জালাল উদ্দিন ওমর
আজকের পৃথিবীতে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে সব চেয়ে অনুন্নত একটা জাতি। সামরিক এবং বেসামরিক সকল ধরনের প্রযুক্তিগত ক্ষেত্রে পশ্চিমারা নেতৃত্ব দিচ্ছে। পশ্চিমাদের আবিষ্কৃত এবং তৈরি করা প্রযুক্তিগত পণ্য মুসলমানরা ব্যবহার করছে। কৃষি, শিল্প, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, সামরিক অস্ত্র, যানবাহন, যোগাযোগ মহাকাশ বিজ্ঞান, এআই সহ জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় আজ পশ্চিমাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব। অথচ দীর্ঘসময় ধরে মুসলমানরা বিশ্বজুড়ে জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত ছিল এবং নেতৃত্ব দিয়েছিল। অষ্টম থেকে পনের শতক পর্যন্ত মুসলমানরাই জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারে পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। ইউরোপ-আমেরিকাসহ পুরো পশ্চিমা দুনিয়াই তখন জ্ঞানে বিজ্ঞানে পশ্চাদপদ ছিল। কিন্তু যখন থেকে মুসলমানরা ইসলাম থেকে বিচ্যুত হতে শুরু করে তখন থেকে জ্ঞান (হতে) বিজ্ঞানে তাদের পতন শুর হয়। কালের পরিক্রমায় মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে দুরে সরে যায় এবং পিছিয়ে পড়ে। এই সুযোগে পশ্চিমারা জ্ঞান বিজ্ঞানের নেতৃত্বে চলে আসে এবং তারাই এখন নেতৃত্ব দিচ্ছে। এ অবস্থায় জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে তাদেরকে ইসলামের কাছেই ফিরে যেতে হবে। ইসলামের কাছে ফিরে গেলেই মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে উন্নতি শুরু করবে এবং আবারো নেতৃত্বে চলে আসবে।
জ্ঞান অর্জনে আল্লাহর নির্দেশনা : আল্লাহ মহাবিশ্ব এবং এর সবকিছুর সৃষ্টিকর্তা, লালনকর্তা এবং পালনকর্তা। তিনি মানবজাতির জন্য জীবন বিধান হিসাবে ইসলামকে নির্ধারিত করেছেন। ইসলাম হচ্ছে একটি জ্ঞান নির্ভর ধর্ম এবং জ্ঞানভিত্তিক জীবন বিধান। আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনে জ্ঞান অর্জনের জন্য মানব জাতিকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ মানবজাতির প্রতি পড়াশোনার নির্দেশ দিয়েই কুরআন নাযিল শুরু করেছেন। অর্থাৎ প্রথমেই পড়তে বলেছেন এবং তারপর নামাজ রোজা যাকাতসহ অন্যান্য বিধি বিধান নাযিল এবং পালনের আদেশ করেছেন। আল্লাহ তা’য়ালা বলেছেন, পাঠ কর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন (সুরা আলাক-১)। নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নির্দেশনাবলী রহিয়াছে বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য (সুরা আলে ইমরান-১৯০)। যাহারা জানে এবং যারা জানে না, তাহারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে (সুরা-যুমার-৯)। এভাবে আল্লাহ তা’য়ালা কুরআন শরীফের অসংখ্য আয়াতে মানুষকে জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছেন। একইভাবে মহানবী হযরত মুহাম্মদ (স:) বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তিনি আরো বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। এভাবে আল্লাহ তা’য়ালা এবং মহানবী হযরত মুহাম্মদ (স:) মানবজাতিকে জ্ঞান অর্জনের আদেশ করেছেন। কিন্তু মুসলমানরা আজ জ্ঞান চর্চা, গবেষণা এবং জ্ঞান অর্জন বাদ দিয়েছে। ফলে মুসলমানরা পৃথিবীতে একটি অনুন্নত, অধঃপতিত এবং দুর্দশাগ্রস্ত জাতিতে পরিণত হয়েছে।
আজকের বিজ্ঞানের উন্নতির ভিত্তি মুসলমানদের হাত ধরেই হয়েছে : আজকের দুনিয়ায় বিজ্ঞানের উৎকর্ষতায় মুসলমানরা একেবারেই পিছিয়ে থাকলেও, এই বিজ্ঞানের উন্নতির ভিত্তি কিন্তু মুসলমানরাই গড়ে দিয়েছে। মুসলমানরা অষ্টম থেকে পনের শত সালে বিজ্ঞান গড়ে চর্চা, গবেষণা এবং বৈজ্ঞানিক আবিষ্কারের যে সূচনা করেছিল, তাকে ভিত্তি করেই পশ্চিমা বিশ্ব আজ বিজ্ঞানের উন্নয়ন এবং আবিষ্কারে নেতৃত্ব দিচ্ছে। সেই সময়ে শত শত মুসলিম বিজ্ঞানীর আবির্ভাব ঘটেছিল, যারা বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় অনেক মৌলিক এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন। সে রকম কয়েকজন বিজ্ঞানীর জীবন এবং কর্ম সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি।
জাবির ইবনে হাইয়ান : পুরো নাম আবু মুসা জাবের ইবনে হাইয়ান। তিনি একাধারে রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী, জ্যোতির বিজ্ঞানী, প্রকৌশলী, ঔষধ বিশারদ এবং চিকিৎসক ছিলেন। তিনি রসায়নবিদ্যায় অনেক কিছু আবিষ্কার করেছেন। তিনি পাতন পরিস্রাবন এবং বাষ্পীভবন প্রক্রিয়ার উন্নয়ন করেন। তিনি বিকন এবং ফ্লাক্সের মত যন্ত্রপাতি আবিষ্কার করেন। তিনি হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড, সাইট্রিক এসিড এবং টারটারিক এসিড তৈরি করেন। তিনি ইস্পাত তৈরি, লোহার মরিচা রোধ, অলংকারের মসৃন খোদাই, কাপড় রঙ করার পদ্ধতি, চামড়ার টাংকি এবং বিভিন্ন রঞ্জক পদার্থ আবিষ্কার করেন। সোনা গলানোর জন্য তিনি নাইট্রিক এসিড এবং হাইড্রোক্লোরিক এসিডের সমন্বয়ে একোয়া রিজিয়া নামক দ্রবণ তৈরি করেন। তিনি অনেক বই লিখেছেন। তার বুক অব স্টোনস নামক বইয়ে রোবট তৈরির কথা বর্ণনা করেছেন। কিতাব আল কিমিয়া তার বিখ্যাত বই যা ইউরোপে বুক অফ দ্যা কম্পজিসান অফ আলকেমি নামে অনুদিত এবং প্রকাশিত হয়। তিনি ৭২১ সালে ইরানে জন্মগ্রহণ এবং ৮১৫ সালে মৃত্যুবরণ করেন। তাকে রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়।
মুসা আল-খাওয়ারিজমি : পুরো নাম আবু জাফর মুহাম্মদ বিন মুসা আল-খাওয়ারিজমি। তিনি একাধারে গণিতবিদ, জ্যোতির বিজ্ঞানী এবং ভূগোলবিদ ছিলেন। তার রচিত “ দি কম্পেন্ডিয়াস বুক অব ক্যালকুলেশন বাই কমপেলশন অ্যান্ড ব্যালিন্সি “একটি অমর বই যার মুলকপি এখনো অক্সফোর্ডে সংরক্ষিত আছে। তিনিই সর্বপ্রথম বীজগণিতকে একটি স্বাধীন এবং স্বতন্ত্র শাখা হিসাবে প্রতিষ্ঠা করেন। তার লিখিত” আল জাবর ওয়াল মোকাবিলা নাম বই হতেই বীজগণিতের আল জেবরা শব্দের উৎপত্তি। তিনিই প্রথম পাটিগণিতে শুন্যের (০) ব্যবহার শুরু করেন এবং তার মাধ্যমেই ইউরোপ শুন্যের ব্যবহার শিখে। তিনি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অনেক বই লিখেছেন। তিনি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সারণী তৈরি করেন। পৃথিবীর মানচিত্র তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিভিন্ন শহরের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ তালিকাভুক্ত করেন। তাঁর ল্যাটিনাইজড নাম আলগরিদমী হতে বর্তমান তথ্যপ্রযুক্তির অতিব প্রয়োজনীয় শব্দ আলগরিদম -এর উৎপত্তি হয়েছে। তিনি উজবেকিস্তানের খোরাশান প্রদেশে ৭৮০ সালে জন্মগ্রহণ এবং ৮৫০ সালে মৃত্যুবরণ করেন। তাকে বীজগণিতের জনক বলা হয়।
আল কিন্দি : পুরো নাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি। তিনি একাধারে দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী রসায়ন বিজ্ঞানী, গণিত বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং আবহাওয়া বিজ্ঞানী ছিলেন। তিনি বিশ্বজগতের রহস্য উদঘাটনের কার্যকারণ তত্ত্বের ব্যাখ্যা করেন। তিনি কম্পাঙ্ক এবং ওষুধের কার্যকারিতা পরিমাপক যন্ত্র আবিষ্কার করেন। প্রাচীন গ্রীকদের চোখ থেকে রশ্মি নির্গত হয়” থিওরিটি তিনি ভুল প্রমাণ করেন এবং আধুনিক ইনট্রোমিশন থিওরি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ বস্তু থেকে আলো চোখে প্রবেশ করে। দর্শনশাস্ত্রে অসামান্য অবদানের জন্য তাকে দ্য আরব ফিলোসফার বলা হয়। তিনি ৮০১ সালে ইরাকে জন্মগ্রহণ এবং ৮৭৩ সালে মৃত্যুবরণ করেন। তাকে ক্রিপ্টোগ্রাফি ও পেরিপ্যাটেটিক দর্শনের জনক বলা হয়।
ইবনুল হাইসাম : পুরো নাম আবু আলী আল হাসান ইবনে আল হাসান ইবনুল হাইসাম। তিনি ছিলেন আধুনিক পদার্থবিজ্ঞানের প্রবক্তা। তিনি এনাটমি, জ্যোতি বিজ্ঞান, গণিত চক্ষুবিজ্ঞান, প্রকৌশলসহ বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন পদ্ধতি উন্নয়নে অনেক অবদান রেখেছেন। তিনি আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং দৃষ্টি প্রক্রিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা করেন। তিনি প্রমাণ করেন — বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসার কারণেই আমরা তা দেখতে পাই। পদার্থবিজ্ঞান নিয়ে তার লিখিত কিতাব আল-মানাজির বা বুক অব অপটিকসকে আইজাক নিউটনের লিখিত প্রিন্সিপিয়া ম্যাথম্যাটিকার সমতুল্য গণ্য করা হয়। বইটি এখনো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়সমূহে পড়ানো হয়। তিনি ৯৬৫ সালে ইরাকে জন্মগ্রহণ এবং ১০৪০ সালে মৃত্যুবরণ করেন। তাকে আলোকবিজ্ঞানের জনক বলা হয়।
ইবনে সিনা : পুরো নাম আবু আলী আল হুসাইন আবদুললাহ ইবনে সিনা। তিনি গণিত, জ্যামিতি, চিকিৎসাশাস্ত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি নিজেকে চিকিৎসা বিদ্যায় আত্মনিয়োগ করেন এবং চিকিৎসায় নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। তিনিই প্রথম বলেছেন-যক্ষা সংক্রামক এবং পানি বা মাটির মাধ্যমে ছড়ায়। তিনি চোখের গঠন, সংক্রামক রোগের কোয়ারেন্টাইন ব্যবস্থা এবং নাড়ির স্পন্দন সম্পর্কে বিশদ বর্ণনা করেছেন। তার লিখিত “আল কানুন ফিত তিব্ব” বইটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী। বইটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয় এবং এখনো চিকিৎসা বিদ্যায় পড়ানো হয়। তিনি ৯৮০ সালে উজবেকিস্তানে জন্মগ্রহণ এবং ১০৩৭ সালে মৃত্যুবরণ করেন। তাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং ক্লিনিক্যাল ফার্মাকোলজির জনক বলা হয়।
প্রবন্ধটির কলেবার ছোট রাখায় এখানে মাত্র ৫ জন বিজ্ঞানীর কথা বর্ননা করেছি। মুসলমানরাই রসায়ন বিজ্ঞান, বীজগণিত, আলোক বিজ্ঞান, ক্রিপ্টোগ্রাফি ও পেরিপ্যাটেটিক দর্শন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও ক্লিনিক্যাল ফার্মাকোলজির জনক। এ রকম হাজারো মুসলিম বিজ্ঞানী রয়েছে, যারা তাদের অসামান্য অবদানে বিজ্ঞানের বিভিন্ন সেক্টরকে সমৃদ্ধ করেছে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলমানদের আবিষ্কার, অর্জন এবং অবদানকে ভিত্তি করেই পশ্চিমারা বিজ্ঞানে উন্নয়ন করেছে। একটি বৃহৎ অট্টালিকা যেমন তার ফাউন্ডেশনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি আজকের আধুনিক বিজ্ঞানের অগ্রগতি, উন্নয়ন এবং অর্জন সবই মুসলিম বিজ্ঞানীদের অবদানের ওপর ভিত্তি করেই অর্জিত হয়েছে। দুঃখজনক হলে ও সত্য বিজ্ঞানে মুসলমানদের এই গৌরবময় ঐতিহাসিক এবং অবিস্মরণীয় অবদান আমরা মুসলমানরাই জানি না।
ইসলামের দিকে প্রত্যাবর্তন আবারো মুসলমানদেরকে বিজ্ঞানে শ্রেষ্ঠ করবে : ইসলামের একনিষ্ঠ অনুসরণই ৮ম-১৫ শতক পর্যন্ত বিজ্ঞানে মুসলমানদের ঐতিহাসিক এবং অবিস্মরণীয় অবদানের প্রধান এবং একমাত্র কারন। কালের পরিক্রমায় মুসলমানরা ইসলাম থেকে দুরে সরে যায়, ধর্মনিরপেক্ষ হয়ে যায়। ফলে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে হারিয়ে যায়। আবারো ইসলামের পথে ফিরে আসলেই মুসলমানরা বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারে নেতৃত্ব দিবে। বর্তমান বিশ্বে ৩ টি মুসলিম দেশ সামরিক এবং বেসামরিকসহ বিজ্ঞানের বিভিন্ন সেক্টরে উৎকর্ষতায় এগিয়ে যাচ্ছে। দেশ সমুহ হচ্ছে ইরান, পাকিড়ান এবং তুরস্ক। এর প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে এসব দেশে দীর্ঘদিন থেকে মুসলিম জাতিয়তাবাদিরা ক্ষমতায় আছে। সুতরাং অধঃপতিত, পশ্চাৎপদ এবং অনুন্নত মুসলিম জাতিকে আবারো বিজ্ঞানে উন্নয়ন এবং নেতৃত্ব দিতে হলে মুসলমানদেরকে ধর্মনিরপেক্ষতা পরিহার করে ইসলামের দিকেই ফিরে যেতে হবে। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া কোন জাতির উন্নয়ন কখনোই এবং কিছুতেই সম্ভব নয়। আসুন আমরা ইসলামের দিকে ফিরে যাই এবং একই সাথে বিজ্ঞান চর্চার মাধ্যমে অনুন্নত মুসলিম জাতিকে আবারো উন্নত করি।
লেখক : ব্যাংকার ও প্রাবন্ধিক
