সম্প্রতি জাতীয় সংসদে গুম প্রতিরোধ আইন পাস হয়েছে। এ আইনের খসড়া ও পাস হওয়া আইনে স্বাধীন তদন্তের অভাব এবং অভিযুক্ত বাহিনীর ওপর নির্ভরতার কারণে এটি একটি দুর্বল আইনে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন আইনে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে, সে একই বাহিনী বা অন্য কোনো বাহিনীর ওপর তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে, যা নিরপেক্ষ তদন্তকে বাধাগ্রস্ত করবে বলেই প্রতীয়মান হয়। আইনে মানবাধিকার কমিশন বা স্বাধীন তদন্তকারী সংস্থার সরাসরি ও স্বাধীনভাবে অভিযোগ তদন্ত করার ক্ষমতা সীমিত করা হয়েছে। বাহিনীগুলোর কাছে প্রথমবার জবাব চেয়ে সন্তোষজনক না হলে পুনরায় জবাব চাওয়ার সুযোগ রাখায় বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও দায়মুক্তির সুযোগ তৈরি হয়। মিথ্যা অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারী ভুক্তভোগী পরিবারের জন্য কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, যা পরিবারগুলোকে আইনি পদক্ষেপে অতঙ্কগ্রস্ত করবে।
মূলত, গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশে স্বাধীন তদন্ত ও বিচারের শক্ত কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। সংসদে পাস করা নতুন আইনে পুলিশই গুমের ঘটনার তদন্ত করবে। এক্ষেত্রে তদন্তের ক্ষমতা হারিয়েছে মানবাধিকার কমিশন। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দু’টি অধ্যাদেশের সঙ্গে সম্প্রতি সংসদে পাস হওয়া আইন দু’টির বেশ কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে। ফলে গুমের মতো গুরুতর অপরাধের বিচার কতটা স্বাধীন ও নিরপেক্ষ হবে, তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। এ নিয়ে ইতোমধ্যে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে। এ বিষয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ, তারাই তদন্তের ক্ষমতা পেলে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবে না। কিন্তু সরকার বলছে, অধ্যাদেশের চেয়ে আইন দু’টি আরও শক্তিশালী করা হয়েছে। কিন্তু সরকারের এ দাবি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন আইনে যা করা হয়েছে তা সংবিধানের সাথে রীতিমত সাংঘর্ষিক। কারণ, আইনে বলা হয়েছে-সরকারের অন্য সংস্থা মানবাধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করলে তার ব্যবস্থা নেয়া যাবে না। অথচ সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা আছে সব নাগরিকের সমান অধিকার। ফলে এক্ষেত্রে সমান অধিকার থাকল না। দ্বিতীয়ত, গুমের অপরাধ তদন্তের ক্ষেত্রে বলা হয়েছে, এক বাহিনী গুম করলে অন্য বাহিনী তদন্ত করবে। এটিও যৌক্তিক ও বাস্তবসম্মত নয়। কারণ, যখন কোনো বাহিনী গুম করে তখন নিজের পরিচয়ে করে না। অন্য বাহিনীর পরিচয় দেয়। ফলে সাধারণ মানুষ কীভাবে বুঝবে কোন বাহিনী গুম করেছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার চাইছে বলে আইন দু’টি এভাবে হয়েছে। এ আইনের এসব ত্রুটি নিয়ে দেশের মানবাধিকারকর্মী, দেশী-বিদেশী সংস্থা, নাগরিক সমাজ সবাই বিরোধিতা করেছে। কিন্তু সরকার আমলে নেয়নি। মূলত, আমাদের দেশ বাংলাদেশ। ফলে আইন করার ক্ষেত্রে বাংলাদেশের মতো করে চিন্তা করতে হবে। পশ্চিমা দেশের মতো চিন্তা করলে হবে না।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জনগুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ সরকার গঠনের ৩০ দিনের মধ্যে আইনে রূপ দেয়নি বিএনপি সরকার। এর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অন্যতম। ফলে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ওই সময়ে অধ্যাদেশ দু’টি বাতিল হয়ে যায়। এরপর অধ্যাদেশ দু’টি সংশোধন আনার উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে বিরোধী দলের তীব্র আপত্তি ছিল। এ অবস্থায় বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও ওয়াকআউটের মধ্যেই সম্প্রতি জাতীয় সংসদে পাস হয়েছে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) বিল ২০২৬’।
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ ও পাস হওয়া নতুন আইনের মধ্যে তিনটি বড় মৌলিক পার্থক্য রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে গুমের তদন্ত কাঠামোতে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে গুমের ঘটনা সরাসরি তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনকে। নতুন আইনে এ মূল দায়িত্ব চলে গেছে পুলিশের হাতে। পুলিশের উপপরিদর্শক পদমর্যাদার একজন তদন্ত কর্মকর্তা মামলাগুলোর তদন্ত করবেন। দ্বিতীয়ত, বিভিন্ন বাহিনীর সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্তের ক্ষেত্রেও মানবাধিকার কমিশনের ক্ষমতা সীমিত করা হয়েছে। তৃতীয়ত, অধ্যাদেশে উল্লেখ ছিল-গুমের শিকার ব্যক্তিকে খুঁজে পাওয়া বা তার পরিণতি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনুসন্ধান অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে তার পরিবারকে নিয়মিত অগ্রগতি জানাতে হবে। তবে নতুন আইনে এ বিধান রাখা হয়নি।
গুম অধ্যাদেশে যেভাবে ছিল, নতুন আইনে স্বাধীন তদন্তের ক্ষমতা ব্যাপকভাবে কমানো করা হয়েছে। এখানে স্বাধীন তদন্তের কোনো সুযোগই রাখা হয়নি। মূলত, সরকার মুখে যাই বলুক, বাস্তবতা ভিন্ন। কারণ এ আইনের আদ্যোপান্ত পর্যালোচনা করে দেখা যায়, নতুন আইনে তদন্ত করার স্বাধীনতা একেবারে নেই। নুতন আইনে সরকার তদন্তকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলেছে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছে। বাড়ানো হয়েছে অপরাধীদের সাজা। কিন্তু প্রশ্ন হলো-এগুলোর শুরুটা কোথায়। শুরুটা হলো অপরাধ সংঘটিত হওয়ার পর তার একটি স্বাধীন তদন্ত হবে। এ তদন্তে গুমের বিষয়টি প্রমাণ করতে হবে। কিন্তু গুমের তদন্ত সঠিকভাবে না হলে বিচার হবে কীভাবে? তদন্তটা ঠিকভাবে না হলে পরিবারটা মিথ্যাবাদী সাব্যস্ত হবে। আর মিথ্যাবাদী সাব্যস্ত হলে বড় ঝুঁকি আছে। কারণ এ আইনেই বলা আছে-মিথ্যা অভিযোগের জন্য পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। ফলে ভুক্তভোগী পরিবারটিকে বাঁচানোর জন্য বারবার স্বাধীন তদন্তের কথা বলা হচ্ছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
বিল উপস্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, নতুন গুম প্রতিরোধ ও প্রতিকার আইন আগের অধ্যাদেশের তুলনায় আরও শক্তিশালী ও কার্যকর। তিনি জাতীয় সংসদকে জানিয়েছেন, আগের অধ্যাদেশে গুমের শিকার ব্যক্তি বা তার পরিবারের আদালতে যাওয়ার ক্ষেত্রে বাস্তব জটিলতা ছিল। নতুন আইনে তাদের সরাসরি আদালতে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া গুমের বিভিন্ন ধরনকে স্বতন্ত্র অপরাধ হিসাবে গণ্য করে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার বিধান যুক্ত হয়েছে। অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি না থাকলেও ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে যুক্ত করা হয়েছে সরকারের দায়বদ্ধতার বিধান। তার ভাষায়, মানবাধিকার কমিশন নির্দিষ্ট পরিস্থিতিতে বিনা নোটিশে সংশ্লিষ্ট স্থানে গিয়ে খোঁজ নিতে পারবে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ আদালতে সরাসরি গ্রহণযোগ্য করার বিধান রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, জোরপূর্বক গুমের বিচার আগের মতোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারে থাকবে। আইন প্রণয়নের আগে দেশী-বিদেশী বিভিন্ন পক্ষের সঙ্গে সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে মতামত নেওয়া হয়েছে। তবে সরকারের এ দাবি মানতে নারাজ বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি। সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, ২০২৫ সালের অধ্যাদেশে যে ধরনের ক্ষমতা ও স্বাধীনতার কথা বলা হয়েছিল, নতুন আইনের কিছু বিধানে তার পরিধি সংকুচিত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও তদন্তের ক্ষমতা বাস্তবে কতটা কার্যকর হবে সেটিই গুরুত্বপূর্ণ। শুধু আইনে ক্ষমতা দিলেই হবে না, প্রতিষ্ঠানটির আর্থিক, প্রশাসনিক ও তদন্তগত স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। বিরোধী দলের অভিযোগ, আইনে কিছু ক্ষেত্রে ‘দ্বৈত প্রয়োগ’-এর সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও জবাবদিহির কাঠামো প্রশ্নবিদ্ধ। গুমের মতো গুরুতর অপরাধের তদন্তে প্রাতিষ্ঠানিক বৈধতা থাকলে বিচারপ্রক্রিয়া দুর্বল হওয়ায় স্বাভাবিক।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পর্যালোচনায় বলা হয়েছে-নতুন আইনে গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন, নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তের ক্ষেত্রে মৌলিক ঘাটতি রয়ে গেছে। সংস্থাটি নির্দিষ্টভাবে আইনের ১৫ ধারার সমালোচনা করে বলেছে, এ ধারায় অধস্তন তদন্তকারীর অন্তর্বর্তী প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে কার্যধারা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বাস্তবে এটি কতটা প্রভাবমুক্ত থাকবে, তা প্রশ্নসাপেক্ষ। এতে অভিযুক্তদের ঢালাওভাবে দায়মুক্তির ঝুঁকি তৈরি হতে পারে। ধারা ১৬ নিয়েও সংস্থাটির আপত্তি রয়েছে। ওই ধারায় গুমের শিকার ব্যক্তির পরিণতি নিয়ে পরিবারকে জানানোর যে বিধান ছিল, আইনে তা রাখা হয়নি। যা নতুন আইনের বড় ধরনের দুর্বলতা।
একথা কারো অজানা নয় যে, আওয়ামী লীগের সময়ে গুম করা ব্যক্তিদের লুকিয়ে রাখতে ‘আয়নাঘরের মতো ভয়ংকর আস্তানা তৈরি করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর গঠিত গুম কমিশনের রিপোর্টের আলোকে গুম থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে আইনি কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি করা হয়। এতে গুমকে ‘চলমান অপরাধ’ হিসাবে সংজ্ঞায়িত করে এর সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয় মৃত্যুদণ্ড।
৮ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশিত ২০২৬ সালের ১০৭ নম্বর আইনে গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং প্রতিকার প্রদানের বিধান রাখা হয়েছে। আইনটির আগে সংসদে যে বিল উত্থাপিত হয়েছিল, তার উদ্দেশ্যেও গুমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও পরিবারের অধিকার সংরক্ষণ এবং মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু আইনের ঘোষিত উদ্দেশ্য আর এর প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে, সেটিই এখন বড় প্রশ্ন।
আইনটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করার পর নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থাপন না করে গোপন স্থানে রাখলে সেটি গুম হিসেবে বিবেচিত হবে। চিফ প্রসিকিউটরও ব্যাখ্যা করেছেন, গ্রেফতারের ২৪ ঘণ্টা পার হওয়ার পর কাউকে আইনি সহায়তা ছাড়া গোপনে আটকে রাখা হলে তা গুম হিসেবে গণ্য হবে। কিন্তু এখানেই বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। একজন ব্যক্তিকে আটক করার বিষয়টি যদি শুরুতেই সরকারি নথিতে যথাযথভাবে নিবন্ধিত না হয়, তাহলে ২৪ ঘণ্টার হিসাব শুরু হবে কখন থেকে? পরিবার যদি জানতেই না পারে যে তাকে কোথায় রাখা হয়েছে, তাহলে আদালত বা তদন্তকারী সংস্থা কিভাবে আটকের সময় ও স্থান নির্ধারণ করবে?
গুমের অভিযোগের ক্ষেত্রে রাষ্ট্রীয় হেফাজত গোপন রাখাই যখন অপরাধের অন্যতম বৈশিষ্ট্য, তখন আটক-নিবন্ধনের স্বাধীন ও বাধ্যতামূলক ব্যবস্থা আইনে প্রমাণ হওয়া দরকার। এ জায়গায় সামান্য দুর্বলতাও ভবিষ্যতে প্রমাণ সংগ্রহকে কঠিন করে তুলতে পারে। সবচেয়ে গুরুতর বিতর্ক সৃষ্টি হয়েছে তদন্তের কাঠামো নিয়ে। আইনটির আগের খসড়া নিয়ে আলোচনায় মানবাধিকার কমিশনের তদন্ত ও নজরদারির ভূমিকা নিয়ে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, চূড়ান্ত কাঠামোয় তা কতটা বহাল রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
২০২৫ সালের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে আটকসংক্রান্ত সুরক্ষা পর্যবেক্ষণ, কারাগার, হাজতখানা ও আটককেন্দ্র পরিদর্শন এবং গোপন আটককেন্দ্র শনাক্ত করার মতো ক্ষমতার কথা ছিল বলে সংশ্লিষ্ট বিশ্লেষণে উঠে এসেছে। নতুন কাঠামোতে এসব ক্ষমতার পরিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এখানে সমস্যাটি শুধু প্রশাসনিক নয়; এটি বিচারিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। গুমের অভিযোগ যদি এমন কোনো বাহিনী বা সংস্থার সদস্যদের বিরুদ্ধে ওঠে, যাদের রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রভাব রয়েছে, তাহলে একই রাষ্ট্রযন্ত্রের সাধারণ তদন্ত কাঠামোর ওপর পুরোপুরি নির্ভরশীলতা কতটা কার্যকর হবে-প্রশ্নের সুস্পষ্ট উত্তর প্রয়োজন।
গুমের মতো গুরুতর অপরাধে ব্যক্তিগত দায় নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ ধরনের অপরাধ সাধারণত একক কোনো ব্যক্তির সিদ্ধান্তে সংঘটিত হয় না; নির্দেশ, পরিকল্পনা, আটক, স্থানান্তর, পাহারা এবং তথ্য গোপনের মতো একাধিক স্তরের ভূমিকা থাকতে পারে। আগের খসড়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানবাধিকার লঙ্ঘনের দায়মুক্তির কারণ হতে পারবে না- এমন সুরক্ষা ছিল বলে টিআইবির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী খসড়ায় এ বিধান বাদ পড়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
এখানেই আইনের একটি মৌলিক পরীক্ষা। একজন কর্মকর্তা যদি বলেন, ‘আমি শুধু ঊর্ধ্বতনের নির্দেশ পালন করেছি’, তাহলে সংশ্লিষ্ট নির্দেশদাতা এবং নির্দেশ পালনকারী-দু’জনের দায় কিভাবে নির্ধারিত হবে? আইনে যদি এ বিষয়ে স্পষ্টতা না থাকে, তাহলে দায় নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক কমান্ড কাঠামোই পরোক্ষ সুরক্ষা হয়ে উঠতে পারে।
আইনে শাস্তির বিধান কঠোর। গুমের ঘটনায় মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে; সাধারণ গুমের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। তদন্ত ও বিচার দ্রুত শেষ করার সময়সীমাও রাখা হয়েছে। কিন্তু শাস্তির মাত্রা যত কঠোরই হোক, তদন্ত যদি স্বাধীন না হয় কিংবা প্রমাণ সংগ্রহ দুর্বল হয়, তাহলে কঠোর শাস্তি কাগজেই থেকে যেতে পারে। গুমের বিচার তাই শুধু ‘কত বছর কারাদণ্ড’ প্রশ্ন নয়। আসল প্রশ্ন- কত দ্রুত অভিযোগ নথিভুক্ত হবে, কে তদন্ত করবে, কে প্রমাণ সংরক্ষণ করবে, গোপন আটককেন্দ্র কিভাবে শনাক্ত হবে, কমান্ড কাঠামোর দায় কীভাবে নির্ধারিত হবে এবং ভুক্তভোগী পরিবার রাষ্ট্রের কাছ থেকে সত্য জানার অধিকার কতটা কার্যকরভাবে পাবে।
আইনে ভুক্তভোগী ও পরিবারের জন্য আইনি সহায়তা, চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুযোগ রাখা হয়েছে। অপরাধীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলে নির্দিষ্ট ক্ষেত্রে রাষ্ট্রেরও অর্থ বহনের ব্যবস্থা রয়েছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু গুম পরিবারের কাছে শুধু অর্থনৈতিক ক্ষতিপূরণই প্রতিকার নয়। তাদের সবচেয়ে বড় দাবি-স্বজন কোথায়, কিভাবে নিখোঁজ হলেন, কারা নিয়ে গেল, কেন নিয়ে গেল এবং তার পরিণতি কী হয়েছিল- এই সত্য জানা। অর্থাৎ ‘রিহ্যাবিলিটেশন’ বা ক্ষতিপূরণ বিচারের বিকল্প হতে পারে না। নিখোঁজ ব্যক্তির ভাগ্য সম্পর্কে রাষ্ট্রের কাছে থাকা তথ্য প্রকাশ, আটকস্থল শনাক্তকরণ এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা- এসবও প্রতিকারের অবিচ্ছেদ্য অংশ।
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ আইনগত পদক্ষেপ। ৮ সেপ্টেম্বর এটি ২০২৬ সালের ১০৭ নম্বর আইন হিসেবে গেজেটে প্রকাশিত হয়েছে। কিন্তু আইন প্রণয়নই গুমের সংস্কৃতি বন্ধের শেষ ধাপ নয়; বরং এখান থেকেই শুরু হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। আইনটি যদি সত্যিই অতীতের গুমের বিচার এবং ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধ করতে চায়, তাহলে তদন্তকারী প্রতিষ্ঠানকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাবের বাইরে রাখা, আটক-নিবন্ধন বাধ্যতামূলক ও যাচাইযোগ্য করা, সব ধরনের গোপন আটককেন্দ্র শনাক্তের কার্যকর ব্যবস্থা রাখা এবং ঊর্ধ্বতন নির্দেশের আড়ালে দায় এড়ানোর সুযোগ বন্ধ করা জরুরি। কারণ গুমের বিরুদ্ধে একটি আইন তখনই কার্যকর হবে, যখন রাষ্ট্র শুধু গুমের শিকার ব্যক্তির জন্য প্রতিকার দেবে না-রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের দায়ও নিরপেক্ষভাবে নির্ধারণ করতে পারবে। সুতরাং নতুন আইনের প্রকৃত সাফল্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের বিধানে নয়; বরং কোনো ক্ষমতাবান ব্যক্তি, কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত ও বিচার একইভাবে এগিয়ে নেয়ার সক্ষমতায়। সেই জায়গাতেই আইনটির বিশ্বাসযোগ্যতার চূড়ান্ত পরীক্ষা।
মূলত, সংশোধিত আকারে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ যেভাবে প্রণয়ন ও পাস হয়েছে সে আইনে নানা ধরনের অসঙ্গতি রয়েছে। নতুন আইনের তদন্তের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত না করেই অভিযোগকারীর অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু সঠিক তদন্ত বা নিরপেক্ষভাবে তদন্ত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার কোন শাস্তির বিধান রাখা হয়নি। তাই নতুন আইনের কার্যকারিতা শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়েছে।
তবে সংশ্লিষ্টদের মনে রাখা উচিত ক্ষমতা কারো জন্য চিরস্থায়ি বন্দোবস্ত নয়। তাই আগামী দিনে নিজেদের কথা মাথায় রেখেই সবকিছু করা উচিত। হয়তো আইনের ছিন্দ্রপথের ভিকটিম তাদেরকে একদিন হতে হবে। www.syedmasud.com
