শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বাস্তবে আমরা এখনো সে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিনি। দেশে শিক্ষার হার বাড়ছে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে, অবকাঠামোগত উন্নয়ন ও বেশুমার। অথচ শিক্ষার বৈষম্য কমেনি; বরং শহর ও গ্রামের শিক্ষা বৈষম্য দিন দিন প্রকট আকার ধারণ করছে। দুঃখজনক হলেও সত্য এ মৌলিক সংকট নিরসনে কারও তেমন মাথাব্যথা নেই। কারণ আমরা এক ধরনের রাজনৈতিক অন্ধত্বের জগতে বসবাস করছি। নিজের পছন্দের দল ভুল করলেও নীরব সমর্থন দিয়ে যাচ্ছি, আর অপছন্দের দল ভালো কিছু করলেও সারাক্ষণ সমালোচনার ঝড় তুলছি। কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা নির্মোহভাবে যাচাই করার প্রয়োজনীয়তা আমরা ভুলে গেছি। ফলে জাতি গঠনে শিক্ষার আসল ভূমিকা আজ চরমভাবে উপেক্ষিত। শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলে স্বীকার করি ঠিকই, কিন্ত কাজে তা প্রমাণ দিই না। গ্রামীণ জনপদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে তাকালেই এ বৈষম্যের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। একই সিলেবাস, একই বই, একই সময়ে পরীক্ষাও অনুষ্ঠিত হয়। কিন্তু বৈষম্য দূর হয়নি।

শহরের নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানের কথা না হয় বাদই দিলাম; শহরের সাধারণ স্কুল-কলেজগুলোতেও যেসব আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, সে তুলনায় গ্রামের স্কুলগুলোর সুবিধা নিতান্তই নগণ্য। অথচ শহরের একজন এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার্থী যে পাঠ্যবই পড়ে পরীক্ষার আসরে বসবে, ঠিক একই পাঠ্যক্রম অনুসরণ করে গ্রামের একজন শিক্ষার্থীকেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়। শহরের শিক্ষার্থী যে সুযোগ-সুবিধা পায়, গ্রামের শিক্ষার্থী কি তা পায়? যদি না পায়, তবে এ বৈষম্যের দায়ভার কার? অথচ শিক্ষা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এটি কারও দয়া-অনুগ্রহ নয়। বাংলাদেশের সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদে শিক্ষাকে নাগরিকের অন্যতম মৌলিক প্রয়োজন এবং ১৭ নম্বর অনুচ্ছেদে একই পদ্ধতির সর্বজনীন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। সংবিধানে গ্রাম ও শহরের নাগরিকের মধ্যে কোনো বিভাজন করা হয়নি। কিন্তু বাস্তবে দু’জায়গার শিক্ষার মান সমান্তরাল নয়; যার অন্যতম প্রধান কারণ হলো শিক্ষকদের মান ও তীব্র শিক্ষক সংকট। প্রতিকূলতা সত্ত্বেও গ্রামের কিছু শিক্ষার্থী ভালো ফলাফল করছে, এমনকি বোর্ড সেরা হওয়ার নজিরও রয়েছে; কিন্তু সামগ্রিক জনসংখ্যার তুলনায় সে সংখ্যা নিতান্তই অপ্রতুল।

শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। অথচ আমাদের দেশের এক শে্িরণর শিক্ষক সক্রিয় দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়ে শিক্ষকতার মতো মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করছেন এবং দলীয় প্রভাব খাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে কলুষিত করছেন। ফলে শিক্ষা খাতে সুশাসন, স্বচ্ছতা ও সুষম বণ্টন নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে কোনো গণতান্ত্রিক দেশের টেকসই উন্নতির জন্য মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। অথচ দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক পদায়নে চরম বিশৃঙ্খলা ও বৈষম্যের চিত্র বারবার উঠে আসছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজধানীর ২৫টি সরকারি কলেজে অনুমোদিত পদের চেয়ে প্রায় ৭০০ শিক্ষক অতিরিক্ত রয়েছে; যাদের অনেকেরই নিয়মিত ক্লাস নেওয়ার তাগিদ নেই, কারও কারও সময় কাটে ঘোরাফেরা আর আড্ডায়। অন্যদিকে ঢাকার বাইরে জেলা ও প্রত্যন্ত গ্রামীণ এলাকার কলেজগুলোতে তীব্র শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। শহরের স্কুলগুলোতেও প্রতিটি বিষয়ের জন্য আলাদা ও দক্ষ শিক্ষক থাকলেও গ্রামে বিষয়ভিত্তিক শিক্ষক পাওয়া দুষ্কর। এমনও দেখা যায়, ধর্ম বিষয়ের শিক্ষক গণিত পড়াচ্ছেন, আবার বাংলা বা সমাজবিজ্ঞানের শিক্ষক ইংরেজি পড়াচ্ছেন। অনেক গ্রামীণ স্কুলে চার-পাঁচশ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র দুই বা তিনজন। বিশেষ করে বিজ্ঞান, গণিত ও ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক সংকট অত্যন্ত প্রকট। একজন শিক্ষককে একই সঙ্গে একাধিক শ্রেণির ও ভিন্ন ভিন্ন বিষয়ের ক্লাস নিতে হচ্ছে, যা পাঠদানের মানকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ফলে গ্রামের শিক্ষার্থীরা মৌলিক ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে প্রাথমিক কিংবা মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই ঝরে পড়ছে। আবার যারা কোনোমতে পড়াশোনা শেষ করছে, তারা শহরের শিক্ষার্থীদের তুলনায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে পারছে না। তারা কেবল সনদ অর্জন করছে, কিন্তু কর্মসংস্থানের বাজারে পিছিয়ে পড়ছে। অথচ মা-বাবা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন-পড়াশোনা শেষে সন্তান সংসারের হাল ধরবে। কিন্তু বাস্তবে তারা বেকারত্বের অভিশাপে ধুঁকে ধুঁকে মরছে।

শিক্ষকদের সমাজের বিবেক বলা হয়, কারণ তাঁরা পথহারা তরুণ-প্রজন্মকে আলোর পথ দেখান। কিন্তু এক শ্রেণির শিক্ষক সামান্য ভোগবিলাস ও আরাম আয়েশের মোহে শিক্ষাকে বাণিজ্যের হাতিয়ারে পরিণত করেছেন এবং শহরমুখী হয়ে পড়েছেন। গ্রামের স্কুল-কলেজগুলোতে এ শিক্ষক সংকট যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক পরীক্ষার ফলাফলে। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে যখন এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, তখন দেশের গণমাধ্যম জুড়ে ‘ফল বিপর্যয়’ সংবাদটি গভীর উদ্বেগের সাথে শিরোনাম হয়ে ওঠে। দেশের ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫২.১২ শতাংশ, যা বিগত ২২ বছরের ইতিহাসে সর্বনিম্ন (গত বছর এই হার ছিল ৫৭. ১২ শতাংশ)। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ৫ শতাংশ। এবারের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেছে মাত্র ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী, যার মধ্যে কেবল এক বা দুটি বিষয়েই ফেল করেছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা ৪০,০৮৪ জনে দাঁড়ালেও সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো- দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এই পরিসখ্যান মূলত আমাদের গ্রামীণ শিক্ষাব্যবস্থার রুগ্নদশারই প্রতিচ্ছবি।

আমাদের প্রতিবেশী দেশ ভারতেও একসময় শহর ও গ্রামের শিক্ষায় বিশাল ব্যবধান ছিল। ভারতের অ্যানুয়াল স্ট্যাটাস অব এডুকেশন রিপোট এর তথ্যমতে, গ্রামীণ এলাকায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পঠন ও গাণিতিক দক্ষতায় দীর্ঘদিন বড় ঘাটতি ছিল। তবে ভারত কেবল অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ থাকেনি, তারা ন্যাশনাল এডুকেশ পলিসি ২০২০ এবং নিপুণ ভারত এর মতো প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সরকারি স্কুলগুলোর শিক্ষকদের প্রশিক্ষণ, ডিজিটাল ক্লাসরুম এবং মৌলিক শিক্ষার মানোন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। ফলে সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, ভারতের গ্রামীণ সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীদের শেখার মান বেসরকারি ও শহুরে স্কুলগুলোর সাথে ব্যবধান দ্রুত কমিয়ে আনছে। অন্যদিকে পাকিস্তানের দিকে তাকালে বিপরীত চিত্র দেখা যায়-সেখানে শহর ও গ্রামের চরম শিক্ষা বৈষম্য এবং গ্রামীণ স্কুলগুলোতে শিক্ষক অনুপস্থিতির কারণে দেশটিতে প্রায় আড়াই কোটিও বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে, যা তাদের সামগ্রিক অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। কার্যকর সংস্কার ও গ্রামীণ শিক্ষায় বিনিয়োগ না বাড়ালে আমাদের অবস্থাও ক্রমশ অবনতির দিকে যেতে পারে। শহর ও গ্রামের মধ্যকার শিক্ষার এ বিশাল বৈষম্য দেশের সুষম উন্নয়নের পথে বড় অন্তরায়। এ সংকট নিরসনে এখনই কিছু কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ নেয়া জরুরি :

শিক্ষক বদলি ও সুষম বণ্টন : শহরের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত শিক্ষক রয়েছেন, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক সংকটে থাকা গ্রামীণ প্রতিষ্ঠানগুলোতে বদলি করতে হবে।

বাধ্যতামূলক গ্রামীণ পদায়ন : বিসিএস ও এনটিআরসিএ-র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরির শুরুতে অন্তত তিন থেকে পাঁচ বছর গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বাধ্যতামূলক করতে হবে।

ডিজিটাল মনিটরিং ব্যবস্থা : শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে বায়োমেট্রেক হাজিরা ও কেন্দ্রীয় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে, যাতে ক্লাস না নিয়ে কেউ বেতন তোলার সুযোগ না পান।

শিক্ষক রাজনীতি বন্ধ করা : শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের দলীয় শিক্ষক রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। শিক্ষা কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র নয়; এটি জাতির ভবিষ্যৎ নির্মাণের পবিত্র অঙ্গন।

পরিশেষে বলা যায়, একটি দেশের প্রকৃত উন্নয়ন কেবল শহরের কয়েকটি ঝকঝকে অট্রালিকা বা মেট্রোরেল দিয়ে মাপা যায় না; বরং প্রত্যন্ত গ্রামের একটি স্কুলের শিক্ষার্থী কতটা মানসম্মত শিক্ষা পাচ্ছে, তার ওপরই নির্ভর করে জাতির প্রকৃত অগ্রগতি। তাই শিক্ষা খাতের এই বৈষম্য দূর করে শহর ও গ্রামের প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা পালন করবে, এমনটিই আমাদের প্রত্যাশা।

লেখক: প্রাবন্ধিক।