জাফর আহমাদ
মানুষ আল্লাহর সৃষ্টি সমুহের মধ্যে এমন এক সৃষ্টি যাকেই কেবল জ্ঞান, বিবেক-বুদ্ধি ও বোধ শক্তি দান করা হয়েছে। আল্লাহ তা’আলা বলেন, “আমি কি তাকে দু’টি চোখ, একটি জিহ্বা ও দু’টি ঠোঁট দেইনি?” (সুরা বালাদ : ৮-৯) এর অর্থ হচ্ছে, আমি কি তাকে জ্ঞান ও বুদ্ধির উপকরণ দেইনি। দু’টি চোখ মানে গরু ছাগলের চোখ নয়, মানুষের বুদ্ধিদীপ্ত চোখ। যে চোখ মেলে তাকালে চারদিকে এমন সব আলামত নজরে পড়বে, যা মানুষকে প্রকৃত সত্যের সন্ধান দেবে এবং তাকে ভুল ও নির্ভুল এবং সত্য ও মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেবে। জিহবা ও ঠোঁট মানে নিছক কথা বলার যন্ত্র নয় বরং যে ব্যক্তি কথা বলে এবং ঐ যন্ত্রগুলোর পেছনে বসে যে ব্যক্তি চিন্তা যোগায় তারপর মনের কথা প্রকাশ করার জন্যে তার সাহায্য গ্রহণ করে।
প্রত্যেক মানুষকে জ্ঞান ও বিবেক-বুদ্ধির যোগ্যতা দেয়ার সাথে সাথে তাকে একটি নৈতিক বোধ ও অনুভূতি দেয়া হয়েছে যার সাহায্যে সে প্রকৃতগতভাবেই ভাল ও মন্দের পার্থক্য করে, কিছু কাজ-কর্ম ও বৈশিষ্ট্যকে খারাপ বলে জানে যদিও সে নিজেই তাতে লিপ্ত। আবার কিছু কাজ-কর্ম ও গুণাবলীকে ভাল বলে মনে করে যদিও সে নিজে তা থেকে দূরে অবস্থান করে। এ জন্য চোরকে চোর বলে দোষারূপ করলে বা অন্য কোন খারাপ বা পাপ কাজ যা সে নিজের জন্য বৈধ করে নিয়েছে তার অবস্থাও এই যে, কেউ যদি তার ওপর মন্দ কাজের অভিযোগ আরোপ করে তাহলে তারা প্রতিবাদে চিৎকার করে উঠবে। অনুরূপ ভাল কাজ ও গুণাবলীকে কেউ মূর্খতা, নির্বুদ্ধিতা এবং সেকেলে ঠাওরিয়ে রাখলেও কোন মানুষের কাছ থেকে তারা যখন নিজেরাই নিজেদের সদাচরণের সুফল ও উপকার লাভ করে তখন তারা সেটিকে মূল্যবান মনে করতে বাধ্য হয়ে যায়। এর দ্বারা জানা যায় মিথ্যা ও অবাস্তব অলীক দর্শন সত্ত্বেও বাস্তবে তারা নিজেরাও সেসব কাজকে খারাপই মনে করে থাকে। অর্থাৎ সে তার সকল ইন্দ্রীয়কে অবচেতন করতে পারলেও তার বিবেক-বুদ্ধিকে কখনো অবচেতন করতে পারে না।
প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহ তা’আলা বিবেক (তিরস্কারকারী নফস) বলে একটি জিনিস রেখে দিয়েছেন। যখন সে কোন মন্দ কজ করতে উদ্যত হয় অথবা করতে থাকে অথবা করে ফেলে তখন এ বিবেকই তাকে দংশন করে। যতই হাত বুলিয়ে বা আদর-সোহাগ করে দিয়ে মানুষ এ বিবেককে ঘুম পাড়িয়ে দিক, তাকে অনুভূতিহীন বানানোর যত চেষ্টাই সে করুক সে তাকে একদম নিশ্চিহ্ন করতে সক্ষম নয়। হঠকারী হয়ে দুনিয়ায় সে নিজেকে চরম বিবেকহীন প্রমাণ করতে পারে, সে সুন্দর সুন্দর অজুহাত খাড়া করতে দুনিয়াকে ধোঁকা দেয়ার সব রকম প্রচেষ্টা চালাতে পারে, সে নিজের বিবেককে প্রতারিত করার জন্য নিজের কর্মকাণ্ডের সপক্ষে অসংখ্য ওজর পেশ করতে পারে; কিন্তু এসব সত্ত্বেও আল্লাহ তার স্বভাব-প্রকৃতিতে যেসব হিসাব পরীক্ষককে নিয়োজিত রেখেছেন সে এত জীবন্ত ও সজাগ যে, সে নিজে প্রকৃতপক্ষে কি তা কোন অসৎ মানুষের কাছেও গোপন থাকে না। যেমন আল্লাহ তা’আলা বলেন, “মানুষ যত ওজরই পেশ করুক না কেন সে নিজেকে নিজে খুব ভাল করেই জানে।” (সুরা কিয়ামাহ : ১৫)
মানুষের নিজের সত্তায় এবং তার চারপাশে যমীন থেকে আসমান পর্যন্ত গোটা বিশ্ব জাহানের সর্বত্র এমন অসংখ্য নিদর্শনাদি ছড়িয়ে ছিটিয়ে আছে যা আমাদের জানিয়ে দিচ্ছে যে, এমনসব জিনিস কোন শক্তিধর মহান সত্তা আল্লাহ ছাড়া হতে পারে না কিংবা বহু সংখ্যক খোদা এ নিদর্শনাবলী বিশ্ব-জাহানের সৃষ্টিকর্তা বা পরিচালক হতে পারে না। বিশ্ব চরাচরের সর্বত্র এবং মানুষের আপন সত্তার অভ্যন্তরে বিদ্যমান এ নিদর্শনাবলীই কিয়ামত ও আখিরাতের সুস্পষ্ট প্রমাণ পেশ করেছে। মানুষ যদি এসব থেকে চোখ বন্ধ করে থাকে অথবা বুদ্ধি কাজে লাগিয়ে সব বিষয়ে চিন্তা-ভাবনা না করে অথবা তা যেসব সত্যের প্রতি ইংগিত করছে তা মেনে নিতে টালবাহানা ও গড়িমসি করে তাহলে তা তার নিজেরই অপরাধ। আল্লাহ তা’আলা নিজের পক্ষ থেকে তার সামনে সত্যের সন্ধান দাতা নিদর্শনাদি পেশ করতে আদৌ কোন অসম্পূর্ণতা রাখেননি।
মানুষের নিজের জীবনে তার সমসাময়িক পৃথিবীতে এবং তার পূর্বেও অতীত ইতিহাসের অভিজ্ঞতায় এমন অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে এবং হয়ে থাকে যা প্রমাণ করে যে, একটি সর্বোচ্চ ক্ষমতাধর শাসন-কর্তৃত্ব তার ওপর এবং সমগ্র বিশ্ব-জাহানের ওপর কর্তৃত্ব চালিয়ে যাচ্ছেন যাঁর সামনে সে নিতান্তই অসহায়। যাঁর ইচ্ছা সবকিছুর ওপর বিজয়ী এবং যাঁর সাহায্যের সে মুখাপেক্ষী। এসব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ বাহ্যিক ক্ষেত্রসমূহেই শুধু এ সত্যের প্রমাণ পেশ করে না। বরং মানুষের নিজের প্রকৃতির মধ্যেও সে সর্বোচ্চ শাসন-কর্তৃত্বের প্রমাণ বিদ্যমান যার কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষেত্রে খারাপ সময়ে নাস্তিকরাও আল্লাহর সামনে প্রার্থনার হাত প্রসারিত করে এবং কট্রর মুশরিকরাও সব মিথ্যা খোদাকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহকে ডাকতে শুরু করে।
মানুষের বিবেক-বুদ্ধি ও প্রকৃতিগত জ্ঞানের অকাট্য ও চূড়ান্ত রায় হলো, অপরাধের শাস্তি এবং উত্তম কার্যাবলীর প্রতিদান অবশ্যই পাওয়া উচিত। এ উদ্দেশে দুনিয়ার প্রত্যেক সমজে কোন না কোন রূপে বিচারব্যবস্থা কায়েম করা হয় এবং যেসব কাজ-কর্ম প্রশংসনীয় বলে মনে করা হয় তার জন্য পুরস্কার ও প্রতিদান দেয়ারও কোন না কোন ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে, নৈতিকতা এবং প্রতিদান বা ক্ষতিপূরণ আইনের মধ্যে এমন একটি অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান যা অস্বীকার করা কোন মানুষের পক্ষেই সম্ভব নয়। একথা যদি স্বীকার করা হয় যে, এ পৃথিবীতে এমন অসংখ্য অপরাধ আছে যার যথাযোগ্য শাস্তি তো দূরের কথা যার আদৌ কোন শাস্তি দেয়া যায় না। এবং এমন অসংখ্য সেবামূলক ও কল্যাণমূলক কাজ আছে যার যথাযোগ্য প্রতিদান তো দূরের কথা কাজ সম্পাদনকারী আদৌ কোন প্রতিদান লাভ করতে পারে না। তাহলে আখেরাত মেনে নেয়া ছাড়া কোন উপায় থাকে না।
বিভিন্ন উপায়-উপকরণের সাহায্যে মানুষকে হিদায়াত ও পথপ্রদর্শনের জন্য আল্লাহ তা’আলা পৃথিবীতে নবী পাঠিয়েছেন এবং কিতাব নাযিল করেছেন। এসব কিতাবে পরিস্কার ভাষায় বলে দেয়া হয়েছে, শোকরের পথ কোনটি এবং কুফরের পথ কোনটি এবং এ দুটি পথে চলার পরিণামই বা কি। নবী রাসুল এবং তাদের সাথে প্রেরিত কিতাবসমূহের শিক্ষা জানা-অজানা, দৃশ্য-অদৃশ্য অসংখ্য উপায় ও পন্থায় এত ব্যাপকভাবে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে যে, কোন জনপদই আল্লাহ ও আখিরাতের ধারণা, সৎ ও অসৎ কাজের পার্থক্য বোধ এবং তাঁদের পেশকৃত নৈতিক নীতিমালা ও আইন-বিধান সম্পর্কে অজ্ঞ নয়, নবী-রাসুলের আনীত কিতাবসমূহের শিক্ষা থেকেই তারা এ জ্ঞান লাভ করেছে তা তাদের জানা থাক বা না থাক। বর্তমানে যেসব লোক নবী-রাসুগণ এবং আসমানী কিতাবসমূহকে অস্বীকার করে অথবা তাদের সম্পর্কে কোন খবরই রাখে না তারাও এমন অনেক জিনিস অনুসরণ করে থাকে যা মূলত ঐ সব শিক্ষা থেকে উৎসারিত ও উৎপন্ন হয়ে তাদের কাছে পৌঁছেছে। অথচ মূল উৎস কি সে সম্পর্কে তারা কিছুই জানে না। তবে কোন নির্বোধ যদি মনে করে অথবা কোন হঠকারী ব্যক্তি যদি সিদ্ধান্ত নিয়ে বসে থাকে যে, ন্যায় ও ইনসাফের ধারণা পোষণকারী মানুষ এমন এক পৃথিবীতে জন্মলাভ করে ফেলেছে যেখানে ন্যায় ও ইনসাফের ধারণা একেবারেই অনুপস্থিত তবে সেটা আলাদা কথা, এরপর অবশ্য একটি প্রশ্নের জওয়াব দেয়া তার দায়িত্ব ও কর্তব্য হয়ে পড়ে। তাহলো, এমন এক বিশ্বে জন্মলাভকারী মানুষের মধ্যে ইনসাফের এ ধারণা এলো কোথা থেকে। জবাব দিতে সে বাধ্য যে, মহান আল্লাহ তা’আলাই এগুলোর মূল উৎস। নবী-রাসুলের আনীত কিতাবসমূহের শিক্ষা থেকেই তা উৎসারিত।
আগেই বলা হয়েছে যে, মহান আল্লাহ মানুষকে দুটো চোখ, একটি জিহবা ও দুটো ঠোঁট দিয়েছেন। মুফাস্সিরীণ কেরামগণ এর দ্বারা জ্ঞান ও বুদ্ধি দানের কথা উল্লেখ করেছেন। তথাপি যদি এ গুলোর প্রকৃত কার্যধারা পর্যালোচনা করা হয় তাহলে আমাদের সামনে এগুলোর ক্ষেত্র পরিধি কম নয়। মানুষ সামাজিক জীব হিসাবে তার পুরো জীবন যোগাযোগ নির্ভর। প্রতিদিন ঘুম থেকে উঠার পর আবার ঘুম যাওয়ার আগ পর্যন্ত তাকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হয়। নিজের প্রয়োজনে বা সমাজের প্রয়োজনে তাকে যোগাযোগ করেতই হয়। যোগাযোগ ছাড়া কোন মানুষ সমাজে টিকে থাকতে পারে না। তাই মহান আল্লাহ মানুষকে যোগাযোগের ধরণ, কিভাবে কথা বলতে হবে এবং কার সাথে কি ধরনের আচরণ করতে হবে, তা তিনি আল কুরআনের মাধ্যমে মানুষকে শিখিয়েছেন।
প্রথমত: যোগাযোগের সময় কথা বলার আগে সালাম দিতে হবে। সালাম সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপুর্ণ আচরণ। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে এ জানান দেয়া হয় যে, আমি তোমার একজন প্রকৃত কল্যাণকামী। আল্লাহ তা’আলা বলেন,“তবে গৃহে প্রবেশ করার সময় তোমরা লোকদের সালাম করো, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে কল্যাণের দোয়া, বড়ই বরকতপূর্ণ ও পবিত্র। এভাবে আল্লাহ তোমাদের সামনে আয়াত বর্ণনা করেন আশা করা যায় তোমরা বুঝে শুনে কাজ করবে।” (সুরা নুর : ৬১)
দ্বিতীয়ত: কথা বলার সময় সতর্ক থাকতে হবে। কারণ প্রতিটি কথাই রেকর্ড হচ্ছে। মুখ থেকে যেন এমন কথা যেন বেরিয়ে না আসে পরিণাম যার ভয়াবহ হতে পারে। বিশেষত: মিথ্যা ও অন্যায় কথা যেন বের না হয়। আল্লাহ তা’আলা বলেন,“এমন কোন শব্দ মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্য একজন সদা প্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না।” (সুরা ক্বাফ : ১৮) তৃতীয়ত: সুন্দর ও উত্তমভাবে কথা বলতে হবে। আল্লাহ তা’আলা বলেন, “লোকদেরকে ভালো কথা বলবে।” (সুরা বাকারা : ৮৩) কারণ আল্লাহ তা’আলা বলেছেন: “মু’মিনরা তো পরস্পর ভাই ভাই। অতএব তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক ঠিক করে দাও। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি মেহেরবাণী করা হবে।” (সুরা হুজরাত : ১০) “মানুষ খারাপ কথা বলে বেড়াক, তা আল্লাহ তা’আলা পছন্দ করেন না। তবে কারো জুলুম করা হলে তার কথা স্বতন্ত্র। আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন।” (সুরা নিসা : ১৪৮) চতুর্থত: বাজে ও অর্থহীন কথা থেকে বিরত থাকতে হবে। সফলকাম মু’মিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তা’আলা বলেছেন, “যারা বাজে কাজ থেকে দূরে থাকে।” (সুরা মু’মিনুন : ৩) কন্ঠ স্বর নিচু রাখতে হবে। আল্লাহ তা’আলা বলেন, “এবং নিজের আওয়াজ নীচু রাখো।” (সুরা লোকমান : ১৯) গাধার মতো কর্কশ স্বরে কথা বলবে না। আল্লাহ তা’আলা বলেন, “সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে গাঁধার আওয়াজ।” (সুরা লোকমান : ১৯) বুদ্ধি ও চিন্তা ব্যবহার করে কথা বলতে হবে। আল্লাহ তা’আলা বলেন, “হে নবী! প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সদুপদেশ সহকারে তোমার রবের পথের দিকে দাওয়াত দাও।” ( সুরা নাহল : ১২৫)
লেখক : ব্যাংকার ও প্রাবন্ধিক।
