উন্নয়নের স্বপ্ন বিস্তৃত হওয়ার সাথে, দীর্ঘ হচ্ছে বাংলাদেশের বৈদেশিক ঋণের হিসাব, আর সে হিসাবের দায় ক্রমেই কঠিন হয়ে উঠছে দেশের অর্থনীতির জন্য। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈদেশিক ঋণ দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিল্পায়নসহ বিভিন্ন খাতে বিদেশি ঋণের অর্থ বিনিয়োগ করা হয়েছে। তবে উন্নয়নের এ অর্থায়ন এখন নতুন করে অর্থনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বব্যাংকের International Debt Report ২০২৬ অনুযায়ী, ২০২৫ সালের শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১৩.৪৪ বিলিয়ন ডলারে। দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৫৭ লাখ ধরে মাথাপিছু বৈদেশিক ঋণের গড় দাঁড়ায় প্রায় ৬৪৬ ডলার বা ৮০ হাজার ৩৩০ টাকা। তবে এটি প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ঋণ নয়; মোট বৈদেশিক ঋণকে জনসংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া একটি গড় হিসাব।

ঋণের এ পরিমাণ একদিনে তৈরি হয়নি। ২০১৫ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল ৩৮.৭৭ বিলিয়ন ডলার, যা ২০২০ সালে বেড়ে ৭৩.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। পরবর্তী বছরগুলোতেও এ প্রবণতা অব্যাহত থাকে। ২০২১ সালে ঋণের পরিমাণ ছিল ৯১.৪৯ বিলিয়ন ডলার, ২০২২ সালে ৯৬.৯৫ বিলিয়ন এবং ২০২৩ সালে ১০১.৩৮ বিলিয়ন ডলার। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১০৪.৫০ বিলিয়ন ডলারে। সর্বশেষ ২০২৫ সালের শেষে এ অঙ্ক ১১৩.৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ এক দশকে বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় তিন গুণ হয়েছে, যা দেশের ক্রমবর্ধমান ঋণনির্ভর অর্থনৈতিক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্প্রসারণ, সড়ক, সেতু, বন্দর নির্মাণ এবং শিল্পায়নের মতো বড় প্রকল্পে বৈদেশিক ঋণের ভূমিকা রয়েছে। এসব ঋণ উন্নয়নের সুযোগ তৈরি করলেও প্রশ্ন থেকে যায়, ঋণের অর্থ কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার হচ্ছে? কোনো প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়া, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া কিংবা প্রত্যাশিত আয় না আসার ফলে ঋণের অর্থনৈতিক সুফল কমে যেতে পারে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক ঋণের বড় অংশ এসেছে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণদাতাদের কাছ থেকে। বহুপক্ষীয় ঋণের পরিমাণ প্রায় ৫১.১৪ বিলিয়ন ডলার এবং দ্বিপক্ষীয় ঋণ প্রায় ৩২.৬৫ বিলিয়ন ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের IDA থেকে ২২.৬৪ বিলিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক ADB থেকে ১৭.৫২ বিলিয়ন, জাপান থেকে ১২.৭২ বিলিয়ন এবং রাশিয়া থেকে ৯.০২ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে। এসব ঋণের শর্ত, সুদের হার, পরিশোধের সময়সীমা ও প্রকল্পের আয় বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। কারণ ঋণের উৎস ও শর্তের ওপর নির্ভর করে ভবিষ্যতে অর্থ পরিশোধের চাপও ভিন্ন হতে পারে। ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি ঋণ পরিশোধের চাপও বাড়ছে। বিশ্বব্যাংকের হিসাবে, বাংলাদেশের বৈদেশিক ঋণ রপ্তানি আয়ের প্রায় ২১০.৫ শতাংশ এবং মোট জাতীয় আয়ের ২৩.৬ শতাংশের সমান। অন্যদিকে, ঋণ পরিশোধের পরিমাণ রপ্তানি আয়ের প্রায় ১৫.৭ শতাংশ। অর্থাৎ রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার একটি উল্লেখযোগ্য অংশ ঋণ পরিশোধে ব্যয় হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বিনিময় হারের ওঠানামা। টাকার অবমূল্যায়ন হলে একই পরিমাণ ডলার পরিশোধ করতে সরকারকে আগের তুলনায় বেশি টাকা ব্যয় করতে হয়। ফলে বাজেটের ওপর চাপ বাড়ে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো খাতে প্রয়োজনীয় ব্যয় সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণও আলোচনার দাবি রাখে।

২০২৫ সালের হিসাবে ভারতের বৈদেশিক ঋণ প্রায় ৭৬৩.৫২ বিলিয়ন ডলার, পাকিস্তানের ১৩৫.১১ বিলিয়ন এবং শ্রীলঙ্কার ৫৭.৬৬ বিলিয়ন ডলার। তবে শুধু মোট ঋণের অঙ্ক দিয়ে কোনো দেশের অর্থনৈতিক সক্ষমতা বিচার করা যায় না। দেশের রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জাতীয় আয়, ঋণ পরিশোধের সক্ষমতা এবং ঋণের ব্যবহার সবকিছু বিবেচনা করা জরুরি। কারণ ঋণ যত বড়ই হোক, তা থেকে আয় ও উৎপাদন বাড়লে অর্থনীতির জন্য ইতিবাচক ফল আসতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ হলো ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর সম্ভাব্য প্রভাব। বর্তমানের অপরিকল্পিত ঋণ গ্রহণ ও অপচয়ের দায় ভবিষ্যতে করদাতা, কর্মজীবীদের এবং নতুন প্রজন্মকে বহন করতে হতে পারে। তাই ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিশ্চিত করা জরুরি। সরকারকে করের আওতা বাড়ানো, কর ফাঁকি রোধ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে কঠোর হতে হবে। পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, প্রবাসী আয় বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে হবে।

উন্নয়নের নামে নেওয়া ঋণ যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়, সে দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। কারণ একটি দেশের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা শুধু কত বড় প্রকল্প নির্মিত হয়েছে, তা দিয়ে নির্ধারিত হয় না; বরং সেই উন্নয়ন কতটা আয়, কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেরেছে, তার ওপরই নির্ভর করে। বৈদেশিক ঋণ নিজে কোনো অভিশাপ নয়; বরং সঠিক পরিকল্পনা ও ব্যবহারে এটি উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। কিন্তু ঋণ গ্রহণের আগে তার সুফল, পরিশোধের সক্ষমতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রভাব বিবেচনা করা প্রয়োজন। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন ঋণ নেওয়া নয়, বরং নেওয়া ঋণ কতটা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে এবং নির্ধারিত সময়ে তা পরিশোধের সক্ষমতা কতটা তৈরি হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে ঋণনির্ভরতার পরিবর্তে উৎপাদনশীল ও স্বনির্ভর অর্থনীতির ভিত্তি শক্তিশালী করাই সময়ের দাবি।

লেখক : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা।