মুঃ শফিকুল ইসলাম
মানুষ সামাজিক জীব। পরিবার ও আত্মীয়তার বন্ধনকে কেন্দ্র করেই গড়ে ওঠে তার জীবন, বেড়ে ওঠে ভালোবাসা, মমতা ও পারস্পরিক নির্ভরশীলতা। অথচ স্বার্থের সংঘাত, সম্পত্তির বিরোধ, অহংকার, মান-অভিমান কিংবা সামান্য ভুল বোঝাবুঝিতে সে সম্পর্কই অনেক সময় ভেঙে যায়। একই রক্তের মানুষ বছরের পর বছর কথা বলেন না, বিপদে-আপদে খোঁজ নেন না, এমনকি কারো অসুস্থতা কিংবা মৃত্যুর সংবাদেও পাশে দাঁড়ান না। অথচ ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষাকে শুধু সামাজিক সৌজন্য নয়, বরং গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে স্বীকৃতি দিয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে এ বিষয়ে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা এবং সম্পর্কচ্ছেদের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্কবার্তা।
আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব বোঝাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এমন এক সুসংবাদ দিয়েছেন, যা মানুষের পার্থিব জীবন ও পরকালীন কল্যাণ—উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস ৫৯৮৬)। একই মর্মের আরেকটি বর্ণনা আবু হুরায়রা (রা.) থেকে সহিহ বুখারির ৫৯৮৫ নম্বর হাদিসে এসেছে। এই সংক্ষিপ্ত হাদিসে আত্মীয়তার বন্ধন রক্ষার সঙ্গে রিজিকের প্রশস্ততা ও দীর্ঘায়ুর যে সম্পর্ক তুলে ধরা হয়েছে, তা গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন।
রিজিকের প্রশস্ততা : অর্থের বাইরেও কল্যাণ :
সাধারণভাবে রিজিক বলতে মানুষ অর্থ-সম্পদ, চাকরি কিংবা ব্যবসা-বাণিজ্যের আয়কে বুঝে থাকে। কিন্তু ইসলামী জীবনদর্শনে রিজিকের তাৎপর্য আরও ব্যাপক। সুস্থতা, মানসিক প্রশান্তি, পরিবারের ভালোবাসা, সন্তানের কল্যাণ, বিপদে মানুষের সহযোগিতা এবং অল্প সম্পদে তৃপ্ত থাকার ক্ষমতাও আল্লাহর বিশেষ নিয়ামত।
আত্মীয়তার সম্পর্ক অটুট থাকলে মানুষের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হয়। একজন বিপদে পড়লে অন্যজন এগিয়ে আসেন। কারো চিকিৎসা, কর্মসংস্থান কিংবা পারিবারিক সংকটে আত্মীয়স্বজনের সহযোগিতা অনেক বড় অবলম্বন হয়ে ওঠে। ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও সুসম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখে। ফলে আত্মীয়তার বন্ধন মানুষের জীবনকে সহজ করে এবং সমাজে আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি করে।
তবে হাদিসের অর্থ এই নয় যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলেই প্রত্যেক মানুষ রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়ে যাবে। বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি রিজিকে প্রশস্ততা ও বরকত লাভের অন্যতম মাধ্যম হিসেবে এই আমলকে গ্রহণ করতে হবে।
আয়ু বৃদ্ধি ও জীবনের বরকত :
হাদিসে আয়ু বৃদ্ধির বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এ প্রসঙ্গে ইসলামী ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহর নির্ধারিত তাকদিরের সঙ্গে এর কোনো বিরোধ নেই। কেউ একে প্রকৃত আয়ু বৃদ্ধির অর্থে এবং কেউ জীবনের সময় ও কর্মে বরকত লাভের অর্থে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ সীমিত সময়ের মধ্যেও একজন মানুষ এমন কল্যাণকর কাজ করতে পারেন, যার প্রভাব দীর্ঘকাল মানুষের মধ্যে বেঁচে থাকে। তাঁর মানবিক অবদান ও সৎকর্ম মৃত্যুর পরও মানুষের স্মৃতিতে অমলিন থাকে।
পবিত্র কুরআনের সূরা আন-নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সূরা মুহাম্মদের ২২ ও ২৩ নম্বর আয়াতে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা কোনো ঐচ্ছিক সামাজিক আচরণ নয়; এটি একজন মুমিনের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।
সম্পর্কচ্ছেদের সংস্কৃতি : সমাজের জন্য অশনিসংকেত:
বর্তমান সমাজে আত্মীয়তার সম্পর্ক দুর্বল হয়ে পড়ার অন্যতম কারণ সম্পত্তি ও উত্তরাধিকার নিয়ে বিরোধ। সামান্য স্বার্থের দ্বন্দ্বে ভাইয়ের সঙ্গে ভাইয়ের, বোনের সঙ্গে বোনের কিংবা চাচা-ভাতিজার সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, একই পরিবারের সদস্যরা পাশাপাশি বসবাস করেও একে অপরের খোঁজ নেন না। কেউ অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে আত্মীয়তার দায়িত্ব পালনের পরিবর্তে অনেকে মুখ ফিরিয়ে নেন।
অথচ ইসলামে অন্যায়ের প্রতিবাদ এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা পরস্পরবিরোধী নয়। কোনো আত্মীয় অন্যায় করলে তার অন্যায়কে সমর্থন করার প্রয়োজন নেই। নিজের অধিকার রক্ষায় ন্যায়সংগত অবস্থানও নিতে হবে। তবে বিদ্বেষ, প্রতিশোধ কিংবা অহংকারের কারণে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা উচিত নয়। প্রয়োজন হলে ক্ষতিকর আচরণ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেও খোঁজখবর, সালাম ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে সম্পর্ক অক্ষুণ্ন রাখা সম্ভব।
সম্পর্ক রক্ষায় উদ্যোগী হোক প্রতিটি পরিবার :
আত্মীয়তার বন্ধন পুনর্গঠনে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। একটি ফোনকল, অসুস্থ স্বজনকে দেখতে যাওয়া, অভাবী আত্মীয়কে সহযোগিতা কিংবা দীর্ঘদিনের অভিমান ভুলে কথা বলার উদ্যোগই হতে পারে সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ।
মহানবী (সা.) শিক্ষা দিয়েছেন, প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তিনি নন, যিনি কেবল প্রতিদানের ভিত্তিতে ভালো আচরণ করেন; বরং প্রকৃত সম্পর্ক রক্ষাকারী হলেন তিনি, যার সঙ্গে আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করলেও তিনি সম্পর্ক বজায় রাখেন। (সহিহ বুখারি, হাদিস ৫৯৯১)।
একটি সুন্দর পরিবারই একটি সুন্দর সমাজের ভিত্তি। আত্মীয়তার বন্ধন দৃঢ় থাকলে প্রবীণরা অবহেলিত হন না, এতিম ও অসহায় স্বজনেরা সহযোগিতা পান এবং নতুন প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। তাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা হোক আমাদের পারিবারিক সংস্কৃতি ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ।
মনে রাখতে হবে, অর্থ-সম্পদ মানুষের জীবনে সাময়িক স্বাচ্ছন্দ্য আনতে পারে, কিন্তু সুসম্পর্ক এনে দেয় ভালোবাসা, মানসিক প্রশান্তি ও বিপদের দিনে নির্ভরতার আশ্রয়। যে মানুষ আত্মীয়তার বন্ধন রক্ষায় আন্তরিক, সে শুধু একটি সম্পর্কই রক্ষা করে না; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথও সুগম করে। তাই আসুন, অহংকার ও অভিমানের দেয়াল ভেঙে আত্মীয়তার বন্ধন পুনরুদ্ধার করি। কারণ সম্পর্ক ছিন্ন করে নয়, সম্পর্ক রক্ষা করেই জীবনে কল্যাণ, শান্তি ও বরকতের প্রত্যাশা করা উচিত।
লেখক : প্রাবন্ধিক ও সাংবাদিক।
