২১ আগস্ট শুক্রবার ইলফোর্ডের মীর হোসেন সেলিম সাহেবের বাসা থেকে দিনের সফর শুরু করলাম। গন্তব্য ছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও ইসলামী ফাউন্ডেশন। সকাল ৯টার দিকে আলাউদ্দিন ভাই আমাদের নিতে এলেন। অত্যন্ত অমায়িক ও ভালো মানুষ। এই সফরে তিনি আমার যাতায়াত ও ভ্রমণের দায়িত্ব নিলেন। তাঁর সুন্দর ও দায়িত্বশীল ড্রাইভিংয়ের কারণে দীর্ঘ পথও স্বাচ্ছন্দ্যে অতিক্রম করতে পেরেছি। হিলফোর্ড থেকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব আনুমানিক (প্রায় ৯৫-১১২ কিলোমিটার)। সড়কপথে স্বাভাবিক ট্রাফিকে যেতে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা সময় লাগে। অর্থাৎ হিলফোর্ড থেকে ক্যামব্রিজ শহরে গিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ঘুরে আসা একটি সহজ দিনের ভ্রমণ হিসেবে করা যায়।
ক্যামব্রিজ শহরে পৌছানোর পর প্রথমে আমরা ক্যামব্রিজের ঐতিহাসিক ইকো মসজিদে প্রবেশ করলাম। সেখানে দুই রাকাত নফল নামাজ আদায় করলাম। পরে হাসান বিন নিয়াজ যিনি আগে থেকেই সেখানে আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাকে পুরো মসজিদ ঘুরে দেখালেন। কাঠের তৈরি মসজিদটির স্থাপত্য ও পরিবেশ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। অজুর স্থানটিও পরিদর্শন করলাম। বিশেষভাবে ভালো লাগল, অজুর ব্যবহৃত পানিকে পুনঃপ্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহারের ব্যবস্থা রয়েছে। পরিবেশবান্ধব এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।
ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের ভিত্তিপ্রস্তুর নির্মাণ
ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরের Cambridge Central Mosque শুধু একটি মসজিদ নয়, এটি আধুনিক স্থাপত্য, ইসলামী মূল্যবোধ ও পরিবেশবান্ধব চিন্তার এক অনন্য সমন্বয়। মসজিদটি প্রতিষ্ঠার ধারণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন Professor Tim Winter, যিনি ইসলাম গ্রহণের পর Abdal Hakim Murad নামে পরিচিত হন এবং Cambridge Mosque Trust-এর চেয়ারম্যান ছিলেন। আর প্রকল্পটির Patron বা পৃষ্ঠপোষক ছিলেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী Yusuf Islam (Cat Stevens)। দীর্ঘ পরিকল্পনা, অর্থসংগ্রহ ও নির্মাণপ্রক্রিয়ার পর ২০১৬ সালে এর নির্মাণকাজের সূচনা হয় এবং ২০১৯ সালের ২৪ এপ্রিল মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়। পরবর্তীতে ৫ ডিসেম্বর ২০১৯ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
Cambridge Central Mosque-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ৫ ডিসেম্বর ২০১৯ সালে। জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan,, যিনি আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মসজিদের Patron ও প্রকল্পের অন্যতম প্রধান উদ্যোক্তা Yusuf Islam, তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর Diyanet-এর প্রেসিডেন্ট Prof. Ali Erbaş, Bishop of Huntingdon Dagmar Winter, Cambridge Mayor Gerri Bird এবং Cambridgeshire & Peterborough Mayor James Palmer সহ যুক্তরাজ্য ও বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া এরদোগানের স্ত্রী Emine Erdoğan এবং তুরস্কের কয়েকজন মন্ত্রীও অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী আয়োজনে কুরআন তিলাওয়াত, ইংরেজি অনুবাদ ও বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর পরিবেশবান্ধব বা ‘Eco-Mosque’ ধারণা। নির্মাণে ব্যাপকভাবে কাঠ ব্যবহার করা হয়েছে এবং মসজিদের ভেতরের কাঠের স্তম্ভ ও ছাদ এমনভাবে নকশা করা হয়েছে, যা দেখতে একটি বিশাল বৃক্ষের শাখা-প্রশাখার মতো। মসজিদের ভেতরে দাঁড়ালে মনে হয় যেন কোনো সবুজ বাগানে, বড় বড় গাছের ছায়ার নিচে অবস্থান করছি। প্রাকৃতিক আলো ও বাতাসের সর্বোচ্চ ব্যবহার, সৌরশক্তি, শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি এবং পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা মসজিদটিকে একটি আধুনিক পরিবেশবান্ধব স্থাপনায় পরিণত করেছে। ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি ব্যবস্থাপনার মাধ্যমে পানির অপচয় কমানোর চেষ্টা করা হয়েছে। ফলে ইবাদতের স্থানটির সঙ্গে পরিবেশ সংরক্ষণের একটি সুন্দর বার্তাও এখানে যুক্ত হয়েছে।
মসজিদের ভেতরের পরিবেশ অত্যন্ত শান্ত, প্রশান্ত ও শীতল অনুভূতি সৃষ্টি করে। কাঠের বিশাল কাঠামো, প্রাকৃতিক আলো, সবুজ বাগান এবং পানির সমন্বয়ে এমন একটি আবহ তৈরি হয়েছে, যেখানে প্রবেশ করলেই শহরের ব্যস্ততা থেকে নিজেকে আলাদা মনে হয়। স্থাপত্যের এই পরিকল্পনার মধ্যে ইসলামী বাগান ও জান্নাতের প্রতীকী ধারণারও ছাপ রয়েছে। শুধু মুসলিমদের নামাজের স্থান হিসেবে নয়, মসজিদটি স্থানীয় কমিউনিটির বিভিন্ন সেবা ও কার্যক্রমের কেন্দ্র হিসেবেও কাজ করে। বিভিন্ন সময়ে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বা health-check- এর মতো সামাজিক উদ্যোগের আয়োজন করা হয়, যা মসজিদের কমিউনিটি-কেন্দ্রিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক।
Cambridge Central Mosque-এর আরেকটি বিশেষত্ব হলো— এটি মুসলিম ও অমুসলিম—সবার জন্য উন্মুক্ত একটি পরিচিতি ও সংযোগের জায়গা। পর্যটক ও দর্শনার্থীদের জন্য guided tour-এর ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে তারা মসজিদের স্থাপত্য, ইসলামী সংস্কৃতি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং মুসলিমদের ধর্মীয় জীবন সম্পর্কে জানার সুযোগ পান। ফলে এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততারও একটি সুন্দর উদাহরণ। আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব চিন্তার সঙ্গে ইসলামী স্থাপত্য ও আধ্যাতিকতার যে সমন্বয় Cambridge Central Mosque-এ দেখা যায়, সেটিই মসজিদটিকে ইউরোপের অন্যতম আলোচিত ‘Eco-Mosque’-এ পরিণত করেছে।
মসজিদ থেকে বের হয়ে আমরা রওনা হলাম ঐতিহাসিক ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দিকে। বিশাল এলাকাজুড়ে বিস্তৃত এ বিশ্ববিদ্যালয় ১২০৯ সালে প্রতিষ্ঠিত হয়। ক্যামব্রিজ শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নাম নয়; এটি বিশ্বজ্ঞান, গবেষণা ও সভ্যতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশাল এলাকাজুড়ে এর বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান ছড়িয়ে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মেধাবী মানুষ এখানে জ্ঞানচর্চা করেছেন। বিশ্ববিদ্যালয়টির ইতিহাস, স্থাপত্য ও পরিবেশ ঘুরে দেখতে বেশ ভালো লাগল। বিভিন্ন জায়গার ছবি তুলে স্মৃতি হিসেবে সংরক্ষণ করলাম। নিউটনের সঙ্গে সম্পর্কিত সেই ঐতিহাসিক আপেল গাছটিও দেখার সুযোগ হলো।
ইসলামিক ফাউন্ডেশনে যাত্রা
এরপর হাসান বিন নিয়াজ ভাই থেকে বিদায় নিয়ে জুমার নামাজ আদায়ের জন্যে “ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১১৩ কিলোমিটার দূরে লেস্টারের মার্কফিল্ডে অবস্থিত ইসলামী ফাউন্ডেশনের উদ্দেশে রওনা হলাম।” দূরের যাত্রা হওয়ায় তিনি কিছু খাবার আমার সাথে দিয়ে দিলেন, তার এই আন্তরিকতায় আমি কৃতজ্ঞ। জুমার নামাজ বিধায় তড়িঘড়ি করে রওনা হলাম। সাথে ছিলেন আলাউদ্দিন ভাই। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা জুমার নামাজের সময় মসজিদে পৌঁছাতে সক্ষম হলাম। সেখানে ড. ফারুক মুরাদ ভাই খুতবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি একটি হাদিসকে কেন্দ্র করে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। মসজিদে বিপুলসংখ্যক পুরুষ ও নারী মুসল্লির উপস্থিতি ছিল। নামাজ শেষে ড. ফারুক মুরাদ ভাই আমাকে অত্যন্ত আন্তরিকতা ও আবেগের সঙ্গে জড়িয়ে ধরলেন। মনে হলো, যেন বহুদিনের পরিচিত আপন কোনো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলনের ভাইদের মধ্যে যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের সম্পর্ক, এটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এরপর তিনি ড. মানাজির আহসানের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। ড. মানাজির আহসান যুক্তরাজ্যভিত্তিক একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও সংগঠক। তিনি লন্ডনের SOAS (School of Oriental and African Studies), University of London থেকে Middle Eastern
History- তে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে তিনি লেস্টারভিত্তিক Foundation এ যোগ দেন এবং দীর্ঘদিন প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন; ১৯৮৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি এর Director General হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামি শিক্ষা, গবেষণা, দাওয়াহ, ইসলামি অর্থনীতি, আন্তঃধর্মীয় সংলাপ এবং ব্রিটিশ মুসলিম সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। ইসলামি জ্ঞান ও গবেষণাকে আধুনিক একাডেমিক পরিসর এবং পাশ্চাত্য সমাজের বাস্তবতার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে ব্রিটিশ সরকার তাঁকে MBE সম্মাননায় ভূষিত করে। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য গবেষণা, প্রকাশনা ও শিক্ষামূলক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক পরিসরে ইসলামি চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
লন্ডন সফরের ব্যস্ততার মাঝেও বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও গবেষক ড. মানাজির আহসানের সঙ্গে সাক্ষাতের সুযোগ আমার জন্য ছিল অত্যন্ত আনন্দের। দীর্ঘদিন তিনি লেস্টারভিত্তিক Islamic Foundation-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ইসলামি শিক্ষা, গবেষণা ও দাওয়াহর প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সঙ্গে কিছু সময় কথা বলে তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও বিনয় আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। এই সাক্ষাৎ আমার লন্ডন সফরের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এভাবেই একে একে সবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হলো। নামাজ শেষে আমরা লাঞ্চের জন্য গেলাম। লাঞ্চের পর ড. ফারুক সালমান মুরাদ ভাই ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আমাকে বিস্তারিত অবহিত করলেন। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী আন্দোলনের অবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করলাম। পারস্পরিক আলোচনা ও ভাববিনিময়ের মধ্য দিয়ে সময়টুকু অত্যন্ত অর্থবহ হয়ে উঠল।
এরপর তিনি ফাউন্ডেশনের লাইব্রেরির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। লাইব্রেরিতে প্রবেশ করে অভিভূত হলাম। প্রায় ৪০ হাজার কোরআন, হাদিস ও ইসলামি জ্ঞানবিষয়ক গ্রন্থসমৃদ্ধ এই লাইব্রেরি জ্ঞানচর্চার এক অনন্য কেন্দ্র। স্থানীয় পাঠকদের জন্য এখান থেকে বই নেওয়ার সুযোগ রয়েছে। একটি অমুসলিম দেশে মুসলমানদের জ্ঞানচর্চা ও ইসলামী শিক্ষার প্রসারে এমন উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
উস্তাদ খুররম মুরাদ
এই প্রতিষ্ঠানের প্রাথমিক বিকাশের আলোচনায় আরেকটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ— ইঞ্জিনিয়ার খুররম মুরাদ। তিনি ১৯৩২ সালের ৩ নভেম্বর ভারতের ভূপালে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে পরিবারসহ পাকিস্তানে চলে যাওয়ার পর করাচিতে তাঁর শিক্ষাজীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়। তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি ১৯৫২ সালে অর্জন করেন এবং পরে যুক্তরাষ্ট্রের University of Minnesota থেকে ১৯৫৮ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। উচ্চশিক্ষা শেষে তিনি কিছুদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে পাকিস্তানে ফিরে আসেন। করাচি, ঢাকা, তেহরান ও রিয়াদে কনসালটিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। পূর্ব পাকিস্তানে তিনি Associate and Consulting Engineers (ACE)- এর Chief Engineer ও Resident Director হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর প্রকৌশলী জীবনের উল্লেখযোগ্য কাজের মধ্যে সৌদি আরবের মসজিদুল হারামের সম্প্রসারণ প্রকল্পে ১৯৭৫-৭৬ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অন্যতম। প্রকৌশল পেশার পাশাপাশি তিনি ইসলামী চিন্তা, দাওয়াহ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যা পরবর্তীতে তাঁকে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও সংগঠক হিসেবে পরিচিত করে তোলে।
তাঁর রেখে যাওয়া চিন্তা, শিক্ষা ও দাওয়াহর ধারাকে পরবর্তী প্রজন্মের কাছে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উস্তাদ খুররম মুরাদের ছেলে ফারুক সালমান মুরাদও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফারুক মুরাদ যুক্তরাজ্যের মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে শিক্ষা, দাওয়াহ ও সংগঠনের সঙ্গে যুক্ত এবং তিনিও Islamic
Foundation-এর Director General হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবার মতো তিনিও কুরআন, আত্মশুদ্ধি ও মুসলিম ব্যক্তিত্ব গঠনের বিষয়ে নিয়মিত কাজ করছেন। তাই Leicester-এর Islamic Foundation-এর নামের সঙ্গে উস্তাদ খুররম মুরাদের স্মৃতি যেমন গভীরভাবে জড়িয়ে আছে, তেমনি তাঁর ছেলে ফারুক মুরাদের কর্মধারাও এই প্রতিষ্ঠানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ইসলামী ফাউন্ডেশন : ইতিহাস, চিন্তা, শিক্ষা ও প্রভাবের অন্তরালের গল্প
ইউরোপের মাটিতে ইসলামকে শুধু একটি ধর্মীয় পরিচয় হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য হিসেবে উপস্থাপনের যে প্রয়াস গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে গড়ে উঠেছিল, তার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্তরাজ্যের লেস্টারের মার্কফিল্ডে অবস্থিত The Islamic Foundation। এটি কেবল একটি মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান নয়; কয়েক দশক ধরে ইসলামি চিন্তা, গবেষণা, শিক্ষা, প্রকাশনা ও মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক বিকাশে প্রতিষ্ঠানটি একটি স্বতন্ত্র ভূমিকা পালন করেছে। ১৯৭৩ সালে লেস্টারে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান পরবর্তী সময়ে মার্কফিল্ডে তার স্থায়ী আবাস গড়ে তোলে। আজকের দৃষ্টিতে এর ক্যাম্পাস, শিক্ষা কার্যক্রম, গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে দেখলে বোঝা যায়— এর লক্ষ্য শুরু থেকেই ছিল দীর্ঘমেয়াদি। মুসলিম সমাজকে শুধু ধর্মীয় আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করানো ছিল এর অন্যতম উদ্দেশ্য।
এ ধারার সঙ্গে যুক্ত অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রফেসর খুরশিদ আহমদ। ইসলামি অর্থনীতি, শিক্ষা, সমাজচিন্তা ও আধুনিক বিশ্বের সঙ্গে ইসলামের সম্পর্ক নিয়ে তাঁর দীর্ঘদিনের কাজ আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করে। খুরশিদ আহমদের গুরুত্ব শুধু তাঁর লেখালেখিতে নয়; বরং তিনি এমন কিছু প্রতিষ্ঠান নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন, যেগুলো ইসলামি চিন্তাকে একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। The Islamic Foundation-এর ইতিহাসেও তাঁর নাম তাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাঁর দৃষ্টিভঙ্গিতে ইসলামি জ্ঞানচর্চাকে আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণা ও সামাজিক বাস্তবতার সঙ্গে যুক্ত করার একটি সুস্পষ্ট প্রয়াস দেখা যায়।
১৯৭৩ সালের লেস্টার থেকে ১৯৯০-এর দশকে মার্কফিল্ড ক্যাম্পাস এবং সেখান থেকে আজকের গবেষণা, শিক্ষা ও প্রকাশনা কার্যক্রম—এই দীর্ঘ পথ আসলে ব্রিটেনের মুসলিম সমাজের পরিবর্তনেরও একটি প্রতিচ্ছবি। প্রথম প্রজন্মের মুসলিম অভিবাসীদের প্রয়োজন ছিল একটি মসজিদ। পরবর্তী প্রজন্মের প্রয়োজন হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান। তার পরের প্রজন্ম প্রশ্ন করল—তাদের পরিচয়, মূল্যবোধ ও চিন্তাকে কীভাবে আধুনিক বিশ্বের সঙ্গে সমন্বয় করা যায়। মার্কফিল্ডের ইতিহাস মূলত এই পরিবর্তনের ইতিহাস।
প্রবাসের মাটিতে একটি স্বপ্নের বাস্তবায়ন
ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়ার সময় মনে হলো, এই প্রতিষ্ঠানটি কেবল একটি ভবন বা একটি সংগঠন নয়; এর পেছনে রয়েছে বহু মানুষের দীর্ঘদিনের শ্রম, স্বপ্ন ও ত্যাগ। খুরশিদ আহমেদ ও ইঞ্জিনিয়ার উস্তাদ খুররাম মুরাদ—এ নামগুলোর সঙ্গে বাংলাদেশের অধিকাংশ ইসলামী আন্দোলনের নেতা-কর্মী পরিচিত। তাঁরা যে স্বপ্ন নিয়ে কাজের সূচনা করেছিলেন, তার ফল আজ একটি অমুসলিম দেশের মাটিতে মুসলমানরা পেতে শুরু করেছে। একটি মসজিদ, একটি মাদরাসা, একটি লাইব্রেরি, একটি ইসলামিক ফাউন্ডেশন—এসব কেবল স্থাপনা নয়; এগুলো একটি আদর্শ, একটি সংস্কৃতি এবং একটি প্রজন্মকে ধরে রাখার মাধ্যম। লন্ডনের ব্যস্ত নগরজীবনের মাঝেও মুসলমানদের জন্য দ্বীনি শিক্ষা, নামাজ, কোরআন-হাদিস অধ্যয়ন ও ইসলামী সংস্কৃতির চর্চার যে সুযোগ তৈরি হয়েছে, তা দেখে হৃদয়ে এক ধরনের প্রশান্তি অনুভব করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি— যাঁরা এই কাজের সূচনা করেছেন, তাঁদের কবুল করুন, তাঁদের উত্তম প্রতিদান দিন এবং তাঁদের রেখে যাওয়া স্বপ্নকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার তাওফিক দান করুন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লেস্টারের ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন শেষে আবার ফিরে গেলাম ইলফোর্ডে। ব্যস্ত সফরের নানা কর্মসূচির পর ইলফোর্ডের পরিচিত সেই ঠিকানায় ফিরে আসার অনুভূতিটা ছিল বেশ স্বস্তির। ইলফোর্ডে আমরা যে বাসায় অবস্থান করছি, সেটি মীর হোসেন সেলিম সাহেবের বাড়ি। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি তাঁর বাসার তৃতীয় তলা আমাদের জন্য ছেড়ে দিয়েছেন। প্রবাসের ব্যস্ত জীবনে নিজের ঘরে অতিথির জন্য এভাবে উন্মুক্ত করে দেওয়া নিঃসন্দেহে বড় মনের পরিচয়।
সেলিম সাহেবের স্ত্রী জাহানারা হোসেন (পাপড়ি) শৈশবকাল থেকেই লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘদিন প্রবাসে থেকেও তাঁর মধ্যে বাংলাদেশের সেই আপন মমতা ও আন্তরিকতার স্পর্শ অনুভব করেছি। আমাদের থাকা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়গুলোর প্রতি তিনি যেভাবে খেয়াল রেখেছেন এবং আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। বিদেশের মাটিতে যখন পরিবার-পরিজন ও আপনজনদের কাছ থেকে হাজার মাইল দূরে থাকতে হয়, তখন পরিচিত মানুষের এমন আন্তরিকতা অনেকটা আপন ঘরের উষ্ণতার মতোই মনে হয়।
প্রবাসের জীবন যতই আধুনিক ও ব্যস্ত হোক, মানুষের হৃদয়ে শেকড়ের টান কখনো মুছে যায় না। সেলিম সাহেব ও পাপড়ি ভাবির আতিথেয়তায় সেই আপন সম্পর্কের উষ্ণতাই যেন বারবার অনুভব করেছি। তাঁদের আন্তরিকতা আমাদের এ সফরের স্মৃতিতে আলাদা একটি অধ্যায় হয়ে থাকবে।
আরও একটি বিষয় বিশেষভাবে মন কেড়েছে— বাসার নিচে রয়েছে সুন্দর একটি সবজি বাগান। সেখানে নানা ধরনের শাক-সবজি ও দেশীয় সবজির সমারোহ দেখে এক মুহূর্তের জন্য মনে হলো— সুদূর যুক্তরাজ্যে থেকেও যেন এক টুকরো বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলেছেন তাঁরা। সবুজে ঘেরা সেই বাগান, পরিচিত সবজির গাছপালা এবং মাটির কাছাকাছি থাকা এ ছোট্ট আয়োজন বিদেশের মাটিতে দাঁড়িয়েও আমাদের মনকে অদ্ভুতভাবে দেশের কাছে নিয়ে গেল।
ব্যস্ত সফরের ফাঁকে সেই বাগানে কিছুক্ষণ দাঁড়ানো, সবুজের দিকে তাকানো এবং পরিচিত দেশীয় সবজিগুলো দেখা— সবকিছু মিলিয়ে মনে হলো, দূরত্ব আসলে শুধু ভৌগোলিক; হৃদয়ের টান আর শেকড়ের সম্পর্কের কোনো দূরত্ব নেই। লন্ডনের কোলাহল আর ব্যস্ততার মাঝেও এ ছোট্ট সবজি বাগানটি তাই আমাদের কাছে হয়ে উঠেছে এক টুকরো স্বদেশ, এক টুকরো বাংলাদেশ এবং আপন মাটির এক অপূর্ব স্মৃতি।
ভ্রমণ শুধু নতুন নতুন স্থান দেখার নাম নয়; কখনো কখনো মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও ছোট ছোট কিছু মুহূর্তই একটি সফরকে স্মরণীয় করে তোলে। ইলফোর্ডের এই বাড়িতে পাওয়া আপনজনের উষ্ণতা, আন্তরিক আতিথেয়তা এবং সবুজেঘেরা সে ছোট্ট বাংলাদেশ—আমাদের লন্ডন সফরের স্মৃতিতে নিঃসন্দেহে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
(পরবর্তী লেখা চলমান... ...)
