বাংলাদেশের বহির্বাণিজ্যের প্রায় পুরোটাই সমুদ্রপথে চলে। অথচ চট্টগ্রাম ও মোংলা বন্দরের গভীরতার সীমাবদ্ধতার কারণে বড় মাদার ভেসেল সরাসরি এ দেশে ভিড়তে পারে না। ফলে কনটেইনারের একটি বড় অংশ কলম্বো, সিঙ্গাপুর ও পোর্ট ক্লাং হয়ে ফিডার জাহাজে আসা-যাওয়া করে। এতে খরচ, সময় ও সরবরাহ-ঝুঁকি তিনটিই বাড়ে। গভীর সমুদ্রবন্দরের দাবি তাই দীর্ঘদিনের।
প্রশ্ন হলো, সেই বন্দর কোথায় এবং কীভাবে হবে। গভীর সমুদ্রবন্দর কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়। এটি বঙ্গোপসাগরে বাংলাদেশের অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ ও ভূরাজনৈতিক গুরুত্বের সঙ্গে জড়িত একটি কৌশলগত সিদ্ধান্ত। আর কৌশলগত সিদ্ধান্তের মূল্যায়ন করতে হয় তার ইতিহাস, ব্যয় ও পরিণতি একসঙ্গে বিবেচনা করে। এই লেখায় সেই তিন মাপকাঠিতেই সোনাদিয়া থেকে মাতারবাড়ীতে সরে আসার সিদ্ধান্তটি যাচাই করা হয়েছে।
সোনাদিয়া : সবচেয়ে উপযুক্ত স্থান, যা বাদ পড়ল : ২০০৯ সালে জাপানের প্যাসিফিক কনসালট্যান্টস ইন্টারন্যাশনাল নয়টি সম্ভাব্য স্থান যাচাই করে সোনাদিয়া–মহেশখালী এলাকাকে সবচেয়ে উপযুক্ত হিসেবে চিহ্নিত করে। এর সুবিধা ছিল ১৪ থেকে ১৬ মিটার প্রাকৃতিক গভীরতা, তুলনামূলক কম ড্রেজিং এবং মাদার ভেসেলের সহজ ভেড়ার সুযোগ। ২৫ বছরে প্রায় ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে ধাপে ধাপে বন্দর নির্মাণের পরিকল্পনাও তৈরি হয়েছিল।
পরে চীন সেখানে বিনিয়োগের প্রস্তাব দেয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। বিভিন্ন সূত্রে এর পেছনে ভারতের চাপের কথা বলা হয়ে থাকে। ২০২০ সালে সরকার পরিবেশগত ঝুঁকির কারণ দেখিয়ে সোনাদিয়া প্রকল্প বাতিল করে, সংশ্লিষ্ট আইন রহিত হয় এবং প্রকল্পটি ফাস্ট ট্র্যাক তালিকা থেকে বাদ পড়ে। সরকার পরিবেশের কথা বললেও অনেক বিশ্লেষকের মতে মুখ্য কারণ ছিল ভূরাজনৈতিক চাপ।
পায়রার অভিজ্ঞতা : একটি সতর্কবার্তা : সোনাদিয়ার বিকল্প হিসেবে সামনে আনা হয় পায়রাকে।
অথচ পায়রা নদীর প্রাকৃতিক ড্রাফট মাত্র ৬ মিটার। ২০১৬ সালে সংবাদমাধ্যম জানায়, কলাপাড়ায় ৩৫ নটিক্যাল মাইল ড্রেজিংয়ের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি বেলজিয়ান কোম্পানির সঙ্গে প্রথম ধাপে ২ বিলিয়ন ডলারের (প্রায় ১৬ হাজার কোটি টাকা) চুক্তি করেছে। লক্ষ্য ছিল ২০১৮ সালের মধ্যে ১৪ মিটার ড্রাফটের, ৩০০ মিটার দীর্ঘ জাহাজ ভেড়ানো।
২০২৪ সালে শুরু হওয়া তৃতীয় ধাপের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৫ বিলিয়ন ডলার। এর মধ্যেই প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু বড় জাহাজ নিয়মিত ভেড়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ব্যাপক ও নিয়মিত মেইনটেনেন্স ড্রেজিং ছাড়া অদূর ভবিষ্যতে তা সম্ভবও নয়।
মাতারবাড়ী : ড্রেজিং একবারের কাজ নয় : মাতারবাড়ীতেও একই প্রশ্ন উঠছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ১৪.৩ কিলোমিটার দীর্ঘ, ২৫০ মিটার প্রশস্ত ও ১৬ মিটার গভীর চ্যানেলটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু দুই বছরের মধ্যেই কিছু অংশে পলি জমে গভীরতা প্রায় ১০ মিটারে নেমে আসে এবং ২০২৬ সালের জুনে মেইনটেনেন্স ড্রেজিং শুরু করতে হয়। অর্থাৎ এখানে ড্রেজিং একটি চলমান চক্র। এর ব্যয় ও পরিবেশগত প্রভাব দুটিই দীর্ঘমেয়াদি। বিবেচ্য বিষয়গুলো হলো:
ি ঘোলা পানি এবং ড্রেজড মাটি ফেলার স্থান;
ি কচ্ছপ ও পরিযায়ী পাখির আবাস;
ি জেলেদের জীবিকা; এবং
ি কোহেলিয়া নদীর পলি জমা।
সোনাদিয়া বাতিলের সময় যেসব পরিবেশগত প্রশ্ন তোলা হয়েছিল, মাতারবাড়ীর ক্ষেত্রেও সেগুলো সমান প্রাসঙ্গিক। একই পরিবেশগত মানদ- দুটি প্রকল্পে সমানভাবে প্রয়োগ হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।
অর্থনৈতিক দায় : করদাতার ঘাড়ে কতটা বোঝা : মাতারবাড়ী প্রকল্পের অনুমোদিত ব্যয় ছিল ১৭,৭৭৭ কোটি টাকা, যা বেড়ে প্রায় ২৪,৩৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে, অর্থাৎ প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি। বাণিজ্যিক কার্যক্রম শুরুর সম্ভাব্য সময় ২০২৯-৩০। এই বাস্তবতায় তিনটি ঝুঁকি স্পষ্ট:
১। কার্গো প্রত্যাশার চেয়ে কম এলে ঋণের কিস্তি ও পরিচালন ব্যয়ের চাপ সরাসরি করদাতার ওপর পড়বে।
২। নিয়মিত ড্রেজিংয়ের ব্যয় বিনিয়োগ ফিরে পাওয়ার সময় দীর্ঘায়িত করে প্রকল্পকে অলাভজনক করে তুলতে পারে।
৩। কয়লানির্ভর অবকাঠামো ভবিষ্যতে অব্যবহৃত সম্পদে পরিণত হতে পারে।
ভূরাজনীতি : দুই বন্দর, দুই হিসাব : সোনাদিয়া চীনা অর্থায়নের প্রস্তাবের সঙ্গে জড়িত ছিল, যাতে ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের আপত্তি ছিল। মাতারবাড়ী জাপানের ইন্দো-প্যাসিফিক সংযোগ-দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ভারতের কাছেও গ্রহণযোগ্য। চীন এর বিরোধিতা করেনি; বরং চ্যানেলের মেইনটেনেন্স ড্রেজিংয়ে চীনা মালিকানাধীন একটি ড্রেজার কাজ করছে।
আঞ্চলিক সংযোগ : সুযোগ আছে, শর্তও আছে : সবচেয়ে সংবেদনশীল প্রশ্নটি আঞ্চলিক সংযোগ নিয়ে। মাতারবাড়ী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাব্য প্রবেশদ্বার। এতে রাজস্ব, কর্মসংস্থান ও আঞ্চলিক সহযোগিতার সুযোগ আছে। যোগাযোগ নিজে হুমকি নয়। ঝুঁকি তৈরি হয় তখনই, যখন নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা ছাড়া প্রবেশাধিকার দেওয়া হয় এবং সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে না। পাঁচটি উদ্বেগ বিশেষভাবে বিবেচ্য:
১। শর্তহীন ট্রানজিট: বাতিলের শর্তহীন ট্রানজিটের নামে একতরফা করিডর দিলে সার্বভৌমত্ব ও চলাচল নিয়ন্ত্রণ ক্ষুণœ হবে।
২। অসম নির্ভরশীলতা: দর-কষাকষির সক্ষমতা কমলে আন্তর্জাতিক রীতি ও হারে ন্যায্য রাজস্ব দাবি করা কঠিন হবে।
৩। সামরিক ব্যবহার: বাণিজ্যিক অবকাঠামোর সামরিক ব্যবহার কোনোভাবেই স্বয়ংক্রিয় হওয়া চলবে না।
৪। প্রতিদ্বন্দ্বিতার করিডর: বন্দরটি ভারত–চীন প্রতিদ্বন্দ্বিতার লজিস্টিক করিডরে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
৫। প্রযুক্তিনির্ভরতা: টার্মিনাল পরিচালনা, ডিজিটাল ব্যবস্থা ও ডেটাবেসে বিদেশী প্রতিষ্ঠানের অতি-নির্ভরতা সাইবার ও নিয়ন্ত্রণগত ঝুঁকি তৈরি করে।
চারটি নীতি-সুপারিশ
এক, জাতীয় নীতিমালা। বন্দর চালুর আগেই “জাতীয় কৌশলগত নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগ নীতিমালা” প্রণয়ন করতে হবে। এতে থাকবে জাতীয় মালিকানা, সমন্বিত সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল সার্বভৌমত্ব, কৌশলগত নিরপেক্ষতা ও নিয়মিত সংসদীয় তদারকি।
দুই, বিদ্যমান ব্যবস্থার পুনর্মূল্যায়ন। ২০১৮ সালের বন্দর ব্যবহার চুক্তি, ২০১৯ সালের কার্যপদ্ধতি, নৌ-প্রটোকল ও উপকূলীয় নৌপরিবহন চুক্তিসহ সব ব্যবস্থা নতুন করে মূল্যায়ন করতে হবে।
তিন, বাণিজ্যিক ট্রানজিট ও সামরিক প্রবেশাধিকারের স্পষ্ট ব্যবধান। দুইয়ের মধ্যে আইনি পার্থক্য টানতে হবে এবং সামরিক-সংশ্লিষ্ট যেকোনো পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা বাধ্যতামূলক করতে হবে।
চার, স্বাধীন তুলনামূলক বিশ্লেষণ। সোনাদিয়া ও মাতারবাড়ীর ৩০ বছরের ড্রেজিং ব্যয়, অবকাঠামো ব্যয়, পরিবেশগত ব্যয়, ঋণের সুদ ও সুযোগ-ব্যয় হিসাব করে একটি স্বাধীন বিশ্লেষণ করতে হবে এবং তার ফল জনসমক্ষে প্রকাশ করতে হবে।
শেষ কথা : আসল প্রশ্নটি কী : সবকিছু বিবেচনায় প্রাকৃতিক গভীরতায় সোনাদিয়া এখনো এগিয়ে। অর্থায়ন, কূটনৈতিক গ্রহণযোগ্যতা ও স্বল্পমেয়াদি বাস্তবায়নযোগ্যতায় এগিয়ে মাতারবাড়ী। এদিকে পায়রা বন্দরে ইতিমধ্যে প্রায় ৪ বিলিয়ন ডলারের রাজস্ব ও ঋণের অর্থ ব্যয় হয়ে গেছে, অথচ ব্যাপক ব্যয়ের কারণে অলাভজনক হওয়ার ঝুঁকি সেখানে থেকেই যাচ্ছে।
তবে আসল প্রশ্ন এটি নয় যে ভারত সোনাদিয়া, মাতারবাড়ী বা পায়রা থেকে সুবিধা পাবে কি না। আসল প্রশ্ন হলো, বাংলাদেশ কি সার্বভৌম নিয়ন্ত্রণ ও কৌশলগত স্বাধীনতা বজায় রেখে সমানুপাতিক সুবিধা নিশ্চিত করতে পারবে?
আমার বিশ্বাস, মাতারবাড়ী হতে পারে বাংলাদেশের সার্বভৌম সামুদ্রিক সম্পদ, আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার ও ভারসাম্যপূর্ণ কূটনীতির হাতিয়ার; কোনো বহিঃশক্তির একচেটিয়া কৌশলগত করিডর নয়। ঋণের ভার বহনকারী প্রতিটি নাগরিকের জানার অধিকার আছে:
১। কারা আমাদের সঙ্গে ব্যবসা করবে;
২। কারা আমাদের অবকাঠামোয় বিনিয়োগ করবে;
৩। কাদের জাহাজ আমাদের জেটিতে ভিড়বে; এবং
৪। নিজেদের অর্থনৈতিক ভাগ্যের ওপর আমরা কতটা নিয়ন্ত্রণ ধরে রাখব।
অতএব, সরকারের জানানো উচিত, আগামী এক বা দুই দশকে বাংলাদেশের জনগণকে কি ২০, ৩০ বা ৪০ বিলিয়ন ডলার ঋণের বোঝা কাঁধে নিয়ে আরেকটি হাম্বানটোটার পথে হাঁটবে, নাকি বঙ্গোপসাগরে একটি বিশ্বাসযোগ্য, ভারসাম্যপূর্ণ ও টেকসই সামুদ্রিক রাষ্ট্র হিসেবে নিজের জায়গা করে নেবে? স্লোগানের গ-ি ছাড়িয়ে প্রমাণভিত্তিক আলোচনাই এর উত্তরের পথ।
লেখক : প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতি বিশ্লেষক; সভাপতি, এনডিজে।
