মোঃ আব্দুল্লাহ খান
আমাদের দেশের সবচেয়ে অবহেলিত পেশাজীবীদের কথা বলতে গেলে সবার আগে আসে কৃষকের নাম। আমাদের দেশ কৃষিপ্রধান হলেও যাদের অক্লান্ত পরিশ্রম, ঘাম আর ত্যাগের বিনিময়ে আমাদের মুখে অন্ন ওঠে, তাদের কথা খুব কমই বলা হয়। তাদের প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা, দুঃখ-কষ্ট, জীবন-জীবিকা এবং প্রতিনিয়ত নানা ঘাত-প্রতিঘাতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার গল্প যেন আড়ালেই থেকে যায়। মাঠে ফসল ফলানো মানুষগুলোর জীবনের গল্প শোনার যেমন মানুষের অভাব, তেমনি তাদের কথা তুলে ধরার মানুষের অভাবও আজ বড় বেশি। অথচ কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, আর কৃষি বাঁচলে তবেই বাঁচবে দেশ। সে কৃষকদের জীবন আজ এক অদৃশ্য আতঙ্কের ছায়ায় ঢাকা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (NICRH) এক জরিপে উঠে এসেছে এক নির্মম বাস্তবতার ছবি- হাসপাতালে ভর্তি হওয়া মোট ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে ৩৪.৩% কৃষক। আর শুধুমাত্র পুরুষ ক্যানসার রোগীদের হিসাব করলে প্রায় ৬৪% পুরুষ ক্যানসার রোগীই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। যে হাত মাটি দিয়ে সোনা ফলায়, সে হাতই আজ ধেয়ে আসা মরণব্যাধি ক্যানসারের সাথে লড়াই করছে।
বছরের পর বছর ধরে কোনো প্রকার সুরক্ষা সরঞ্জাম ছাড়া জমিতে অতিরিক্ত কীটনাশক স্প্রে করা, ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে থাকা এবং কড়া রোদে কাজ করাই কৃষকদের এই ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। যদিও বিজ্ঞানীরা বলছেন কেবল কীটনাশকই ক্যানসারের একমাত্র কারণ কি না তা নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন, তবুও মাঠপর্যায়ের দৃশ্যটা যে বেশ উদ্বেগজনক, তাতে কোনো সন্দেহ নেই।
সাধারণ কৃষকদের বাস্তব চিত্রটা লক্ষ্য করলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। দুজন কৃষকের সাথে সরাসরি কথা বললাম; যাদের একজন ফসলের পোকা মারতে গিয়ে খালি গায়ে ও মুখে গামছা পেঁচিয়ে তীব্র কীটনাশক স্প্রে করেন। ফলে বাতাসের সে রাসায়নিক বাষ্প অনায়াসেই তার ফুসফুসে প্রবেশ করে। অন্যজন যিনি টানা তিরিশ বছর ধরে খালি পায়ে ও খালি হাতে রাসায়নিক সার জমিতে ছিটিয়ে আসছেন। তাদের মতে, “মাস্ক বা চশমা পরে কাজ করা কঠিন, আর কেমিকেল না দিলে তো ফসল বাঁচানো যাবে না।” সঠিক সচেতনতা ও সুরক্ষার অভাবে এভাবেই দেশের লাখ লাখ কৃষক নিজেদের অজান্তেই প্রতিদিন বিষ পান করছেন। গবেষণায় সবথেকে বড় কারণ হিসেবে বলা হয়েছে ‘গ্লাইফোসেট’, ‘অর্গানোফসফেট’ ও ‘কার্বামেট’-এর মতো অতিতীব্র কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। স্প্রে করার সময় এই বিষাক্ত বাষ্প শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে কিংবা ত্বকের সংস্পর্শে এসে শোষিত হয়, যা কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে। শুধু কীটনাশকই নয়, দীর্ঘসময় প্রখর রোদে কাজ করার ফলে নির্গত অতিবেগুনি রশ্মি ত্বক ক্যানসারের (মেলানোমা) ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়াও ভূগর্ভস্থ দূষিত পানি এবং ধান মাড়াইয়ের ধূলিকণাও তাদের শরীরে ধীরে ধীরে ব্যাধির বীজ বুনে দিচ্ছে।
যাঁরা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে, তাঁদের এ অসহায়ত্ব ও নীরব যন্ত্রণা আমাকে গভীরভাবে ব্যথিত করে। এসব বীর অন্নদাতাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি ও সহমর্মিতা থাকা উচিত। একই সাথে সরকারের প্রতি আকুল আবেদন কৃষকদের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে গ্রামগঞ্জে সহজ ভাষায় প্রশিক্ষণের আয়োজন করতে হবে, যাতে কৃষকরা কীটনাশক স্প্রে করার সময় এন-৯৫ মাস্ক, চশমা ও গ্লাভস ব্যবহারে অভ্যস্ত হন। এছাড়া জৈব ও পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনাকে উৎসাহিত করা, ক্ষতিকর রাসায়নিকের অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধে আইনি তদারকি বাড়ানো এবং প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যানসার স্ক্রিনিংয়ের বিশেষ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
কেননা, কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা কেবল তাদের নিজেদের বিষয় নয়, বরং পুরো জাতির খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যের সাথে এটি সরাসরি জড়িত। তাঁরা যদি এভাবে বছরের পর বছর রোগে ভুগে ধুঁকতে থাকেন, তবে একসময় পুরো কৃষি খাতই হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে সরকারি-বেসরকারি উদ্যোগ এবং গবেষণার সমন্বয়ে কৃষকদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ গড়ে তুলতে হবে। আমাদের শস্য-সৈনিকেরা যেন ফসলের সাথে সাথে নিজেদের স্বাস্থ্যকেও রক্ষা করতে পারেন- এই হোক আগামীর প্রত্যাশা।
লেখক : শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
