রাজশাহী শহরের খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালটি শতবর্ষ পেরিয়েছে। হাসপাতালটি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি কর্মব্যস্ত। এ হাসপাতাল নিয়ে লিখেছেন
শিশির মোড়ল
.
গত বছরের শুরুর দিকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী ও অন্তর্বর্তী সরকারের সময় গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য আহমেদ এহসানূর রহমান হাসপাতালে তথ্য সংরক্ষণের একটি পুরোনো ব্যবস্থার কাহিনি আমাকে শোনান। কাহিনিটি রাজশাহী শহরের খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের। হাসপাতালটি বহু বছর আগে থেকে প্রতিটি শিশুর জন্মের তথ্য পরিপাটিভাবে সংগ্রহ করে রাখত। এমন ‘বার্থ রেজিস্টার’ সাধারণত দেখা যায় না।
গত শতকের আশির দশকের শেষ থেকে রাজশাহী শহরে বহুবার গিয়েছি, কিন্তু খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে যাওয়া হয়নি। ড. এহসানূরের কাছ থেকে ‘বার্থ রেজিস্টার’-এর কথা শুনে হাসপাতালটি দেখার ইচ্ছা হয়। ২০২৫ সালের এপ্রিলে এক দিনের আধা বেলা আমি ও এহসানূর হাসপাতালটি ঘুরে দেখি।
এরপর গত বছরের ডিসেম্বর মাসের শুরুতে আমি আবার ওই হাসপাতালে যাই। ওই হাসপাতালের অতিথিশালায় দুই দিন ছিলাম। হাসপাতাল ঘুরে দেখা আমার অভ্যাস। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। সকালে, দুপুরে, রাতে হাসপাতালটি নিয়ম মেনে ঘুরে দেখি। রোগী, গার্ড, কর্মকর্তা, নার্স, চিকিৎসক, ব্যবস্থাপকসহ বহু মানুষের সঙ্গে কথা বলেছি। সবচেয়ে বেশি আগ্রহ ছিল ‘বার্থ রেজিস্টার’ নিয়ে। পরে হাসপাতালটি নিয়ে গত বছরের ১৮ ডিসেম্বর
প্রথম আলো
য় আমার একটি প্রতিবেদন ছাপা হয়। হাসপাতালটি ১০০ বছর পার করেছে। গত বছর দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ ১০০ বছর পূর্তি উপলক্ষে কোনো অনুষ্ঠান আয়োজন করতে স্বস্তি বোধ করেনি। ২৬ ও ২৭ নভেম্বর সেই অনুষ্ঠান হচ্ছে।
.স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে.
এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ বা অঞ্চলের অভিজ্ঞতা হচ্ছে, খ্রিষ্টধর্মের সঙ্গে সঙ্গে মানুষের কাছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে যায়। গড়ে ওঠে স্কুল ও হাসপাতাল। খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের ক্ষেত্রেও এমন একটি ইতিহাস আছে। প্রতিষ্ঠানটির ১০০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা স্মরণিকায় এমন ইতিহাস বর্ণনা করা আছে। হাসপাতালটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হলেও এর বীজ পোঁতা হয়েছিল আরও কয়েক দশক আগে।
১৮৫৭-৫৮ সালের মহাবিদ্রোহের পর ইংল্যান্ডের প্রেসবিটেরিয়ান চার্চ রাজশাহীতে মিশন খোলার সিদ্ধান্ত নেয়। তাদের অনুরোধে কলকাতার বাঙালি ধর্মপ্রচারক রেভারেন্ড বিহারী লাল সিং ১৮৬২ সালে রামপুর বোয়ালিয়ায় আসেন এবং গ্রাম্য পাঠশালা ও প্রার্থনাকক্ষ স্থাপনের মাধ্যমে কাজ শুরু করেন। ১৮৭৪ সালে তাঁর মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রী একাই তিন বছর নারী ও মেয়েদের শিক্ষাদানের কাজ চালিয়ে যান।
১৮৭৭ সালের শেষ দিকে স্কটল্যান্ডের তরুণ চিকিৎসক ডোনাল্ড মরিসন রাজশাহীতে এসে রোগীদের চিকিৎসা শুরু করেন। তিনি স্থানীয় যুবকদের ‘ড্রেসার’ হিসেবে প্রশিক্ষণ দেন এবং ১৮৮৭ সালে পাঁচ শয্যার একটি ছোট হাসপাতাল ও ১৮৯০ সালে নিয়মিত চিকিৎসাসেবা চালু করেন।
► প্রতিষ্ঠানটির ১০০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা স্মরণিকায় এমন ইতিহাস বর্ণনা করা আছে। হাসপাতালটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হলেও এর বীজ পোঁতা হয়েছিল আরও কয়েক দশক আগে। ► হাসপাতালটির ভবিষ্যৎ পরিকল্পনার মূল দর্শন হলো—ঐতিহ্য ও মানবিক সেবাকে অটুট রেখে আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও উচ্চশিক্ষার সমন্বয় ঘটানো, যাতে উত্তরবঙ্গের মানুষ সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের চিকিৎসা পায়।
এরপর ১৯০০ সালে ডা. জে এ ম্যাকডোনাল্ড স্মিথ এবং ১৯০৪ সালে ডোনাল্ড মরিসনের পুত্র ডা. রবার্ট মরিসন রাজশাহীতে আসেন। ১৯১১ সালে ডা. স্মিথ নওগাঁ ও সান্তাহারের মাঝামাঝি তুলসীগঙ্গা নদীর তীরে প্রথম পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের সংকট ও জনবলের অভাবে ১৯২৩ সালে নওগাঁর সেই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। নওগাঁয়ের হাসপাতাল ভবনটি এখনো আছে।
মূল ভবনে খিল দেওয়া একটি কক্ষে সাদা পাথরের গায়ে হাসপাতালের জন্ম ইতিহাস লেখা আছে। হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছিল ১৯২৪ সালের ২২ অক্টোবর। নির্মাণকাজ শেষ হয় জানুয়ারি ১৯২৬। ভবন নির্মাণকারী (বিল্ডার) ছিলেন বাবু সি কে দাস। প্রধান মিস্ত্রি আজমত মিস্ত্রি।
হাসপাতালের স্থায়ী যাত্রা শুরু ১৯২৬ সালে। ডা. রবার্ট মরিসন এবং বাঙালি হিন্দু চিকিৎসক ডা. ভূপেন্দ্রনাথ ভায়া যৌথভাবে বোয়ালিয়া মিশন কম্পাউন্ডে স্থায়ীভাবে এ হাসপাতালের যাত্রা শুরু করেন। একই বছর রাজশাহী কলেজের হিন্দু ও মুসলিম ছাত্রদের থাকার জন্য শ্রীরামপুরে নির্মিত হয় ‘ওয়েস্টমিনস্টার হোস্টেল’, যা পরে এ হাসপাতালের স্থায়ী ঠিকানা হয়।
.সরকারি হাসপাতাল নিয়ে আস্থার সংকট কীভাবে কাটবে.
১৯২৯ সালে ডা. রবার্ট মরিসন চলে গেলে ডা. ভূপেন্দ্রনাথ ভায়া একাই ১৯৪০ সাল পর্যন্ত বহির্বিভাগ চালু রেখে হাসপাতালটিকে টিকিয়ে রাখেন। ১৯৩২ সালে রেভারেন্ড প্রিয় কুমার বাড়ৈ পাদরি হিসেবে যোগ দেন এবং অর্ধশতাব্দী ধরে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ১৯৪৩-এর মন্বন্তরের সময় ডা. হিমাংশু কুমার সরকার ও ডা. হরিপদ গুহ হাল ধরেন। ১৯৪৭ সালের দেশভাগের পর হিন্দু ছাত্ররা ভারতে চলে গেলে ওয়েস্টমিনস্টার হোস্টেলটি খালি হয়ে পড়ে।
১৯৪৮ সালে স্কটিশ সার্জন ডা. ইয়ান প্যাট্রিক এবং বাঙালি চিকিৎসক ডা. উপেন্দ্রনাথ মালাকার দায়িত্ব নেন। দেশভাগের পর বন্ধ হয়ে যাওয়া ভারতের রানাঘাট মিশন হাসপাতাল থেকে বিনা মূল্যে পাওয়া ২০টির বেশি শয্যা এবং সেখান থেকে আসা চারজন পুরুষ নার্সের (ক্ষিতীশ চন্দ্র বাড়ৈ, ফ্রান্সিস হিরণ্ময় ব্যাপারী, হরেন্দ্রনাথ সরকার ও ইন্দুভূষণ মণ্ডল) সহায়তায় ১৯৫০ সালের এপ্রিলে খালি ওয়েস্টমিনস্টার হোস্টেলটিকে রূপান্তর করে হাসপাতালটির পুনর্জন্ম হয়। ১৯৫৩ সালে স্কটিশ চিকিৎসক ডা. এলিজাবেথ কোনান যোগ দেন এবং ২১ বছর সেবা দেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ডা. মালাকার, ডা. কোনান ও সিস্টার জিন ডেগেনহার্ডসহ প্রায় ১২০ জন ভারতে আশ্রয় নিলে হাসপাতাল সাময়িকভাবে বন্ধ থাকে। তবে ভবনটি অক্ষত ছিল। স্বাধীনতার পর ১৯৭৩ সালে ‘এলিজাবেথ কোনান মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৪ সালে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের সহায়তায় একটি শিশু ওয়ার্ড খোলা হয়। ১৯৭৪ সালে চার্চ অব বাংলাদেশ গঠিত হলে হাসপাতালটি এর অধীনে আসে।
ডা. মালাকার অবসরে যান, অন্যদিকে শহরে নতুন নতুন বেসরকারি ক্লিনিক গড়ে ওঠায় হাসপাতালটি তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয় ও আর্থিক সংকটে পড়ে। তবে একেবারে বন্ধ হয়ে যায়নি। ১৯৮৯ সালে কমিউনিটি হেলথ প্রোগ্রাম, ১৯৯১ সালে চক্ষু ক্লিনিক এবং ১৯৯৪ সালে মার্কিন মিশনারি চিকিৎসক ডা. লেসলি ও ডা. সিনথিয়া মরগানের সহায়তায় ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি’ চালু হয়, যা ২৯টি গ্রামে সেবা পৌঁছে দেয়।
২০২০ সালে মহামারির সময় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে হাসপাতালটি ছয় মাস কোভিড রোগীদের চিকিৎসা দেয়। এরপর সংক্রমণের ভয় ও জরাজীর্ণ ভবনের কারণে রোগীশূন্য হয়ে হাসপাতালটি বন্ধ হওয়ার উপক্রম হয়। চার্চ অব বাংলাদেশের মডারেটর বিশপ স্যামুয়েল সুনীল মানখিন এবং ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে ২০২১ সালের জানুয়ারিতে প্রদীপ চাঁদ মণ্ডল প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন। তিনি ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রশাসনিক কাঠামো ঢেলে সাজান। ২০২২ সাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা যুক্ত হলে হাসপাতালটি আবার পূর্ণোদ্যমে ঘুরে দাঁড়ায়। প্রতিষ্ঠানটি ‘দ্য হসপিটাল দ্যাট স্টেড’ স্লোগানে শতবর্ষ উদ্যাপন করছে।
১৯৭৬ সালে প্রকাশিত
রাজশাহী জেলা ডিস্ট্রিক্ট গেজেটিয়ার
-এ হাসপাতালের অন্য ইতিহাস লেখা আছে। রাজশাহী শহরে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের কাজ শুরু হয়েছিল ১৮৭৭ সালে। নিয়মিত হাসপাতালের কাজ চলা শুরু হয় ১৮৯০ সালে। জনবলস্বল্পতার কারণে ১৯৩৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত হাসপাতালের কাজ কম হয়েছিল। বর্তমান অবস্থানে হাসপাতাল ভবনটি তৈরি হয়েছিল ১৯৫০ সালে। হাসপাতালটি ছিল ৬৬ শয্যার। শিশু, নারী ও পুরুষ ওয়ার্ড ছিল। হাসপাতালে খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, দিনাজপুর ও রংপুর থেকে রোগী আসত।
গেজেটিয়ার
-এ ১৯৬৬ সালের রোগীর হিসাব দেওয়া হয়েছে। ওই বছর ১ হাজার ৪২৬ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছিল। অর্থাৎ দৈনিক গড়ে ৫ জন রোগী ভর্তি হতো। ওই বছর বহির্বিভাগে চিকিৎসা নিয়েছিল ১৪ হাজার ৫ জন রোগী। অর্থাৎ বহির্বিভাগে দৈনিক গড়ে ৪৫ জন রোগী সেবা নিতে আসত।
ওই পুরোনো প্রকাশনা থেকে হাসপাতালের আয়-ব্যয়েরও একটি হিসাব পাওয়া যায়। দেখা যায়, ১৯৬৫-৬৬ অর্থবছরে হাসপাতালের আয় ছিল ১ লাখ ৫৭ হাজার ৬১২ টাকা ৩৮ পয়সা। এ ছাড়া ইংল্যান্ড থেকে অনুদান হিসেবে পেয়েছিল ৩৮ হাজার ৪৩ টাকা ৮২ পয়সা। ওই বছর হাসপাতালের ব্যয় ছিল ১ লাখ ৯২ হাজার ৩০৩ টাকা ৭৯ পয়সা।
খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালটি রোগীদের তথ্য যত্ন করে সংরক্ষণ করে। কত দিন আগে থেকে এভাবে জন্মের বৃত্তান্ত লিখে রাখা শুরু করেছিল, তা ঠিক জানা যায়নি। ৬৬ বছর আগের একটি ‘বার্থ রেজিস্টার’ এখনো আছে। হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. প্রদীপ চাঁদ মণ্ডল
কে বলেছিলেন, ‘হাসপাতালের ১০০ বছর পূর্তি উপলক্ষে রেনোভেশনের পাশাপাশি লাইব্রেরি গোছানোর কাজে হাত দিই। এসব পুরোনো খাতা পাই। খাতার চেয়েও পুরোনো বই ও দলিলপত্র আছে। এগুলো মূল্যবান সম্পদ।’ বাস্তবে এগুলো দেশের জন্যও মূল্যবান সম্পদ।
বার্থ রেজিস্টারে প্রতিটি প্রসবের তারিখ, প্রসূতির ও তাঁর স্বামীর নাম-ঠিকানা, গর্ভস্থ শিশুর অবস্থান, প্রসবের ধরন অর্থাৎ স্বাভাবিক বা অস্ত্রোপচারে প্রসব, সন্তানের লিঙ্গ পরিচয়, সন্তানের জন্ম ওজন, প্রসবে সহায়তাকারী প্রধান চিকিৎসক ও মিডওয়াইফের নাম, সহায়তাকারী নার্সের নাম আছে। আর আছে প্রসবকালে প্রসূতির ও নবজাতকের শারীরিক পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা। ঝরনা কলমে পরিপাটি লেখা।
সবচেয়ে পুরোনো যে খাতাটি হাসপাতাল কর্তৃপক্ষ খুঁজে পেয়েছে, তাতে (ইংরেজিতে) লেখা: ‘মিসেস মকবুল, ১৩ ডিসেম্বর ১৯৫৯, সন্ধ্যা ৬:১৫ মিনিটে-এ ভর্তি। ঝিল্লি ভেঙে যায় রাত ১: ১৫ মিনিটে। স্বাভাবিক প্রসব সম্পন্ন হয় রাত ১: ২৮ মিনিটে। গর্ভফুল ও ঝিল্লি সম্পূর্ণ নিষ্কাশন রাত ১: ৩৫ মিনিটে। রক্তক্ষরণ ন্যূনতম। মা ও নবজাতকের অবস্থা ভালো। খাতায় আরও লেখা আছে মিসেস মকবুলের এটি দ্বিতীয় সন্তান। এটি জীবিত কন্যাসন্তান। জন্মের সময় সে জোরে কেঁদেছে। ওজন ৪ পাউন্ড ৭ আউন্স।’ ভালো স্বাস্থ্য প্রতিষ্ঠানের এটি একটি উদাহরণ। জনস্বাস্থ্যের গবেষকদের জন্য এ ধরনের খাতা বা দলিল মূল্যবাদ সম্পদ।
শতবর্ষ শেষে হাসপাতালটি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি কর্মব্যস্ত। বর্তমানে এখানে ১৩৫টি শয্যা এবং বিভিন্ন বিভাগের প্রায় ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত সেবা দিচ্ছেন। বহির্বিভাগে প্রতি মাসে গড়ে প্রায় ৭ হাজার ৬৫০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নেন (২০২৬ সালে দৈনিক গড়ে ২২৮ জন)। মোট রোগীর প্রায় ৬০ শতাংশই নারী ও শিশু। অন্তর্বিভাগে প্রতি মাসে প্রায় ১ হাজার ৫০০ জন রোগী ভর্তি হন এবং প্রতিদিন গড়ে ১০০ জনের বেশি রোগী ওয়ার্ডে চিকিৎসাধীন থাকেন। এই হাসপাতাল স্বাভাবিক প্রসবের ওপর বিশেষ গুরুত্ব দেয়। ২০২১ সালে ৭ শতাংশ প্রসব স্বাভাবিকভাবে হতো, ২০২৬ সালে তা চার গুণের বেশি বেড়ে ৩০ শতাংশ হয়েছে।
হাসপাতালটির ভবিষ্যৎ পরিকল্পনার মূল দর্শন হলো ঐতিহ্য ও মানবিক সেবাকে অটুট রেখে আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও উচ্চশিক্ষার (মেডিকেল ও নার্সিং কলেজ) সমন্বয় ঘটানো, যাতে উত্তরবঙ্গের মানুষ সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের চিকিৎসা পায় এবং নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. প্রদীপ চাঁদ মণ্ডল আগামী দিনের জন্য তিনটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবাকেন্দ্র গড়ে তোলার রূপকল্প ঘোষণা করেছেন: মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। এ ছাড়া আর্থিক স্বনির্ভরতা অর্জন, দরিদ্রদের সেবা অক্ষুণ্ন রাখা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করার পরিকল্পনার কথাও তিনি বলেছেন।
●
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি
*
মতামত লেখকের নিজস্ব
