আমাদের প্রতিবেশী দেশ নেপালে তরুণদের নেতৃত্বে সংঘটিত ‘জেন জি’ বিপ্লবের এক বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। ২০২৫ সালের সেপ্টেম্বরের সেই আন্দোলন শুধু একটি সরকারের পতন ঘটায়নি, দেশটির প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি তরুণ প্রজন্মের গভীর অনাস্থাকেও সামনে নিয়ে আসে। দুর্নীতি, স্বজনপ্রীতি, বেকারত্ব, রাজনৈতিক অচলাবস্থা এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তরুণদের ক্ষোভ রাজপথে বিস্ফোরিত হয়েছিল। তার সঙ্গে যুক্ত হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা। দেশটিতে তরুণ ও শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত দুর্নীতিবিরোধী ও সরকারবিরোধী গণআন্দোলন, যা ২০২৫-এ জেন জি আন্দোলন বা ‘জেন জি বিপ্লব’ নামে পরিচিত।

এক বছর পর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—জেন জি আন্দোলনের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? সরকার বদলেছে, সংসদ ভেঙেছে, নতুন নির্বাচন হয়েছে এবং একেবারে নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় এসেছে। কিন্তু রাষ্ট্রের কাঠামো, দুর্নীতির সংস্কৃতি, প্রশাসনিক জবাবদিহি ও তরুণদের অর্থনৈতিক ভবিষ্যৎ কি সত্যিই বদলেছে? বিশ্লেষকরা এখন সেই বিপ্লবের মূল্যায়ন করছেন।

২০২৬ সালের সেপ্টেম্বরের বাস্তবতা বলছে, নেপালে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছে ঠিকই, কিন্তু তা এখনো অসম্পূর্ণ। আন্দোলনের তাৎক্ষণিক রাজনৈতিক লক্ষ্যগুলোর কয়েকটি অর্জিত হলেও যে কাঠামোগত পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বড় অংশ এখনো বাস্তবায়নের অপেক্ষায়।

২০২৫ সালের ৮ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু ও অন্যান্য শহরে তরুণদের বিক্ষোভ শুরু হয়। সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তরুণদের বড় অংশ এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখেছিল। আন্দোলন শুরু হওয়ার পর সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তবে শুধু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করাই আন্দোলনের মূল কারণ ছিল না। এর পেছনে বহুদিনের জমে থাকা ক্ষোভ কাজ করছিল। রাজনৈতিক নেতাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং রাজনৈতিক পরিবারের সন্তানদের বিলাসী জীবনযাপন নিয়ে তরুণদের মধ্যে ক্ষোভ ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল কর্মসংস্থানের সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তা। একটি মর্যাদাপূর্ণ অর্থনৈতিক ভবিষ্যতের আকাঙ্ক্ষাও আন্দোলনের অন্তর্নিহিত শক্তি ছিল।

৮ সেপ্টেম্বরের বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত হন। আন্দোলনকারীদের একটি অংশ সংসদসহ সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরদিন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে একটি নাটকীয় পরিবর্তন ঘটে। এর পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং নতুন নির্বাচনের পথ তৈরি হয়।

নির্বাচনে নতুন শক্তির উত্থান : এ বছরের মার্চের নির্বাচনে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। সাবেক র‌্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি—আরএসপি—ব্যাপক সাফল্য অর্জন করে। দলটি ২৭৫ আসনের সংসদে ১৮২টি আসন পায়। ৩৫ বছর বয়সে শাহ নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীদের একজন হিসেবে দায়িত্ব নেন। এই ফলাফলকে কেবল একটি নির্বাচনী জয় হিসেবে দেখলে ভুল হবে। এটি ছিল প্রচলিত রাজনৈতিক শক্তির প্রতি ভোটারদের অসন্তোষের একটি প্রকাশ। দীর্ঘদিন নেপালের রাজনীতিতে নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টির বিভিন্ন ধারা এবং মাওবাদী রাজনীতির প্রভাব ছিল। সরকার পরিবর্তন হয়েছে, জোট বদলেছে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের প্রশ্নে জনগণের হতাশা কাটেনি। শাহের উত্থান সেই রাজনৈতিক ক্লান্তির প্রতিফলন।

জেন জি-র দাবি পূরণ হয়েছে? : আংশিকভাবে—হ্যাঁ। পুরোপুরি—না। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা। গত এক বছরে এ ক্ষেত্রে কিছু দৃশ্যমান পদক্ষেপ হয়েছে। বালেন শাহ দায়িত্ব গ্রহণের পর দিন গত ২৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে ২০২৫ সালের আন্দোলনে প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার করা হয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা মুক্তি পান এবং তদন্ত চলমান রয়েছে।

দীপক কুমার শাহ ছিলেন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী। ক্ষমতা গ্রহণের মাত্র ১৪ দিন পর, গত ৯ এপ্রিল দুর্নীতি ও স্বজনপ্রীতির (ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে হেলথ ইন্স্যুরেন্স বোর্ডের সদস্য পদে রাখার অভিযোগে) কারণে প্রধানমন্ত্রী তাঁকে বরখাস্ত করেন। সুধান গুরুং ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিনিয়োগ নিয়ে বিতর্ক এবং সমালোচনার মুখে গত ২২ এপ্রিল তিনি পদত্যাগ করেন।

দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থার আরেকটি দৃষ্টান্ত এসেছে ‘ভুয়া ভুটানি শরণার্থী’ কেলেঙ্কারি মামলা। গত জুলাইয়ে কাঠমান্ডু জেলা আদালত সাবেক উপপ্রধানমন্ত্রী টোপ বাহাদুর রায়ামাঝি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বালকৃষ্ণ খাডসহ ১৬ জনকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করে। রায়ামাঝিকে চার বছর এবং খাডকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই বিচারিক অগ্রগতি গুরুত্বপূর্ণ। কারণ এটি দেখায়, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও বিচার অসম্ভব নয়।

জেন জি আন্দোলনের বড় চ্যালেঞ্জগুলোর একটি এখন আন্দোলনকারীদের মধ্যকার বিভাজন। আন্দোলনের সময় যে তরুণরা একসঙ্গে রাজপথে ছিলেন, তাদের কেউ এখন সংসদে, কেউ সরকারের সঙ্গে কাজ করছেন, আবার কেউ সক্রিয় আন্দোলনকারী হিসেবে সরকারের সমালোচনা করছেন। এই বিভাজনের পেছনে একটি মৌলিক প্রশ্ন রয়েছে—পরিবর্তন কি রাষ্ট্রের ভেতর থেকে ধীরে ধীরে আনা হবে, নাকি রাজপথের চাপ অব্যাহত রেখে আমূল পরিবর্তন ঘটাতে হবে? গত মে মাসে সরকার সংবিধান সংশোধন বিষয়ে মতামত দেওয়ার জন্য জেন জি আন্দোলনের সঙ্গে যুক্ত ২৯ জনকে আমন্ত্রণ জানায়। কিন্তু তাদের মধ্যে ২৫ জন বৈঠক বর্জন করেন। তাদের অভিযোগ ছিল, কাঠামোগত সমস্যার সমাধান এবং পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে করা অঙ্গীকারের বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এই ঘটনা সরকার ও আন্দোলনের মধ্যকার সম্পর্ক এখনো পুরোপুরি স্বচ্ছ নয় এটা প্রমাণ করে।

রাজনীতি কি বদলেছে? : নেপালের তরুণ ভোটাররা নতুন রাজনৈতিক নেতৃত্বকে সুযোগ দিয়েছেন। কিন্তু নতুন মানুষ ক্ষমতায় এলেই পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বদলে যায় না। বিশ্লেষকদের মতে, তরুণ সংসদ সদস্যদের বড় একটি অংশ এখনো দলীয় কাঠামোর নিয়ন্ত্রণে রয়েছেন। তাদের অভিজ্ঞতার ঘাটতিও একটি বাস্তব সমস্যা। তরুণ নেতৃত্বের শক্তি হলো পরিবর্তনের আকাঙ্ক্ষা; কিন্তু রাষ্ট্র পরিচালনায় সেই আকাঙ্ক্ষাকে নীতিতে রূপ দিতে প্রয়োজন দক্ষতা, প্রতিষ্ঠান এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

রাজনৈতিক বিপ্লবের পর সবচেয়ে কঠিন পরীক্ষা আসে অর্থনীতিতে। তরুণরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চায়, কিন্তু তার পাশাপাশি চায় চাকরি, আয়, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ। নেপালের অর্থনীতি দীর্ঘদিন ধরে প্রবাসী আয়, পর্যটন, বৈদেশিক সহায়তা ও আমদানিনির্ভরতার সঙ্গে যুক্ত। দেশের তরুণ জনগোষ্ঠীর বড় অংশ যদি নিজ দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না পায়, তাহলে রাজনৈতিক পরিবর্তনের সুফল দীর্ঘস্থায়ী হবে না। জেন জি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—তরুণদের রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে অর্থনৈতিক প্রত্যাশাও যুক্ত। ভোট দিয়ে সরকার পরিবর্তন করা সহজতর; কিন্তু কয়েক লাখ তরুণের জন্য টেকসই কর্মসংস্থান তৈরি করা অনেক কঠিন।

নেপালের আরেকটি বড় সমস্যা হলো রাষ্ট্র পরিচালনায় কেন্দ্রীয় কর্তৃত্বের আধিক্য। দেশটি ফেডারেল কাঠামো গ্রহণ করলেও কেন্দ্র, প্রদেশ ও স্থানীয় সরকারের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার বাস্তব সমন্বয় এখনো পুরোপুরি কার্যকর হয়নি। জেন জি আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে কেবল কাঠমান্ডুকেন্দ্রিক ক্ষমতার পরিবর্তন যথেষ্ট নয়। পরিবর্তন পৌঁছাতে হবে গ্রাম, পাহাড়ি অঞ্চল, প্রান্তিক জনগোষ্ঠী এবং প্রদেশগুলোর কাছেও।

ভারত ও চীনের মাঝখানে নতুন নেপাল : নেপালের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ভূরাজনীতিও যুক্ত। ভারত ও চীন—দুই বৃহৎ প্রতিবেশীর মাঝখানে নেপালের অবস্থান। ফলে অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো, বিদ্যুৎ, বাণিজ্য ও নিরাপত্তা—সব ক্ষেত্রেই দুই দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রয়োজন। নতুন সরকারকে তাই অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি পররাষ্ট্রনীতিতেও বাস্তববাদী হতে হবে। কোনো এক পক্ষের ওপর অতিরিক্ত নির্ভরতা নেপালের কৌশলগত স্বায়ত্তশাসনকে সীমিত করতে পারে। আবার দুই প্রতিবেশীর সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনাও অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে।

সামনে তিনটি পরীক্ষা : এক বছর পর নেপালের সামনে মূলত তিনটি বড় পরীক্ষা। প্রথমত, জবাবদিহি ও ন্যায়বিচার। ২০২৫ সালের প্রাণহানির পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক সংস্কার। দুর্নীতি দমন, আমলাতন্ত্রের সংস্কার, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, বিচারব্যবস্থার স্বাধীনতা এবং কেন্দ্র-প্রদেশ-স্থানীয় সরকারের ক্ষমতার ভারসাম্য—এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া জেন জি আন্দোলনের মূল আকাঙ্ক্ষা পূরণ হবে না।

তৃতীয়ত, অর্থনৈতিক সুযোগ। তরুণদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে না পারলে রাজনৈতিক পরিবর্তনের প্রতি তাদের আস্থা কমে যেতে পারে।

এরই মধ্যে গত জুলাইয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনার পর শান্তি ও সংযমের আহ্বান জানাতে হয়েছে। একই সময়ে তার সরকারের সামনে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জও রয়েছে। গত আগস্ট মাসের শেষের দিকে বন্যা ও ভূমিধসে ১৩০০ র বেশি লোক নিহত হয়েছে। হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এসব বহুমাত্রিক সংকট সামলাতে হবে সরকারকে।

জেন জি আন্দোলনের এক বছর পর নেপালকে তাই ‘ব্যর্থ’ বা ‘সফল’—এমন সরল কোনো অভিধায় বিচার করা কঠিন। কারণ আন্দোলনের কিছু প্রত্যক্ষ লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। নতুন নির্বাচন হয়েছে এবং নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় এসেছে। দুর্নীতি ও জবাবদিহির প্রশ্নে কয়েকটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপও দেখা গেছে।

কিন্তু আন্দোলনের গভীরতর লক্ষ্য—রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি বদলানো, দুর্নীতির প্রাতিষ্ঠানিক ভিত্তি দুর্বল করা, প্রশাসনকে জবাবদিহিমূলক করা এবং তরুণদের জন্য একটি নিরাপদ অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করা—এখনো অসম্পূর্ণ। সবচেয়ে বড় প্রশ্ন এখানেই: নেপাল কি কেবল সরকার পরিবর্তনের মধ্যেই আটকে থাকবে, নাকি রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনবে?

জেন জি আন্দোলনের এক বছর পূর্তি তাই শুধু অতীত স্মরণের উপলক্ষ নয়; এটি নতুন সরকারের জন্যও একটি হিসাবের সময়। তরুণরা যে শক্তিতে পুরোনো রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করেছিল, সেই শক্তি এখন তাদের কাছেই প্রত্যাশার বোঝা হয়ে ফিরে এসেছে।

বালেন্দ্র শাহ সরকারের সামনে সুযোগ আছে—তরুণদের ক্ষোভকে টেকসই সংস্কারে রূপ দেওয়ার। তবে সেই কাজের জন্য প্রয়োজন স্বচ্ছতা, রাজনৈতিক সহনশীলতা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের সমান প্রয়োগ এবং বাস্তব অর্থনৈতিক কর্মসূচি। নেপালের জেন জি আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটাই—একটি সরকারকে সরিয়ে দেওয়া পরিবর্তনের শেষ ধাপ নয়; বরং প্রকৃত পরিবর্তনের শুরু। রাজপথে অর্জিত বিজয় তখনই অর্থবহ হয়, যখন তা রাষ্ট্রের প্রতিষ্ঠান, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তনে রূপ নেয়। নেপালের সামনে এখন সেই কঠিন পরীক্ষাই।

লেখক : সিনিয়র সাংবাদিক।