আসিফ আরসালান

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের জন্য ভারত অত্যন্ত সুপরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে। এ লক্ষ্যে তারা এ মুহূর্তে দুইটি ফ্রন্টে কাজ করছে। এক দিকে শেখ হাসিনার ঢাকা প্রত্যাবর্তন সম্পর্কে একটি হাইপ তুলে তাকে পাসপোর্ট দেওয়ার বায়না তুলেছে। অন্য দিকে বাংলাদেশকে চাপে রাখার জন্য সারা দেশ জুড়ে অগ্নি সন্ত্রাস এবং বোমাবাজি করাচ্ছে। বিগত ২ বছর ধরে ভারত বাংলাদেশ নিয়ে নানান ধরনের গবেষণা করেছে বলে জানা গেছে। এ গবেষণায় তারা বুঝতে পেরেছে যে, বাংলাদেশে তাদের আধিপত্যবাদের প্রধান অন্তরায় হলো এনসিপি এবং জামায়াতে ইসলামী। এছাড়া অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ভারত সম্পর্কে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেসমস্ত পদক্ষেপই বাংলাদেশে ভারতের আধিপত্য হ্রাস করতে করতে প্রায় শূন্যের কোঠায় নামিয়েছে। এজন্য তাদের আরেকজন রাজনৈতিক শত্রু হলেন ড. মুহাম্মদ ইউনূস। এজন্য এ মুহূর্তে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হলো জুলাই যোদ্ধা এবং ড. মুহাম্মদ ইউনূস তথা গ্রামীণ ব্যাংক। গত ৭ নভেম্বরের পর থেকে সারা বাংলাদেশে যেসব সন্ত্রাসী তৎপরতা চলছে সেসব দেখে বোঝা যায় যে তারা তাদের নীলনকশা ধরে এগিয়ে যাচ্ছে। এখানে একটি কথা স্পষ্টভাবে বলা দরকার। এ নীলনকশা বাস্তবায়নে ভারত সরাসরি মাঠে নামে নি। আর নামা সম্ভবও নয়। কারণ বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি নাক গলালে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। তাই তারা মাঠে নামিয়েছে আওয়ামী লীগকে। এ মুহূর্তে ভারত এবং আওয়ামী লীগ একাকার। আওয়ামী লীগ হলো বাংলাদেশে ইন্ডিয়ান ফেস বা ভারতের মুখ।

গত ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর এ ভাষ্য লেখার সময় পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা নিজেরা অথবা টাকা দিয়ে ভাড়ায় সন্ত্রাসীদেরকে নাশকতামূলক তৎপরতায় লেলিয়ে দিয়েছে। এ পর্যন্ত তারা গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখায় আগুন দিয়েছে এবং জয়বাংলা স্লোগান দিয়ে বোমা নিক্ষেপ করেছে। গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বলেছেন যে, ২ সপ্তাহ আগে তারা এ ধরনের হামলার আশঙ্কা করে পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে চিঠি দিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয় নি। আর অন্যদিকে নীলনকশা অনুযায়ী জুলাই বিপ্লবের নায়কদের ওপর বিভিন্ন সময় হামলা করা হয়েছে। এসব হামলার শিকার হয়েছেন জুলাই যুদ্ধের নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি, আখতার হোসেন এমপি, নাসিরউদ্দিন পাটোয়ারী, জুলাই যোদ্ধা আয়াশ প্রমুখ। সবশেষে নারীদের সংরক্ষিত কোটায় এমপি হিসাবে নির্বাচিত এনসিপি নেত্রী নুসরাত তাবাস্সুম।

উল্লেখ করা যেতে পারে যে, জুলাই বিপ্লবের এক পর্যায়ে বিপ্লবের কয়েকজন নেতাকে শেখ হাসিনার পদলেহি ডিবির পরিচালক হারুন গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যায়। সেখানে গিয়ে তাদের ওপর অকথ্য নির্যাতন করা হয় এবং আন্দোলন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়। এ নির্যাতনের ফলে আন্দোলনের অন্যতম প্রধান নেতা নাহিদ ইসলামের উরু থেঁতলে তেওয়া হয়। যে কারণে তিনি প্যান্ট পরতে পারেন নি এবং ডিবি কর্তৃক প্রকাশিত ছবিতে তাকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা যায়। যাদেরকে ডিবি উঠিয়ে নেয় তাদের মধ্যে একমাত্র মহিলা ছিলেন নুসরাত তাবাস্সুম।

একপর্যায়ে নেতারা আন্দোলন প্রত্যাহার না করলেও ডিবি থেকে ভূয়া বিজ্ঞপ্তি দেওয়া হয় যে, আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। পরে অবশ্য আন্দোলনের প্রবল চাপে সরকার নাহিদ ও তাবাস্সুমসহ ৫ জনকে মুক্তি দিতে বাধ্য হয়। গ্রামীণ ব্যাংকের যেসব শাখায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা হয়েছে, সেগুলো হলো— ঢাকার ধামরাইয়ের সুয়াপুর, নওগাঁর রানীনগরের কচুয়া বাজার, বগুড়ার ধুনটের গোসাইবাড়ী ও শেরপুর, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়, ফেনীর শর্শদি বাজার, ময়মনসিংহের গৌরীপুরের দৌহাখোলা, নেত্রকোনার মৌগাতীর চুচুয়া বাজার ও আমতলা, বরগুনার আমতলীর কড়ইবুনিয়া, কুড়িগ্রাম শহরের মৎস্য খামার এলাকা, চট্টগ্রামের আনোয়ারার বারখাইন, কক্সবাজার সদর, পাবনার দোগাছী বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা, মাগুরার মহম্মদপুর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী এবং চাঁদপুরের বাগাদী শাখা।

॥ দুই ॥

এসব আগুন সন্ত্রাস ছাড়াও তারা হত্যার উদ্দেশে এনসিপি নেতাদের ওপর হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীরা চাপাতি দিয়ে হামলা করে। পত্রিকান্তরে প্রকাশিত খবর মোতাবেক হাসিবুলের ওপর হামলার সময় হামলাকারীদেরকে বলতে শোনা যায়, ‘এ লোকই হচ্ছে জুলাই জঙ্গি হাসিবুল। একে আজ শেষ করতে হবে।’ মারপিটের এক ফাঁকে হাসিবুল দৌড়ে পালান। এর আগে হাসনাত আব্দুল্লাহ এমপির গাড়িতে হামলা করা হয়।

ওদের হামলার ধরন দেখে মনে হচ্ছে যে ওদের সবচেয়ে বেশি রাগ নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর। ওসমান হাদিকে যেমন হত্যা করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারীও তেমনি তাদের বড় টার্গেট। এজন্যই পাটোয়ারী বার বার তাদের হামলার শিকার হয়েছেন। হবিগঞ্জ, বেনাপোল, কুষ্টিয়া, ঝিনাইদহ প্রভৃতি স্থানে তিনি হামলার শিকার হয়েছেন। সব জায়গাতেই অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ২ বার হামলা করা হয়। একবার দেশের মধ্যে, আরেকবার নিউইয়র্কে। অগাস্ট মাসে শাহবাগে জুলাই যোদ্ধা নূর মোহাম্মদ আয়াশের ওপর হামলা চালানো হয়। এ হামলার অভিযোগে মোমিন মেহেদী ও শান্তা ফারজানাকে গ্রেফতার করা হয়েছে। আয়াশের ওপর একটি সংগবদ্ধ দল হামলা চালায়। এ হামলায় আয়াশ ছাড়াও ঢাকা উত্তর এনসিপি নেতা আসিফ উদ্দিন সম্রাট, শ্রমিক শাখার নেতা শফিকুল ইসলাম এবং কর্মী আব্দুর রবসহ কয়েকজন আহত হন। এছাড়া চট্টগ্রামে মুখোশ পরা আওয়ামী গুণ্ডারা জুলাই যোদ্ধা তামিম মির্জার ওপর হামলা চালায়। এদের হামলায় মারা যান জুলাই যোদ্ধা শাহরিয়ার আল সাম্য।

শুধুমাত্র জুলাই যোদ্ধারা নন, সমগ্র বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিএনপি সরকারের আমলে খুলনা মহানগরীকে এখন কেউ কেউ প্রেতপূরী বা মৃতপূরী বলে আখ্যায়িত করছেন। খুলনার পরিস্থিতি এমন ভয়াবহ যে, স্বয়ং বিএনপি নেতাও সেটা স্বীকার করেছেন। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার দৈনিক সমকাল প্রথম পৃষ্ঠায় ৪ কলামব্যাপী যে লিড নিউজ করেছে তার শিরোনাম, “খুলনার মানুষ বাঁচতে চায়।” প্রিয় পাঠক, চিন্তা করুন, পরিস্থিতি কত ভয়াবহ হলে অন্যতম মেইন স্ট্রিম পত্রিকা লিড নিউজে বলে যে, একটি জেলার মানুষ বাঁচতে চায়। বিএনপি নেতা এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘পরিস্থিতি এমন যে, কার কাছে অভিযোগ করবেন। অভিযোগ ফাঁস হয়ে গেলে গুলির শিকার হতে হবে, হত্যার শিকার হতে হবে। এ কারণে সবাই চাঁদা দিচ্ছেন, কিন্তু কেউ মুখ খুলছেন না।’

খুলনা-২ এর সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল বলেছেন, ‘পরিস্থিতি এমন যে, এটি একটি মৃত নগরীতে পরিণত হয়েছে। এ চাঁদাবাজি ও সন্ত্রাসের হাত থেকে খুলনাবাসী মুক্তি চায়।’ খুলনা-৩ এর সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘অপরাধী যেই হোক না কেনো, যত বড় সন্ত্রাসী বা নেতা হোক না কেনো কিংবা যার ছত্রছায়ায়ই থাকুক না কেনো, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে আমরা মাঠে নামবো।’

খোদ সরকারী হিসাবে বিগত ১০ মাসে খুলনায় ৭৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শুধু খুলনা মহানগরীতেই পুলিশের খাতায় ৮টি সন্ত্রাসী গ্রুপ এবং ১৬১ জন সন্ত্রাসীর নাম তালিকাভুক্ত রয়েছে। দৈনিক ‘যুগান্তরের’ রিপোর্ট মোতাবেক ব্যবসায়ীরা বলেছেন যে, পুলিশকে বলেও কোনো লাভ হয় না।

॥ তিন ॥

আওয়ামী লীগের মাধ্যমে ভারতের এ প্রক্সি হামলার পুরো ফিরিস্তি দিলে লেখাটি লম্বা হয়ে যাবে। ভাবতে অবাক লাগে যে, যেখানে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে সেখানে শুধুমাত্র ৯ নভেম্বর দেশের ৩৩টি স্পটে একযোগে বোমা হামলা হয়েছে। এর মধ্যেই বিদেশ থেকে আওয়ামী লীগের সাবেক এমপি এ্যাডভোকেট রনজিত সরকার গোপনে ভারত থেকে সুনামগঞ্জে ঢুকে পড়েন এবং ছাত্রলীগ যুবলীগের সাথে মিটিং করে বিভিন্ন স্থানে আগুন দেওয়া ও বোমা হামলাসহ নাশকতামূলক তৎপরতার নির্দেশ দিয়ে আবার ভারতে ফিরে গেছেন। প্রশাসনের যোগসাজশ ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না।

এভাবে একদিকে অগ্নিসন্ত্রাস ও সশস্ত্র হামলা চালিয়ে সরকারকে বিব্রত রেখে অন্য দিকে গোপনে গোপনে তারা এক নতুন চাল দিয়েছে বলে জানা গেছে। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে যে, শেখ হাসিনার দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন একটি কূটনৈতিক নাটক। আইনগতভাবে শেখ হাসিনা পাসপোর্ট পাওয়ার যোগ্য হউন আর না হউন, আবেদনটি কিন্তু তিনি সরাসরি নিজে করেন নি। ইংল্যান্ডের এক ল’ ফার্মের মাধ্যমে আবেদন করেছেন। গত মাসে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর হঠাৎ করে দিল্লী উড়ে যাওয়ার রহস্য জানা গেছে। হাইকমিশনার হিসাবে দিল্লী গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করতেই পারেন। কিন্তু শেখ হাসিনার ইস্যু নিয়ে তিনি একই দিন ভারতীয় সেনাবাহিনী প্রধান ধীরাজ শেঠের সাথে বৈঠক করেছিলেন কেনো?

নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে যে, ধীরাজ শেঠের মাধ্যমে বাংলাদেশেকে জানানো হয়েছে যে, ভারত গায়েপড়ে শেখ হাসিনাকে দিল্লী আনে নি। বরং বাংলাদেশের সেনাবাহিনীর পূর্ণ নিরাপত্তায় তাদের সামরিক বিমানে হাসিনাকে দিল্লী পাঠনো হয়েছে। এখন বাংলাদেশকে একইভাবে বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক হাসিনাকে ফেরত নিতে হবে। তাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফেরত নিতে হবে। দিল্লীকে আশ্বস্ত করতে হবে যে, ঢাকা নেওয়ার পর শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে না। তাকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। সে আপিল মামলা যাতে আন্তর্জাতিক পর্যবেক্ষকগণ সরেজমিনে নিরীক্ষণ করতে পারেন সে ব্যবস্থা রাখতে হবে।

বাংলাদেশ সরকার ভারতের এ মামা বাড়ির আবদার রক্ষা করেছেন কিনা আমরা জানি না। তবে এব্যাপারে কোনোরকম ছাড় দিলে জনগণ হাসিনাকে প্রতিরোধ করার জন্য মাঠে নামবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

Email: asifarsalan15@gmail.com