পৃথিবীতে ন্যায়-অন্যায়ের দ্বন্দ্ব চিরন্তন। কেয়ামতের আগ পর্যন্ত এই দ্বন্দ্ব চলতেই থাকবে। এই দ্বন্দ্বের স্থান-কাল-পাত্র এক রকম নয়। এখানে বৈচিত্র্য আছে, পার্থক্য আছে, মাত্রার ভিন্নতা আছে, আছে রকমফেরও। এতকিছুর পরও এখানে একটি সত্য আছে এবং তা হলোÑ ‘দ্বন্দ্ব’। সঙ্গীতাঙ্গনেও এই দ্বন্দ্ব পরিদৃষ্ট হয়। ১৭ সেপ্টেম্বর এমন একটি দ্বন্দ্বের প্রতিবেদন মুদ্রিত হয় গণমাধ্যমে। মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে মার্কিন র্যাপার ম্যাকলমোরকে অ্যাডশিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনার পর সফর থেকে সরে দাঁড়িয়েছেন ট্যুরের সব সহশিল্পী। তাদের মধ্যে আছেন সঙ্গীত শিল্পী ও প্রযোজক ফিনিয়াস, আইরিশ গায়ক-গীতিকার অ্যারন রো ও ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহাম। শিরানের সঙ্গে লাইভ পারফর্ম করা আইরিশ লোকসঙ্গীতের ব্যান্ড বিওগাও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। বিলি আইলিশের ভাইও দীর্ঘদিনের সঙ্গীত সহযোগী ফিলিয়াস ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন, ‘নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার কারণে শিল্পীদের চুপ করিয়ে দেওয়া উচিত নয়।’ ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে লুকাস গ্রাহাম বলেন, ‘যুদ্ধ, বেসামরিক মানুষের মৃত্যু কিংবা শিশুদের বেড়ে ওঠার অধিকার নিয়ে কথা বলার স্বাধীনতা শিল্পীদের থাকা উচিত। অর্থ বা ক্ষমতা দিয়ে ঠিক করে দেওয়া উচিত নয়, কে কথা বলতে পারবে কিংবা কোন মানুষের দুর্ভোগের কথা বলা যাবে।’ এমন বক্তব্যে আমরা নৈতিকতার উদ্বোধন লক্ষ্য করি।
শিল্পী ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর এডশিরান জানান, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, কয়েকটি ভেন্যু আপত্তি জানানোর পর সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভেন্যু ও সফরের প্রোমোটার মেসিনা ট্যুরিং গ্রুপের সিদ্ধান্ত বহাল থাকে। শিরানের ভাষ্য, ম্যাকলমোরের সঙ্গে চুক্তি তার নয়, প্রোমোটারের। আগে থেকেই কনসার্টের পরিকল্পনা করা দর্শকদের হতাশ করতে চাননি তিনি। পাশাপাশি সফরের সঙ্গে যুক্ত কর্মী, সঙ্গীতশিল্পী ও অন্য সহশিল্পীদের কাজ ও জীবিকার কথাও বিবেচনায় নিতে হয়েছে। তবে শিরানের এমন ব্যাখ্যায় তেমন কোনো কাজ হয়নি। ব্যাখ্যার অল্প সময়ের মধ্যেই একে একে সফর ছাড়ার ঘোষণা দেন সহশিল্পীরা।
এই ঘটনার সূত্রপাত হয় ৪ সেপ্টেম্বর। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরানের কনসার্টে পারফর্ম করার সময় ম্যাকলমোর বলেন, এত বড় মঞ্চে দাঁড়িয়ে নিজের বিশ্বাসের কথা বলার সুযোগও এই সফরে যোগ দেওয়ার অন্যতম কারণ। এরপর দর্শকদের উদ্দেশে ম্যাকলমোর বলেন, ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত কর)। পরের তিনি পরিবেশন করেন ‘হিন্দ’স হল’। ২০২৫ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে এই গানটি প্রকাশ করেছিলেন তিনি। এতে গাজায় ইসরাইলী সামরিক অভিযানের সমালোচনা করা হয়েছে। গানটি পরিবেশনের সময় বড় পর্দায় গাজায় ধ্বংসযজ্ঞের দৃশ্যও দেখানো হয়। পরদিন একই ভেন্যুতে আবার পারফর্ম করেন ম্যাকলমোর। এরপরই শুরু হয় বিতর্ক। ইসরাইলী আমেরিকান কাউন্সিল তাকে সফর থেকে বাদ দেওয়ার দাবিতে আবেদন জানাতে শুরু করে। ‘স্টপঅ্যান্টি সেমিটিজম’ নামের সংগঠনও তার পারফরম্যান্সের সমালোচনা করে। সংগঠনটির একটি পোস্ট ইনস্টগ্রাম স্টোরিতে শেয়ার করেন পপ তারকা পিঙ্ক। তবে পরে তিনি স্পষ্ট করেন, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার দাবি তিনি করেননি এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ বলারও বিরোধিতা করছেন না। তার উদ্বেগ ছিল কনসার্টে উপস্থিত ইহুদি দর্শকদের অভিজ্ঞতা নিয়ে। দ্বিতীয় দিনের পারফরম্যান্সে ম্যাকলমোরও নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ইসরাইলের সমালোচনা কিংবা বর্ণবৈষম্য ও গণহত্যার বিরোধিতা করা ইহুদি জনগোষ্ঠীর সমালোচনা নয়। গাজা ও পশ্চিমতীরের মানুষ যেন মনে না করেন তাদের ভুলে যাওয়া হয়েছেÑ সেটিও উল্লেখ করেন ম্যাকলমোর।
লেখার শুরুতে বলেছিলাম, পৃথিবীতে ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্ব চিরন্তন। বিষয়টি বোধহয় ম্যাকলমোর ভালো বোঝেন। এ কারণেই হয়তো দ্বন্দ্বকে আপন করে নিয়েছেন তিনি। শিরানের আমেরিকা সফরের কনসার্ট থেকে বাদ পড়ার পর ম্যাকলমোর এবার ‘ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ নামে নতুন কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন। এ আয়োজন থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনকে দেওয়া হবে বলে জানিয়েছেন ম্যাকলমোর। ২৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন এই ট্যুরের ঘোষণা দেন তিনি। আগামী অক্টোবরের শেষদিকে আয়ারল্যান্ডের ডাবলিন, ফ্রান্সের প্যারিস ও যুক্তরাজ্যের লন্ডনে কনসার্টগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার সঙ্গে আরো কয়েকজন শিল্পী অংশ নেবেন। তাদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
ম্যাকলমোর জানিয়েছেন, ইউরোপের পাশাপাশি আমেরিকায়ও এই ট্যুর আয়োজনের চেষ্টা চলছে। তিনি বলেন, গত কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহ ফিলিস্তিনীদের মুক্তির পক্ষে মানুষের সচেতনতা বাড়ার বিষয়টি সামনে এনেছে। একই সঙ্গে শিল্পীদেরও শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের অবস্থান জানানোর প্রয়োজন রয়েছে। গণহত্যা চলার সময় নিরপেক্ষ থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ট্যুরের প্রথম কনসার্ট ২৬ অক্টোবর ডাবলিনে, ২৯ অক্টোবর প্যারিসে এবং ৩০ অক্টোবর লন্ডনে হওয়ার কথা। ম্যাকলমোর বলেছেন, গণহত্যা চলার সময় নিরপেক্ষ থাকা সম্ভব নয়। বিষয়টি ভেবে দেখার মতো। গণহত্যা চলার সময় নিরপেক্ষ থাকার অর্থ আসলে গণহত্যাকে সমর্থন করা। এটাকে নিরপেক্ষ বলা যায় না। বর্তমান সভ্যতায় এমন ভ-ামি করে চলেছে অনেক ব্যক্তি, অনেক দেশ। এরা আসলে যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও ইসরাইলের সমর্থক। ন্যায়কে সমর্থনের সামর্থ এদের নেই। এরা অন্যায়কে সমর্থন করছে, ফলে পৃথিবীতে জুলুমের দৌরাত্ম্য চলতে পারছে। ইসরাইলের বড় সমর্থক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুধু গোলাবারূদ দিয়ে নেতানিয়াহুকে সাহায্য করছেন না, ভূমি দিয়েও নেতানিয়াহুকে সাহায্য করতে চাইছেন ইসরাইলকে, তবে সেটা নিজের ভূমি নয়। ফিলিস্তিন ও গোলান মালভূমির দিকে তার নজর। এ কারণেই হয়তো মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আটলান্টিক কাউন্সিল প্যানেলের আলোচনায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রসিকতা করে বলেছিলেন, ‘ইসরাইলকে যদি আপনি জমি দিতেই চান, তাহলে নিউজার্সি দিয়ে দিতে পারেন। কারণ, নিউ জার্সির মালিক আপনি; কিন্তু গোলান মালভূমির মালিক সিরিয়ার জনগণ।’ রসিকতা হলেও সিরিয়ার প্রেসিডেন্টের বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট আসেলে অনধিকার চর্চা করছেন মধ্যপ্রাচ্যে, সীমালঙ্ঘন করছেন ফিলিস্তিনে। তার প্রশ্রয়েই আজ যুদ্ধাপরাধীর মুকুট পরে দম্ভ করতে পারছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আমরা জানি দম্ভ কোনো ভালো বিষয় নয়, একসময় পতন হয় দম্ভের। ভুল আচরণের কারণে শুরু অন্য দেশে নয়, নিজ দেশেও সমর্থন কমছে ট্রাম্প ও নেতানিয়াহুর। যে আমেরিকার ওপর ভর করে নেতানিয়াহুর এত লম্ফজম্ফ, সেই দেশটিতেও তার প্রতি ঘৃণার মাত্রা বাড়ছে। বিষয়টি লক্ষ্য করে বেশ ব্যথিত ইসরাইলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি একজন শে^তাঙ্গ ইবানজেলিকাল খৃস্টান। তার চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি সাধারণ মার্কিন জনগণের সাথে খুব একটা মিলে না।
মাইক হাকাবিও অবগত আছেন যে, ইসরাইলের প্রতি আমেরিকানদের সমর্থন দিনদিন হ্রাস পাচ্ছে। তবে কারণ বিশ্লেষণ করতে গিয়ে তার বয়ান বেশ অভিনব, অন্যদের সাথে মিলছে না। ফিলিস্তিনে নেতানিয়াহু সরকারের জুলুম-নির্যাতন, ভূমি দখল, বেসামরিক নাগরিকদের হত্যা-ধর্ষণ এবং যুদ্ধাপরাধ তার চোখে ধরা পড়ে না। বরং তিনি বলছেন ভিন্ন কথা। ইসরাইলের প্রতি আমেরিকানদের সমর্থন কমে যাওয়ার জন্য মাইক হাকাবি দায়ী করছেন বাইবেলের প্রতি অজ্ঞতাকে। বৃহস্পতিবার নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, ভুল তথ্য ও বিদেশি অপপ্রচার, ‘ঈশ^র আছেন এবং তিনিই জীবনের নিয়ম-কানুন তৈরি করেছেন’-এমন বিশ^াসধারীদের প্রতি এক ধরনের বিদ্বেষ ও বাইবেল সম্পর্কে জ্ঞান না থাকাই সমর্থন হ্রাসের কারণ। তিনি বলেন, এসব বিষয় মিলিয়ে দেখলে মনে হয়, মানুষ কেবল ইসরাইলের ওপর ক্ষুব্ধ হতে চায় এবং সবকিছুর জন্য তাদেরই দায়ী করতে চায়। হাকাবি দাবি করেন, গাজায় গণহত্যার অভিযোগ এবং ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলার দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। গাজায় গণহত্যার বিষয়টিকে মিথ্যা বলে দাবি করলেন মাইক হাকাবি। এমন দাবি করার আগে তিনি কি করে ভুলে গেলেন আমেরিকাসহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন, কি করে ভুলে গেলেন জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতের বক্তব্য? আসলে তার দাবিটিই মিথ্যা ও উদ্ভট, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এমন একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের এ্যাম্বেসেডার, তিনি আসলে কার প্রতিনিধিত্ব করছেন. হাকাবি যুক্তরাষ্ট্র তথা দেশটির জনগণের প্রতিনিধিত্ব করছেন না, তিনি হয়তো ট্রাম্পের প্রতিনিধিত্ব করছেন। তবে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও ইসরাইলের প্রতি জনসমর্থন দিন দিন হ্রাস পাচ্ছে। যুক্তরাষ্ট্রকে এখন নতুন করে জানার সময় এসেছে। হাকাবির মনোজগতে জানার সেই আগ্রহ সৃষ্টি হবে কী? শিল্পী ম্যাকলমোর এবং রাষ্ট্রদূত মাইক হাকাবি যেন দুই ভবনের মানুষ, অথচ দু’জনই মার্কিন নাগরিক। একই দেশের মানুষ, অথচ তাদের চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গিতে কত পার্তক্য! ন্যায় ও অন্যায়ের চিরন্তন দ্বন্দ্বে একজন মজলুম মানুষের পক্ষে, অপরজন জালেমের পক্ষে অন্ধ। তাইতো একজন দৃশ্যমান নৃশংসতা এড়িয়ে গেলেন, অপরজন বললেন, ‘ফ্রি প্যালেস্টাইন’। ন্যায় ও অন্যায়ের চিরন্তন দ্বন্দ্বে ন্যায়ের জয় হোক। জয় হোক অভিযাত্রী ম্যাকলমোরের, জয় হোক ভূমিপুত্র ফিলিস্তিনিদের।
