বিশ্ব রাজনীতির মঞ্চে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ভূমিকা বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে এ তিন দেশের সিদ্ধান্তের প্রভাব পড়ে বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে। অথচ দেশ তিনটির মধ্যে রয়েছে গভীর অবিশ্বাস, স্বার্থের সংঘাত এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত, তাইওয়ান প্রশ্ন, বাণিজ্যযুদ্ধ, জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে তাদের অবস্থানও এক নয়। এমন বাস্তবতায় চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলে এই বৈঠকের তাৎপর্য রয়েছে। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত এ বৈঠক ছিল তিন দেশের শীর্ষ নেতাদের প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক। তবে এর রেশ এখনো কাটেনি বলে মনে করেন বিশ্লেষকেরা।

তারা মনে করেন, এক টেবিলে বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের উপস্থিতি নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তবে বৈঠকটির গুরুত্ব শুধু আনুষ্ঠানিকতা কিংবা সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য, বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক ব্যবস্থার সম্ভাব্য গতিপথ সম্পর্কে নতুন কিছু বার্তা পাওয়া গেছে। একই সঙ্গে এপেক সম্মেলন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যেসব অগ্রাধিকারের কথা সামনে এনেছে, সেগুলোও বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে তাদের এ বৈঠকের আগে থেকেই কিছু সমালোচনাও ছিল। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে বলে বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে। এ বৈঠককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করার প্রক্রিয়া হিসেবেও দেখছেন কেউ কেউ।

ট্রাম্প, পুতিন ও শি জিন পিংয়ের বৈঠকটি প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়। বৈঠকের শুরুতে তিন নেতাই বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় নিজেদের দেশের বিশেষ দায়িত্বের কথা তুলে ধরেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থা এবং জাতিসংঘের ভূমিকা নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে চার দফার একটি শান্তি ঘোষণা প্রকাশ করা হয়। এতে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো, জাতিসংঘের সংস্কার, জ্বালানি সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক বিচারব্যবস্থায় রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও তিন নেতা সরাসরি আলোচনায় বসেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ এবং রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের বিরোধের প্রেক্ষাপটে এই বৈঠককে কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা যায় বলে মনে করেন বিশ্লেষকেরা।

প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তার লক্ষ্য ছিল কূটনৈতিক সাফল্য অর্জন ও মার্কিন নেতৃত্ব প্রতিষ্ঠা। তাঁর বক্তব্যে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে পুতিন এ বৈঠকের মধ্য দিয়ে রাশিয়াকে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পুনরায় প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে বৈরী। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে একই টেবিলে বসা পুটিনের জন্য বড় ধরনের কূটনৈতিক অর্জন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের জন্যও সম্মেলনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তিন পরাশক্তির নেতাদের একত্র করার মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে চীনের কূটনৈতিক সক্ষমতা প্রদর্শন করেছেন। তবে বৈঠকটির তাৎপর্য যত বড়ই হোক, এর বাস্তব অর্জন নিয়ে প্রশ্ন রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সুনির্দিষ্ট সমঝোতা হয়নি।

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও কার্যকর কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও তিন দেশের পক্ষ থেকে কার্যকর কোনো যৌথ উদ্যোগের ঘোষণা আসেনি। অর্থাৎ বিশ্বশান্তির কথা বলা হলেও সবচেয়ে বড় সংঘাতগুলোর সমাধানে নেতারা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি।

ট্রাম্প ও শি জিন পিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকও বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা গত কয়েক বছর ধরে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে। শুল্ক আরোপ, প্রযুক্তি নিয়ন্ত্রণ, বিরল খনিজের রপ্তানি এবং কৃষিপণ্যের বাজার নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। ট্রাম্প প্রশাসন চীনের কাছ থেকে মার্কিন কৃষিপণ্য আমদানি বাড়ানো এবং বিরল খনিজ সরবরাহের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার প্রত্যাশা করছে। অন্যদিকে চীন চায় যুক্তরাষ্ট্র প্রযুক্তি খাতে নিষেধাজ্ঞা কমাক এবং তাইওয়ান প্রশ্নে বেইজিংয়ের অবস্থানকে সম্মান করুক। শেনজেন বৈঠকে দুই নেতা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে একমত হয়েছেন। তবে শুল্ক বিরোধের অবসান, প্রযুক্তিগত নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো চুক্তি হয়নি।

এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। যুক্তরাষ্ট্র ও চীন একদিকে সহযোগিতার কথা বলছে, অন্যদিকে প্রযুক্তি ও সামরিক নিরাপত্তার প্রশ্নে প্রতিযোগিতা অব্যাহত রেখেছে। এমনকি ট্রাম্প-শি বৈঠকের দিনই উন্নত এআই চিপের ক্ষেত্রে চীনের প্রবেশাধিকার সীমিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ কার্যকর হয়েছে। এটি প্রমাণ করে, কূটনৈতিক সৌজন্য ও অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি দু’দেশের মধ্যে কৌশলগত প্রতিযোগিতাও সমানভাবে সক্রিয়।

সম্মেলনের রাজনৈতিক বিশ্লেষণে চীনের অবস্থান বিশেষভাবে আলোচনায় এসেছে। শি জিন পিং একই সঙ্গে ট্রাম্প ও পুতিনকে আতিথ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নিজের দেশের গুরুত্ব তুলে ধরেছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত। এবার তিন পরাশক্তির বৈঠক আয়োজনের মধ্য দিয়ে চীন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রেও নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করেছে। অন্যদিকে পুতিনের জন্যও এই বৈঠক ছিল গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ট্রাম্পের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ এবং শি জিন পিংয়ের আতিথ্য রাশিয়ার জন্য রাজনৈতিকভাবে ইতিবাচক বার্তা বহন করে। তবে এ বৈঠকে পুতিনের উপস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা রয়েছে সে কথা আগেই বলেছি।

তিন নেতার বৈঠকের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, তাঁরা বিশ্বশান্তির কথা বললেও চলমান যুদ্ধ ও সংঘাতের বিষয়ে কোনো কার্যকর সমাধানে পৌঁছাতে পারেননি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা কিংবা যুদ্ধের অবসানে একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরি করা সম্ভব হয়নি। একইভাবে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও কোনো সুনির্দিষ্ট উদ্যোগ ঘোষণা করা হয়নি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে বিশ্বের বৃহৎ পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে। চীনও দ্রুত তার পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। এ অবস্থায় তিন দেশের মধ্যে পারমাণবিক ঝুঁকি কমানোর আলোচনা ইতিবাচক। বিশ্লেষকরা মনে করেন. শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। অস্ত্র নিয়ন্ত্রণ, স্বচ্ছতা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে কার্যকর চুক্তি প্রয়োজন।

জাতিসংঘের সংস্কারের বিষয়টিও নতুন করে সামনে এসেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বাস্তবতার ওপর প্রতিষ্ঠিত। অথচ বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ক্ষমতার ভারসাম্য অনেক বদলে গেছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি দীর্ঘদিনের। তিন পরাশক্তির নেতারা এ বিষয়ে একমত হলেও সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেননি।

এবারের এপেক সম্মেলনে ২১টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন। ১৮ ও ১৯ নভেম্বর শেনজেনে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ জোরদার করা। সম্মেলনে গৃহীত ‘শেনজেন আউটলুক ২০২৬’ এ চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো অর্থনীতি ও বাণিজ্য, যোগাযোগ ও সংযোগ, উদ্ভাবন এবং উন্নয়ন। বিশেষ করে ডিজিটাল বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা এবং জ্বালানি ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে সদস্য দেশগুলোর সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে সদস্য দেশগুলোর নিজস্ব উদ্যোগ ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। ফলে সম্মেলনে ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে পরবর্তী পদক্ষেপের ওপর।

এপেক সম্মেলনের সিদ্ধান্ত বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এপেকের সদস্য না হলেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ, প্রযুক্তি আমদানি, জ্বালানি ও খাদ্যপণ্যের বাজারের ওপর আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল হলে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। আবার দুই দেশের প্রতিযোগিতা তীব্র হলে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা ও বাজারে অনিশ্চয়তা বাড়বে। বাংলাদেশকে এ দুই দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে হবে। ডিজিটাল বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে এবং নতুন বাজার অনুসন্ধানে আঞ্চলিক সহযোগিতার সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ।

শেনজেনে ট্রাম্প-পুতিন-শি জিন পিংয়ের ঐতিহাসিক বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে এটিকে এখনই আন্তর্জাতিক সম্পর্কের নতুন যুগের সূচনা বলা যাবে না। কারণ তিন দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, স্বার্থের সংঘাত এবং কৌশলগত প্রতিযোগিতা এখনো প্রবল। এ বৈঠকের সবচেয়ে বড় অর্জন হলো, বিরোধ থাকা সত্ত্বেও বিশ্বের তিন গুরুত্বপূর্ণ শক্তির নেতারা আলোচনার টেবিলে বসেছেন। কিন্তু আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ফলাফল। ইউক্রেন যুদ্ধ বন্ধ, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, পারমাণবিক অস্ত্রের ঝুঁকি হ্রাস এবং বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাঁরা কতটা কার্যকর ভূমিকা রাখেন, সেটিই হবে এই বৈঠকের সাফল্যের প্রকৃত মাপকাঠি।

বিশ্ব এখন আরেকটি স্নায়ুযুদ্ধ কিংবা নতুন কোনো শক্তির সংঘাত দেখতে চায় না। বরং প্রয়োজন সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার। ট্রাম্প, পুতিন ও শি জিন পিং যদি নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর মানবিক স্বার্থকে গুরুত্ব দিতে পারেন, তাহলেই শেনজেনের এ বৈঠক ইতিহাসে সত্যিকারের তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে।

লেখক : সিনিয়র সাংবাদিক।