মাহবুবুল হক

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে আমার পরিচয় ছিলো ১৯৭০ সাল থেকে। ওয়ারী রেংকিন স্ট্রিটের স্বনামধন্য এডভোকেট আবদুল গাফ্ফার ভাইদের নিচতলায় দুটি বাসা ছিলো। বড় বাসাটায় থাকতেন আমাদের বিচারপতি স্যার (তখন তিনি ছিলেন এডভোকেট)। পাশের ছোট বাসাটায় থাকতাম আমরা দুজন বন্ধু— সাংবাদিক সানাউল্লাহ আখুঞ্জী ও আমি। দুটি বাসার সঙ্গেই ছিলো একটা বড় আমগাছ। সেখানে বাস করতো লেজ হারিয়ে মানুষরূপী নাস্তিকদের পূর্বপুরুষরা (বানর)। থাক, সেসব। তখন থেকে নিয়ে সামান্য ব্যতিক্রম ছাড়া ইন্তিকালের পূর্ব পর্যন্ত আমাদের সম্পর্ক ছিল অটুট। বছর পাঁচেক আগে হঠাৎ একদিন তিনি আমাকে (কোথায় যেন যাচ্ছিলাম) বললেন, মাহবুব ভাই, আমাদের দেশের সমস্যাগুলো সেগরিগেট (Segregate) করতে হবে। গার্মেন্টস নিয়ে বহু সমস্যা ছিলো। আপনারাও তো গার্মেন্টস করেছিলেন এবং এখনো আমার মনে আছে, আপনারা পুরুষ শ্রমিক নিয়ে গার্মেন্টস শুরু করেছিলেন। কারণ আলেম-ওলামা নারীদের নিয়ে গার্মেন্টস করাকে হালাল মনে করতেন না। আপনারা পারেননি, কিন্তু গার্মেন্টস ওয়ালারা এদেশে ভালো করেছে। প্রথম ১০ বছরে অনেক রিস্ক ছিলো। সরকার ‘স্পুন’ দিয়ে তাদের সমস্ত ক্ষুধা (চাহিদা) মিটিয়েছিল। অর্থাৎ সম্পূর্ণ ‘ফিডিং’ করেছিল। শিল্প ও কারখানার আইন-কানুন বাংলাদেশে শিথিল করা হয়েছিল। বলতে গেলে সামান্য কিছু নিয়ম-কানুন ছিল—যা না রাখলেই নয়। একেবারেই পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়েছিল এই সেক্টরে। ভালো হয়েছিল। দুটি বেসরকারি ব্যাংক অনেক লগ্নি করে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। পরে অবশ্য তারা আবার লাভবানও হয়েছে। একটি হলো ন্যাশনাল ব্যাংক। আরেকটি হলো আপনাদের ইসলামী ব্যাংক। যাহোক, ১৯৮০ সালের পূর্ব থেকে গত শতাব্দীর শেষভাগে এসে গার্মেন্টস ‘২০ বছরের যুবকে’ দাঁড়িয়ে গেল। ভূমিকাটা না দিলে মূল প্রসঙ্গে প্রবেশ করা যেত না।

গার্মেন্টসে এখন যে সমস্যা আছে, তাকে সামাল দিতে হলে মহিলাদের একটি পৃথক সংগঠন গড়ে তোলা দরকার। ওপর কাঠামোয় দেশীয় শিক্ষিত ও বুঝবান মহিলারা থাকবেন, আর কর্মীবাহিনীর অধিকাংশ থাকবে গার্মেন্টস শিল্পের শ্রমিকরা। তাহলে তাদের ভেতর-বাইরের সব সমস্যা ও তার সমাধান তারা নিজেরাই উপলব্ধি করতে পারবে। এ বিষয়ে আপনার কী ধারণা?

আমি বললাম, স্যার, আমি তো এ বিষয়ে চিন্তাভাবনা করিনি। ফার্মগেটে ফার্মভিউ সুপার মার্কেটের ওপরে তিন ও চারতলা বানিয়ে পুরুষ শ্রমিক নিয়োগ দিয়ে আমরা বেজায় বেকায়দায় পড়েছিলাম। শ্রমিকরা পুরুষ হওয়ায় বেতন বেশি দিতে হতো। এটাও বড় কোনো সমস্যা ছিলো না। কারণ আমরা যে পাঁচজন অংশীদার ছিলাম, তারা সবাই ইসলামপন্থী হওয়ায় বিষয়টি আমরা পূর্বাহ্নেই চিহ্নিত করেছিলাম। ইন্ডিয়ান বায়াররা এসে বলতো, তিনটি ‘ডব্লিউ’ না হলে গার্মেন্টস চালানো যাবে না। প্রথম ‘ডব্লিউ’ হলো বিদেশের বায়ারদের মনোরঞ্জনের ব্যবস্থা করা। দেশে হলে মোটামুটি উন্নতমানের। না হলে বিদেশে। এই একটি পয়েন্টে এসে স্যার, আমরা হেরে গেলাম। আমরা সরাসরি বললাম, মাফ করবেন, এসব আমরা একদম পারবো না। তো বায়ারের লোক বললো, তাহলে যত তাড়াতাড়ি পারেন, কারখানাটি বিক্রি করে দিন। আমরা আমাদের বন্ধু ইয়থ গ্রুপের কাছে (অনেক লস দিয়ে) কারখানাটি তুলে দিয়েছিলাম। এরপর স্যার, গার্মেন্টস নিয়ে খুব বেশি একটা ভাবি না। মাঝে মাঝে কিছু এক্সিডেন্ট তো থাকবেই। বাংলাদেশ তো চলছে রেমিট্যান্স ও গার্মেন্টস দিয়ে। এই দুই পক্ষই তো এখন বিদেশি মুদ্রা আয় করছে।

স্যার বললেন, সব ঠিক আছে মাহবুব ভাই, ধরে নিলাম আমাদের দু’হাত ও দু’পা অবিরাম কাজ করছে। কিন্তু মাথাটা ঠিকভাবে কাজ করছে না। টার্গেট ছিলো, ‘যাবো মদিনায়’, কিন্তু এখন তো হাঁটছি শুমার (শামার) পথে। ধরে নিলাম, যে অশিক্ষিত মেয়েটি ১৯৮০ সালে গার্মেন্টসে ঢুকেছে— শুরুতে সে শুধু অশিক্ষিত ছিলো না, ছিলো হতদরিদ্র। তার ওপর দিয়ে কি জাহান্নাম গড়িয়ে গেছে, সে ছাড়া আর কেউ সেভাবে জানে না। এখন চাকরি জীবনের শেষ প্রান্তে এসে, সে না হয় নিম্ন মধ্যবিত্তেই পদার্পণ করেছে। তার ছেলে-মেয়েরাও তেমনভাবে লেখাপড়া শিখতে না পেরে গার্মেন্টসে জয়েন করেছে। গ্রামের সবাই বলে, ওরা সবাই ঢাকায় থাকে এবং ভালো আছে। কিন্তু এরা কেউ তো ভালো করে হালাল-হারাম জানে না। খারাপ-ভালো মিলিয়ে ইহকালটা না হয় তাদের ভালোই গেল। পরকালে কী হবে? আমার মাথায় এখন এসব দারুণভাবে ঘুরপাক খাচ্ছে। ময়মনসিংহের গ্রামের বাড়িতে গেলে আমার ভালো লাগে। যারা খালি পায়ে হাঁটতো শুধু একটা লুঙ্গি পরে, ঘাড়ে একটা গামছা রেখে দিনমান চলাফেরা করতো, কাজ-কর্ম করতো। যাদের ঘর-দুয়ার বলতে তেমন কিছু ছিল না। তারা এবং তাদের ছেলেমেয়েরা এখন ভালো আছে। তিন বেলা খেতে পারছে। কিছু কিছু লেখাপড়াও শিখছে। কিন্তু তেমন কোনো পরিবারকে তো আল্লাহওয়ালা হতে দেখি না। এখানেই আমার ভয়! এখানেই আমার শঙ্কা! আমি তো আর নিশ্চয়ই বেশিদিন নাই। এদের আখিরাতের কথা যখন আমার মনে হয়, তখন আমি চঞ্চল হয়ে উঠি। কী করা যায় বলেন তো?

আমি বললাম, ৮০ সালের প্রথমদিকে আমরা যে গার্মেন্টস গড়ে তুলেছিলাম, সেই গার্মেন্টসের বড় অংশীদার ছিলেন জামালপুরের স্বনামধন্য এডভোকেট সুজাত আলী। যিনি ছিলেন ফার্মভিউ সুপার মার্কেটের মালিক। পেশার বাইরে তিনি একটা আন্দোলন করতেন, ‘অশিক্ষা মহাপাপ’। অর্থাৎ অশিক্ষাকে তিনি ‘কবিরা গুনাহ’ হিসেবে চিহ্নিত করেছিলেন। ঐ আন্দোলনের সাথে আমরাও জড়িত ছিলাম। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, অশিক্ষা না বলে, ‘না জানা মহাপাপ’ বা ‘অজ্ঞানতা মহাপাপ’— এই ধরনের নাম দিলে যুক্তিযুক্ত হতো। তিনি আমার কথা মেনে নিয়েও বলেছিলেন, প্রতিষ্ঠানটি তো আরও ১০ বছর আগে রেজিস্ট্রেশন করা। এখন আর নাম পরিবর্তন করা যাবে না। তিনি বলতেন, নামাজ ফরজ। কিন্তু আল্লাহর হুকুম না জানা— ফরজে আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। কুরআনের প্রথম বাক্যই হলো, ‘ইকরা’। ‘ইকরা’ মানে পড়া। মহান আল্লাহ তায়ালা পড়তে বলেছেন। আমরা না পড়েই শিশু থেকে বৃদ্ধ হয়ে যাচ্ছি এবং শেষে ইন্তিকাল করছি। বলা হয়ে থাকে এক ওয়াক্ত নামাজ না পড়লে, ‘আশি হোকবা’ জাহান্নামে জ্বলতে হবে। যদি তাই হয়, তাহলে কুরআন না পড়লে, হাদিস না পড়লে, রাসূল সা.-এর জীবনী না পড়লে কত ‘হুকবা’ জাহান্নামে জ্বলতে হবে? আরও বলতেন, এই যে আমরা না জেনে, না বুঝে, না উপলব্ধি করে অন্ধের মতো নামাজ পড়ছি, এটা কি ঠিক হচ্ছে? কত পারসেন্ট মুসলিমের নামাজ সহিহ হয়? আমরা তো নামাজ পড়ছি। কিন্তু নামাজে আমরা কী পড়ছি? কী বলছি? কী শপথ বা অঙ্গীকার করছি? কিছুই তো জানি না। জানার প্রয়োজনও মনে করছি না। অন্যান্য ধর্মের মতো ঠাকুর-পুরোহিতরা যা পড়েন, অনুসারীরা তাই শুধু শ্রবণ করেন। যেমন আমাদের ইমাম সাহেব নামাজ পড়ান, আমরা তার আয়াত পড়াসহ অন্যান্য উচ্চারণ অনুসরণ করি মাত্র। কিছু কিছু মুখস্ত করানো হয়। কিন্তু অর্থ জানানো হয় না। এতে কি ইবাদত-বন্দেগীর হাকিকত আদায় হয়? অবশ্যই হয় না। যাদের শেখানোর কথা, তারা যদি জেনেও না শেখান, তাদের অবস্থাও আখিরাতে কী হবে? এই যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবরা জানাচ্ছেন না, আবার হয়তো অনেক কিছু জানাচ্ছেন, বোঝাচ্ছেন, কিন্তু পড়ার কথা বলছেন না— এজন্য নিশ্চয়ই তাদের পাপ হবে। মহান আল্লাহ কুরআনে তো প্রথমেই নামাজ পড়তে বলেননি বা নামাজ পড়ার নির্দেশ দেননি, সেই নির্দেশ এসেছিলো অনেক পরে। আমরা আল্লাহর এক নাম্বার তথা প্রথম নির্দেশই তো মানলাম না। অন্যান্য অনেক নির্দেশ ‘ভুলচুক’ করে মানলাম—তাতে কি আমরা জান্নাতে যাব? জান্নাতে যেতে হলে পড়তে হবে। মহান আল্লাহর আদেশ-নিষেধগুলো পড়ে পড়ে জানতে হবে, মানতে হবে। পড়ার মাধ্যমেই জানতে হবে। তিনি বলতেন, তার অর্থ হলো সবার অক্ষরজ্ঞান থাকতে হবে। অন্তত স্বল্প শিক্ষিত হতে হবে। হালাল-হারাম জানতে হবে। অর্থাৎ ইহকাল ও পরকালকে জানার জন্য বেসিক জ্ঞান অর্জন করতে হবে (তিনি ফার্মগেট এলাকায় এসব বিষয় নিয়ে দেয়ালে দেয়ালে চিকা মারার ব্যবস্থা করতেন এবং মাঝে মাঝে পোস্টার ছেপে দেয়ালে সাঁটাতেন)। আমার এর বেশি আর কথা নেই, স্যার। আমারও একই কথা প্রত্যেক মুসলিমকে ক্ষুদ্র জ্ঞানী হলেও হতে হবে।

স্যার বললেন, আমিও তো একই কথা বলেছি, ‘দু’হাত-দু’পা চললেও কাজ হবে না, পরিপূর্ণ কাজ হবে যদি আমরা আমাদের মাথাকে ঠিকঠাক পজিশনে রাখতে পারি’। এই যে আমরা ২৫ থেকে ৩০ লাখ নারীকে গার্মেন্টসে রেখেছি, তারা কি ‘পড়া’ শিখে এসেছে। নাকি তারা গার্মেন্টসে অবস্থান করে সেসব শিখছে। এর সঠিক জবাব তো আমাদের কাছে আছে। আমরা খাচ্ছি, দাচ্ছি, পরছি, কোনো না কোনোভাবে জীবন অতিবাহিত করছি। কিন্তু আখিরাতের কথা বাঙালি মুসলমানরা সঠিকভাবে উপলব্ধি করছি না। আলেমরা বলছেন, একবার কলেমা পড়তে পারলেই জান্নাতে যাওয়া যাবে। এই পড়া তো সেই পড়া নয়। এটা তো না বুঝে উচ্চারণ করা। যা আমরা উচ্চারণ করছি, তা অবশ্যই আমাদের জানতে হবে। সেই জানার কোশেশ করলে, কুরআনের মৌলিক বিষয়; যেমন— মহান আল্লাহর আদেশ ও নিষেধগুলো জানতে হবে, মানতে হবে, জানাতে হবে। সেই সুযোগটা গার্মেন্টসের মহিলাদের কীভাবে জানানো যায়, সেজন্যই তো আপনাকে ডেকেছিলাম। আপনিও তো আমাকে সমর্থন করলেন। এখন আসুন, লক্ষ্য তো আমাদের ঠিক হয়ে আছে। কর্মসূচিতে হাত দিই।

স্যার, গার্মেন্টস একটি স্পর্শকাতর এলাকা। এখানে ইহুদি, নাসারাসহ দুনিয়ার তাবৎ ষড়যন্ত্রকারীরা চোখ লাগিয়ে বসে আছে। এখানে আপনি ইসলামের পক্ষে কোনো কাজই করতে পারবেন না। অর্থাৎ করতে দেয়া হবে না। ভুয়া ‘জঙ্গি’ বানিয়ে মহাসংকট সৃষ্টি করে ফেলবে। প্রয়োজনে গার্মেন্টস বন্ধ করে দেবে। প্রথমেই তো তারা যে গার্মেন্টসে ইসলামের প্রচার চলে, সেই গার্মেন্টসে পারচেজ ওয়ার্ডার দেবে না। ব্যস্, একসাথে সব শেষ হয়ে গেল।

স্যার বললেন, আপনি যেভাবে বলছেন, বিষয়গুলো এত কাটখোট্টা নয়। এত কট্টর নয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আইএলওসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এসব বিষয় নিয়ে কম মাথা ঘামায়নি। কারণ বিষয়গুলো একতরফা নয়। সস্তায় পণ্য পেতে হলে ওদের আমাদের মতো তৃতীয় বিশ্বে হাত পাততেই হবে। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক অধিকার বলতে বোঝায়, একজন শ্রমিকও একজন পূর্ণ মর্যাদাসম্পন্ন মানুষ— তাই কর্মক্ষেত্রে তার সম্মান, নিরাপত্তা, ন্যায্যতা, স্বাধীনতা, ব্যক্তিগত বিশ্বাস ও মানবিক মর্যাদা রক্ষিত হওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশের গার্মেন্টস খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন এবং তাদের বড় অংশ নারী।

১. শ্রমিকের নৈতিক অধিকার হলো—ক. সততার সঙ্গে ন্যায্য পারিশ্রমিক পাওয়া। খ. কাজের বিনিময়ে প্রতারণা, মজুরি আটকে রাখা বা অন্যায় কর্তন থেকে সুরক্ষা। গ. শ্রমিককে মানুষ হিসেবে সম্মানজনক আচরণ করা। ঘ. অপমান, গালাগালি, ভয় দেখানো বা অযৌক্তিক শাস্তি না দেওয়া। ঙ. নারী শ্রমিকের প্রতি যৌন হয়রানি ও বৈষম্য না করা। চ. পদোন্নতি, নিয়োগ ও সুযোগের ক্ষেত্রে ন্যায্যতা। ছ. শ্রমিকের অভিযোগ করার সুযোগ এবং অভিযোগের কারণে প্রতিশোধের শিকার না হওয়া।

২. মানবিক অধিকার : একজন গার্মেন্টস শ্রমিকের অধিকার থাকা উচিত— ক. অধিকার বলতে জীবন ও নিরাপত্তার অধিকার। খ. নিরাপদ ভবনে কাজ করা এবং দুর্ঘটনা থেকে সুরক্ষা। গ. জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি। ঘ. নির্ধারিত কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি। ঙ. নিরাপদ পরিবেশ, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা। চ. সন্তান জন্মদানকারী নারীর আইনসম্মত ছুটি ও সুবিধা। ছ. ট্রেড ইউনিয়ন গঠন ও যৌথভাবে দাবি জানানোর সুযোগ। জ. নারী-পুরুষ, ধর্ম, বয়স বা অন্য পরিচয়ের কারণে অন্যায় বৈষম্য না হওয়া। ঝ. শারীরিক, মানসিক ও যৌন হয়রানি থেকে সুরক্ষা।

আইএলও ২০২৩ সালের সংশোধনে বাংলাদেশের শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি ১২০ দিনে উন্নীত করা হয়েছিল এবং বড় কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল। ২০২৫ সালের পর্যবেক্ষণে বাংলাদেশে কর্মঘণ্টা ও সাপ্তাহিক বিশ্রামের বিধান বাস্তবায়নে সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।

৩. আধ্যাত্মিক অধিকার : এটি একটু ভিন্ন বিষয়। বাংলাদেশের শ্রম আইনে ‘আধ্যাত্মিক অধিকার’ নামে আলাদা একটি পূর্ণাঙ্গ অধিকার-অধ্যায় নেই। কিন্তু মানবাধিকারের দৃষ্টিতে শ্রমিকের বিবেক, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত মর্যাদা অক্ষুণ্ন রাখার ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়।

অর্থাৎ একজন শ্রমিকের—ক. নিজের ধর্ম ও বিশ্বাস পালন করার স্বাধীনতা। খ. ধর্মীয় পরিচয়ের কারণে অপমান বা বৈষম্যের শিকার না হওয়া। গ. যুক্তিসঙ্গতভাবে ধর্মীয় আচার পালনের সুযোগ। ঘ. নিজের বিবেক ও মূল্যবোধ অনুযায়ী জীবনযাপনের সম্মান। ঙ. কর্মক্ষেত্রে মানুষ হিসেবে মানসিক শান্তি ও মর্যাদা পাওয়ার অধিকার থাকা উচিত। কর্মক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা মানে কারও ওপর নিজের ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেওয়া নয়। প্রত্যেক শ্রমিকের বিশ্বাস ও অবিশ্বাস, উভয়ের প্রতিই সম্মান থাকা দরকার।

৪. বর্তমান বাস্তবতায় গার্মেন্টস শ্রমিকদের অধিকারের সবচেয়ে বড় প্রশ্নগুলো হলো মজুরি, জীবনযাত্রার ব্যয়, অতিরিক্ত কর্মঘণ্টা, নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন ও অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা। ২০২৩ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮,০০০ থেকে ১২,৫০০ টাকায় বাড়ানো হয়েছিল; তবু কিছু মানবাধিকার সংস্থা মজুরি নির্ধারণে ন্যায্যতা, স্বচ্ছতা এবং শ্রমিকদের জীবনযাত্রার উপযোগী মজুরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।

গার্মেন্টস শ্রমিকের অধিকার শুধু ‘শ্রমিকের অধিকার’ নয়— এটি মানুষের অধিকার।

একজন শ্রমিকের ন্যায্য মজুরি যেমন দরকার, তেমনি দরকার সম্মান; নিরাপদ কর্মপরিবেশ যেমন দরকার, তেমনি দরকার মানসিক শান্তি; শ্রমিক সংগঠনের অধিকার যেমন দরকার, তেমনি দরকার নিজের ধর্ম-বিবেক ও ব্যক্তিসত্তার প্রতি সম্মান।

তাই একটি আদর্শ গার্মেন্টস কারখানার লক্ষ্য হওয়া উচিত

ন্যায্য মজুরি + নিরাপদ কর্মপরিবেশ + মানবিক আচরণ + সামাজিক নিরাপত্তা + সংগঠনের স্বাধীনতা + ধর্মীয়/ বিবেকের স্বাধীনতা + নারী শ্রমিকের মর্যাদা।

বললাম, স্যার আপনি এসব নোট পকেটে রেখে দেন?

স্যার বললেন, না রাখি না, তবে আপনার সাথে আলাপ করবো বলে নোটটা তৈরি করে রেখেছি। প্রয়োজন হলে আপনি নিতে পারেন। (আমি হাত বাড়িয়ে নিলাম)। এসব কারণে আমার মাথায় এসেছে গার্মেন্টস কর্মীদের কেন্দ্র করে মহিলাদের একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা দরকার। সেই দলটি মুসলিম নারীদের অন্তত ‘ইকরা’ শেখাবে এবং তার সাথে সাথে গার্মেন্টস ক্ষেত্রকে বিশ্বের বুকে প্রাধান্য দেয়ার চেষ্টা করবে। অধিকাংশ মহিলা কর্মী এই ডাকে সাড়া দেবে বলে আমার ধারণা। কারণ গার্মেন্টসের ক্ষতি করে তাদের তো এখানে অংশগ্রহণ করার প্রয়োজন নেই। এক্ষেত্রে মালিকদের সাহায্য-সহযোগিতাও বিশেষভবে প্রয়োজন হবে। এই প্রক্রিয়ায় সবার উন্নতি হবে। কারো কোনো ক্ষতি হবে না।

আমি বললাম, আপনার এই পরিকল্পনায় কি সমাজের অন্যান্য নারীরাও অংশগ্রহণ করতে পারবে?

স্যার বললেন, কেন নয়? এটা তো হবে পরিপূর্ণ মহিলা সংগঠন। একটি মহিলা সংগঠনে যা থাকে, প্লাস-মাইনাস এখানেও তা থাকবে। এখানকার বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য হলো— এরা পিছিয়ে থাকা নারীদের অগ্রসর হওয়ার বিষয়ে জীবনবাজি রেখে পরিশ্রম করবে।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ নবতর সে কাজটি করে যেতে পারেননি। তবে আমি মনে করি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ এ সেক্টরে ব্যাপকভাবে কাজ করে তাঁরা এ স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আমি সেই প্রত্যাশায় রইলাম।

লেখক : সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক।