যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয় ঘটেছে।নির্বাচনের ফলে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। অন্যদিকে প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে পড়েছে দলটি। ফলের ধারা বিশ্লেষণ করে বার্তা সংস্থাগুলো মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্রেটদের মেজরিটি নিশ্চিত বলে মনে করছে। মোট কথা মিডটার্ম ইলেকশনে ট্রাম্পের ভরাডুবি হয়েছে। জনমত জরিপে যে আভাস দেয়া হয়েছিল তার প্রতিফলন ঘটেছে। আর এর তাৎপর্য হবে সুদূরপ্রসারী। ২০২৪ সালের নির্বাচনে তার দলটি উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিয়েছিল। দুই বছর ধরে কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা ছিল।
বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি নির্বাচনী ফল নয়; বরং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনব্যবস্থা, তাঁর জনপ্রিয়তা এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে মার্কিন রাজনীতির সম্ভাব্য গতিপথেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত। নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা কার্যত ট্রাম্প প্রশাসনের নীতি, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর তাঁদের মূল্যায়ন তুলে ধরেছেন। এখন প্রশ্ন, ট্রাম্প প্রশাসনের সামনে কী ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ তৈরি হবে?
সিনেটরদের মেয়াদ ছয় বছর, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ সদস্যদের মেয়াদ দুই বছর। সিনেটে প্রতিবার মোট আসনের এক-তৃতীয়াংশের জন্য ভোট হয়। এবার ৩৫টি আসনে ভোট হয়েছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই ভোট হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন। নির্বাচনের আগে রিপাবলিকানদের সদস্যসংখ্যা ছিল ২১৯, অন্যদিকে ডেমোক্রেটদের ছিল ২১৪। দুটি আসন শূন্য ছিল। পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের কয়েকটি আসন রক্ষা করাই যথেষ্ট ছিল। বিপরীতে ডেমোক্রেটদের প্রয়োজন ছিল তিনটি আসন বাড়ানো। সিবিএস নিউজ জানিয়েছে, ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ অর্জন করেছে। ২১৮ ছাড়িয়ে গেছে। রিপাবলিকানদের কাছ থেকে নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, কেনটাকি ও কলোরাডোর গুরুত্বপূর্ণ আসনসহ বেশ কয়েকটি আসন নিজেদের দখলে নিয়েছে তারা।
৩ নভেম্বরের নির্বাচনী ফলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ডেমোক্রেটদের জয় শুধু ঐতিহ্যগতভাবে তাদের শক্তিশালী অঞ্চলেই সীমাবদ্ধ থাকে নি। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি রাজ্যেও তারা সাফল্য পেয়েছে। এর অর্থ, ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তাঁর দলের সাংগঠনিক শক্তি ভোটারদের ধরে রাখতে পারে নি।
সিনেটের নিয়ন্ত্রণ হারানোর তাৎপর্য : মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ হারানো রিপাবলিকানদের জন্য আরও বড় রাজনৈতিক বিপর্যয়। নির্বাচনের আগে সিনেটে রিপাবলিকানদের ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা ছিল। ডেমোক্রেটদের সঙ্গে ভোট দেওয়া দুই স্বতন্ত্র সদস্যও ওই ৪৭ জনের অন্তর্ভুক্ত। এবার পাঁচটি আসন বাড়িয়ে ডেমোক্রেটরা সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনের জন্য আইন প্রণয়ন, গুরুত্বপূর্ণ নিয়োগ অনুমোদন এবং বিচার বিভাগে রক্ষণশীল প্রভাব বিস্তারের পথ কঠিন হয়ে উঠবে। ১০০ আসনের সিনেটে নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসন। প্রাপ্ত সর্বশেষ ফল অনুযায়ী ডেমোক্রেট দল ৫১টি আসনে জয় নিশ্চিত করেছে। আর রিপাবলিকানরা ৩৯টি আসনে জয় পেয়েছে ।
কেন ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা? : এবারের নির্বাচনের ফল বুঝতে হলে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প একাধিক বিতর্কিত নীতি গ্রহণ করেন। অভিবাসনবিরোধী কঠোর অবস্থান, শুল্কনীতি, সরকারি ব্যয় সংকোচন, আন্তর্জাতিক বাণিজ্যে চাপ সৃষ্টি এবং ইরান যুদ্ধকে কেন্দ্র করে তাঁর প্রশাসনের কর্মকাণ্ড মার্কিন সমাজে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোটারদের মধ্যে অসন্তোষের বড় কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ খাদ্য, বাসস্থান, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে উদ্বিগ্ন। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে প্রত্যাশিত স্বস্তি না পাওয়ায় তাঁর দলের ওপর চাপ তৈরি হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা এবং ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে মার্কিন জনগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, জ্বালানির বাজারে অস্থিরতা এবং সামরিক ব্যয়ের বিষয়টি ভোটারদের বিবেচনায় এসেছে। এ ছাড়া ট্রাম্পের শুল্কনীতি আমদানি ব্যয় বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করেছে বলে বিরোধীরা প্রচার চালিয়েছে।
সিবিএস নিউজের নির্বাচনী জরিপে ট্রাম্পের অনুমোদনের হার ৩৮ শতাংশে নেমে আসার চিত্র পাওয়া যায়। প্রায় ৬০ শতাংশ ভোটার জানিয়েছেন, প্রতিনিধি পরিষদের নির্বাচনে তাঁদের ভোট দেওয়ার সিদ্ধান্তে ট্রাম্পের ভূমিকা ছিল। বিশেষ করে যারা ডেমোক্রেটদের ভোট দিয়েছেন, তাঁদের বড় একটি অংশ ট্রাম্পের বিরোধিতাকে ভোটের প্রধান কারণ হিসেবে বিবেচনা করেছেন। এখানেই ডেমোক্রেটদের নির্বাচনী সাফল্যের ব্যাখ্যা পাওয়া যায়। দলটি শুধু নিজেদের রাজনৈতিক কর্মসূচি প্রচার করে নি; ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত সংগঠিত করতেও সক্ষম হয়েছে।
রিপাবলিকানদের নির্বাচনী কৌশল কেন ব্যর্থ হলো? : নির্বাচনের আগে রিপাবলিকানরা বিভিন্নভাবে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করেছে। কয়েকটি রাজ্যে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। টেক্সাস ও ফ্লোরিডাসহ সাতটি রাজ্যে নতুন নির্বাচনী মানচিত্রের মাধ্যমে রিপাবলিকানদের সুবিধা বাড়ানোর চেষ্টা হয়েছিল। সিবিএসের তথ্য অনুযায়ী, এসব পরিবর্তনের মাধ্যমে প্রায় ১৫টি আসনে দলটির সুবিধা তৈরির লক্ষ্য ছিল। পাল্টা ব্যবস্থা হিসেবে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটরাও নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে রিপাবলিকানদের জন্য প্রতিকূলতা তৈরি করে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনী মানচিত্রের হিসাব ভোটারদের মনোভাব পরিবর্তন করতে পারে নি। রিপাবলিকানদের আরেকটি সমস্যা ছিল ট্রাম্পের ওপর অতিরিক্ত নির্ভরতা। ট্রাম্প বিভিন্ন রাজ্যে প্রচারণা চালিয়েছেন এবং সমর্থকদের বলেছেন, তাঁরা যেন তাঁকে ব্যালটে থাকা প্রার্থী হিসেবে বিবেচনা করে ভোট দেন। কিন্তু এতে উল্টো ফল হয়েছে বলে মনে করা হচ্ছে।
কংগ্রেসের ক্ষমতার ভারসাম্যে কী পরিবর্তন আসবে? : প্রতিনিধি পরিষদ ও সিনেট— দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে। এর ফলে ট্রাম্প প্রশাসনের বাকি দুই বছরের শাসনকাল অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রথমত, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ডেমোক্রেটরা বিভিন্ন বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে পারবে। ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড, সরকারি অর্থের ব্যবহার, অভিবাসননীতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে তদন্তের সুযোগ তৈরি হবে।
দ্বিতীয়ত, বাজেট ও সরকারি ব্যয়ের বিষয়ে ট্রাম্প প্রশাসনকে ডেমোক্রেটদের সঙ্গে সমঝোতা করতে হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট অনুমোদনে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে ডেমোক্রেটরা চাইলে প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শর্ত আরোপ করতে পারবে।
তৃতীয়ত, আইন প্রণয়নের ক্ষেত্রে রিপাবলিকানদের একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকবে না। ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যেসব নতুন আইন করতে চান, সেগুলো পাস করাতে ডেমোক্রেটদের সমর্থন প্রয়োজন হবে। বিশেষ করে অভিবাসন, কর, বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও সরকারি ব্যয়সংক্রান্ত বিষয়ে মতবিরোধ বাড়তে পারে।
চতুর্থত, সিনেটের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্পের জন্য আরও তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি, ফেডারেল আদালতের বিচারক এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে প্রেসিডেন্টের মনোনীত ব্যক্তিদের অনুমোদনে সিনেটের ভূমিকা রয়েছে। এখন ডেমোক্রেটরা এসব নিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে কিংবা অধিকতর যাচাই-বাছাইয়ের দাবি জানাতে পারবে। ফলে বিচার বিভাগে রক্ষণশীল প্রভাব বাড়ানোর ট্রাম্পের পরিকল্পনাও বাধার মুখে পড়তে পারে। এ ছাড়া প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব প্রতিনিধি পরিষদে উত্থাপন ও পাস করার ক্ষমতা রয়েছে। ডেমোক্রেটরা চাইলে এ বিষয়ে রাজনৈতিক পদক্ষেপ নিতে পারে। তবে অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্টকে পদচ্যুত করতে সিনেটে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন।
রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা : দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হলেও প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাহী বিভাগের প্রধান। তিনি নির্বাহী আদেশ দিতে পারবেন, পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন এবং আইন পাস হলে তাতে ভেটো দেওয়ার ক্ষমতাও রাখবেন। অন্যদিকে কংগ্রেসের উভয় কক্ষে বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে আইন প্রণয়নের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হতে পারে। ট্রাম্প ইতিমধ্যে ডেমোক্রেটদের কর্মসূচি আটকে দিতে ভেটো প্রয়োগের কথা বলেছেন। কোনো বিলের ওপর প্রেসিডেন্ট ভেটো দিলে তা বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। ফলে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে বাজেট ও গুরুত্বপূর্ণ আইন নিয়ে সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের রাজনৈতিক অচলাবস্থা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডেও প্রভাব ফেলতে পারে। সরকারি ব্যয় অনুমোদন নিয়ে বিরোধ দেখা দিলে ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
২০২৮-এর প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন সমীকরণ : মধ্যবর্তী নির্বাচনের ফল ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলবে। ডেমোক্রেটরা এখন থেকে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করার সুযোগ পাবে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে পারলে তারা জনগণের আস্থা বাড়াতে পারবে। অন্যদিকে রিপাবলিকানদের সামনে এখন আত্মসমালোচনার প্রশ্ন। ট্রাম্পের জনপ্রিয়তা এবং তাঁর রাজনৈতিক কৌশলের ওপর অতিরিক্ত নির্ভরতা দলটির জন্য কতটা কার্যকর, তা নিয়ে নতুন করে ভাবতে হবে। রিপাবলিকান দলের মধ্যেও ট্রাম্পের নীতি ও নেতৃত্ব নিয়ে মতপার্থক্য বাড়তে পারে। বিশেষ করে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলটির প্রার্থী নির্বাচন এবং নীতিগত অবস্থান নির্ধারণে এবারের ফলাফলের প্রভাব থাকবে। ডেমোক্রেটদের মধ্যেও সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী নিয়ে আলোচনা শুরু হতে পারে।
আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব : যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের আন্তর্জাতিক প্রভাবও কম নয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি ইতিমধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করেছে। কংগ্রেসের দুই কক্ষে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে এসব নীতির ওপর নজরদারি বাড়বে। ইরান যুদ্ধ, ইসরাইলকে সামরিক সহায়তা, ইউক্রেন যুদ্ধ এবং চীনের সঙ্গে বাণিজ্যিক বিরোধের মতো বিষয়ে কংগ্রেসে নতুন করে বিতর্ক হতে পারে।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্যও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। ট্রাম্পের শুল্কনীতি, বাণিজ্যিক চাপ এবং অভিবাসনসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে ডেমোক্রেটদের অবস্থান ভবিষ্যতে আলোচনার নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতির দেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কসুবিধা ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি দলীয় পরিবর্তনের ঊর্ধ্বে গিয়ে কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
এবারের মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে বিবেচিত হবে। সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পর প্রতিনিধি পরিষদেও ডেমোক্রেটদের জয় নিশ্চিত হওয়ায় ট্রাম্প প্রশাসনের সামনে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। অন্যদিকে ট্রাম্পের জন্যও এটি আত্মসমালোচনার সময়। নির্বাচনী ফলকে অস্বীকার না করে জনগণের অসন্তোষের কারণগুলো উপলব্ধি করতে হবে। বিরোধী দলকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করলেও রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার পথ খোলা রাখতে হবে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের এই সাফল্য ট্রাম্পের রাজনৈতিক কর্তৃত্বের ওপর বড় আঘাত। তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রকৃত পরীক্ষা হবে আগামী দুই বছরে। দুই দল কি জনগণের স্বার্থে সমঝোতায় পৌঁছাতে পারবে, নাকি ক্ষমতার দ্বন্দ্বে দেশ আরও বিভক্ত হবে— সেটিই এখন দেখার বিষয়।
