দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার দায় মিয়ানমার রাষ্ট্রের ওপর প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত ৯-৬ ভোটে সিদ্ধান্ত দিয়েছেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে এবং এর জন্য মিয়ানমার রাষ্ট্র দায়ী। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক ১৯৪৮ সালের আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘনের দায়েও দেশটিকে অভিযুক্ত করা হয়েছে। এটি আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করার ঘটনা।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা ও ধর্ষণ চালিয়েছে। শিশুদের ওপর চরম সহিংসতা চালিয়েছে। রোহিঙ্গাদের শত শত গ্রাম পুড়িয়ে ধ্বংস করেছে। রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত কর্মকাণ্ড পরিচালনা করেছে। এ রায়ের গুরুত্ব শুধু একটি জনগোষ্ঠীর ওপর সংঘটিত ভয়াবহ অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে একটি রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচারিক নিষ্পত্তি হয়েছে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের পক্ষে শক্তিশালী আইনি ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশের জন্যও এ রায় বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, গণহত্যার শিকার হয়ে যে জনগোষ্ঠীর একটি বড় অংশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রশ্নটি এখন নতুন আন্তর্জাতিক আইনি ভিত্তি লাভ করেছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। এ অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌন সহিংসতা, অগ্নিসংযোগ ও গ্রাম ধ্বংসের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে ও পরে আসা শরণার্থীদের নিয়ে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজার ও ভাসানচরে অবস্থান করছে। তাদের অধিকাংশই নিজ দেশে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জাতিসংঘের বিভিন্ন তদন্ত ও মানবাধিকার সংস্থার প্রতিবেদনে দীর্ঘদিন ধরে এসব অপরাধের প্রমাণ উঠে এলেও মিয়ানমার সরকার ধারাবাহিকভাবে অভিযোগ অস্বীকার করে এসেছে।
রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্যাতনের বিচার চেয়ে ২০১৯ সালে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনসহ (ওআইসি) বিভিন্ন পক্ষ এ উদ্যোগে সমর্থন দেয়। মামলার বিচারিক প্রক্রিয়ায় বিপুল তথ্য-প্রমাণ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন উপস্থাপিত হয়। আদালত এসব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়েছেন, রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং তাদের একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত কর্মকাণ্ডের মাধ্যমে গণহত্যা সংঘটিত হয়েছে। আদালত আরও দেখতে পেয়েছেন, মিয়ানমার গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে, অপরাধীদের শাস্তি দেয় নি এবং এ ধরনের অপরাধ তদন্তের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করে নি। উপরন্তু, গণহত্যাসংক্রান্ত প্রমাণ সংরক্ষণের বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে।
আদালত মিয়ানমারকে গণহত্যা কনভেনশনের অধীনে চলমান লঙ্ঘন বন্ধ করা, অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত ও বিচার করা, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের নিশ্চয়তা দেওয়া এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিপূরণের পাশাপাশি আদালত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনকে ক্ষতিপূরণ ও পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে উল্লেখ করেছেন। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। এ বিষয়ে গৃহীত ব্যবস্থা ও ক্ষতিপূরণের পরিমাণ সম্পর্কে দু’বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। এ রায়ের একটি বিশেষ দিক হলো, এটি কেবল অতীতের অপরাধের বিচারিক স্বীকৃতি দেয় নি, বরং ভবিষ্যতের জন্যও মিয়ানমারের ওপর আইনি বাধ্যবাধকতা আরোপ করেছে। আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। ফলে মিয়ানমার রাজনৈতিকভাবে রায় প্রত্যাখ্যান করলেও আন্তর্জাতিক আইনে তার দায় অস্বীকার করার সুযোগ নেই।
আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়কে নিঃসন্দেহে গণহত্যার বিচারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক বলা যায়। কিন্তু রায় ঘোষণার মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের অবসান ঘটবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। বরং এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মিয়ানমার এ রায় কতটা বাস্তবায়ন করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় তা নিশ্চিত করতে কতটা কার্যকর ভূমিকা রাখবে। রায় ঘোষণার পর এরই মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষ একে অন্যায্য বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির এ অবস্থান থেকে বোঝা যায়, তারা স্বতঃস্ফূর্তভাবে আদালতের নির্দেশনা বাস্তবায়নে আগ্রহী নয়। অন্যদিকে, আইসিজির নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই, যার মাধ্যমে কোনো রাষ্ট্রকে সরাসরি বাধ্য করা যায়। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো পক্ষ আদালতের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে অপর পক্ষ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। কিন্তু নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার মতো রাষ্ট্রের রাজনৈতিক অবস্থান এবং ভেটো ক্ষমতা এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এখানেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছা ও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তা সামনে আসে। বিশেষ করে যেসব রাষ্ট্র মানবাধিকার, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার কথা বলে, তাদের এখন কথার বাইরে গিয়ে মিয়ানমারের ওপর বাস্তব চাপ সৃষ্টি করতে হবে। গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ার পরও যদি অপরাধীরা নির্বিঘ্নে ক্ষমতা ও সম্পদ ভোগ করে, তাহলে আন্তর্জাতিক বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠবে। এ ক্ষেত্রে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহ বন্ধ, সামরিক ও সংশ্লিষ্ট ব্যবসায়িক নেটওয়ার্কের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ প্রয়োজন।
আরেকটি বিষয় মনে রাখা জরুরি, আইসিজি রাষ্ট্রের আন্তর্জাতিক দায় নির্ধারণ করে; ব্যক্তির ফৌজদারি বিচার করে না। সুতরাং গণহত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সরাসরি অপরাধে অংশগ্রহণকারীদের ব্যক্তিগতভাবে বিচারের আওতায় আনার জন্য পৃথক বিচারিক উদ্যোগ প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) উপযুক্ত আন্তর্জাতিক বিচারিক ব্যবস্থায় এ উদ্যোগ জোরদার করতে হবে। রাষ্ট্রের দায় প্রতিষ্ঠার পাশাপাশি অপরাধীদের ব্যক্তিগত দায় নিশ্চিত না হলে ন্যায়বিচারের প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে।
রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় বোঝা বহন করছে বাংলাদেশ। একটি প্রতিবেশী রাষ্ট্রের জাতিগত নিধন ও গণহত্যার শিকার হয়ে লাখ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। কিন্তু এ মানবিক দায়িত্ব পালনের মূল্য বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বহন করতে হচ্ছে। কক্সবাজারের পরিবেশ, স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় শরণার্থী শিবিরগুলোতে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবার সংকটও গভীর হচ্ছে। এ অবস্থায় আইসিজির রায় বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। এতদিন বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবি জানিয়ে আসছিল। কিন্তু মিয়ানমার কখনোই এ সমস্যার মূল কারণ স্বীকার করতে চায় নি। প্রত্যাবাসনের আলোচনাকে তারা মূলত দ্বিপক্ষীয় প্রশাসনিক ও নিরাপত্তার বিষয় হিসেবে দেখানোর চেষ্টা করেছে। এখন আন্তর্জাতিক আদালত গণহত্যার দায় প্রতিষ্ঠা করায় বাংলাদেশের অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়েছে।
বাংলাদেশের প্রথম কাজ হওয়া উচিত এ রায়কে কেন্দ্র করে একটি সমন্বিত আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা। জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা জোরদার করতে হবে। গাম্বিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে রায় বাস্তবায়নের জন্য যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়মিত উত্থাপন করতে হবে। বিশেষভাবে চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ বাড়ানো জরুরি। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার কারণে এ দুই রাষ্ট্রের মিয়ানমারের ওপর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
চীন মিয়ানমারের সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে ভারতেরও মিয়ানমারের সঙ্গে নিরাপত্তা, সীমান্ত ও যোগাযোগসহ নানা স্বার্থ রয়েছে। এ দুই রাষ্ট্রকে পাশ কাটিয়ে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান কঠিন। বাংলাদেশের উচিত তাদের বোঝানো যে, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে তা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করবে।
বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগের প্রধান লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসনের নামে কোনো তাড়াহুড়ো করা যাবে না। অতীতে মিয়ানমার একাধিকবার প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসনসংক্রান্ত চুক্তিও হয়েছে। কিন্তু বাস্তবে একজন রোহিঙ্গাকেও টেকসইভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়া সম্ভব হয় নি।
কারণ, মিয়ানমার প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি করে নি। রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অধিকার, জীবিকার সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত না করে প্রত্যাবাসন কার্যকর হতে পারে না। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার যে কাঠামো তৈরি করা হয়েছে, তার সমাধান ছাড়া সংকটের মূল জায়গায় পৌঁছানো সম্ভব নয়। রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয়ের স্বীকৃতি এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। তাদের ওপর চাপিয়ে দেওয়া কোনো পরিচয় বা শর্তসাপেক্ষ নাগরিকত্বের ব্যবস্থা গ্রহণযোগ্য হতে পারে না।
এখানে রাখাইন রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামরিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মিয়ানমারের সামরিক বাহিনীর পাশাপাশি আরাকান আর্মিরও রাখাইনের বিস্তীর্ণ অঞ্চলে নিয়ন্ত্রণ ও প্রভাব রয়েছে। ফলে প্রত্যাবাসনের জন্য শুধু জান্তা সরকারের সঙ্গে আলোচনা যথেষ্ট নাও হতে পারে। যে পক্ষই রাখাইনে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক, রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। তবে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত রাষ্ট্রীয় দায় মিয়ানমারেরই। বাংলাদেশের উচিত জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক প্রত্যাবাসন ও পুনর্বাসন কাঠামোর দাবি তোলা। প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের বসতভিটা ও জমির অধিকার ফিরিয়ে দেওয়া, ধ্বংসপ্রাপ্ত গ্রাম পুনর্নির্মাণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রত্যাবাসনের পরও যেন তারা আবার নির্যাতন ও বাস্তুচ্যুতির শিকার না হয়, তার নিশ্চয়তা প্রয়োজন। রোহিঙ্গাদের মতামত ও সম্মতি ছাড়া কোনো প্রত্যাবাসন প্রক্রিয়া গ্রহণ করা উচিত হবে না।
আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি বাংলাদেশের নিজস্ব প্রস্তুতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় স্থানীয় জনগোষ্ঠী ও শরণার্থীদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক চাপ বাড়ছে। ফলে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত শরণার্থীদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের উচিত একটি উচ্চপর্যায়ের জাতীয় রোহিঙ্গা কূটনৈতিক ও আইনি সমন্বয় কাঠামো গড়ে তোলা। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, নিরাপত্তা বিশ্লেষক এবং রোহিঙ্গা প্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে। এ কাঠামোর মাধ্যমে আইসিজির রায় বাস্তবায়ন, ক্ষতিপূরণ আদায়, আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং প্রত্যাবাসনের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা প্রয়োজন। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করাও জরুরি। এ ক্ষেত্রে ওআইসিকেও নতুন করে সক্রিয় করার প্রয়াস চালানো প্রয়োজন। গাম্বিয়ার উদ্যোগে যে মামলা আন্তর্জাতিক আদালতে পৌঁছেছে, সেটিকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর সম্মিলিত উদ্যোগ দরকার। শুধু বিবৃতি ও নিন্দা নয়, অর্থনৈতিক, কূটনৈতিক ও আইনি সহায়তার মাধ্যমে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে আসিয়ানকে তার আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। সকল ফোরামকেই আইসিজের এ রায়কে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। এর কোনো বিকল্প নেই।
