এডভোকেট আবু হাসিন
এলপি গ্যাসের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ( BERC) নভেম্বরের জন্য ১২ কেজি এলপি ( LPG) গ্যাসের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২,০৬০ টাকা নির্ধারণ করেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২,০৬০ টাকা (যা অক্টোবরে ছিল ১,৮৩৭ টাকা)। দু’মাসে মোট দাম বেড়েছে ৪৭৫ টাকা। মোটর গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটো গ্যাসের দাম ৮৪.৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১.৯৫ টাকা করা হয়েছে। সরকারি দাম ২,০৬০ টাকা হলেও রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি সিলিন্ডার গ্যাস ২,৩০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলপি গ্যাস পিএলসি-র সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। যার কোন যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ।
মূল্যবৃদ্ধির কারণ হিসাবে আন্তর্জাতিক বাজারে (সৌদি আরামকো) প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার ও পরিবহন খরচ সমন্বয়ের কথা জানানো হচ্ছে। একই সাথে আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর যুক্তি দাড় করানো হচ্ছে। তবে খোঁজ-খবর নিয়ে জানা গেছে প্রতিবেশি দেশ ভারতে প্রায় অর্ধেক দামে এলপি গ্যাস পাওয়া যাচ্ছে। তাই সরকার সংশ্লিষ্টদের দাবি মোটেই কাঙ্ক্ষিত ও যৌক্তিক মনে হচ্ছে না বরং এ বিষয়ে সরকার সহ সংশ্লিষ্ট বিভাগের ব্যর্থতাকেই দায়ী করা হচ্ছে।
মূলত, বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি পেলে এর নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। সে ধারাবাহিকতায় গত ৯ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৪ শতাংশ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। বিশেষ করে শহরের শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক ও স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য রান্নার জ্বালানির বাড়তি ব্যয় সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির ব্যয় বাড়ায় অনেক পরিবারকে সংসারের অন্যান্য খরচে কাটছাঁট করতে হচ্ছে। সাধারণ নিম্নবিত্তের মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়ছে। যা এখন রীতিমত জনদুর্ভোগের পর্যায়ে চলে গেছে।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি। দফায় দফায় বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে দু’হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে, গত মাসে একই সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭১৯ টাকা, যা প্রায় ৫৪ শতাংশ। যা সাধারণ মানুষ সহ ভোক্তারা অযৌক্তিক ও অস্বাভাবিক বলে মনে করছেন।
প্রাপ্ত তথ্যমতে, বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে থাকে। সংস্থাটির মূল্যতালিকা অনুযায়ী, চলতি বছরের মার্চে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৩৪১ টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে আরো ২৫২ টাকা বেড়ে হয় এক হাজার ৮৩৭ টাকা। সর্বশেষ নভেম্বরে ২২৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে দু’হাজার ৬০ টাকা। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি। গত দেড় মাস ধরে বাজারে ১২ কেজির সিলিন্ডার দু’হাজার ২শ’ থেকে দু’হাজার ৩শ’ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে খুচরা বাজারে দু’হাজার ৩শ’ টাকা থেকে দু’হাজার ৫শ’ টাকায় বিক্রি হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ২০২৫ সালে এলপিজির দাম বৃদ্ধির প্রবণতা তুলনামূলক কম ছিল। ওই বছর দু’দফা দাম বাড়ানোর বিপরীতে কয়েক দফায় কমানো হয়। বছরের সর্বোচ্চ দাম ছিল ফেব্রুয়ারিতে এক হাজার ৪৭৮ টাকা। নভেম্বরে তা কমে দাঁড়ায় এক হাজার ২১৫ টাকায়।
ব্যবসায়িরা জানাচ্ছেন, ‘গ্যাসের দাম বেশি। পাইকারিতে বেশি দামে কিনতে হচ্ছে, তবু পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে বসুন্ধরা এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে দু’হাজার ৫০০ টাকায়। অন্যান্য সাধারণ কোম্পানির সিলিন্ডার বিক্রি হচ্ছে দু’হাজার ৩০০ টাকায়। বিভিন্ন দোকানগুলোতে একই দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হতে দেখা যায়। সংশ্লিষ্টরা বলছেন, ডিলারদের কাছেই এখন গ্যাসের দাম বেশি। পাইকারিতে অনেক বেশি দিয়ে নিতে হয়। তারা বলছেন, তাদের দোকানে বর্তমানে গ্যাসের মজুদ নেই। অন্যদিকে গ্যাস সিলিন্ডার ডিলাররা বলছেন, পাইকারিতে দুই হাজার ২০০ থেকে দু’হাজার ২৫০ টাকায় সিলিন্ডার বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেশি দামে বিক্রির কারণ হতে পারে খুচরা ব্যবসায়ীদের পর্যাপ্ত সরবরাহ না পাওয়া। এক দিন গ্যাস সরবরাহ পেলেও পরবর্তী পাঁচ দিন পাওয়া যাচ্ছে না।
ডিলাররা পর্যাপ্ত সিলিন্ডার পাচ্ছেন না উল্লেখ করে বলছেন, একটি গ্যাস কোম্পানিকে এক হাজার ২০০ সিলিন্ডারের জন্য টাকা দেয়া হয়েছে। কিন্তু সরবরাহ করা হয়েছে মাত্র ৮০০টি। সরকার ভোক্তা পর্যায়ে দু’হাজার ৬০ টাকায় গ্যাস পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছে। কিন্তু এ দামে তারাও কিনতে বা বিক্রি করতে পারছেন না বলেও জানাচ্ছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত দামের চাপ পড়ছে নিম্নআয়ের পরিবারগুলোর ওপর। রাজধানীর প্রান্তিক শ্রেণির মানুষরা জানাচ্ছেন, প্রতিদিন তাদের পরিবারের বাজারে খরচ হয় প্রায় ৬০০ টাকা। সিলিন্ডার গ্যাসের খরচ হিসাব করলে মাসে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ২০ হাজার ৫০০ টাকা। তারা বলছেন, প্রতিদিন ৮০০ থেকে এক হাজার টাকা আয় করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাসাভাড়া, পরিবারের অন্যান্য খরচ, ছেলে-মেয়েদের পড়াশোনা ও গাড়ির জমাসহ বিভিন্ন ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এলপিজির দাম বাড়ানোর কারণ হিসেবে সরকার প্রতিবারই আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকির প্রসঙ্গ তুলে ধরে। কিন্তু কাঠামোগত অদক্ষতা ও অস্বচ্ছ চুক্তির দায় শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপানো হচ্ছে। সরকার আন্তরিক হলে এসব সমস্যার সমাধান সম্ভব। তবে এ ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও অগ্রাধিকারের অভাব রয়েছে। জনগণের ওপর বাড়তি বোঝা চাপানোর আগে প্রশাসনিক অপচয় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা নিশ্চিত করতে হবে। সব ধরনের অপচয় ও অদক্ষতা দূর করার পর মূল্যবৃদ্ধি করা হলে বোঝা যাবে, সরকার বিকল্প সব পথ বিবেচনা করেছে। তারা মনে করেন, ‘নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে রাজনৈতিক সাহস প্রয়োজন। রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশ সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম কারণ। পাশাপাশি চাঁদাবাজিও চলছে। চাঁদাবাজি বন্ধ করা গেলে ঢাকা শহরে পণ্যমূল্য ৪০ শতাংশ কমে আসবে বলে তিনি মন্তব্য করেন। কিন্তু সরকার এ বিষয়ে শক্ত অবস্থান নিতে পারছে না।
জ্বালানির মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তা অস্বীকার না করে অর্থনীতিবিদরা বলছেন, সরকার সবচেয়ে সহজ পথ বেছে নিচ্ছে- ভোক্তার পকেট থেকে অর্থ নেয়া এবং নিজেদের কাঠামোগত ব্যর্থতা ও দুর্নীতি আড়াল করা। প্রকৃত অর্থনৈতিক নেতৃত্ব দিতে হলে আগে নিজেদের ঘর গোছাতে হবে, এরপর জনগণের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপানোর কথা ভাবতে হবে বলেও মন্তব্য করেন তারা। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর দুর্ভোগ বাড়ছে বলে মন্তব্য করছেন দেশের জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারের উচিত ছিল সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া। বিদ্যুৎ বিলের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনগণের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে। সাধারণ মানুষের জীবন ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছে। মূল্যবৃদ্ধির চাপ তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হতে পারে। যা সরকারের জনবিচ্ছিন্নতার কারণ হিসাবে দেখা দিতে পারে।
বর্তমান পরিস্থিতিতে মানুষ আগের সরকারের সময় তুলনামূলক ভালো ছিল বলে মন্তব্য করতে শুরু করলে সেটিকে বর্তমান সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচনা করতে হবে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা মনে করেন, মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হওয়া বর্তমান সরকারের জন্য দুর্ভাগ্যজনক। ভুক্তভোগীরা জানাচ্ছেন, আওয়ামী লীগের সময় বাজারে যে সিন্ডিকেট ছিল, তার পরিবর্তে জাতীয়তাবাদী সিন্ডিকেট প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। একইসাথে নেতাকর্মীদের মধ্যে সুযোগ-সুবিধা নেয়ার প্রবণতা বাড়ছে উল্লেখ করে তারা বলেন, ‘প্রবণতা চলতে থাকলে দলই ক্ষতিগ্রস্ত হবে এবং এক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
মূলত, দেশে এক ধরনের অরাজক অবস্থা বিরাজ করছে, যার চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন হলেও সংশ্লিষ্টদের কার্যকর কোন পদক্ষেপ নেই। বাজারে সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে পণ্যের দাম বাড়ছে। সঙ্গত কারণেই এর প্রভাব পড়েছে এলপি গ্যাসের ওপর। মধ্যপ্রচ্যে যুদ্ধ, আন্তর্জাতিক বাজারের সাথে দামের সমন্বয় নানা অজুহাতে গ্যাসের দাম বাড়ানো হলেও এসব দাবি পুরোপুরি যুক্তিসঙ্গত মনে করছেন না সাধারণ মানুষ।
তাই এ বিষয়ে সরকারকে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনদুর্ভোগ রোধ করতে সরকারকে আগে ভাঙতে হবে বাজার সিন্ডিকেট। প্রতিবেশী দেশ যদি প্রায় অর্ধেক মূল্যে গ্যাস দিতে পারে তাহলে আমাদের দেশে কেন এ অবস্থার সৃষ্টি হলো তা খতিয়ে দেখা দরকার। অন্যথায় আগামী দিনে পরিস্থিতির আরো অবনতিই হবে। যা কোন ভাবেই কাঙ্ক্ষিত নয়।
লেখক : আইনজীবী ও প্রাবন্ধিক।
