যে চাল, ডাল, মাছ, সবজি বা অন্যান্য পণ্য তিনি কেনেন, সেগুলো কোনো না কোনো পরিবহনে এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছে। কৃষকের জমিতে সেচ দিতে ডিজেল লাগে, কৃষিপণ্য বাজারে আনতে পরিবহন লাগে, কারখানায় কাঁচামাল আনতে এবং উৎপাদিত পণ্য বাজারে পাঠাতেও জ্বালানি লাগে। ফলে তেলের দাম বাড়ার প্রভাব কেবল পাম্পের সামনেই সীমাবদ্ধ থাকে না; তা ধীরে ধীরে অর্থনীতির প্রায় প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মানুষের সংসারের খরচ বাড়িয়ে দেয়।

জনদুর্ভোগের বিষয়টিই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তেলের দাম বাড়ার পর পরিবহন মালিকেরা বাড়তি খরচের কথা বলেন, পণ্য পরিবহনকারীরা ভাড়া বাড়ানোর দাবি করেন, ব্যবসায়ীরা পরিবহন ব্যয়ের হিসাব দেন। এক পর্যায়ে সেই বাড়তি ব্যয়ের বোঝা ভোক্তার ওপর এসে পড়ে। কিন্তু ভোক্তার আয় তো একই গতিতে বাড়ে না। একজন দিনমজুরের দৈনিক মজুরি তেলের দামের সঙ্গে সঙ্গে বাড়ে না, একজন রিকশাচালকের আয়ও নির্দিষ্ট নয়। একজন পোশাকশ্রমিক বা নিম্ন-মধ্যবিত্ত চাকরিজীবীর বেতন হঠাৎ করে ১০ বা ২০ শতাংশ বেড়ে যায় না। ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি তাদের জন্য শুধু একটি অতিরিক্ত ব্যয় নয়; এটি মাসিক সংসার বাজেটের ওপর নতুন চাপ।

উচ্চ মূল্যস্ফীতির সময়ে এই চাপ আরও তীব্র হয়ে ওঠে। একটি পরিবারের আয় যদি প্রায় একই থাকে, অথচ যাতায়াত, বাজার, বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসার খরচ একের পর এক বাড়তে থাকে, তাহলে পরিবারটিকে কোথাও না কোথাও ব্যয় কমাতেই হয়। অনেকের ক্ষেত্রে সেই কমানো শুরু হয় খাবার থেকে, কারও ক্ষেত্রে চিকিৎসা থেকে, কারও ক্ষেত্রে সন্তানের পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনীয় খরচ থেকে। মধ্যবিত্তের দুর্ভোগটি অনেক সময় পরিসংখ্যানে ধরা পড়ে না। তারা দরিদ্রের মতো সামাজিক সহায়তার আওতায় পড়ে না, আবার উচ্চ আয়ের মানুষের মতো বাড়তি ব্যয় বহনের সামর্থ্যও তাদের নেই। তেলের দাম বৃদ্ধির মতো একটি সিদ্ধান্ত তাই তাদের জীবনে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে চাপ তৈরি করে।

কৃষকের ক্ষেত্রেও বিষয়টি আরও জটিল। ডিজেলের দাম বাড়লে সেচ, জমি প্রস্তুত, কৃষিযন্ত্র পরিচালনা এবং কৃষিপণ্য পরিবহনের ব্যয় বাড়ে। এই বাড়তি খরচ কৃষককে হয় পণ্যের দামে যুক্ত করতে হয়, নয়তো নিজের লাভের অংশ থেকে বহন করতে হয়। কৃষক যদি দাম বাড়ান, শহরের ভোক্তা বেশি দামে পণ্য কেনেন; আর দাম বাড়াতে না পারলে কৃষকের আয় কমে যায়। অর্থাৎ জ্বালানির মূল্যবৃদ্ধির অভিঘাত কৃষক ও ভোক্তা দুই পক্ষকেই কোনো না কোনোভাবে স্পর্শ করে। আর মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী হিসেবে থাকেন, তারা পুরো পরিস্থিতির ফায়দা নিতে মোটেও ভুল করেন না।

যদিও সরকারের একটি যুক্তি অবশ্যই বিবেচনায় নিতে হবে। দীর্ঘদিন কম দামে জ্বালানি বিক্রি করে বিপুল লোকসান করা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য টেকসই নয়। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে দেশের বাজারের দামের বড় ব্যবধান থাকলে রাষ্ট্রীয় অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। প্রশ্নটি তাই তেলের দাম বাড়ানো যাবে কি যাবে না, এত সরল নয়। আসল প্রশ্ন হলো, কীভাবে এমন একটি মূল্যনীতি তৈরি করা যায়, যেখানে রাষ্ট্রীয় আর্থিক বাস্তবতা এবং জনগণের ক্রয়ক্ষমতা দুটিকেই বিবেচনায় নেওয়া হবে। এই জায়গায় আমাদের জ্বালানি নীতির দীর্ঘমেয়াদি দুর্বলতাটি স্পষ্ট হয়। সংকট দেখা দিলে আমরা দাম সমন্বয় করি, কিন্তু সংকটের পুনরাবৃত্তি ঠেকানোর কৌশল নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা করি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ল, দেশের বাজারে দাম বাড়ল। আন্তর্জাতিক বাজারে দাম কমল, দেশের বাজারে কিছুটা কমল। ডলারের সংকট হলো, আমদানি ব্যয় বাড়ল। সীমান্তে পাচারের আশঙ্কা হলো, মূল্য সমন্বয়ের কথা উঠল। কিন্তু আগামী ১০-২০ বছরে বাংলাদেশ কীভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, আমদানিনির্ভরতা কতটা কমাবে, নবায়নযোগ্য জ্বালানির অংশ কতটা বাড়াবে, পরিবহন খাতে জ্বালানি সাশ্রয় কীভাবে নিশ্চিত করবে, দেশীয় জ্বালানি অনুসন্ধানে কী ধরনের বিনিয়োগ করবে, এসব নিয়ে একটি ধারাবাহিক রাজনৈতিক কৌশল আমরা কতটা দেখতে পেয়েছি?

স্বাধীনতার এত বছর পরও এ প্রশ্নটি অস্বস্তিকরভাবে প্রাসঙ্গিক। আমাদের বিভিন্ন সরকারের মন্ত্রীদের বক্তব্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতের নানা বিষয়ে এত বেশি মিল কেন? তেলের দাম বাড়ানোর যুক্তি প্রায় একই, বিদ্যুতের দাম বাড়ানোর যুক্তিও প্রায় একই, মূল্যস্ফীতির ব্যাখ্যাও প্রায় একই। এতে স্বাভাবিকভাবেই মনে হয়, রাজনৈতিক নেতৃত্ব অনেক সময় সংশ্লিষ্ট আমলাদের তৈরি করা ব্যাখ্যাই জনগণের সামনে তুলে ধরছেন। আমলাতন্ত্রের বিশেষজ্ঞ জ্ঞান অবশ্যই প্রয়োজন। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের কাজ কেবল কর্মকর্তাদের হিসাব জনগণকে পড়ে শোনানো নয়। তাদের কাজ হলো সেই হিসাবের সঙ্গে মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং জাতীয় স্বার্থকে মিলিয়ে একটি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তের দায় গ্রহণ করা।

এ কারণেই জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা এখন জরুরি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কত, বাংলাদেশ কী দামে আমদানি করছে, পরিবহন ও বিমা খরচ কত, ডলারের বিনিময় হার কীভাবে প্রভাব ফেলছে, কর ও অন্যান্য ব্যয় কত, বিপিসির প্রকৃত লোকসান বা মুনাফা কত, সবকিছুর একটি পরিষ্কার হিসাব জনগণের সামনে থাকা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যে সূত্রে দাম বাড়ানো হয়, সেই একই সূত্রে দাম কমানোর ব্যবস্থাও থাকতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের ভোক্তারা কত দ্রুত তার সুবিধা পাবেন, সেটিও পরিষ্কার হওয়া দরকার। ‘মূল্য সমন্বয়’ যদি সত্যিই একটি নিরপেক্ষ অর্থনৈতিক প্রক্রিয়া হয়, তাহলে তার প্রভাব দুই দিকেই সমানভাবে কাজ করা উচিত। একই সঙ্গে তেলের মূল্যবৃদ্ধির অভিঘাত সামলাতে নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা প্রয়োজন। কৃষকের সেচ খরচ, গণপরিবহনের ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন ব্যয়ের ওপর বিশেষ নজর দিতে হবে। গণপরিবহনকে আরও দক্ষ ও জ্বালানি সাশ্রয়ী করা, রেলপথের ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পে জ্বালানি দক্ষতা বাড়ানোর মতো দীর্ঘমেয়াদি পদক্ষেপ ছাড়া শুধু তেলের দাম বাড়িয়ে আর্থিক চাপ সামাল দেওয়ার নীতি শেষ পর্যন্ত জনগণের ওপরই বারবার ফিরে আসবে।

সবচেয়ে বড় কথা, সরকারকে বুঝতে হবে যে জ্বালানি তেলের দাম শুধু একটি অর্থনৈতিক সংখ্যা নয়। এটি মানুষের জীবনযাত্রার ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। মন্ত্রণালয়ের ফাইলে এক লিটার ডিজেলের দাম ২০ টাকা বাড়া হয়তো একটি হিসাবের বিষয়। কিন্তু সাধারণ কাতারের প্রতিটি মানুষ বিশেষত একজন শ্রমজীবী মানুষ; কৃষিজীবী মানুষ, ব্যবসায়ী কিংবা ছা-পোষা মধ্যবিত্তের জন্য তা বহুগুণ খারাপ প্রভাব নিয়ে অনুভূত হয়। তাই তেলের দাম বাড়ানোর সময় জনগণের কাছে শুধু আন্তর্জাতিক বাজারের হিসাব দিলে চলবে না। সরকারকে বলতে হবে, এই সিদ্ধান্তের ফলে জনগণের ওপর কতটা চাপ পড়বে এবং সেই চাপ কমাতে শাসক হিসেবে তারা কী করবে।

মন্ত্রীদের মুখ বদলেছে, সরকার বদলেছে, কিন্তু তেলের দাম বাড়ানোর ভাষা যদি একই থাকে, তাহলে অন্তত নীতির পরিবর্তনটি দৃশ্যমান হওয়া দরকার। কারণ জনগণ আর শুধু ‘দাম বাড়ানোর কারণ’ শুনতে চায় না; তারা জানতে চায়, এই বাড়তি দামের বোঝা তাদের কাঁধ থেকে কমানোর জন্য রাষ্ট্র কী করবে। রাষ্ট্রের শক্তি যদি থাকে, তাহলে সেই শক্তি প্রথমে চোরাচালানকারীর বিরুদ্ধে ব্যবহৃত হোক; রাষ্ট্রের দক্ষতা যদি থাকে, তাহলে সেই দক্ষতা দিয়ে জ্বালানি ব্যবস্থার অপচয় ও অনিয়ম কমানো হোক; আর রাষ্ট্রের রাজনৈতিক প্রজ্ঞা যদি থাকে, তাহলে এমন একটি জ্বালানি নীতি তৈরি হোক যেখানে রাজস্বের হিসাবের পাশাপাশি মানুষের দুর্ভোগের হিসাবও সমান গুরুত্ব পায়। বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানি তেলের ‘মূল্য সমন্বয়’ শব্দটি সরকারের কাছে তাই যতই সুন্দর বা বাস্তবসম্মত মনে হোক না কেন; সাধারণ মানুষের কাছে এই শব্দটি রীতিমতো আতংকজনক শব্দে পরিণত হয়েছে। এর কারণও খুব সহজেই অনুমেয়। মাস শেষে একজন সাধারণ মধ্যবিত্ত নাগরিকের সংসারে আগের মাসের তুলনায় কত টাকা বেশি খরচ হলো, আর সেই বাড়তি টাকা কোথা থেকে এলো বা আদৌ এলো কিনা- রাষ্ট্রীয় নীতির সাফল্যও শেষ পর্যন্ত এই হিসাবেই পরিমাপ করা উচিত। অন্যথায়, গণতান্ত্রিক সরকার বা জনগণের কাছে দায়বদ্ধতার মতো কথাগুলো কেবল তত্ত্বকথায়ই সীমাবদ্ধ থেকে যাবে।