রাশেদুল হাসান

শুনতে অবাক লাগলেও গাজার আয়তন মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার, যা ঢাকা মহানগর এলাকার চেয়ে কয়েক গুণ ছোট। এ ছোট্ট ভূখ-ে বছরের পর বছর হামলা চালিয়ে লাখ লাখ বেসামরিক মানুষ হত্যা করেছে ইসরাইল। আর সে অভিযানের পেছনে সমর্থন, অর্থ ও অস্ত্র জুগিয়েছে যুক্তরাষ্ট্র। ফলাফল, নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডের ভরাডুবি। আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাইডেনের নীতিই অনুসরণ করে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তাঁর রাজনৈতিক পতনের শুরুটা খুঁজতে গেলেও প্রথমেই চোখ যায় গাজার দিকে।

গাজার পর নজর গেল ইরানে। সেখানে সরকার পতনে ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলে পড়ল ট্রাম্পের যুক্তরাষ্ট্র। একের পর এক হামলায় মারা হলো শীর্ষ নেতাদের, ধ্বংস করা হল হাজারো সামরিক-বেসামরিক স্থাপনা। স্কুলে বোমা মেরে শিশুদের হত্যা করা হল। ট্রাম্প দাবি করলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ। কিন্তু পরমাণু শক্তি সংস্থা জানালো, পারমাণবিক উপাদান থাকা স্থাপনায় ক্ষতির প্রমাণ নেই। আর যে শাসকদের উৎখাত করতে এত কিছু, তাঁরা এখনো বহাল তবিয়তেই আছেন।

বরং পাশার দান উল্টে গেছে। কোনো রক্তপাত বা বোমা মারা ছাড়াই ভোটের মাধ্যমে ট্রাম্পের ক্ষমতার ভিত নড়িয়ে দিয়েছেন মার্কিন ভোটাররা। প্রেসিডেন্টের চেয়ার অবশ্য এখনো তাঁর দখলে, কিন্তু ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই হারিয়েছে তাঁর রিপাবলিকান পার্টি।

যুদ্ধের রাজনৈতিক দাম : গাজা প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভেতরে বিতর্ক নতুন নয়। ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন বহু পুরোনো। কিন্তু গাজায় বিপুল প্রাণহানি, ধ্বংসযজ্ঞ আর যুদ্ধ থামাতে কার্যকর উদ্যোগের অভাব মার্কিন সমাজকে ক্ষুব্ধ করেছে। ক্ষমতায় ফিরে ট্রাম্প ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন। ফলে ফিলিস্তিনপন্থী ও মানবাধিকারকর্মীদের সমালোচনাও তাঁর প্রশাসনের দিকেই গেছে। এই ক্ষোভ বিশেষ করে তরুণ, মুসলিম ও আরব-আমেরিকান ভোটারদের মধ্যে জোরালো ছিল।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) ও কেয়ার অ্যাকশনের এক জরিপে মুসলিম ভোটারের মধ্যে ৭৬ শতাংশ বলেছেন, গাজা ও ফিলিস্তিনিদের মানবাধিকার তাঁদের কাছে ভোটের গুরুত্বপূর্ণ বিষয়। ৮০ শতাংশের মতে, গাজায় ইসরাইলের যুদ্ধ তাঁদের ভোটের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। আর ৭৬ শতাংশ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধও তাঁদের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তবে এই জরিপ শুধু মুসলিম ভোটারদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তাই একে সব মার্কিন ভোটারের মনোভাব বলা যাবে না। এটুকু বলা যায়, একটি নির্দিষ্ট ভোটারগোষ্ঠীর কাছে এই দুই যুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ ছিল।

যুদ্ধের পক্ষে জোড়ালো যুক্তিও দাঁড় করাতে পারেনি ট্রাম্প প্রশাসন। ইরানের পারমাণবিক সক্ষমতা আর আঞ্চলিক হুমকি ঠেকাতে অভিযান জরুরি, এমন অযুহাত ছিল তাঁদের। কিন্তু ভোটাররা দেখেছেন ফলাফল আর খরচের হিসাব। একদিকে বিদেশে সামরিক ব্যয়, অন্যদিকে দেশে জ্বালানি ও নিত্যপণ্যের চড়া দাম। এ বৈপরীত্যে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান ফিকে হয়ে যায়। ফলে নতুন যুদ্ধ না করার অঙ্গীকারে যাঁরা তাঁকে ভোট দিয়েছিলেন, তাঁদের কাছে ইরান অভিযান ছিল প্রতিশ্রুতি ভঙ্গ।

ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা নিহত হলেও শাসনব্যবস্থা ভেঙে পড়েনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যার পর খামেনির ছেলের দায়িত্ব নেয়াÑ অর্থাৎ নেতৃত্বে বড় পরিবর্তন এলেও রাষ্ট্রীয় ও নিরাপত্তা কাঠামো টিকে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে পেরেছে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা ধসাতে পারেনি। তাহলে যে উদ্দেশ্যে যুদ্ধ, তার কতটা অর্জিত হলোÑ প্রশ্নটা ট্রাম্পের সামনে থেকে যায়।

পারমাণবিক স্থাপনায় হামলার পর তাঁর বিজয় ঘোষণাও বিতর্কে পড়ে। বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ট্রাম্প দাবি করেছিলেন, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু বিশেষজ্ঞদের মূল্যায়নে দেখা গেল, স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও সক্ষমতা পুরোপুরি মুছে যায়নি। পরে আরেক দফা হামলার পর আইএইএ জানায়, পারমাণবিক উপাদান থাকা স্থাপনায় ক্ষতির প্রমাণ তারা পায়নি, যদিও আশপাশের কিছু স্থাপনায় ক্ষতির চিহ্ন ছিল। পরে সংস্থাটি এও জানায়, ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনের কোনো প্রমাণ মেলেনি। এসব তথ্যের সামনে ট্রাম্পের ‘সম্পূর্ণ ধ্বংসের’ দাবি প্রশ্নের মুখে পড়ে।

যুদ্ধের সঙ্গে শুল্কের বোঝা : নির্বাচনী প্রচারে ট্রাম্পের বড় প্রতিশ্রুতি ছিল মার্কিন শিল্প ও কর্মসংস্থান রক্ষা। বিদেশি পণ্যে শুল্ক বসিয়ে দেশীয় উৎপাদন বাড়ানো, বাণিজ্য ঘাটতি কমানো আর প্রতিযোগীদের ওপর চাপ তৈরির কথা বলেছিলেন তিনি। কিন্তু শুল্কের বোঝা শেষ পর্যন্ত কতটা বিদেশি উৎপাদকের ঘাড়ে পড়ে আর কতটা মার্কিন আমদানিকারক ও ভোক্তার, সেটাই হয়ে দাঁড়ায় আসল বিতর্ক। আমদানি করা পণ্যের দাম বাড়লে ব্যবসায়ীর উৎপাদন খরচও বাড়ে, আর সেই বাড়তি খরচের একটা অংশ শেষ পর্যন্ত ক্রেতাকেই দিতে হয়।

সিএফআরের বিশ্লেষণে ট্যাক্স পলিসি সেন্টারের একটি হিসাব উঠে এসেছে। প্রচলিত আইন বহাল থাকলে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে ২০২৬ সালে গড়ে প্রতিটি মার্কিন পরিবারের বাড়তি খরচ হতে পারে প্রায় ৯২০ ডলার। অর্থাৎ শুল্ক শুধু আন্তর্জাতিক বাণিজ্যের তাত্ত্বিক বিষয় নয়, সাধারণ পরিবারের বাজারের খরচেও এর ছাপ পড়ে। প্রশাসন বলছিল দেশীয় শিল্প সুরক্ষার কথা, আর ব্যবসায়ী ও ভোক্তারা দেখছিলেন বাড়তি দাম গুনতে হচ্ছে তাঁদেরই।

যুদ্ধ আর শুল্কের মধ্যে এখানে একটা যোগসূত্রও আছে। ইরান যুদ্ধে বাড়ছিল জ্বালানির দাম, আর শুল্কের কারণে নানা পণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ছিল। দুই ক্ষেত্রেই প্রশাসনের সিদ্ধান্তের প্রভাব গিয়ে পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। তাই মূল্যস্ফীতির দায় বৈশ্বিক পরিস্থিতি বা আগের সরকারের ঘাড়ে চাপিয়ে ট্রাম্প নিজেকে সরিয়ে রাখতে পারেননি। ভোটারদের বড় অংশ মনে করেছেন, পরিস্থিতি কঠিন করেছে তাঁর নিজের সিদ্ধান্তই।

কংগ্রেসে ক্ষমতার বদল, ভূরাজনীতির নতুন হিসাব : ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) বিশ্লেষণে মধ্যবর্তী নির্বাচনের ফলকে শুধু অভ্যন্তরীণ ক্ষমতার বদল নয়, আন্তর্জাতিক রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলা হয়েছে। ডেমোক্র্যাটরা দু’কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ায় ২০২৭ সালের জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসনের ওপর আইনপ্রণেতাদের নজরদারি বাড়বে। বাজেট, সামরিক ব্যয়, প্রশাসনিক নিয়োগ আর সরকারি চুক্তি নিয়ে তদন্তের সুযোগ তৈরি হবে। প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা থাকলেও কংগ্রেসে বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতা তাঁর পথ কঠিন করে তুলবে। আইআইএসএসের বিশ্লেষণ বলছে, ফলের পেছনে বড় কারণ ছিল দুর্নীতির অভিযোগ, জীবনযাত্রার ব্যয় আর ইরান যুদ্ধ। তাদের উদ্ধৃত জরিপে ৫৫ শতাংশ ভোটার দুর্নীতিকে, ৪৯ শতাংশ জীবনযাত্রার ব্যয়কে আর ৩৪ শতাংশ ইরান যুদ্ধকে ভোটের গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। অর্থাৎ যুদ্ধ গুরুত্বপূর্ণ হলেও ভোটারদের দুশ্চিন্তার তালিকায় অর্থনীতি আর প্রশাসনিক জবাবদিহিও বেশ ওপরে ছিল। বিশ্লেষণে আরও বলা হয়েছে, পররাষ্ট্রনীতি মার্কিন নির্বাচনে খুব কমই এককভাবে ফল ঠিক করে। ইরান যুদ্ধের বড় প্রভাব এসেছে জ্বালানি ও নিত্যপণ্যের দামের পথ ধরে।

যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্যও ফলাফলে একটা বার্তা আছে। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি শুধু প্রেসিডেন্টের ব্যক্তিগত সিদ্ধান্তে চলে না, কংগ্রেস, জনমত আর নির্বাচনী রাজনীতিও তাতে প্রভাব ফেলে। ইসরাইলের প্রতি সমর্থন দীর্ঘদিন ধরে দুই দলের তুলনামূলক শক্ত ঐকমত্যের ওপর দাঁড়িয়ে ছিল। গাজা যুদ্ধ, ইরান অভিযান আর নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থন সেই ঐকমত্যে চাপ ফেলেছে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসে ইসরাইলের অভিযান, অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হতে পারে। সমর্থন আদৌ কমবে কি না, তা নির্ভর করবে কংগ্রেসের সমীকরণ আর সামনের পরিস্থিতির ওপর।

ট্রাম্পের ব্যক্তিগত পরাজয়ও : ডেমোক্র্যাটরা যে কেবল কয়েকটি গুরুত্বপূর্ণ আসন ফিরে পেয়েছে, তা না। রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও তারা সাফল্য পেয়েছে। টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, ওহাইও ও কানসাসের মতো রাজ্যে ডেমোক্র্যাটদের সাফল্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দুই কক্ষ হারানোর পাশাপাশি ট্রাম্পের সমর্থন পাওয়া কয়েকজন প্রার্থীও হেরেছেন। এটি প্রার্থী বাছাইয়ে তাঁর সিদ্ধান্ত আর রাজনৈতিক প্রভাবকে প্রশ্নবিদ্ধ করেছে।

নির্বাচনের আগে ট্রাম্প ভোটারদের বলেছিলেন, তাঁকেই ব্যালটের প্রার্থী ভেবে ভোট দিতে। ভোটাররা সেই কথা রেখেছেন, তবে তাঁর পক্ষে নয়, অনেক ক্ষেত্রে বিপক্ষে। ভোটারদের বড় অংশ দেশটির বর্তমান অবস্থায় অসন্তুষ্ট ছিলেন। প্রায় ৯০ শতাংশ জীবনযাত্রার ব্যয়কে ভোটের গুরুত্বপূর্ণ বিষয় মনে করেছেন, আর প্রায় দুই-তৃতীয়াংশ উচ্চ দামের জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। কৃষ্ণাঙ্গ পুরুষ, লাতিনো ও তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকানদের সমর্থনও কমেছে। ২০২৪ সালে যে ভোটার জোট ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরিয়েছিল, তাতে এখন ফাটল ধরেছে।

তবে ডেমোক্র্যাটদেও এ জয়কে ভোটারদের আস্থার প্রমাণ ভাবাও ঠিক হবে না। বিশ্লেষণে দেখা গেছে, অনেক ভোটার ডেমোক্র্যাটদের নিয়ে পুরোপুরি খুশি না হয়েও রিপাবলিকানদের বিপক্ষে ভোট দিয়েছেন। মানে এটা ক্ষমতাসীনদের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ, বিরোধী দলের প্রতি নিঃশর্ত সমর্থন নয়। ডেমোক্র্যাটদের জন্য আসল পরীক্ষা এখানেই। কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়ে এবার তাঁদের জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও প্রশাসনিক জবাবদিহির মতো বিষয়ে বাস্তব অগ্রগতি দেখাতে হবে। শুধু ট্রাম্পবিরোধিতা করে গেলে এই আস্থা বেশিদিন টিকবে না।

অর্থনীতি ও ভোটারদের অসন্তোষ : ওয়াশিংটন পোস্টে প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বিশ্লেষণ থেকে নির্বাচনের অর্থনৈতিক দিকটা ভালো বোঝা যায়। প্রায় এক লাখ ভোটারের অংশগ্রহণে করা এপি ভোটার পোলে প্রায় দুই-তৃতীয়াংশ বলেছেন, ট্রাম্পের নীতিই মূল্যস্ফীতি বাড়িয়েছে। ২০২৪ সালে দাম কমানোর প্রতিশ্রুতিতে ক্ষমতায় ফেরা ট্রাম্পের জন্য এটা বড় ধাক্কা। মূল্যবৃদ্ধির জন্য আগের সরকারকে দায়ী করায় তাঁর যুক্তি ভোটাররা মানেননি। তাঁরা বরং শুল্ক আর ইরান যুদ্ধের পর জ্বালানির দাম বাড়ার সঙ্গে নিজেদের বাড়তি খরচের সরাসরি সম্পর্ক দেখেছেন।

মূল্যস্ফীতির রাজনৈতিক প্রভাব বুঝতে শুধু পরিসংখ্যান দেখলে চলে না। একবার কোনো জিনিসের দাম বেড়ে গেলে পরে মূল্যস্ফীতির হার কমলেও সে দাম আর আগের জায়গায় ফেরে না। ফলে খরচের চাপ থেকেই যায়। খাবার, বাসাভাড়া, চিকিৎসা, বিদ্যুৎ, যাতায়াত আর জ্বালানি নিয়েই মানুষের প্রতিদিনের জীবন। আয় একই হারে না বাড়লে এসব খরচ সঞ্চয় কমায়, বড় কেনাকাটা পিছিয়ে দেয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ায়। ট্রাম্প প্রশাসন মূল্যস্ফীতির হার কমার দাবি করলেও ভোটারদের কাছে বড় কথা ছিল বাজারে গিয়ে কত টাকা খরচ হচ্ছে। প্রশাসনের প্রচার আর মানুষের অভিজ্ঞতার এই ফারাকই দূরত্ব তৈরি করেছে।

অভিবাসন নীতিও রিপাবলিকানদের প্রত্যাশিত সুবিধা ধরে রাখতে পারেনি। সীমান্ত নিয়ন্ত্রণ আর অবৈধ অভিবাসন ঠেকানোর প্রতিশ্রুতিতেই ট্রাম্প ক্ষমতায় ফিরেছিলেন। কিন্তু ব্যাপক ধরপাকড় ও বহিষ্কারের কঠোর পদ্ধতি নিয়ে সমালোচনা বেড়েছে, বিশেষ করে লাতিনো ভোটারদের একাংশের মধ্যে। সিএফআরের বিশ্লেষণে উদ্ধৃত অক্টোবরের সিবিএস-ইউগভ জরিপে ৫৯ শতাংশ হিস্পানিক ভোটার বলেছেন, প্রশাসন তাঁদের প্রত্যাশার চেয়ে বেশি মানুষকে বহিষ্কার করছে। একই অনুপাতের ভোটার মনে করেন, প্রেসিডেন্ট বহিষ্কারের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছেন। সীমান্ত কড়াকড়ির সমর্থকদের একটা অংশও হয়তো এতটা কঠোরতা চাননি। ফলে যে ইস্যু ছিল ট্রাম্পের শক্তির জায়গা, সেটাই কিছু ভোটারকে দূরে ঠেলে দিয়েছে।

বিশ্বরাজনীতিতে প্রতিক্রিয়া : ডেমোক্র্যাটদের জয়ের প্রভাব যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বাণিজ্য অংশীদার, মিত্র আর প্রতিদ্বন্দ্বীদের হিসাব-নিকাশেও পড়বে। ইরান যুদ্ধ নিয়ে উপসাগরীয় দেশগুলো ভাবতে পারে, কংগ্রেসে হারার পর যুদ্ধ টেনে নেওয়া ট্রাম্পের জন্য কঠিন হবে, আর তিনি সমঝোতার পথে যেতে পারেন। তবে এটা অনিশ্চিত ভাবনা। এই মুহূর্তে দুর্বল অবস্থানে থাকা ট্রাম্প সমঝোতার বদলে বরং আরও আক্রমণাত্মকও হয়ে উঠতে পারেন। আবার ইরান যদি ফলটিকে যুক্তরাষ্ট্রের দুর্বলতা ধরে নেয়, নতুন করে উত্তেজনার ঝুঁকিও তৈরি হতে পারে।

ইসরাইলের জন্যও ফলটি তাৎপর্যপূর্ণ। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসে গাজা, লেবানন আর ইরানে ইসরাইলের অভিযানের ওপর নজরদারি বাড়তে পারে, সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি নিয়েও প্রশ্ন উঠতে পারে। নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতাকে ইসরাইলের কূটনৈতিক শক্তি মনে করেন। কিন্তু ট্রাম্পের পরাজয় আর ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁর মিত্রদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা সেই কৌশলের সীমা দেখিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের জনমতের একটা অংশের কাছে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন এখন রাজনৈতিক বোঝা। তবে দুই দেশের পুরোনো সামরিক সম্পর্কের কারণে নীতিতে আদৌ কতটা বদল আসবে, তা এখনই বলা যায় না।

লেখক : সাংবাদিক।