রাজধানী ঢাকার বস্তি এলাকায় বসবাসকারী পরিবারগুলোর মধ্যে ৮৯শতাংশই বহুমুখী দারিদ্র্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। গত পাঁচবছর ধরে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে বিরাজমান উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে নিম্ন আয়ের মানুষদের ক্রয়ক্ষমতা কমে গেছে ব্যাপকভাবে। তারা পরিবারের মাসিক ব্যায় নির্বাহ করার ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন। বস্তি এলাকায় বসবাসকারী মানুষগুলোর আর্থিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। কারণ উচ্চ মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে আয় বাড়ছে না। আয় এবং ব্যয়ের এ বিপরীতমুখী অবস্থানের কারণে বস্তিবাসীগণ এখন খুবই অসুবিধার মধ্যে রয়েছেন। ‘বাংলাদেশ পভার্টি ওয়াচ রিপোর্ট-২০২৫’ এ বস্তিবাসীদের এ দুর্দশার চিত্র ফুটে উঠেছে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ‘সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়লগ’ যৌথভাবে এ জরিপ কার্য পরিচালনা করে। গত বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে রাজধানীর ৭টি বস্তির ২১০টি পরিবারের নিকট থেকে তথ্য সংগ্রহ করে তারা এ জরিপ কার্য সম্পন্ন করে।

জরিপে প্রাপ্ত তথ্যে দেখা যায়, রাজধানীতে বিভিন্ন বস্তিতে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে ৮৯ শতাংশ পরিবার বহুমুখী দারিদ্র্যে ভুগছে। অর্থাৎ বস্তিতে বসবাসকারী প্রতি ১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবার বহুমুখী দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। জরিপে একটি উদ্বেগজনক তথ্য ফুটে উঠেছে তাহলো, বস্তির আকার যত ছোট হাতে দারিদ্র্যের হার তত বেশি। বড় আকারের বস্তির পরিবারগুলো তুলনামূলক কম দারিদ্র্যের ভুগছে। ছোট বস্তিতে দারিদ্র্যের হার হচ্ছে ৯৫ শতাংশ। মাঝারি বস্তিতে দারিদ্র্যের হার ৯৪ শতাংশ। আর বড় আকারের বস্তিতে দারিদ্র্যের হার হচ্ছে ৭৫ শতাংশ। ছোট বস্তিতে যেসব পরিবার বসবাস করে তারা নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রেও মাঝারি এবং বড় বস্তির চেয়ে পিছিয়ে রয়েছে। ছোট বস্তিতে যেসব পরিবার বসবাস করে তাদের মাসিক আয় বড় বস্তির আয়ের তুলনায় ৫ হাজার টাকা কম। ছোট বস্তির ৯০ শতাংশ পরিবার চিকিৎসার জন্য সনদধারী ডাক্তারের নিকট যায় না। তারা স্থানীয় হোমিওপ্যাথিক অথবা বিভিন্ন ফার্মেসি থেকে অষুধ সংগ্রহ করে খেয়ে থাকে। ছোট বস্তির ৮০ শতাংশ পরিবারের কোন স্যানিটারি ল্যাট্রিন নেই। ছোট বস্তিতে বসবাসের জন্য যে ঘর থাকে তার আকার খুবই ছোট। এদের ৮০ শতাংশ পরিবার ৬০ ফুট থেকে ১২০ ফুট আয়তনের ঘরে বাস করে। তারা প্রতি মাসে যে আয় করে তার ২৫ থেকে ৪০ শতাংশ চলে যায় বাসা ভাড়া দিতে। জরিপকালে প্রতীয়মান হয়েছে যে,বস্তির দারিদ্র্য আয়ের ক্ষেত্রে নয়,আবাসন,পানি,বিদ্যুৎ,শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই। বস্তিবাসীরা প্রতিনিয়তই নিরাপত্তাহীনতায় ভুগে থাকে। ছোট, মাঝারি এবং বড় মিলিয়ে বস্তিবাসীদের মাসিক আয় গড়ে ১৬ হাজার ৯০০ টাকা। আর মাসিক ব্যয়ের পরিমাণ হচ্ছে ১৩ হাজার ৬০০ টাকা। বস্তিবাসীরা সব সময়ই উচ্ছেদ আতঙ্কে থাকে। যেহেতু ভূমির মালিকানাস্বত্ব বস্তিবাসীদের নয় তাই তারা বৈধ কর্তৃপক্ষের নিকট থেকে পানি, বিদ্যুৎ, গ্যাসের মতো আবশ্যিক উপকরণ সরবরাহ পান না। তাদের প্রায়শই আশে পাশের বাসাবাড়ি থেকে অবৈধভাবে এসব উপকরণ সংগ্রহ করতে হয়।

এদিকে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা উৎসবে বলা হয়, স্বাধীনতার পর গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নয়ন অর্জন করলেও সেই উন্নয়নের সুফল সবাই ন্যায্যতার ভিত্তিতে দেশের জনগণ ভোগ করতে পারছে না। উন্নয়নের সুফল সামান্য কিছু ভাগ্যবান মানুষের কব্জায় চলে গেছে। স্বাধীনতার এত বছর পরও সুবিধা বঞ্চিত মানুষ উন্নয়নের মূল ধারায় যুক্ত হতে পারেনি। সভায় একজন অর্থনীতিবিদ বলেন, দেশে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের মোট সংখ্যা কমছে না। বর্তমানে দেশে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এদের মধ্যে চরম দারিদ্র্য সীমার নিচে রয়েছে ১ কোটি মানুষ। আরো ২ কোটি মানুষ দারিদ্র্য সীমার সামান্য উপরে ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামান্য অভিঘাতেই এরা যে কোন সময় দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারে। আর একবার কেউ দারিদ্র্য সীমার নিচে নেমে গেলে তার পক্ষে দারিদ্র্য সীমার উপরে উঠে আসা প্রায়শই সম্ভব হয় না। সরকার দলীয় একজন আইনজীবী নেতা বলেন, বাংলাদেশের দুরবস্থার জন্য দুর্নীতি একটি বড় কারণ। সংসদ সদস্যগণ যদি শপথ করেন তারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন এবং অন্যদেরও দুর্নীতি করতে দেবেন না তাহলে অন্তত ৪০ শতাংশ অর্থের অপচয় রোধ করা সম্ভব।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, সার্বিকভাবে দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার প্রতিমাসে যে অর্থ উপার্জন করে তা দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। ফলে সংসারের খরচ চালানোর জন্য তাদের ঋণ করতে হচ্ছে। জাতীয় পর্যায়ে একটি পরিবারের মাসিক গড় আয়ের পরিমাণ হচ্ছে ৩৩ হাজার ৫১৩ টাকা। আর তাদের ব্যয় হচ্ছে ৩৫ হাজার ৩১১ টাকা। ফলে তাদের প্রতিমাসে আয়-ব্যয়ের মধ্যে পার্থক্য থাকছে ১ হাজার ৭৯৮ টাকা। আয়-ব্যয়ের এ ঘাটতি তারা ঋণের মাধ্যমে পূরণ করছে। যাদের ঋণ করার সুযোগ নেই তারা পরিবারের খাবার এবং অন্যান্য ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছে। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে মজুরি বা আয়ের পরিমাণ বাড়ছে না। গত অক্টোবর মাসে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। আগের মাসে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে একই সময়ে জাতীয় পর্যায়ে মজুরির বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। শুধু রাজধানীর বস্তি এলাকাতেই নয় সারা দেশেই এক বিরাট জনগোষ্ঠী এখন দারিদ্র্য সীমার নিচে চলে যাবার ঝুঁকিতে রয়েছে। রাজধানী ছাড়াও পল্লী এলাকাতে গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে।

মানুষের ৫টি মৌলিক চাহিদার মধ্যে আবশ্যিক মৌলিক চাহিদা তিনটি। এগুলো হচ্ছে অন্ন, বস্ত্র ও বাসস্থান। রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের জন্য এ মৌলিক চাহিদা পূরণে সাংবিধানিকভাবে বাধ্য। কিন্তু আমাদের দেশের সরকারগুলো জনগণের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে বড়ই উদাসীন। বিগত স্বৈরাচারী সরকার আমলে দেশবাসীকে উন্নয়নের গল্প শুনানো হয়েছে। বলা হতো, বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য ‘উন্নয়নের রোল মডেল’ এ পরিণত হয়েছে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, উন্নয়নের নামে কিভাবে রাষ্ট্রীয় অর্থ লোপাট করা হয়েছে। বাংলাদেশে নির্মাণ ব্যয় পৃথিবীর যে কোন দেশের চেয়ে বেশি। প্রকল্প ব্যয় অতিমূল্যায়িত করে সে অর্থ আত্মসাৎ করা হয়েছে প্রশ্নাতীতভাবে। বিগত রাজনৈতিক সরকারের উন্নয়নের দর্শন ছিল, ‘অতি উন্নয়ন অতি দুর্নীতি।’

সম্প্রতি দেশে তৈরি পোশাক শিল্প শ্রমিকগণ তাদের মজুরি বৃদ্ধির দাবিতে জ¦ালাও-পোড়াও আন্দোলন করেছে। তৈরি পোশাক শিল্প শ্রমিকগণ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু তাদের ব্যাপারে আমাদের উপাসীনতা লক্ষ্য করা যায়। বর্তমানে তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের যে মজুরি দেয়া হচ্ছে তা জীবনযাত্রা পরিচালনার জন্য পর্যাপ্ত নয়। ২০১৮ সালে তৈরি পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার টাকা। ২০২৩ সালে তা ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। গত তিন বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা প্রতিকূলতার কারণে এ মজুরি দিয়ে ৪ জনের একটি পরিবারের ব্যয় নির্বাহ করা খুবই কঠিন। উৎপাদনের মূল উপজীব্য শ্রমিককে অভুক্ত রেখে কখনোই উৎপাদনশীলতা কাম্যস্তরে উন্নীত করা সম্ভব নয়। গত তিন বছরে ঊচ্চ মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে মজুরি বৃদ্ধি না পাওয়ায় ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে ব্যাপকভাবে। তৈরি পোশাক শিল্প শ্রমিকরাও এর ব্যতিক্রম নন। তাই তাদের মজুরি বৃদ্ধির দাবি উপেক্ষা করা যাবে না। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মজুরির হার কম। যেমন, তুরস্কে একজন তৈরি পোশাক শ্রমিক প্রতিমাসে ৬৬৭ মার্কিন ডলার মজুরি পান।

চীনে একজন পোশাক শ্রমিক মাসিক মজুরি পান ২৯৪ মার্কিন ডলার। ভিয়েতনামে একজন তৈরি পোশাক শ্রমিকের মাসিক মজুরি ১৬৩ মার্কিন ডলার। পাকিস্তানে এটা ১৩৫ মার্কিন ডলার। ভারতে একজন তৈরি পোশাক শ্রমিক প্রতিমাসে মজুরি পান ১২৪ মার্কিন ডলার। আর বাংলাদেশে একজন তৈরি পোশাক শ্রমিক প্রতি মাসে মজুরি পান ১০২ মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ভিয়েতনাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিযোগী। সে দেশের একজন শ্রমিক বাংলাদেশের একজন তৈরি পোশাক শ্রমিকের চেয়ে মাসে ৬১ মার্কিন ডলার বেশি মজুরি পান। অবশ্য ভিয়েতনাম বা চীনের একজন পোশাক শ্রমিকের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাংলাদেশি শ্রমিকের চেয়ে অনেক বেশি। যিনি দক্ষ এবং প্রশিক্ষিত শ্রমিক তার মজুরি বেশি হওয়াটাই স্বাভাবিক। তৈরি পোশাক শিল্প শ্রমিকের অনেকেই বস্তিতে বসবাস করেন। অথবা ছোট বাড়িতে ভাড়া থাকেন। কয়েক বছর পরপরই তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলনে নামতে হয়।

তৈরি পোশাক শিল্প শ্রমিকসহ ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা নিত্যদিন মজুরি বৈষম্যের স্বীকার হচ্ছেন। তাদের মজুরি কাঠানো নির্ধারণের জন্য এমন একটি স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন যাতে তাদের কারখানা ছেড়ে রাস্তায় আন্দোলনে নামতে না হয়। বিদ্যমান দারিদ্র্য হ্রাসের জন্যও শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তাদের জন্য মজুরি বা বেতন বৃদ্ধির স্থায়ী ব্যবস্থা করা যেতে পারে। তৈরি পোশাক শিল্প শ্রমিকসহ অন্যায় খাতের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের জন্য যেভাবে মজুরি নির্ধারণ করা হচ্ছে তা সময়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ব্যবস্থার পরিবর্তন করে স্থায়ী ব্যবস্থা করা যেতে পারে। এ ক্ষেত্রে cola (coast of living adjustment) পদ্ধতিতে মজুরি নির্ধারণের ব্যবস্থা করা হলে তা অধিকতর যৌক্তিক হবে। একটি বিশেষ কমিশন গঠন করে প্রতিটি সেক্টরের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের জন্য চলতি বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রাথমিক বেতন বা মজুরি নির্ধারণ করা যেতে পারে। পরবর্তীতে প্রতি বছর যে হারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে মজুরি বা বেতন হারও তার সঙ্গে সমন্বয় রেখে বৃদ্ধি করা হবে। এটা করা হলে শ্রমজীবী মানুষগুলোকে তাদের মজুরি বা বেতন নিয়ে প্রতি বছর দুশ্চিন্তা করতে হবে না। কয়েক বছর পরপর শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আন্দোলনে নামতে হবে না।

মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে স্বয়ংক্রিয়ভাবে তাদের মজুরি বৃদ্ধি পাবে। ফলে শ্রমিকদের সাংসারিক ব্যয় নির্বাহ করা সহজ হবে। একই সঙ্গে তৈরি পোশাকসহ শিল্পশ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করা যেতে পারে, যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্য পণ্য পেতে পারেন। সরকার ইতিমধ্যেই তৈরি পোশাক শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন। এটা ভালো উদ্যোগ। আমাদের মনে রাখতে হবে, শ্রমিক না বাঁচলে কারখানা বাঁচবে না। আর কারখানা না বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে না। তাই জাতীয় স্বার্থেই এ ব্যাপারে গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত ব্যবস্থা নিতে হবে।

লেখক : সাবেক ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক।