চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশিদার হলেও বাণিজ্যিক ভারসাম্য বরাবরই চীনের অনুকূলে রয়েছে। অতীতে চীনের সঙ্গে বাণিজ্যিক বৈষম্য দূরীকরণের জন্য তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে চীন একতরফাভাবে বাণিজ্যিক সুবিধা ভোগ করেছে। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক দৃঢ়তর হবার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ এবং চীন উভয় দেশই অর্থনৈতিক সম্পর্ক উন্নত এবং দৃঢ়তর করার ক্ষেত্রে আগ্রহ প্রদর্শন করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চীনের ইউয়ান প্রদেশের রাজধানী কুনমিং পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত সড়ক পথে দূরত্ব হচ্ছে ১ হাজার ২০০ কিলোমিটার। চট্টগ্রাম বন্দর থেকে কুনমিং সড়ক পথে যেতে হলে মিয়ানমারের মধ্য দিয়ে যেতে হবে। মিয়ানমারের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক কুটনৈতিক সম্পর্ক বেশ ভালো। তাই চীন চেষ্টা করলে সহজেই মিয়ানমারকে এ ব্যাপারে সম্মত করাতে পারবে। এই সড়ক নির্মিত হলে মিয়ানমারও অর্থনৈতিকভাবে লাভবান হবে। মিয়ারমানের পণ্য খুব সহজেই বাংলাদেশ এবং ভারতে যেতে পারবে। চট্টগ্রাম বন্দর থেকে চীনের কুনমিং পর্যন্ত মহাসড়ক নির্মিত হলে বাংলাদেশ থেকে ২৪ ঘণ্টারও কম সময়ে পণ্যবাহী যান চীনের ইউয়ান প্রদশে যেতে পারবে। একই ভাবে চীনের পণ্য ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে পৌঁছুতে পারবে। বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের কোন সড়ক যোগাযোগ নেই যার মাধ্যমে পণ্যবাহী যান বাংলাদেশে সরাসরি প্রবেশ করতে পারে। সমুদ্র পথে চীন থেকে বাংলাদেশে পণ্য আসতে ১০ দিন থেকে ২২ দিন সময় প্রয়োজন হয়। আর বিমান পথে পণ্য পরিবহনে ৩ থেকে ৭দিন সময় প্রয়োজন হয়।
চীন বাংলাদেশের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য বেশ আগ্রহী। চীনের ইউয়ান প্রদেশের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলোচনাকালে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নত করার উপর জোর দেন। চীনা প্রতিনিধি দল বাণিজ্যিমন্ত্রীকে জানান, বাংলাদেশের পণ্য রপ্তানি সহজীকরণের জন্য তারা বন্ডেড ওয়্যার হাউজ ও প্রদর্শীনী সুবিধা দেবে। একই সঙ্গে বাংলাদেশ এবং চীনের মধ্যে কার্গো বিমান যোগাযোগ সম্প্রসারণের জন্য যা কিছু করণীয় তারা তা করতে চায়। এতে চীন ও বাংলাদেশের মধ্যে রপ্তানি পণ্য পরিবহনে ব্যয় অনেকটাই কমে যাবে। একই সঙ্গে ভবিষ্যতে চীন এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের উজ্জ্বল হয়ে উঠবে। চীনের ইউয়ান প্রদেশ বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বাজারে পরিণত হতে পারে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গেও বাংলাদশের বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধি পাবে। বর্তমানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য খুব একটা ভালো অবস্থানে নেই। বর্তমানে বাংলাদেশ থেকে মিয়ানমারে বছরে ২০ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে এবং মিয়ানমার থেকে বাংলাদেশ ৭০ থেকে ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্যের চেয়ে চোরাই পথে পণ্য আনা-নেয়া করা হয় বেশি। মিয়ানমার প্রধানত চীন এবং থাইল্যান্ড থেকে তাদের প্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে। মিয়ানমার তাদের মোট আমদানি পণ্যের ৩০ থেকে ৩৩ দশমিক ৫ শতাংশ চীন থেকে আমদানি করে। টাকার অঙ্কে যার পরিমাণ ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার। আর মিয়ানমারের রপ্তানি পণ্যের ২৩ থেকে ২৫ শতাংশ চীনে রপ্তানি করে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। মিয়ানমার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বাণিজ্যিক গন্তব্য হতে পারে। বর্তমানে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা শীতলতা বিরাজ করছে। চীনের সঙ্গে যেহেতু মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো তাই চীন আন্তরিকভাবে চেষ্টা করলে রোহিঙ্গা সমস্যার সন্তোষজনক সমাধান হতে পারে। বিশ্বে কোন দেশই চিরদিন কারো শত্রু হয়ে থাকে না। একদিন না একদিন শত্রুতা শেষ হয়। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের বৈরিতা সমাধান হবার সময় এসেছে।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাকালে চীনা প্রতিনিধিদলের প্রধান ইউয়ানের এক্সিকিউটিভ ভাইস গভর্নর ঝাও জুনমিন বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যারা ইউয়ানে বিশেষ বাণিজ্য সুবিধার আওতায় এসেছে। তিনি আরো জানান, এই ব্যবস্থার আওতায় বাংলাদেশকে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধাসহ বিনামূল্যে প্রদর্শনী কেন্দ্র ব্যবহারের সুবিধা দেয়া হবে। একই সঙ্গে শুল্কছাড় দেয়া হবে। বৈঠকে চীনের ইউয়ান প্রদেশ বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, ফল, অন্যান্য কৃষিজাত পণ্য আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে জ্বালানি, ই-কমার্স এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। বাণিজ্যমন্ত্রী চীনা প্রতিনিধি দলকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান। বিশেষ করে চীনা নারী উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান।
চীনের ইউয়ান প্রদেশের প্রতিনিধিদলের এই বাংলাদেশ সফর নানা কারণেই বিশেষ তাৎপর্যপূর্ণ। চীন হচ্ছে বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্যিক পার্টনার। কিন্তু সেই বাণিজ্যের ভারসাম্য বরাবরই চীনের অনুকূলে রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের কৌশলগত দুর্বলতা রয়েছে। বাংলাদেশের রপ্তানি পণ্য তালিকা সীমিত সংখ্যক পণ্যের উপর নির্ভর করে আবর্তিত হচ্ছে। আরো সুস্পষ্ট করে বলতে গেলে বলতে হয়, বাংলাদেেশর রপ্তানি বাণিজ্য কার্যত তৈরি পোশাক নির্ভর। মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক থেকে। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই পণ্যটি ক্যাপিটাল মেশিনারিজের পাশাপাশি কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানি নির্ভর। ফলে প্রতি বছর তৈরি পোশাক রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তার ৩৫ থেকে ৪০ শতাংশ পুনরায় বিদেশে চলে যায়। ফলে জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের মূল্যসংযোজনের হার ৬০ থেকে ৬৫ শতাংশ। অন্যদিকে পাট, চা, চামড়া ইত্যাদি পণ্যের জন্য একমাত্র ক্যাপিটাল মেশিনারিজ আর কোন কিছু আমদানি করতে হয় না। ফলে এসব পণ্য জাতীয় অর্থনীতিতে বেশি পরিমাণ মূল্য সংযোজন করতে পারে। আমরা যদি রপ্তানি বাড়াতে চাই তাহলে এমন সব পণ্য রপ্তানি তালিকায় স্থান দিতে হবে যাদের কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যেতে পারে। চীনের পণ্য উৎপাদন কৌশলের মধ্যে বিশেষত্ব রয়েছে। তারা সব পণ্য একই মানে তৈরি করে না। তারা এমনভাবে পণ্য উৎপাদন করে যাতে একই ব্র্যান্ডের পণ্য বিত্তবান-বিত্তহীন উভয় শ্রেণির ভোক্তা ব্যবহার করতে পারে। যেমন একটি ফ্রিজ উচ্চ বিত্তের জন্য হয়তো তৈরি করা হলো। গুনগত মানসম্পন্ন এই ফ্রিজের মূল্য হয়তো এক লাখ টাকা। আবার স্বল্পবিত্তবানদের জন্য একই ব্র্যান্ডের ফ্রিজ তৈরি করা হবে যার মূল্য হয়তো ২০ হাজার টাকা। অর্থাৎ চীনা উৎপাদকদের দৃষ্টি থাকে। পৃথিবীর এমন দেশ খুব কমই আছে যেখানে চীনা পণ্য পাওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধের অন্যতম কারণ হচ্ছে বাণিজ্য। চীনা সস্তা পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এমনভাবে দখল করে নিয়েছে যে, সেখানে দেশীয় পণ্য প্রতিযোগিতায় মার খাচ্ছে।
বাংলাদেশ ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ’ (আরসিইপি) চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। যেসব দেশ নিয়ে আরসিইপি তাদের সাথে বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। কিন্তু এসব দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক খুব এটা উল্লেখ করার মতো নয়। এসব দেশের মধ্যে চীনের সঙ্গে বাংলাদেশের চমৎকার বাণিজ্যিক সম্পর্ক থাকলেও তা একতরফা সম্পর্ক। বাংলাদেশ চীন থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে। কিন্তু চীনে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ অতি নগন্য। ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে চীনে মোট ৮০ কোটি মার্কিন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করে। আর চীন থেকে বাংলাদেশ আমদানি করে ২ হাজার কোটি মার্কিন ডলারের পণ্য। তার অর্থ হচ্ছে এক অর্থ বছরেই বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিকূলে ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৯শ’ ২০ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সীমিত সংখ্যক দেশের উপর অতিমাত্রায় নির্ভরতা। বাংলাদেশে ইউরাপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ থেকে শুল্কমুক্ত বাণিজ্য সম্বলিত জিএসপি সুবিধা পেয়ে থাকে। মূলত একারণেই বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে সর্বাধিক পরিমাণ পণ্য ও সেবা রপ্তানি করতে পারছে। তবে বাংলাদেশ ২০২৯ সালে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবার পর জিএসপি সুবিধা বন্ধ হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৪৫ থেকে ৪৫ দশমিক ৫০ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতি বছর যে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে তার ৯৪ শতাংশই তৈরি পোশাক ও ওভেন গার্মেন্টস। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় প্রতিযোগি হচ্ছে ভিয়েতনাম। বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভিয়েতনাম তৃতীয় অবস্থানে আছে। ভিয়েতনাম সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির স্বাক্ষর করেছে। এই চুক্তি কার্যকর হলে খুব শিঘ্রই দেশটি তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে অতিক্রম করে যাবে। বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবার পর প্রতি বছর রপ্তানি আয় কমে যাবে ৭ থেকে ৮ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির যে সম্ভাবনা দেখা দিয়েছে তা যে কোন বিচারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে হলে আমাদের বিভিন্ন দেশ ও অর্থনৈতিক জোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হচ্ছে চীন। সেই চীনের সঙ্গে আমরা যদি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারি তাহবে বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক।
