তৌসিফ রেজা আশরাফী
কৈশোর জীবনের সবচেয়ে সম্ভাবনাময় সময়। এ বয়সে একজন কিশোরের হাতে থাকার কথা বই, খেলাধুলার সরঞ্জাম কিংবা সৃজনশীলতার উপকরণ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় কিশোরদের একটি অংশ জড়িয়ে পড়ছে দলবদ্ধ অপরাধে। স্থানীয়ভাবে পরিচিতি পাওয়া এসব কিশোর গোষ্ঠীই এখন আলোচনায় ‘কিশোর গ্যাং’ নামে।
কিশোর গ্যাংয়ের বিস্তার শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়; এটি পরিবার, শিক্ষাব্যবস্থা, সামাজিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় দায়িত্ব সবকিছুর জন্য একটি সতর্কবার্তা। ছোটখাটো ঝগড়া বা এলাকায় আধিপত্য বিস্তারের প্রবণতা থেকে শুরু করে মারামারি, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে কিছু কিশোর জড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘দাপট’ প্রদর্শনের প্রবণতা কখনো কখনো এই সংস্কৃতিকে আরও আকর্ষণীয় করে তুলছে।
প্রশ্ন হলো একজন কিশোর কেন অপরাধী গোষ্ঠীর সদস্য হতে চায়? এর পেছনে রয়েছে নানা কারণ। পারিবারিক অবহেলা, অভিভাবকের পর্যাপ্ত সময় না দেওয়া, বিদ্যালয় থেকে ঝরে পড়া, বেকারত্ব, মাদকাসক্ত পরিবেশ, অপরাধপ্রবণ বন্ধুদের প্রভাব এবং দ্রুত ‘ক্ষমতাবান’ হয়ে ওঠার মানসিকতা—সবই ভূমিকা রাখতে পারে। অনেক ক্ষেত্রে কিশোরেরা বড়দের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। ফলে শুধু কিশোরকে অপরাধী হিসেবে দেখলে সমস্যার গভীরে পৌঁছানো সম্ভব নয়।
সমাধানও তাই কেবল শাস্তির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। অপরাধের সঙ্গে জড়িত কিশোরদের বিরুদ্ধে আইন প্রয়োগ অবশ্যই প্রয়োজন; একই সঙ্গে তাদের পুনর্বাসন ও সংশোধনের সুযোগও নিশ্চিত করতে হবে। পরিবারকে সন্তানের বন্ধুবান্ধব, অনলাইন কার্যক্রম ও আচরণগত পরিবর্তনের বিষয়ে সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নেতৃত্ব বিকাশের সুযোগ বাড়াতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—কিশোরদের জন্য একটি ইতিবাচক স্বপ্ন তৈরি করা। যে বয়সে তারা স্বপ্ন দেখবে বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক, উদ্যোক্তা কিংবা শিল্পী হওয়ার, সে বয়সে যদি ‘গ্যাং লিডার’ হওয়াকে সাফল্যের প্রতীক মনে করে, তাহলে সেটি কেবল তাদের ব্যক্তিগত ব্যর্থতা নয় আমাদের সামাজিক ব্যর্থতাও।
কিশোর গ্যাং দমন মানে শুধু কয়েকজন কিশোরকে আটক করা নয়; বরং একটি প্রজন্মকে অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা। আজকের কিশোরই আগামী দিনের নাগরিক। তাই তাদের হাতে অস্ত্র নয়, তুলে দিতে হবে স্বপ্ন; অপরাধের অন্ধকার নয়, দেখাতে হবে সম্ভাবনার আলো।
লেখক : প্রাবন্ধিক
