বিখ্যাত রুশ কথাসাহিত্যিক আন্তন চেখভের একটি গল্প হলো ‘ক্যাশটানকা’। বিশ্বসাহিত্যে কুকুর নিয়ে এ রকম গল্প চোখে পড়ে না। ক্যাশটানকা হলো একটি ছোট সংকর জাতের কুকুর। কিন্তু কুকুরটাকে থাকতে হতো কাঠমিস্ত্রির কাছে। সেখানে সে ঠিকমতো খাবার পেত না। অবহেলা আর মারধরের শিকার হতো সব সময়। একদিন শীতের এক সন্ধ্যায় সে রাস্তায় হারিয়ে যায়। তাকে এক দয়ালু সার্কাসের মালিক খুঁজে পান। তাকে আশ্রয় দিয়ে পরম যত্নে পালন করতে থাকেন তিনি। সার্কাসে বিভিন্ন কসরত দেখাত এবং আরাম-আয়েশে দিন কাটাত কুকুরটি। এভাবে তার দিন ভালোই কাটছিল। কিন্তু একদিন সার্কাসে সেই পুরোনো কাঠমিস্ত্রিকে দেখে লেজ নাড়তে নাড়তে চলে যায় তার কাছে।
হাজার বছর ধরে মানুষের কাছাকাছি থাকছে কুকুর। মানুষের নিরাপত্তা, শিকারে ব্যবহার ইত্যাদির মাধ্যমে তৈরি হয়েছে এক দীর্ঘ বন্ধনের। মানুষ যখন কোনো কুকুরের দিকে তাকিয়ে তাকে আদর করে, তখন মানুষের মতো কুকুরের শরীর থেকেও অক্সিটোসিন নামক একধরনের হরমোন নিঃসরণ হতে থাকে। এই হরমোন ভালোবাসা, বিশ্বাস ও আস্থার প্রতীক। মানুষ কুকুরকে যেমন দিয়েছে আশ্রয়, উষ্ণতা ও খাবার, ঠিক তেমনি মানুষও তাদের কাছ থেকে পেয়েছে বিশ্বস্ততা, নিরাপত্তা ও নিঃস্বার্থ ভালোবাসা।
সম্প্রতি বাংলাদেশের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে দেশের শীর্ষস্থানীয় সেবামূলক প্রতিষ্ঠান ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ দেশের প্রথম স্থায়ী বেওয়ারিশ কুকুর আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাসের পরিকল্পনায় এই স্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছে। সেন্ট মার্টিনে ৪ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে।
এসব কুকুরের বেঁচে থাকা নির্ভর করে পর্যটকদের দেওয়া খাবারের ওপর। সম্প্রতি সেন্ট মার্টিনে যাওয়ার নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের কারণে এই কুকুরগুলো খাবার ও চিকিৎসার সংকটে পড়ে। বর্তমানে কুকুরগুলো অপুষ্টি, চর্মরোগসহ নানা জটিলতায় ভুগছে। এর মধ্যে নানা কারণে অনেক কুকুর মারা গেছে। এই অবস্থায় কুকুরদের জন্য এই স্থায়ী আশ্রয়কেন্দ্র বেঁচে থাকার জায়গা হয়ে উঠেছে।
ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্রটিতে ২০টি শেল্টার রাখা হয়েছে। প্রতিটি শেল্টার এমনভাবে করা হয়েছে যে এতে ১২টি কুকুর বাস করতে পারে। এখানে একবারে ২৪০টি কুকুরকে খাবার ও সেবা দেওয়া যায়। এ ছাড়া এখানে কুকুরদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক পশুচিকিৎসক রাখার ব্যবস্থা করা হয়েছে। এখানে রাস্তায় যেসব কুকুর অসুস্থ, আহত ও বিপন্ন অবস্থায় পড়ে থাকে; সেগুলোকে সেন্টারে এনে উন্নত চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর তাদেরকে দ্বীপের মধ্যে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে কুকুরদের অনিয়মিত বংশবিস্তার রোধে নিয়মিত বন্ধ্যাকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে ভবিষ্যতে খাদ্য ও বাসস্থানের সংকট নিয়ন্ত্রণে রাখা যায়। এই কার্যক্রমে বিদেশিরাও যুক্ত হয়েছেন। জার্মানি থেকে আসা জলপিয়া ও পেরুর জেসিকা মারিয়া নামের দুই তরুণী এই আশ্রয়কেন্দ্রে খাবার ও চিকিৎসাসেবার কাজ করছেন।
বিশ্বের বিভিন্ন দেশে বেওয়ারিশ আশ্রয়কেন্দ্র ও দাতব্য সংস্থা রয়েছে; যেমন ডগস ট্রাস্ট যুক্তরাজ্যের বৃহত্তম কুকুর দাতব্য সংস্থা। তারা সুস্থ কুকুরকে কখনোই হত্যা করে না। তারা প্রতিটি কুকুরকে উদ্ধার করে চিকিৎসাসেবা, প্রশিক্ষণ ও পুনর্বাসন করে থাকে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন অঙ্গরাজ্যে হপ ফর পসের মতো উদ্ধারকারী সংস্থা ও নো কিল শেল্টার জোন রয়েছে। বেস্ট ফ্রেন্ডস অ্যানিমেল সোসাইটির বিশাল প্রাঙ্গণে হাজার হাজার কুকুর উদ্ধার করে নিরাপদে আশ্রয় দেওয়া হয়। ভারতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা অনেক বেশি। এরা সরকারি মিউনিসিপ্যালিটির সাহায্যে কুকুরদের বন্ধ্যাকরণ ও অ্যান্টি-র্যাবিস টিকা প্রদান করে থাকে। পিপল ফর অ্যানিমেলসের মতো শত শত বেসরকারি আশ্রয়কেন্দ্র রয়েছে ভারতের দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে। এখানে আহত ও অসুস্থ কুকরদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয় দেওয়া হয়।
বাংলাদেশের সেন্ট মার্টিনে গড়ে ওঠা এই বেওয়ারিশ কুকুর আশ্রয়কেন্দ্র দেশের প্রথম ও কুকুরের প্রতি মানুষের ভালোবাসার অনন্য নজির। এ ধরনের আশ্রয়কেন্দ্র দেশের সব জেলায় গড়ে তোলা যেতে পারে। এতে কুকুর বন্ধ্যাকরণ, টিকাদান ইত্যাদি কাজ যেমন চলবে, তেমনি কুকুর দত্তক নেওয়ার সংস্কৃতিও গড়ে তোলার সম্ভাবনা তৈরি হতে পারে। যুক্তরাজ্যের মতো দেশে কোনো সুস্থ কুকুরকে মেরে ফেলা যায় না। নেদারল্যান্ডসের মতো দেশে কুকুরদের রাস্তায় দেখা যায় না। সেখানে তারা কুকুরের দল সংগ্রহ, বন্ধ্যাকরণ, টিকাদান ও পুনর্বাসনের মতো কাজগুলো করে থাকে। কুকুরকে তারা হত্যা না করে বিশ্বের প্রথম পথকুকুরমুক্ত দেশ করতে পেরেছে। এ ছাড়া সেখানে কুকুরের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশে কুকুরকে মারধর ও হত্যার ঘটনা যেমন বেশি, তেমনি পথচারীদের কুকুরের কামড়ের ঘটনাও ঘটে বেশি। এ অবস্থায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সেন্ট মার্টিনে যেভাবে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে, সেভাবে যেসব জেলায় কুকুরের সংখ্যা বেশি, সেখানে জরুরি ভিত্তিতে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা দরকার। এতে পথকুকুরের সংখ্যা যেমন কমবে, তেমনি অসুস্থ কুকুরও দেখা যাবে না। ফলে কুকুর ও পথচারী উভয়ের জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি হবে।
ড. বিভূতিভূষণ মিত্র , পরিবেশবিষয়ক লেখক
