প্রাসঙ্গিক ভাবনা
ড. মো. নূরুল আমিন
অবিভক্ত ভারতবর্ষের ইসলামী পুনর্জাগরণের কবি, দার্শনিক, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা এবং তার ভিত্তিতে মুসলমানদের আলাদা রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা আল্লামা ড. মুহাম্মদ ইকবাল মুসলিম বিশ্বের একজন অত্যন্ত বরেণ্য ও নন্দিত স্কলার হিসেবে সমাদৃত। ১৮৯৭ সালেল ৯ নভেম্বর তার জন্ম তারিখ, ১৯৩৮ সাল অর্থাৎ পাকিস্তদান সৃষ্টির প্রায় ৯ বছর আগে ২১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। পাকিস্তানসহ দুনিয়ার বহু দেশের মুসলমানরা তার জন্ম দিবস পালন করেছে। আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবিও। ইকবাল মূলত তার সুগভীর দর্শন, তেজস্বী উর্দু, ফার্সি কবিতা মুসলিম উম্মার আত্মজাগরণ ও রাজনৈতিক চিন্তাধারার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তাকে শায়রই মাশরিক বা প্রাচ্যের কবিও বলা হয়। তার কবিতায় তিনি খুদী (Seefhood) বা আত্মমর্যাদা ও আত্মোপলব্ধির দর্শন অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন। উপমহাদেরেশর মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে পাকিস্তানের প্রতিষ্ঠা তার দর্শনেরই অনুপম প্রতিফলন। পাকিস্তান না হলে বাংলাদেশও হতো না।
ইকবাল ভারতীয়, পাকিস্তানী, বাংলাদেশী ও ইরানী এবং অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে প্রশংসিত। তিনি ইসলামী জীবনদর্শন ও কুরআনের শিক্ষাকে বুলন্দ করেছিলেন।
১৯২২ সালের নিউইয়ার্স অনার্সে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ তাকে নাইট ব্যাচেলার্সে (Knite Bachalors) ভূষিত করেন। দক্ষিণ এশিয়া ও উর্দুভাষী বিশ্বের বেশিভাগ অঞ্চলে ইকবালকে শায়রই মাশরিক বা প্রাচ্যের কবি হিসেবে বিবেচনা করা হয়। তাকে মুদাক্কিরই পাকিস্তান, মুশোয়ারই পাকিস্তান (চিন্তাবিদ ও শিল্পী) এবং হাকিমুল উম্মত (উম্মাহর ভরসা) ইত্যাদি নামেও ডাকা হয়। তার প্রথম কাব্যগ্রন্থ আসরারই খুদী ১৯১৫ সালে প্রথম পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল। তার কবিতায় অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে রমুজে বেখুদী, পয়গামে মাশরিক এবং জবরই আজম ছাড়াও বঙ্গে দারা, বালই জিবরাইল ও আরমাঘান ই হিজাজ খ্যাতি অর্জন করেছিল।
বৃটেনে থাকতেই তিনি রাজনীতির সংস্পর্শে আসেন। ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হবার পর পরই তিনি তাতে যোগ দেন এবং দলটি বৃটিশ চাপ্টারের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
ড. ইকবাল বর্ণাঢ্য শিক্ষা জীবনের অধিকারী ছিলেন। তিনি শিয়ালকোটে খ্যাতনামা শিক্ষাবিদ সৈয়দ মীর হাসানের তত্ত্বাবধানে স্কচ মিশন স্কুল ও কলেজে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং আরবী, ফার্সি ও ইসলামিক স্টাডিজে ব্যুৎপত্তি লাভ করেন। লাহোর সরকারি কলেজ থেকে তেনি বিএ ও দর্শন শাস্ত্রে এমএ পাস করেন। ১৯০৫ সালে তিনি ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে মর্যাল সায়েন্স ও দর্শন শাস্ত্রে উচ্চতর ডিগ্রি নেন এবং ব্যারিস্টারি পাস করেন। পরবর্তীকালে ১৯০৮ সালে তিনি জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্র অর্জন করেন। তার থিসিসের শিরোনাম ছিল : Development of Metaphysics in persia. সুপারভাইজার ছিলেন অধ্যাপক ফ্রিজ হোসেন, ১৯০৫ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত মাত্র তিন বছরের মধ্যে ইংল্যান্ডের নামকরা একটি বিশ্ববিদ্যালয় থেকে নৈতিক বিজ্ঞান ও দর্শন শাস্ত্রে উচ্চতর ডিগ্রি, ব্যারিস্টারি ও জার্মানি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন নিঃসন্দেহে তার অনন্য প্রতিভার নিদর্শন এবং বিশ্বরেকর্ড। পাশ্চাত্যে বেড়ে ওঠা এবং বিরল প্রতিভাকে পাশ্চাত্য সভ্যতা-সংস্কৃতি বিন্দুমাত্র স্পর্শ করতে পারে নি। এ সভ্যতা, সংস্কৃতি ও রাজনৈতিক আদর্শের মধ্যে তিনি মানবজাতির ধ্বংস ছাড়া আর কিছুই দেখতে পান নি এবং ইসলামের পুনর্জাগরণ ও অনুশাসন অনুশীলনের মধ্যে তার মুক্তির সন্ধান পেয়েছিলেন। শতাব্দীর অধিককাল ধরে বিদেশী শাসনের জাঁতাকলে পিষ্ট মুসলিম সমাজের অধঃপতন, মুসলিম শাসকদের বিলাসিতা, দাওয়াতি কর্মকাণ্ডের অনুপস্থিতি ওসমানীয় খেলাফতের পতন ও অধঃপতিত সরকারের ইসলাম বিদ্বেষ ও পাশ্চাত্যপ্রীতি হিন্দু সংস্কৃতির প্রভাব, সিংহভাগ ধর্মীয় নেতাদের নিষ্ক্রিয়তা-নির্লিপ্ততার ফলে সৃষ্ট পরিস্থিতি তাকে হতাশ করতে পারে নি। তিনি তার কবিতার চাবুক দিয়ে মুসলিম জাতিকে জাগিয়ে তোলার ব্রত নিয়েছিলেন। তার নিম্নোক্ত কবিতাগুলো মর্ম তাই বলে :
(১) তেরা ইমাম বেহুজুর
তৈরী নামাজ বেসুরুর
এ্যাসি নামাজ ছে গুজার
এ্যসি ইমামছে গুজার
অর্থাৎ তোমাদের ইমামরা অযোগ্য অপদার্থ, তোমাদের নামাজও অকেজো। এমন ইমাম পরিত্যাগ করো। এমন নামাজও ছেড়ে দাও।
তিনি বলেছেন,
মুসলিম সে তো কবেই মরে গেছে
ইসলামে লেখা কেতাবে
আকিদা আমল সব চলে গেছে
মুসলিম আজ খেতাবে
অন্তরে তাদের বাসা বেঁধেছে লাত মানাতের দল
মুশরিক আজ মুসলিম বেশে
করিতেছে কোলাহল
আজানের রীতি রয়ে গেছে
বিলালী রূহ নেই
ফাসসাফা রয়ে গেছে
গাজালির তালকীন নেই।
ইকবালের Reconstruction of Religion Thought in Islam একটি অনবদ্য রচনা। আল্লামা ইকবাল মুসলিম সমাজে ধর্মনিরপেক্ষ বা ধর্মমুক্ত রাজনীতির কড়া সমালোচক ছিলেন, তিনি তার বাল-ই-জিবরীল গ্রন্থে পরিষ্কার বলেছেন,
জালালে বাদশাহী হো কি
জমহুরি তামাশা হো
জুদা হো দ্বীন সিয়াসত সে
তো রাহজাতি হ্যায় চেঙ্গেজি
অর্থাৎ রাজতন্ত্র বা গণতন্ত্র যাই হোক না কেন রাজনীতি থেকে ধর্ম ও নৈতিকতা বিচ্ছিন্ন হয়ে পড়লে তা চেঙ্গিস খানের বর্বতায় রূপ নেয়।
এক আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা এবং কাবামুখী কেবলা ছিল ইকবালের শক্তির উৎস।
তিনি আক্ষেপ করে বলেছেন, জ্ঞান ও সত্যের প্রদীপ আমাদের হাতে কিন্তু মুর্খ ও বোকা রয়ে গেছি। জিয়াফত আমাদের বাড়িতে অথচ আমরা অভুক্ত ‘ইলম হ্যায় মুজ্জে, উল্লু বনে রহে হাম
জিয়াফত মেরে ডুক সে মর রহে হাম।
কাবার কথা স্মরণ করে তিনি বলেছেন,
দুনয়াকে বুত কাঁধো মে
পয়লা ইয়ে ঘর খোদা কা
হাম উসকে পাচবা হায়
উয়ো পাচবা হামারা
অর্থাৎ বিশ্বের উপসনালয়গুলোর মধ্যে আল্লাহর এ ঘরটি প্রথম। আমরা হচ্ছি তার পাহারাদার আর তিনি হচ্ছেন আমাদের পাহারাদার। দীপ্ত কণ্ঠে তিনি আরো বলেছেন,
তাওহীদকে আমানত সিনোমে
হ্যায় হামারা
আসান নেহি মিটানা
নাম ওয়া নিশানা হামারা
অর্থাৎ তাওহীদের আমানত আমার বুকে রয়েছে। তাই আমাকে নিশ্চিহ্ণ করে দেয়া সহজ নয়, ওয়াতন বা মাতৃভূমির সংজ্ঞা ও ছিল তার ব্যাপক। চীন ওয়া আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হ্যায় হাম ওয়াতন হ্যায সারুজাঁহা হামারা অর্থাৎ চীন ও আমাদের, হিন্দুস্তান আমাদের। আমরা মুসলিম, ওয়াতন আমাদের সারা দুনিয়া।
আল্লামা ইকবালের আমন্ত্রণেই মাওলানা মওদুদী ভারতের হায়দরাবাদ থেকে ১৯৩৮ সালের মার্চ মাসে লাহোরের পাঠানকোটে চলে আসেন। মাওলানার লেখা আল জিহাদ ফিল ইসলাম বইটি পড়ে তিনি এতই অভিভূত হয়ে পড়েছিলেন যে, পাঞ্জাবের পাঠানকোটে দারুল ইসলাম নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়ার জন্য তাকে আহ্বান জানান।
আল্লামা ইকবাল শুধু একজন কবি নন, তিনি একজন মহান নেতা, রাজনীতিবিদ ও মুসলিম মিল্লাতের পথপ্রদর্শক। তাকে আমরা ভুলে গেছি। শুধু তাই নয়, একাত্তর উত্তর এ বাংলাদেশ ভূখণ্ডে তার নাম নিশানা মুছে ফেলা গর্হিত কাজও হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ে তার নামে একটি ছাত্রাবাস ছিল (হল)। ঐ হলের নাম বদলিয়ে দেয়া হয়েছে যেমনটি করা হয়েছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর বেলায়। গুলিস্তানের জিন্নাহ এভিনিউকে করা হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউ, লক্ষ্মীবাজারের কায়েদে আজম কলেজকে সোহারাওয়ার্দী কলেজ। চট্টগ্রামের আগ্রাবাদের ইকবাল রোডের নাম বদলিয়ে করা হয়েছে শেখ মুজিব রোড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি হলের নাম ছিল জিন্নাহ হল। মুজিব আমলে এ হলের নাম পরিবর্তন করে করা হয় মাস্টারদা সূর্যসেন হল। এ মাস্টারদা ছিলেন একজন হিন্দু সন্ত্রাসী, বৃটিশ আমলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্বদানকারী এক জঘন্য অপরাধী। কথায় আছে যে, দেশে গুণী মানুষের কদর নেই সেই দেশে গুণী মানুষ পয়দা হয় না।
আমি পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মুহতারাম বুরহানুল ইসলামের নিকট অত্যন্ত কৃতজ্ঞ যে, তিনি গত মঙ্গলবার আমাকে আল্লামা ইকবালের দুর্লভ ২৯টি ছবি হোয়াইস আপে প্রেরণ করেছেন।
সামাজিক মাধ্যমে সাম্প্রতিককালে বাংলাদেশে ইকবাল ও জিন্নাহ চর্চা এবং উর্দু সাহিত্যের আনাগোনা কিছুটা পরিলক্ষিত হচ্ছে। শেখ সা’দী, মীর্জা গালিব, আমীর খসরু, জালালুদ্দিন রুমী, হাফিজ, সিরাজী, আলতাফ হোসেন হালী, আকবর এলাহাবাদী প্রমুখের কাব্যগ্রন্থ ও সাহিত্যের চর্চা যত বেশি হবে ততই আমাদের মঙ্গল হবে বলে আমি মনে করি।
