ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পাঁচটি হলের মধ্যে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মূল ক্যাম্পাস এরিয়ার বাইরে অবস্থিত। এ কারণে এমনিতেই এই দুই হলের নারীদের ভোগ করতে হয় নানা ধরণের অসুবিধা আর অবহেলা। বিভিন্ন সমস্যার সাথে এখন প্রধান দুইটি সমস্যার প্রথমটি হলো-বৃষ্টি হলেই পানি জমে যাতায়াত বিচ্ছিন্ন হওয়া এবং দ্বিতীয়টা শুনতে হাস্যকর হলেও, সেটা হলো বানর সমস্যা। দীর্ঘদিন ধরে আজিমপুর বিজিবি ৩ নং গেইটের বানরগুলো নিয়মিত বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে যখন-তখন দলবেঁধে হামলা চালায়। কখনো রুমে রুমে ঢুকে সমস্ত রুমের আসবাব ল-ভ- করে খাবার খোঁজে, কখনো আবার বারান্দা বা বাইরে মেলে দেয়া কাপড় নিয়ে চলে যায়, আবার কখনো বা মেয়েদের দিকে দলবেঁধে তেড়ে আসে আক্রমণের উদ্দেশ্যে; যা সৃষ্টি করে মেয়েদের জন্য চরম ভোগান্তি আর আতঙ্ক।
বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের পক্ষ থেকে যখন বিজিবির সঙ্গে এই বিষয়ে আলোচনা করার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেয়া হয়, তখন বিজিবির পক্ষ থেকে আসে আনাগ্রহ এবং অসহযোগিতাপূর্ণ আচরণ; সাথে দেখা যায়-বিশ্ববিদ্যালয় প্রশাসনও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের বিষয়ে কিংবা বিজিবির সাথে এই ব্যাপারে কার্যকর কোনো সমাধানে যেতে পারেনি।
অবশেষে বাধ্য হয়েই মৈত্রী হল সংসদের পক্ষ থেকে সব জানালায় আলাদাভাবে গ্রিল লাগানো শুরু হয়, যদিও খুব বেশি একটা পরিবর্তন আসেনি বানরের দৌরাত্ম্যে। এরপর যখন বানর মৈত্রী হলে আর যথেষ্ট বা পর্যাপ্ত খাবার পাচ্ছে না, তখন আক্রমণ শুরু হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো বিষয়টা মজার মনে হতেই পারে; কিন্তু বাস্তবে এই বিষয়টা হলের মেয়েদের জন্য চরম ভোগান্তি আর দুর্দশা ছাড়া আর কিছুই না।
এখানে প্রশ্ন হলো এই অবস্থার পেছনে মূল কারণ কী? এখানে সবথেকে বড় ব্যর্থতা কার? এই সমস্যার কেনই বা কোনো স্থায়ী সমাধান হচ্ছে না? কবে শেষ হবে এই ভোগান্তি?
বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই বন অধিদপ্তরের সাথে বানরগুলোর স্থায়ী আবাসন আর খাবারের বিষয় সমাধান করার জন্য আলোচনা করতে পারে বা কোনো পদক্ষেপ নিতে পারে। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের এত হেনস্থার শিকার হওয়া কোনোভাবেই কাম্য নয়। একটা স্বাভাবিক সুস্থ পরিবেশে পড়ালেখা করার সুযোগ পাওয়া যে তাদের অধিকার এই বিষয়টা হয়তো বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনেই থাকে না। যতক্ষণ না পর্যন্ত কেউ কোন ক্ষতির সম্মুখীন হয় বা প্রাণ হারায়, ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়ে না। তাদের এই শিক্ষার্থীদের প্রতি অবহেলা আর দায়িত্বহীনতা বন্ধ করা উচিৎ। এখানে যেমন হলের নারী শিক্ষার্থীদের আতঙ্ক বা নিরাপত্তাহীনতার বিষয় আছে, সাথে বানরগুলোরও আছে জীবনের ঝুঁকি। আর বন অধিদপ্তরের উচিৎ এই ধরনের প্রাণীগুলোর জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, যেন প্রাণীগুলো নিজেদের স্বাভাবিক জীবন যাপন করে আর মানুষের জন্য আতঙ্ক বা ক্ষতির কারণ না হয়। (এখানে উল্লেখ্য-বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে সরাসরি আলাদা কোন স্বতন্ত্র অধিদপ্তর নেই। এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের একটি বিশেষায়িত শাখা; যা প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের মাধ্যমে পরিচালিত হয়। তাদের অন্যতম প্রধান দায়িত্ব হল বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান পরিচালনা করা এবং বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ করা)। সুতরাং তাদের উচিত যত দ্রুত সম্ভব এই সমস্যার স্থায়ী সমাধান করা।
লেখক : শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
