বংশ, নাম বা পিতৃ পরিচয় দিয়ে কাউকে মুসলিম বা কাউকে কাফের বলার কোনো সুযোগ ইসলামে নেই। যদি তাই হতো তাহলে নবির ঘরে জন্ম নিয়ে কেনানের এমন করুণ পরিণতি হতো না। মূলত যে লোক কালেমা তাইয়্যেবায় বিশ্বাসী অর্থাৎ আল্লাহপাককে একমাত্র ইলাহ ও শর্তহীনভাবে আল্লাহ ও তাঁর রসুল সা.-এর আনুগত্য করে সেই প্রকৃত মুসলিম। বিশ্বাসটা অন্তরের এবং বিশ্বাসের প্রতিফলন ঘটে আমলে। আমলের দ্বারা বোঝা যায় কে মুসলমান আর কে কাফের। মুসলমানের প্রথম পরিচয় ঘটে নামাজের মাধ্যমে। পক্ষান্তরে কুফর শব্দের অর্থ অমান্য করা বা অস্বীকার করা। আল্লাহ ও তাঁর রসুল সা.-এর আনুগত্য না করা বা কোনো ফরজ বিধিবিধান পালন না করা অর্থ কুফরি করা এবং আল্লাহর বিধিবিধান যে মানে না সে কাফের বা অমান্যকারী।

আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা বিশ্বাসী হওয়া স্বত্তেও অজ্ঞতা বা গাফিলতির কারণে আল্লাহর বিধান মানে না বা আংশিক মানে কিন্তু ইসলামের বিরোধিতা করে না। এরা অপরাধী কিন্তু অপরাধের মাত্রা সেই ব্যক্তির মতো নয় যে মানে না এবং সেই সাথে মানার ক্ষেত্রে অন্যকে বাধা প্রদান করে। এখানে আল্লাহ তায়ালা তাদের প্রসঙ্গে বলেছেন - ‘যারা কুফরি করে এবং অপরকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে তিনি তাদের কর্ম ব্যর্থ করে দেন- সুরা মুহাম্মদ ১।

এ পৃথিবীতে হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। সৃষ্টির সূচনা থেকে এই দ্বন্দ্ব চলে আসছে। একদিকে রয়েছে হকের পতাকাবাহী নবি-রসুল এবং বিপরীতে রয়েছে নমরুদ-ফেরাউনের মতো স্বৈরশাসক। স্বৈরশাসকরা সবসময় নবি-রসুলদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করতো। এখন আর নবি-রসুল নেই, আছে তাঁদের উত্তরাধিকার ঈমানদারগণ এবং নমরুদ-ফেরাউন ও আবু জেহেল-আবু লাহাবও নেই, আছে তাদের উত্তরাধিকার। এই দ্বন্দ্ব চিরন্তন। নবি মুহাম্মদ সা.-এর সততার কারণে তাঁর জাতি তাঁকে আল আমিন ও আস সাদিক নামে ডাকতো। সেই নবি মুহাম্মদ সা. যখন মানুষের সামনে কুরআনের দাওয়াত পেশ করতেন তখন তারা তাঁকে বাধা প্রদান করতো। আল্লাহপাক তাদের প্রসঙ্গে বলেছেন, ‘এ কাফেররা বলে তোমরা কখনো কুরআন শুনবে না এবং যেখানে কুরআন শোনানো হয় সেখানে হট্টগোল করবে, হয়তো তোমরা বিজয়ী হবে।

আমি অবশ্যই কাফেরদের কঠিন আজাবের স্বাদ আস্বাদন করাবো, যে আচরণ তারা করে এসেছে। জাহান্নামই হচ্ছে আল্লাহর শত্রুদের পাওনা। সেখানে তাদের জন্য চিরস্থায়ী আজাবের ঘর থাকবে, তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করতো এটা হচ্ছে তারই প্রতিফল’ - সুরা হামীম আস সাজদা ২৬-২৮।

আমাদের সমাজে একটি শ্রেণী রয়েছে যারা তাফসির মাহফিল বা কুরআন-হাদিসের আলোচনা শুনলেই অস্থির হয়ে পড়ে। এরা মূলত আবু জেহেল ও আবু লাহাবের উত্তরসূরী এবং কাট্টা কাফের। এরাও সমাজে ভালো কাজ করে। মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ বা জনহিতকর কাজ করে থাকে। কুরআনের বিরোধিতার কারণে আল্লাহপাক তাদের সকল আমল বরবাদ করে দেন। এখন আর বদর উহুদ নেই। যুদ্ধের কলা কৌশলে পরিবর্তন আসছে। জনসমর্থন লাভের আশায় বড়ো বড়ো সমাবেশ, মিছিল মিটিং, মানববন্ধন, লংমার্চ হয়ে থাকে। ইসলামের পক্ষের শক্তি এমন কিছু আয়োজন করলে আল্লাহর দুশমনরা অস্থির হয়ে পড়ে এবং চরম বিরোধিতা করে। এটি খুবই স্বাভাবিক। শয়তান সব মানুষেরই চিরশত্রু। সমাজে মারামারি, হানাহানি, রক্তারক্তি ঘটানোর জন্য শয়তান ওঁৎ পেতে বসে থাকে। শয়তানের ফাঁদে পা না দিয়ে ঈমানদারদের উচিৎ চরম ধৈর্য অবলম্বন করা। তারপরও শয়তান যদি আগবাড়িয়ে আক্রমণ করে তাহলে সমুচিত জবাব দেয়ার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা ঈমানদারদের একান্ত কর্তব্য। সর্বোপরি আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। আল্লাহপাক মুমিনদের অভিভাবক এবং অভিভাবক হিসেবে তিনিই যথেষ্ট। পক্ষান্তরে কাফেরদের কোনো অভিভাবক নেই। আল্লাহপাক কাফেরদের মোকাবিলায় মুমিনদের বিজয়ী করুন।

লেখক : সাবেক উপাধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ।