আসিফ আরসালান
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৪ দিনব্যাপী জাপান সফর নিয়ে শুরু থেকেই অনেক বড় হাইপ তোলা হয়েছিলো। তার ৪ দিনব্যাপী জাপানে অবস্থান দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক সব ধরনের গণমাধ্যমে অনেক বেশি করে হাইলাইট করা হয়েছে। জাপান বাংলাদেশকে বর্তমান সরকারের ৫ বছর মেয়াদে ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিচ্ছে। অর্থাৎ গড়ে প্রতি বছর ১ বিলিয়ন ডলারের কিছু বেশি। এটি হলো Pledge বা প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি এবং অর্থ ছাড় এক বিষয় নয়। তবে এ মুহূর্তে আমরা সে আলোচনায় যাচ্ছি না।
প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে যে হাইপ তোলা হয়েছে তার কেন্দ্র বিন্দু হলো বিগ-বি। বৃহস্পতিবার রাতে যখন আমি এ লেখাটি লিখছি তখন পর্যন্ত কেউ বিগ-বি সংজ্ঞাটি পরিষ্কার করেন নি। এর কেন্দ্রস্থলে যে রয়েছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর সেটিও খোলাসা করে কেউ বলেন নি। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী নতুন করে কিছু বলেন নি। এ বিগ-বি-এর ধারণা প্রথম তুলে ধরেন জাপানের আরেক প্রধানমন্ত্রী। তার নাম সিনজো এ্যাবে। সেটি ছিলো ২০১৪ সাল। তখন ছিলো শেখ হাসিনার সরকার। সেখান থেকে আজ ২০২৬ সাল। মাতার বাড়ি দিয়ে ভারতের সেভেন সিস্টার্স বা ৭ রাজ্য হয়ে পণ্যসামগ্রী বঙ্গপোসাগরে পৌঁছবে। সোজা কথা মাতার বাড়ি দিয়ে ভারতীয় ও জাপানী পণ্য সামগ্রী বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর পাবে এবং সে করিডোর দিয়ে বঙ্গপোসাগরে আসবে।
২০১৪ সালের পর বিভিন্ন কারণে জাপানের এ পরিকল্পনা দম ধরে থাকে। বলতে গেলে সেটি হিমাগারে চলে যায়। তখন একথাও বলা হয় যে, বঙ্গপোসাগর কেন্দ্রিক আধিপত্য প্রতিষ্ঠার যে স্নায়ু যুদ্ধ সেখানে চীনকে ব্যাক বার্নারে ঠেলে দেওয়ার জন্য আমেরিকা জাপানকে সামনে এনেছে। এখানে চীনকে ঠেলে দেওয়ার জন্য সে ভারতের সাথে হাত মিলিয়েছে।
যাহোক, ১২ বছর পর সে একই জাপানের প্রধানমন্ত্রী সে বিগ-বি আবার সামনে নিয়ে এলেন। এবার দু’দেশের প্রধানমন্ত্রীও বদলে গেছেন। জাপানে এসেছেন সানায়ে তাকাইচি। আর বাংলাদেশে এসেছেন তারেক রহমান। স্বভাবতই প্রশ্ন আসে, বিগ-বি’র পুরো নাম কী? পুরো নাম হলো, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। বাংলা, বঙ্গপোসাগর শিল্পোন্নয়ন বেল্ট। ২০১৪ সালে যখন জাপান বিগ-বি’র আইডিয়া ফ্লোট করে তখন তার ছিলো ত্রিবিধ উদ্দেশ্য। প্রথমত অর্থনৈতিক অবকাঠামো, দ্বিতীয়ত উন্নততর বিনিয়োগ পরিবেশ এবং তৃতীয়ত উন্নত কানেক্টিভিটি বা যোগাযোগ। জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো এ্যাবের প্রস্তাবের কেন্দ্রে ছিলো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এটি কক্সবাজার সমুদ্র উপকূলের একটি অংশে নির্মিয়মান। মাতারবাড়িতে তখনকার পরিকল্পনা অনুযায়ী গভীর সমুদ্র বন্দর ছাড়াও থাকবে একটি বড় বিদ্যুৎ কেন্দ্র এবং একটি শিল্পাঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল জোন।
১২ বছর পর জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যে আইডিয়া দিয়েছেন তার স্তম্ভ হলো ৪টি। এ ৪টি স্তম্ভের মধ্যে প্রথমেই হলো কানেক্টিভিটি বা যোগাযোগ। দ্বিতীয় হলো দুর্যোগের মুহূর্তে প্রস্তুতি। তৃতীয় হলো, ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলা। চতুর্থ হলো, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব এবং শান্তি এবং স্থিতিশীলতার জন্য সহযোগিতা। দুই প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণায় বলা হয়েছে যে বঙ্গপোসাগরকে গড়ে তোলা হবে অংশীদারিত্বমূলক সমৃদ্ধি বা সবার সমৃদ্ধিমূলক অঞ্চল হিসাবে। জাপানী প্রস্তাবে বাংলাদেশকে বঙ্গপোসাগর কেন্দ্রিক শিল্প সমৃদ্ধ অঞ্চলের কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। ইংরেজিতে বলা হয়েছে যে বঙ্গপোসাগর শিল্পোন্নয়ন বেল্টের অর্থাৎ বিগ-বি’র হবে ইন্ডাস্ট্রিয়াল হাব।
খোলামেলাভাবে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে যতোই ইন্ডাস্ট্রিয়াল হাব বলা হোক না কেনো, আসলে বাংলাদেশ হবে বিগ-বি’র পশ্চাদ ভূমি বা হিন্টার ল্যান্ড। এ হিন্টার ল্যান্ডে থাকবে ৩টি সমুদ্র বন্দর। এ ৩টি সমুদ্র বন্দর হলে চট্টগ্রাম, মংলা এবং পায়রা। এ ৩টির বন্দর থেকে যে কার্গো আসবে সে কার্গো ভরিয়ে ফেলবে মাতারবাড়িকে। কারণ জাপানের প্ল্যানে বাংলাদেশের ঐ ৩ বন্দরের কার্গো ছাড়াও আসবে ভারত, নেপাল এবং ভূটানের কার্গো। এটি আমাদের কথা নয়। একথা বলেছিলেন ২০২৩ সালে দিল্লীতে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। তিনি আরো বলেছিলেন যে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহের সাথে বঙ্গপোসাগরের একটি ভ্যালু চেইন সৃষ্টি হবে। তার পরিকল্পনায় উত্তর-পূর্ব ভারত থেকে কাঁচামাল বাংলাদেশে এনে সেগুলোর প্রক্রিয়াজাতকরণ বা প্রসেসড হবে এবং এসব প্রসেসড পণ্য সামগ্রী মাতারবাড়ির মাধ্যমে সারা বিশ্বে রপ্তানি করা হবে। বলাবাহুল্য, জাপানের এই পরিকল্পনায় সবচেয়ে বেশি লাভবান হবে প্রথমে ভারত এবং তারপর জাপান।
বিগ-বি’র লক্ষ্য শুধুমাত্র অর্থনৈতিক নয়। এর আরেকটি এবং সম্ভবত প্রধান লক্ষ্য হলো স্ট্র্যাটেজিক। বিষয়টি কিছুটা জটিল মনে হলেও জাপান এখানে আমেরিকার প্রক্সি দিচ্ছে। সে সময় অর্থাৎ ২০২৩ সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন ভারতের সহায়তায় জাপান বিগ-বি’র মাধ্যমে চীনের বেল্ট এ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) পাল্টা হিসাবে বিগ-বিকে দাঁড় করায়। এখানে চীন এবং জাপানের ক্ল্যাশ (Clash) হবে কিনা সেটি নিয়ে এক শ্রেণীর বিশেষজ্ঞের মাঝে শঙ্কা দেখা যাচ্ছে। কারণ মংলাকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলার জন্য চীনকে ইতোমধ্যেই কথা দেওয়া হয়েছে। ঐ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের কিউকফিউতে (Kzaukphyu) চীন একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এটি চীনের বৃহত্তর Belt and Road Initiative (BRI) এবং China–Myanmar Economic Corridor (CMEC) -এর গুরুত্বপূর্ণ অংশ।
এখানে এসে যান অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস এবং তারেক রহমানের মাতা মরহুমা প্রধানমন্ত্রী বেগম জিয়া। ড. মুহাম্মদ ইউনূস প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে, বাংলাদেশ বঙ্গপোসাগরের অভিভাবক। তার এ উক্তির সাথে সাথে ভারতের পুচ্ছে আগুন ধরে যায়। তারা ভারতের মাধ্যমে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয়। বিগ-বি’র মাধ্যমে বাংলাদেশের উন্নতির কথাও ঘুরে ফিরে ড. ইউনূসের কথারই প্রতিধ্বনি মাত্র। তার মাথায় ছিলো কুনমিং থেকে কিউকফিউ হয়ে চট্টগ্রাম বা কক্সবাজার হয়ে বঙ্গপোসাগরে নামা। এখন জাপানী প্রস্তাবের খুটিনাটি প্রকাশ করা হয় নি অথবা নির্ধারণ করা হয় নি। শুধু বলা হয়েছে যে ভারতের সেভেন সিস্টার্স হয়ে বাংলাদেশের মাতারবাড়ি অতঃপর বঙ্গপোসাগর। স্টার্টিং পয়েন্ট এখন পর্যন্ত নির্ধারিত না হলেও এ সম্পর্কে যারা বিশেষজ্ঞ তারা মনে করেন যে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্য একটি সম্ভাব্য প্রবেশদ্বার হতে পারে। সেখান থেকে পণ্যসামগ্রী বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহার করে মাতারবাড়ি আনা হতে পারে।
এখানে চীন এবং জাপানী প্রস্তাবের মধ্যে একটি তুলনামূলক পর্যালোচনা করা যেতে পারে। ড. ইউনূস চেয়েছিলেন বাংলাদেশকে বঙ্গপোসাগরের অভিভাবক হিসাবে। অর্থাৎ বাংলাদেশ ঠিক করবে, বঙ্গপোসাগরে কে আসবে আর না আসবে সেটি ঠিক করবে বাংলাদেশ। কিন্তু জাপানী প্রস্তাবে বঙ্গপোসাগরের দরজা খোলা হচ্ছে মূলত ভারতের জন্য। এখানে বাংলাদেশ হলো বঙ্গপোসাগরের শুধুমাত্র দরজা। কিন্তু ইউনূসের প্রস্তাবে বাংলাদেশ ছিলো বঙ্গপোসাগরের অভিভাবক। ‘হিন্দুস্তান টাইমসের’ রিপোর্ট মোতাবেক, এর মাধ্যমে জাপানের প্রধানমন্ত্রী ২০২৩ সালে যেটি অর্জন করতে চেয়েছিলেন সেটি হলো, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য জাপান সেখানে যা করছে এবং বাংলাদেশে যা করতে চায় সেটির সমন্বয় করা। এ সমন্বিত শক্তির ফলাফল এসে পৌঁছবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে এবং তার পর পৃথিবীর অন্যত্র।
জাপান তার লক্ষ্য হাসিল করতে চায় জাইকার মাধ্যমে। প্রাক্তন প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন, তারা অনুরূপ একটি কাজ করেছে দক্ষিণ অর্থনৈতিক করিডোরের (Southern Economic Corridor (SEC) মাধ্যমে। এই করিডোরটি সংযুক্ত করেছে থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামকে। ঐ করিডোরটি শুরু হয়েছিলো ব্যাংকক থেকে এবং তার পর সেটি নম্পেন হয়ে হো চি মিন সিটিতে। আমরা একই রকম উদ্দেশ্য সাধন করতে চাই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে সংযুক্ত করে। ব্যাপারটি অনেকটা ‘যাহা বাহান্ন তাহাই তিপ্পান্নের’ মতো। প্রধানমন্ত্রী সিনজো এ্যাবে প্রথমে নাম দিয়েছিলেন বিগ-বি। ২০২৩ সালে প্রধানমন্ত্রী কিশিদা তার নাম দেন, “Bay of Bengal-Northeast India industrial value chain concept”, অর্থাৎ বঙ্গপোসাগর উত্তর-পূর্ব ভারত শিল্প ভ্যালু চেইন। এখন বিগ-বি’কে সামনে রেখে নতুন করে রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটির নাম হবে আঞ্চলিক মহাসড়ক প্রকল্প। এ প্রকল্প শুরু হবে চট্টগ্রামের আনোয়ারা থেকে। অতঃপর বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী, চকোরিয়া এবং সব শেষে পৌঁছবে মাতারবাড়ি। আগেই বলেছি, এর শুরুটা কোত্থেকে হবে সেটি পরিষ্কার করা হয় নি। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে ত্রিপুরা। সোজা কথা, উত্তর-পূর্ব ভারত থেকে রাস্তা নির্মিত হবে এবং সেটি এসে শেষ হবে মাতারবাড়ি। আর এ রাস্তা দিয়ে পরিবাহিত হবে প্রধানত ভারতীয় পণ্য। সাথে থাকতে পারে জাপানী পণ্যও। ভারতের জন্য এ ধরনের রাস্তার নাম শেখ হাসিনা দিয়েছিলেন ট্রানজিট, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন করিডোর। এব্যাপারে এক ভিডিও ক্লিপে বেগম খালেদা জিয়া যা বলেছিলেন তা নীচে হুবহু উদ্ধৃত করছি।
“ভারত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে যদি অন্য দেশে পণ্যসামগ্রী যেতো তাহলে ট্রানজিট বলতেন। ভারত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে যাবে তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, তাদের গোলাবারুদ নিয়ে যাবে, সে জন্য তাদেরকে রাস্তা বানিয়ে দেওয়া হবে। তাদের রাস্তা বানিয়ে দেবো আমরা আর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আপনাদের প্রত্যেকের ঘাড়ে সে ঋণ চাপবে।” ভিডিও ক্লিপটি আমাদের সংরক্ষণে আছে।
এখন এ সরকার জাপানের সাথে মিলে যে বিগ-বি প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে সেটি কি বেগম জিয়ার উপরে উদ্ধৃত বক্তব্যের সম্পূর্ণ পরিপন্থী নয়? আমি প্রথমেই বলেছি যে তারেক রহমানের জাপান সফরের অনুপুঙ্খ বিবরণ এখনো পাওয়া যায় নি। বিগ-বি’র বিস্তারিত ও খুটিনাটি বিবরণও পাওয়া যায় নি। ওপরে আমরা যে আশঙ্কা প্রকাশ করেছি সেটি যদি সঠিক হয় (আমরা মনে করি সঠিক) তাহলে চীনকে কি সরিয়ে দিয়ে পরোক্ষভাবে জাপানের মাধ্যমে ভারতকে আনা হচ্ছে না?
তাই যদি হয় তাহলে বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই সেটি গ্রহণ করবে না।
Email: asifarsalan15@gmail.com
