আমাদের দেশে যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে মাদক অন্যতম প্রধান সমস্যা। মাদক নীরব মারণাস্ত্র হিসেবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়িয়ে দিচ্ছে। আগামী দিনের সুন্দর বাংলাদেশ বির্নিমাণের স্বপ্নগুলোকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ তরুণীকে বিপদগামী করে তুলছে।শহরের ব্যস্ত অলি-গলি থেকে শুরু করে গ্রামের শান্ত মেঠো পথ- আজ সর্বত্রই মরণনেশার অবাধ ছড়াছড়ি। একটু হাত বাড়ালেই অনলাইন কিংবা অফলাইনে মিলছে বিষ। অথচ এর বিরুদ্ধে প্রতিরোধ যেন কেবলই নামমাত্র! মাঝে মাঝে লোকদেখানো কিছু মাদকবিরোধী অভিযান চললেও ইঁদুর বিড়াল খেলার মতো সেই প্রহসনে থামছে না মাদকের ছোবল। আর এর পরিণাম কতখানি মর্মান্তিক ও নিষ্ঠুর! একটু অনুধাবন করলেই বুক কেঁপে ওঠে- কখনো উন্মত্ত বাবা তার বুকজুড়ে থাকা সন্তানকে কেড়ে নিচ্ছে, কখনো গর্ভধারিনী মাকে নিথর করে দিচ্ছে তারই কলিজার টুকরো সন্তান! কখনো প্রিয় ভাই তার বোনের বুক খালি করছে, কখনো বা স্বামী তার চিরসাথী স্ত্রীকে নির্মমভাবে হত্যা করছে। মাদকের এই ভয়াল থাবা এক নিমেষেই সুখের হাসিখুশি সংসারগুলোতে দাবানলের আগুনে জ্বলে ছারখার করে দিচ্ছে। শুধু একটি জীবন নয়, ধ্বংস হয়ে যাচ্ছে একটি গোটা পরিবার। এত কিছুর পরও কি আমাদের একটুও হুঁশ ফিরবে না? অথচ আজ থেকে প্রায় চৌদ্দ শ বছর আগে আরশের মালিক আল কুরআনের সুরা বাকারা’র ২১৯ নম্বর আয়াতে কঠোর বাণীতে সতর্ক করেছেন- লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে- আপনি বলে দিন-এ দুটোর মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য কিছু উপকারও; আর এ দুটোর পাপ তার উপকার অপেক্ষা গুরুতর। শুধু তাই নয়, প্রিয়নবী (সা.) ও হাদিসে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন- যে ব্যক্তি মাদকাসক্ত হয়, তার চল্লিশ দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তবে সে যদি খাঁটি মনে তওবা করে, তবে আল্লাহ তার তওবা কবুল করতে পারেন (ইবনে মাজাহ)। কিন্তু হায় ! কে শোনে কার কথা! বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও আজ আমাদের এই পবিত্র ভূমিতে মাদকের আগ্রাসন সব সীমা ছাড়িয়ে গেছে। দেশের ১৮টি জেলার ১০৫টি সীমান্ত পেরিয়ে বানের পানির মতো ধেয়ে আসছে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, দেশী মদ, বিদেশী মদ, বিয়ার, স্পিরিট, ভাং, মরফিন, ভায়াগ্রা, ক্রিস্টাল মেথ(আইস), গাঁজার মতো কতশত মরণনেশা। চোখের সামনে আমাদের আগামী দিনের কর্ণধার তরুণ সমাজ এই বিষাক্ত ছোবলে তিলে তিলে ধ্বংস হয়ে ছাই হয়ে যাচ্ছে। অথচ আমাদের বিবেকে একটুও রক্তক্ষরণ হয় না, বুক একটুও কেঁপে ওঠে না?
১৯৮৭ সাল থেকে ২৬ জুন ‘আন্তর্জাতিক মাদবিরোধী দিবস’ পালিত হয়ে আসলেও এই জীবনবিনাশী মাদকের তৎপরতা কিছুতেই থামছে না। একসময় মাদক শহরকেন্দ্রিক থাকলেও এখন প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। ফলে থামানো যাচ্ছে না জীবনবিনাশী এই স্রোতের ঢেউ। সরকার বদলায়, কিন্তু মাদক বাণিজ্যের রং বদলায় না। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষের বুকে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যাশা জেগেছিল। কিন্তু সে প্রত্যাশাও মাদক কেড়ে নিচ্ছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে-দেশে ২৩ হাজার কারবারি পুরো দেশকে জিম্মি করে রেখেছে। ভাবা যায়! ৫৬ হাজার বর্গমাইলের এই পবিত্র ভূমিতে ২৩ হাজার মাদক কারবারি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে! অথচ সংশ্লিষ্টদের ঘুম ভাঙছে না। এই ভয়ংকর চিত্রটি কেবল কোনো পরিসংখ্যান নয়; এটি একেকটি পরিবারের রক্তক্ষরণ। তলাবিহীন ঝুড়ি তকমা থেকে মুক্ত হয়ে আজ আমরা উন্নয়নের ‘রোল মডেল ’তকমা অর্জন করেছি। কিন্তু উন্নয়নের আলোর নিচে অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে আমাদের সন্তানরা। যে বয়সে শিশুর হাতে বই-খাতা-কলম আর স্বপ্ন থাকার কথা, সে বয়সে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মরণঘাতী আইস। কত বাবা-মা নিজের পেটে ভাত না দিয়ে, ডিম আর তরকারি বিক্রি করে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠান মানুষ করার বুকভরা আশা নিয়ে। কিন্তু মাদক সেই বুকভরা স্বপ্নকে নিমেষেই পুড়িয়ে ছারখার করে ছাই বানিয়ে দেয়।
ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন সরকার দেশের স্বার্থে ও দেশের জনগণের কল্যাণে কাজ করবে। মানুষ শান্তিতে বসবাস করবে। রক্তের হোলিখেলায় ক্ষতবিক্ষত হবে না আমাদের প্রিয় দেশ। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সাত মাসের মাথায় যেসব খবর পত্রিকায় প্রকাশিত হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। চুরি, ছিনতাই, হত্যা, খুন, ধর্ষণ ও মাদকের বিস্তার কিছুতেই থামানো যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে সাবধানী বাণী উচ্চারণ করেছেন। মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও নারী নির্যাতন- এই চার ইস্যুতে সম্পূর্ণ জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি ঘোষণা করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই চার ইস্যুতে কোনো ধরনের আপস করা হবে না। গত জুলাই মাসে জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬ পাস হয়। এই সংশোধিত আইনে ডিজিটাল মাধ্যমে বা অনলাইনে মাদক কেনাবেচা, বিজ্ঞাপন এবং ক্রিপ্টোকারেন্সির মাদকের লেনদেন প্রতিরোধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু মাদকের রমরমা বাণিজ্য থামে নি। দিনের বেলায় প্রকাশ্যে শহরের অলি-গলিতে, ফুটপাতে, ফুটওভার ব্রিজের উপরে, পার্কের ভেতরে, রেল স্টেশনে, বাস টার্মিনালে মাদক সেবন করার দৃশ্য দেখা যায়। কিন্তু কারও বিবেক জাগ্রত হচ্ছে না।
মাদক ক্যান্সারের চাইতেও ভয়ংকর। ক্যান্সার আক্রান্ত মানুষটি কেবল নিজেই ধুঁকে ধুঁকে মারা যায়, অন্য কাউকে বিপদগামী করে না। কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও চারপাশের মানুষদের নরকযন্ত্রণা দেয়। মাদকের নেশায় মত্ত হয়ে জম্মদাত্রী মাকে পর্যন্ত হত্যা করতে দ্বিধা করে না। নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাই, ডাকাতি আর ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটায়। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শিউরে ওঠার মতো এক প্রতিবেদন প্রকাশ করে একটি পরিসংখ্যান দিয়েছে-ঢাকা বিভাগে ৪৮৩৯ জন, চট্রগ্রামে ৪৭৬৬ জন, রাজশাহীতে ৪২৩৫ জন, রংপুরে ১৯৬৯, খুলনায় ৩১৮৪ জন, ময়মনসিংহে ১৬০৯ জন, বরিশালে ১২৩৭ জন এবং সিলেটে ১১৯৭ জন চিহ্নিত মাদক কারবারি রয়েছে। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এর বাইরেও বহু কারবারি ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। যার সত্যতা মেলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও; তাঁর ভাষ্যমতে, দেশের প্রায় ৫ শতাংশ মানুষ মাদকে আসক্ত। মাদকে আসক্ত ব্যক্তির হিতাহিত জ্ঞান বলতে কিছুমাত্র থাকে না; যার অসংখ্য উদাহারণ রয়েছে। পাঠকরা নিশ্চয় পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশীর কথা ভুলে যাননি। ঐশী তার জম্মদাতা বাবা-মাকে নির্মমভাবে হত্যা করেছিল। এরকম অমানবিক ঘটনা কেবল শুধ ঐশী ঘটিয়েছেন তা কিন্তু নয়; আজও নাম না জানা অনেক ঐশী এ রকম অমানবিক ও নিষ্ঠুর ঘটনা ঘটিয়ে সমাজকে স্তব্ধ ও অস্থির করে তুলছে।
মাদকের এই বিষাক্ত বিস্তার রোধ করে দেশের তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে কেবল লোকদেখানো অভিযান নয়, প্রয়োজন কঠোর ও বাস্তবভিত্তিক রূপরেখা- প্রথমত মাদকের প্রবেশদ্বার (সীমান্ত পয়েন্টগুলো) চিরতরে সিলগালা করতে হবে, যেন দেশের ভেতর একটি মাদকও ঢুকতে না পারে। দ্বিতীয় মাদকের মূলউৎপাটন করার জন্য রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। চুনোপুঁটি খুচরা বিক্রেতাদের ধরে দায় সারলে চলবে না ; রাঘববোয়াল ও পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক না কেন, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাড়া-মহল্লায় কিশোর গ্যাং কিংবা মাদক কারবারি গড়ে উঠতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। প্রয়োজন সামাজিক ঐক্যকে সুদৃঢ় করা। সামাজিক ঐক্য অটুট থাকলে মাদক কারবারিরা ভয়ে জুৎস হয়ে পড়বে এবং এ পথে পা বাড়াতে দশবার চিন্তা করবে। সামাজিক ঐক্য অপরাধের মাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে এবং অপরাধীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চতুর্থত অভিভাবকদেরকে আরও সচেতন হতে হবে। সন্তানদের সময় দিতে হবে, তারা কার সাথে মিশে, কোথায় যায়, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসন মেনে চলার ব্যাপারে তাদের উৎসাহিত করতে হবে। ব্যক্তি জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং সন্তানকে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বুঝানো দরকার। পরিবারকে মাদকমুক্ত রাখতে প্রতি সপ্তাহ অথবা মাসিক পারিবারিক বৈঠক করা প্রয়োজন। সর্বোপরি, মাদক নির্মূল করার ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল, সুশীল সমাজ, মসজিদের সম্মানিত খতিব, ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকমণ্ডলী যদি ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, তবে আমার বিশ্বাস আর কোনো মায়ের বুক মাদকের মরণছোবল কেড়ে নিতে পারবে না। তাই আসুন, রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন স্বদেশের তরুণ প্রজন্মকে রক্ষা করার স্বার্থে মাদকের বিরুদ্ধে হাতে হাত রেখে আওয়াজ তুলি মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ি।
