ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরব। সৌদি আরবের বেশ কয়েকটি স্থাপনায় বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। সৌদি আরবের সাথে দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহীদের সংঘাত চলছে, তারই জেরে এই ভয়াবহ আক্রমণ। হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় সর্বশেষ ২ জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। ২০২৩ সালে শুরু হওয়া চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের পর থেকে সৌদি আরবে হুথিদের বিভিন্ন হামলায় এ পর্যন্ত সর্বমোট ৩ জন বাংলাদেশী নিহত হয়েছেন। তাছাড়া, চলমান এই আঞ্চলিক দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট ১৪ জন বাংলাদেশী প্রবাসী প্রাণ হারিয়েছেন বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়। সর্বশেষ ২০২৬ সালের ১০ অক্টোবর শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীরা একটি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় সব মিলিয়ে ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। পরে আহত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়। নিহতদের মধ্যে ৪ জন সৌদি নাগরিক, ২ জন বাংলাদেশী এবং বাকিরা যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক। বিমানবন্দর হামলায় নিহত ২ জন ছাড়াও আরও ২৪ জন বাংলাদেশী আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।এর ঠিক কয়েকদিন আগে, ৫ অক্টোবর ২০২৬ তারিখে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকো তেল কোম্পানির একটি স্থাপনায় হুথিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজীব হোসেন নামের আরও এক বাংলাদেশী প্রবাসী নিহত হন।

হুথিদের সবচেয়ে সাম্প্রতিক এবং ভয়াবহ ধারাবাহিক হামলাটি ঘটেছে ২০২৬ সালের অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে। এই হামলায় সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চল ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত এক দশকের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা।আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর, যা ছিল হুথিদের প্রধান লক্ষ্যবস্তু। সেখানে পর পর কয়েক দিন ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এছাড়া রিয়াদের একটি কিন্ডারগার্টেন স্কুল ও মেডিকেল ক্লিনিক কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতি হয়েছে। দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়েমেন সীমান্তবর্তী আভা, জিজান ও নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরেও হুথিরা একযোগে হামলা চালিয়েছে। লোহিত সাগর উপকূলবর্তী রাবিগ অঞ্চলে অবস্থিত আরামকোর শোধনাগার ও জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল।এই হামলায় রিয়াদের কিং খালেদ বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর টার্মিনাল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর থেকে এই প্রধান এভিয়েশন হাবটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হয় এবং রিয়াদের প্রায় ৯৯% ফ্লাইট বাতিল বা ডাইভার্ট করা হয়। লুফথানসা ও এয়ার ফ্রান্স-কেএলএম সহ বিশ্বের প্রধান প্রধান আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি আরবে তাদের ফ্লাইট স্থগিত করেছে। আরামকোর রাবিগ তেল শোধনাগারে হামলার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হামলার পর সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব সাময়িকভাবে ১,২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দেয়। যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব পড়ে এবং তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্রশস্ত্রের মজুদ কত? তারা এত শক্তিশালী কেন?

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বর্তমানে কোনো সাধারণ গেরিলা বাহিনী নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ বাহিনীতে পরিণত হয়েছে। ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর তারা সরকারি ভাণ্ডার থেকে বিপুল অস্ত্র হস্তগত করে এবং ইরানের প্রযুক্তিতে নিজস্ব অস্ত্র ভাণ্ডার গড়ে তোলে।

তাদের অস্ত্রভাণ্ডারে রয়েছে ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেমন তুফান, বুরকান-৩ ও ফিলিস্তিন-২। এছাড়া রয়েছে কুদস সিরিজের ক্রুজ মিসাইল এবং অ্যান্টি-শিপ মিসাইল, যা দিয়ে তারা বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরে নৌ-অবরোধ তৈরি করেছে। তাদের মূল শক্তি হলো সামাদ, শাহেদ-১৩৬ ও কাসেফ সিরিজের আত্মঘাতী ড্রোন, যা ২,০০০ কিলোমিটারের বেশি উড়তে পারে এবং রাডার ফাঁকি দিতে সক্ষম। নৌ-পথে তারা বিস্ফোরক বোঝাই রিমোট-কন্ট্রোল বোট ও সামুদ্রিক মাইন ব্যবহার করছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মোট যোদ্ধা সংখ্যা বর্তমানে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার বলে ধারণা করা হয়। ২০১৫ সালে তাদের নিয়মিত যোদ্ধা ৩০ হাজারের কাছাকাছি থাকলেও এখন তা বহুগুণ বেড়েছে। এর মধ্যে ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ নিয়মিত যোদ্ধা এবং বাকিরা উপজাতীয় মিলিশিয়া। তাদের বিশেষায়িত নৌ ও উপকূলীয় বাহিনীতে ২,০০০ থেকে ৫,০০০ সুপ্রশিক্ষিত সদস্য রয়েছে।

সৌদি আরব হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক হস্তক্ষেপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়ে আসছে। গত সেপ্টেম্বর মাসে হুথিরা যখন বাব আল-মান্দেব প্রণালিতে হামলা চালায়, তখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ফোন করে সরাসরি বিমান হামলার অনুরোধ জানান। তখন ট্রাম্প সরাসরি যুদ্ধে না জড়িয়ে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার সিদ্ধান্ত নেন।তবে ১০ অক্টোবরের বিমানবন্দর হামলায় একজন মার্কিন নাগরিক নিহত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ১১ অক্টোবর হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই হামলাকে “ভয়াবহ ঘটনা” বলে নিন্দা জানান এবং বলেন, “আমরা হয়তো যোগ দিতে পারি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” এছাড়া ট্রাম্প প্রশাসন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে প্রায় ২৪.৩ বিলিয়ন ডলার মূল্যের ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন প্রক্রিয়াধীন রেখেছে।

হুথিদের সাথে সৌদি আরবের সংঘাতের কারণ মূলত ধর্মীয় আদর্শ, ইয়েমেনের অভ্যন্তরীণ ক্ষমতা দখল এবং ভূরাজনৈতিক আধিপত্য। ২০১৪ সালের শেষের দিকে হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাদি সরকারকে উৎখাত করে রাজধানী সানা দখল করে নেয়। ইয়েমেনে শিয়া-প্রভাবিত হুথি সরকার গঠিত হোক, তা সৌদি আরব জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। ফলে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরব একটি সামরিক জোট গঠন করে বিমান হামলা শুরু করে। অন্যদিকে ইরান হুথিদের অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করায় সৌদি আরব তাদের ইরানের প্রক্সি বাহিনী হিসেবে দেখে। এছাড়া বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে অর্থনৈতিক ও ভৌগোলিক স্বার্থের দ্বন্দ্বও রয়েছে।

সাম্প্রতিক ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্ব জ্বালানি ও অর্থনৈতিক সংকটে পড়েছে। এ অবস্থায় নতুন করে যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করতে পারে। পৃথিবীর সিংহভাগ তেল সৌদি আরব থেকে রপ্তানি হয়। একদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত, অন্যদিকে বাব আল-মান্দেব বন্ধ হয়ে যাওয়ায় নৌ-বাণিজ্য বিপর্যস্ত। এই অবস্থায় পুনরায় যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অশান্ত করার পাশাপাশি সারা বিশ্বকে অর্থনৈতিক সংকটে ফেলতে পারে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সৌদি সরকার ও হুথি বিদ্রোহীদের মাঝে আলোচনার মাধ্যমে সমাধান অতীব জরুরি।

লেখক : কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও এম.ফিল গবেষক-চ.বি।