এডভোকেট আবু হাসিন
২০০৮ সালে এক পাতানো ও সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। পরপর কয়েকটি পাতানো ও তামাশার নির্বাচনের পর তারা এতই অহংবোধী ও স্বপ্নবিলাসী হয়ে উঠেছিলো যে, দলটি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ব্যাপারে অতি প্রত্যয়ী হয়ে উঠেছিলো। কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে ১শ’ বছর পর্যন্ত তা প্রলম্বিত করার দিবাস্বপ্নে বিভোর হয়ে উঠেছিলেন। কিন্তু জুলাই বিপ্লব তাদের সাজানো বাগানকে তাসের ঘরের মত উড়িয়ে দিয়েছে। দলীয় নেত্রী সহ দলের শীর্ষনেতারা এখন দেশে-বিদেশে ফেরার জীবন যাপন করছেন। ইতিহাসে এমন গণপলায়নের নজীর নেই।
২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে ক্ষমতা হারানোর পর তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। জনগণের ধাওয়া খেয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে অবাস্তব ও কল্পকাহিনী প্রচার করতে থাকেন। সে ধারাবাহিকতায় তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়ে রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেন। শুরু হয় গোপালগঞ্জ সহ দেশব্যাপী নাশকতা ও অগ্নিসন্ত্রাস। কিন্তু তার অভিপ্রায় বাস্তবসম্মত না অহেতুক রাজনৈতিক চমক কি না তা-ই আজকের আলোচনার বিষয়।
তবে বর্তমান আইনি নিষেধাজ্ঞা, রাজনৈতিক বাস্তবতা এবং বিশ্লেষকদের মতামত অনুযায়ী, নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং তা বেশ কয়েকটি কঠিন শর্তের ওপর নির্ভরশীল বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে। ২০২৫ সালের ১০ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক ও সাইবার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদেও এ নিষেধাজ্ঞা সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটি ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ২০২৫ সালের ১২ মে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-র ২০২৬ সালের ১৯ নভেম্বরের তথ্য অনুযায়ী, দলটির সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঝুলে আছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও সরকারের পক্ষ থেকে দলটির রাজনীতিতে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট কিছু শর্ত ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়েছে।
ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আলী রীয়াজ ২০২৬ সালের ২৩ জুন আল জাজিরা ও দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত বক্তব্যে উল্লেখ করেন, রাজনীতিতে ফেরার আলোচনার আগে আওয়ামী লীগকে চারটি শর্ত পূরণ করতে হবে। বিগত ১৬ বছরের শাসনামল ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, বর্তমান আদর্শ ত্যাগ করা, শেখ হাসিনার পরিবারের কাউকে নেতৃত্বে না রাখা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি হওয়া। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ২০২৬ সালের ২২ অক্টোবর বাসস-কে দেওয়া এক বক্তব্যে জানান, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে দলটির রাজনীতিতে ফেরার সুযোগ নেই। আগে তাদের ক্ষমা চাইতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। ২০২৬ সালের ১৯ ও ২০ নভেম্বরের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজনৈতিক বিশ্লেষকরা মত দিয়েছেন যে, ঝটিকা মিছিল, বাসে অগ্নিসংযোগ বা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কোনো দলের রাজনীতিতে ফেরা কঠিন এবং এটি সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে। ২০২৬ সালের ১৫ নভেম্বর প্রথম আলো-র এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেও আত্মগোপনে থাকা দলটির অনেক নেতাই মনে করেন বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কূটনৈতিক সমঝোতা ছাড়া বর্তমান পরিস্থিতিতে তাঁর ফেরা প্রায় অসম্ভব। রাজনৈতিক বিশ্লেষকরা বললছেন, অতীতের কর্মকাণ্ড ও বর্তমান সন্ত্রাসের পথ পরিহার না করলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ নেই। অন্যদিকে, বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো দলগুলোর বিপরীতে মাঠে দাঁড়ানোর মতো সাংগঠনিক সক্ষমতা বর্তমানে দলটির নেই বলে প্রথম আলো-র কলামে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে, আইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার, চলমান বিচার প্রক্রিয়ার নিষ্পত্তি এবং দলের ভেতরে মৌলিক নেতৃত্ব ও আদর্শিক পরিবর্তন ছাড়া আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতিতে ফেরা বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
একথা সর্বজন স্বীকৃত যে, কেবল নাশকতার পথ ধরে ইতিহাসে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী ক্ষমতায় আসতে পারেনি। এর পরিবর্তে দরকার ইতিবাচক রাজনীতি ও সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য। অথচ আওয়ামী লীগের বর্তমান রাজনীতির প্রধান লক্ষ্য আসলে কী, তা নিয়ে এখনো কারও কাছ থেকে স্পষ্ট কোনো রূপরেখা আসেনি। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও চব্বিশের গণ-অভ্যুত্থানের আগের সময়কার কোনো ত্রুটি নিয়ে তারা কোনো রাজনৈতিক অবস্থান বা ব্যাখ্যা তুলে ধরেনি। জাতিসংঘের হিসাব অনুযায়ী গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪শ’ জনের বেশি মানুষ প্রাণ হারানোর পরও দলটি নিজেদের কোনো ভুল মেনে নেয়নি। এর ফলে মানুষের সামনে নতুন কী কর্মসূচি বা বার্তা নিয়ে হাজির হবে সে বিষয়ে কোনো পথনির্দেশনা না দিয়েই তারা শুধু ককটেল হামলা ও অগ্নিসন্ত্রাসের মধ্যেই নিজেদের আটকে রেখেছে। আওয়ামী লীগের চলমান সহিংস তৎপরতা প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গনের মানুষ, বিশ্লেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা মতামত দিয়েছেন। জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে যে আর রাজনীতিতে ফেরা সম্ভব নয়, এ বিষয়ে তাদের সবার অভিমত একই। সরকার সংশ্লিষ্টরা বলছেন, সরকার কোনো চাপে নেই। আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তারা বলছেন, সেখান থেকে ভিডিওবার্তা দিয়ে দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়া হচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।
অন্যদিকে সম্প্রতি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগুন দেওয়া, মানুষ পোড়ানো, হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও গণহত্যা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, দলটি আবারও এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে সরকার আন্দোলনকারীদের ওপর গুলি চালায় এবং প্রাণহানি ঘটে। কিন্তু বর্তমান সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে চায় না। একজন নিরপরাধ মানুষও যাতে গুলিতে নিহত বা আহত না হন, সে বিষয়ে সরকার সতর্ক।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আওয়ামী লীগ ফেরা আর শেখ হাসিনা ফেরা দু’টি ভিন্ন কথা। প্রশ্ন হতে পারে শেখ হাসিনা ফিরবেন কিনা। তাদের অভিমন, ফিরবেন না। কারণ তিনি ভারত চলে যাওয়ার ঠিক পরের দিন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে, বাংলাদেশের প্রতি তাদের আর কোনো আগ্রহ নেই। অথচ এখন আবার ফেরার ইচ্ছার কথা বলা হচ্ছে। এ দ্বিমুখী কথার মধ্যে কোনটি সত্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আসলে শেখ হাসিনা যদি ফিরতে চান, তবে আইনগতভাবে একমাত্র পথ হলো প্রত্যর্পণ। তবে ভারত তাকে সেভাবে সহজে আসতে দেবে বলে মনে হয় না এবং এ সম্ভাবনা খুবই ক্ষীণ। তাদের অভিমত, আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায়, তবে যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত বা সাজা হয়নি, তেমন নতুন ও পরিচ্ছন্ন নেতৃত্বকে সামনে রেখে দল পুনর্গঠন করতে হবে। এক্ষেত্রে দোষ স্বীকার ও ক্ষমার প্রক্রিয়ার মাধ্যমে তারা সম্মানের সঙ্গে ফেরার কথা ভাবতে পারেন। এর বাইরে যদি জোরপূর্বক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করা হয়, তবে তার কোনো ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না।
এদিকে কোনো রাজনৈতিক বক্তব্য না দিয়ে শুধু ককটেল ও সহিংসতার পুরোনো কৌশল কাজে আসবে কি না, এমন আলোচনা আছে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও। তাদের মতে, বরং ধৈর্য ধারণ এবং পরিস্থিতি পর্যালোচনা করে রাজনীতিতে আওয়ামী লীগের নতুন বয়ান তৈরি করা উচিত। যেমন-১/১১ পরিস্থিতির মধ্য দিয়ে বিএনপি তৎকালীন সময়ে ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। কিন্তু তারপর ক্ষমতায় ফেরার জন্য দলটি নতুন রাজনৈতিক বয়ান হিসাবে রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন দর্শনের মূল ভিত্তি ৩১ দফা, ভিশন ২০৩০-সহ অনেক রূপরেখা সামনে নিয়ে এসেছে। তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও জনগণের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছেন। গত ১৭-১৮ বছরে বিএনপি নেতিবাচক কোনো রাজনীতির চর্চা করেনি। খালেদা জিয়া কারামুক্ত হয়েও আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দেননি। এমনকি ক্ষমতায় এসে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান আওয়ামী বিদ্বেষমূলক কোনো কথা বলেননি। বিশ্লেষকদের মতে, ২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন তখনই নিশ্চিত হয়েছিল, যখন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল। অথচ বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ৯ মাস পার হয়েছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ বা আন্দোলনও গড়ে ওঠেনি। উলটো আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ ও সহিংসতার কারণে সাধারণ মানুষ আতঙ্কিত। সে আতঙ্কের জন্য আওয়ামী লীগের প্রতি কোনো জনসমর্থন প্রমাণ করে না। জনসমর্থন নির্ভর করে রাজনৈতিক অঙ্গীকার ও জনগণের আস্থার ওপর, যা বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রতি এখনো নেই। তাছাড়া জুলাই আন্দোলনের ক্ষত এখনো শুকায়নি। হাসিনার গুম-খুনের কথাও মানুষ ভুলে যায়নি।
মূলত, সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ তাদের অতীতের কর্মকাণ্ড আবারও জনগণের কাছে তুলে ধরেছেন। এখন সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ফ্যাসিবাদের সহযোগী যারা, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া।
সরকার সংশ্লিষ্টরা বলছেন, বিএনপিসহ ফ্যাসিবাদের বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, তাদের উচিত আইনশৃঙ্খলা বাহিনীর এ কাজকে রাজনৈতিকভাবে সমর্থন করা। একই সঙ্গে, সাধারণ মানুষকে সচেতন করার জন্য উদ্যোগী কর্মসূচি নেওয়া, যাতে মানুষ কোনো ফাঁদে পা না দেয় এবং সবাই একটু সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেন। জনজীবনে অশান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করার কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করাই আপাতত সবার প্রধান দায়িত্ব।
মূলত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে পথ বেছে নিয়েছে, সেটা সহিংসতার পথ। এ পথে ওরা রাজনৈতিকভাবে ফিরতে পারবে না, সেটা স্পষ্ট। তাদের ফিরতে হলে রাজনৈতিকভাবে ফিরতে হবে। কিন্তু গত আড়াই বছরে রাজনৈতিকভাবে ফেরার জন্য যে পলিটিক্যাল ইনিশিয়েটিভ দরকার সেটি তারা নেয়নি। ১৪-১৫ বছরের হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব স্বীকার করা, অনুশোচনা করা, তার কিছুই তাদের মধ্যে নেই। এমনকি কোনো রাজনৈতিক বক্তব্যও নেই তাদের। এ পজিশনে তারা কোনোভাবেই ফিরতে পারবে না।
মূলত, আওয়ামী লীগের রাজনীতির কখনো গণভিত্তি ছিলো না এবং এখনও নেই। তারা সন্ত্রাস নির্ভর রাজনীতিতে বিশ্বাসী। অতীতে এ ধারার রাজনীতিতে দলটি কিছুটা সুবিধা করতে পারলেও সে অবস্থা এখন আর নেই। জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তাই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে হলেও অতীতের নেতিবাচক বৃত্ত থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতিতে ফিরতে হবে। কিন্তু এ বিষয়ে তাদের কোন বোধদয় লক্ষ্য করা যাচ্ছে না। তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন অনিশ্চিত গন্তব্যে।
লেখক : আইনজীবী ও প্রাবন্ধিক।
