এস আহমদ উল্লাহ

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলীতে এবং সহিংসতায় হতাহতের ঘটনা কোন ভাবেই বন্ধ হচ্ছে না বরং তা দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষ করে ভারতের পশ্চিম বাংলায় বিজেপি সরকার গঠনের পর সার্বিক পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্যমতে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) বিএসএফের সহিংসতায় অন্তত ১০ জন বাংলাদেশী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন এইচআরএসএস (Human Rights Support Society)-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু ২০২৬ সালের অক্টোবরে মাসেই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের হামলায় ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। নভেম্বরের শুরুতে চুয়াডাঙ্গার জীবননগর ও দর্শনা সীমান্তে বিএসএফের গুলীতে বাংলাদেশী নাগরিক হতাহত হওয়া এবং ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। মূলত, চোরাচালান প্রতিরোধ বা অবৈধ অনুপ্রবেশের অজুহাতে বিএসএফের পক্ষ থেকে প্রায়শই প্রাণঘাতী বা রাবার বুলেট ব্যবহার করা হয়। উভয় দেশের সীমান্তে পুশ-ইন এবং চোরাচালান কেন্দ্র করে নিয়মিত উত্তেজনা দেখা দেয়। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তা পুরোপুরি বন্ধে স্থায়ী সমাধান মেলেনি বরং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নানা ছলছুতায় সীমান্তকে অস্থির ও অশান্ত করে রেখেছে।

সম্প্রতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলীতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। সীমান্তে বারবার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তি থাকলেও ভারত কোন ভাবেই তা তোয়াক্কা করছে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হলেও সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে ভারতের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের দৃশ্যমান কোন উন্নতি হচ্ছে না।

মূলত, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলীতে বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনা কোন ভাবেই থামছে না বরং তা দিনের পর দিন বেড়েই চলেছে। ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের ছয় জেলাকে ঘিরে। কৃষিসহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দু’দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও বিএসএফের গুলীতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়তই। সর্বশেষ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলীতে নিহত হন এক বাংলাদেশী যুবক।

গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠক ও আইনি প্রক্রিয়া শেষে আসাদুলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। স্থানীয়, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর ভোররাতে পীরগঞ্জের চান্দেরহাট বিওপির সীমান্তের ৩৩৩ নম্বর পিলারের কাছে কয়েকজন বাংলাদেশী যুবক জরুরি কাজে গিয়েছিলেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল বিনা উস্কানীতে তাদের লক্ষ্য করে গুলী ছোড়ে। গুলীতে আসাদুল নিহত হোন। আসাদুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে ভারতীয় পুলিশ।

অন্যদিকে গুলীবিদ্ধ দু’জনকে চিকিৎসা দেওয়ার পর গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। এর আগে মে মাসে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তে বিএসএফের ছররা গুলীতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। চলতি মাসে সীমান্তে বিএসএফ ফাঁকা গুলী ছুড়ে ৪টি বাংলাদেশী নৌকা নিয়ে যায়। গত বছর মার্চে পঞ্চগড়ে আল আমিন নামে একজন নিহত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ি গত ২ বছরে উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্তে বিএসএফের গুলীতে নিহত হয়েছেন কমপক্ষে অর্ধশত মানুষ। নির্বিচারে নিহত হওয়া এসব মানুষের স্বজনদের কান্না দিনদিন ভারী হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করেও এ হত্যাকাণ্ড ঠেকানো যাচ্ছে না বরং দিনের পর দিন সার্বিক পরিস্থিতির অবনতিই হচ্ছে। ভারতীয় সীমান্ত রক্ষিরা কোন আইন-কানুন, বিধি-বিধানের ধার ধারছে না। মানবাধিকার সংস্থা আইন ও সালিশকেন্দ্র আসক ও অধিকার অন্য দেশের সীমান্তরক্ষীর হাতে বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনাকে স্পষ্টভাবে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে দাবি করছে। তারা দীর্ঘদিন ধরেই কূটনৈতিকভাবে দৃঢ়তার সঙ্গে এ সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিএসএফের সীমান্তে হত্যা বন্ধ হয়নি বরং দিনের পর দিন পরিস্থিতির অবনতি হচ্ছে।

জুলাই বিপ্লব পরবর্তীতে ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে সীমান্ত পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। কারণ, দেশটি ছাত্র-জনতার বিপ্লবকে কোন ভাবেই মেনে নিতে পারে নি। নতুন সরকার ক্ষমতায় আসার পরও দেশটি সে অপতৎপরতা অব্যাহত রেখেছেন। বিষয়টি দু’ দেশের শীর্ষ পর্যায়ে বারবার বৈঠক অনুষ্ঠিত হলেও সার্বিক পরিস্থিতির কোন উন্নতি হয় নি। এমতাবস্থায় সীমান্ত হত্যার নেপথ্যে ভূ-রাজনৈতিক বিষয় জড়িত বলের মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা। তারা মনে করেছেন দক্ষিণ এশিয়ায় ভারত প্রতিবেশী দেশগুলোর ওপর কর্তৃত্ববাদী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সে চেষ্টা আরো বেড়েছে। সে ধারাবাহিকতায় গত দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সীমান্তে ভারতীয় শাসকগোষ্ঠীর মদদে বিএসএফ গুলী করে শিশু-কিশোর থেকে বৃদ্ধ, কৃষক-শ্রমিক থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করেছে। বিশ্বের কোনো সীমান্তে এমন নির্বিচারে গুলী করে মানুষ হত্যার উদাহরণ নেই। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্ত হত্যা না কমলে আমাদেরকেও বিকল্প ভাবতে হবে। প্রতি মাসে চোরাকারবারি বা অনুপ্রবেশের নামে নৃশংসভাবে গুলী করে নিরীহ মানুষকে হত্যার অভিযোগ উঠছে বিএসএফের বিরুদ্ধে।

সরকারি একটি সংস্থার হিসাব অনুযায়ী ২০১১ সালে ফেলানী হত্যাকাণ্ডের পর ২০২৫ সাল পর্যন্ত ১৪ বছরে এক হাজার ১৪৯ জন বিএসএফের গুলী ও নির্যাতনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিএসএফের গুলীতে ৯ জন নিহত হয়েছেন। আর চলতি মাসে গতকাল পর্যন্ত আরো দু’জন গুলীতে নিহত হয়েছেন। গত আট মাসে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে তিনটি। গুলীতে আহত হয়েছেন ১১ জন। আটকের পর অপহরণ করা হয়েছে তিনজনকে। মানবাধিকার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে অগ্রগতি হয় নি। সংশ্লিষ্টরা পরামর্শ দিয়ে বলছেন, উচ্চপর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে; প্রয়োজনে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, এমনকি জাতিসংেঘর দ্বারস্থ হতে হবে। তারা অভিযোগ করে বলছেন, বহু ঘটনারই এখনো বিচার হয় নি, যা দায়মুক্তির সংস্কৃতি তৈরি করতে পারে। ভারতের সীমান্তে হত্যাকাণ্ডের সাথে ভূ-রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলেই মনে করছেন বোদ্ধামহল।

এ বিষয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থা (অধিকার)-এর বক্তব্য হলো, সীমান্ত হত্যার সাথে ভূ-রাজনৈতিক বিষয় জড়িত। কারণ দক্ষিণ এশিয়ায় ভারত তার আশপাশের দেশগুলোর ওপর কর্তৃত্ববাদী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটার অংশ হিসেবে ভারত বাংলাদেশে একটি অগণতান্ত্রিক এবং তাদের পদলেহী সরকার আশা করে আসছে। গণতান্ত্রিক সরকার কখনো পদলেহী হতে পারে না। শেখ হাসিনা বিনা ভোটের নির্বাচনে বারবার জয়ী হয়ে এসেছে। সে নির্বাচনে ভারত সমর্থন দিলেও এটিকে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে প্রচার করেছে। ভারতের এ আগ্রাসী মনোভাবের জবাব মানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দিয়েছে। কিন্তু ভারতীয় শাসকগোষ্ঠী এটিকে সহজভাবে নেয় নি। তারা এখানে একটি পুতুল সরকার বসিয়ে তাদের সুযোগ-সুবিধা নিয়ে শোষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যেতে চেয়েছিল। ভারতীয় শাসকগোষ্ঠী শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে মদদ দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। গণঅভ্যুত্থানের পর সে ভাষা কিন্তু পাল্টে গেছে। শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে থেকে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ রকম পরিস্থিতিতে বিএসএফ প্রতিনিয়ত ভারতীয় জনগণকে উত্তেজিত করে সীমান্তে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। আমরা যখন বেড়া তৈরি করতে যাচ্ছি বাধা দিচ্ছে, আমাদের সীমানায় স্থাপনা নির্মাণেও বাধা দিচ্ছে। একধরনের উসকানির মধ্যে তারা যাচ্ছে। হত্যাকাণ্ডও অব্যাহত রেখেছে। এতে প্রমাণ হয় ভারত আমাদের স্বাধীন সত্তাকেই স্বীকার করছে না।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিগত পাঁচ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে অন্তত ১৩৪ জন বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে এককভাবে ২০২৫ সালেই নিহত হয়েছেন ৩৪ জন, যাদের মধ্যে ২৪ জন সরাসরি গুলিতে এবং ১০ জন শারীরিক নির্যাতনে মারা যান। এর আগের বছরগুলোতে যথাক্রমে ২০২৪ সালে ৩০ জন, ২০২৩ সালে ৩১ জন, ২০২২ সালে ২৩ জন এবং ২০২১ সালে ১৮ জন বাংলাদেশী সীমান্ত এলাকায় বিএসএফের সহিংসতার শিকার হয়েছেন। এ প্রাণঘাতী ধারা অব্যাহত রেখে গড়ে প্রতি মাসে অন্তত একজন করে বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন, যা স্বাধীন দেশের নাগরিকদের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের ওপর বড় ধরনের আঘাত। সীমান্তে বাংলাদেশীদের ওপর এই অব্যাহত গুলিবর্ষণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে দেশী-বিদেশী মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে আসছে।

স্বাধীনতার পর থেকেই ভারত আমাদের সাথে সৎ প্রতিবেশীসূলভ আচরণ করেনি বরং দেশটি মুক্তিযুদ্ধোর বাংলাদেশের ওপর ব্যাপক লুটপাট চালিয়েছে। তারা আমাদের দেশকে পদানত করে রাখার জন্য তাদের আজ্ঞাবাহী শক্তিকেই এদেশে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে। যখন তাদের সে স্বপ্ন পূরুণ হয়নি তখন তারা পরিকল্পিতভাবে সীমান্তকে অশান্ত করে তুলেছে। নানা ছলছুতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহনী বিএসএফ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে অবলীলায়। এসব বন্ধে বারবার দু’দেশের শীর্ষ বৈঠক ও না প্রতিশ্রুতি দেওয়ার হলেও বাস্তবে সে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। ফলে সীমান্ত হত্যা বন্ধ হয়নি বরং নতুন মাত্রা পেয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই আমাদের সীমান্ত নিরাপত্তা সময়োপযোগী করে ঢেলে সাজাতে হবে। বাড়াতে বিজিবির সক্ষমতা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে কোন ভাবেই আপোষ করার সুযোগ নেই বরং যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে সার্বিক প্রস্তুতি রাখতে হবে। অন্যথায় আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে। লেখক : প্রাবন্ধিক।