সাইফুল ইসলাম
একজন নারীর সম্ভ্রমহানি শুধু তাঁর জীবনের একটি দুঃসহ ঘটনা নয়; এটি মানবতা, ন্যায়বিচার ও সভ্যতার মুখে এক নির্মম চপেটাঘাত। যে অপরাধীর পাশবিকতায় একটি জীবন তছনছ হয়ে যায়, যে আঘাতে একজন নারীর বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বপ্ন ভেঙে চুরমার হয়, সেই অপরাধের বিচার যদি দীর্ঘসূত্রতা, প্রভাব কিংবা ক্ষমতার কাছে থমকে দাঁড়ায়, তবে ন্যায়বিচার কোথায়? নির্যাতিতের চোখের পানি যদি বিচারালয়ের দরজায় শুকিয়ে যায়, আর অপরাধী যদি বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায়, তবে আইনের শাসন ও মানবিক মূল্যবোধের দাবি কতটা অর্থবহ? নারীর সম্ভ্রমহানির বিচার কি কেবল আইনের পাতায় সীমাবদ্ধ থাকবে, নাকি অপরাধীর মনে অপরাধের ভয় জাগিয়ে নির্যাতিতার জন্য প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করবে? এই প্রশ্নের উত্তরে অপরাধের ভয়াবহতা, প্রচলিত বিচারব্যবস্থার সীমাবদ্ধতা এবং ইসলামের ন্যায়ভিত্তিক বিচারদর্শন গভীরভাবে পর্যালোচনা করা এখন সময়ের দাবি।
নারীর প্রতি যৌন সহিংসতার ক্ষত কেবল শরীরে সীমাবদ্ধ থাকে না; তা ক্ষতবিক্ষত করে তাঁর মন, বিশ্বাস ও ভবিষ্যতের স্বপ্ন। ধর্ষণ, যৌন নিপীড়ন কিংবা জবরদস্তিমূলক আচরণের শিকার একজন নারী দীর্ঘদিন মানসিক যন্ত্রণা, নিরাপত্তাহীনতা ও সামাজিক অবহেলায় আস্তে আস্তে অন্তঃসারশূন্য হয়ে পড়েন। যার কারণে পরিবারে আনন্দের আলো জ্বলত, তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে এখন শুধু মানুষের কটূক্তি, ঘৃণা আর অবিশ্বাস। তাঁর জীবনে নেমে আসে বিষণ্নতার কালো ছায়া। আরও বেদনাদায়ক হলো, অনেক ক্ষেত্রে অপরাধীর জবাবদিহিতার পরিবর্তে নির্যাতিতার পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়। অথচ অপরাধের দায় কখনো ভুক্তভোগীর নয়, অপরাধীর। একজন নারীর সম্ভ্রমহানি শুধু ব্যক্তিগত বিপর্যয় নয়; এটি সমাজের নিরাপত্তাবোধ, মানবিক বিবেক ও ন্যায়বিচারের ভিত্তিকে নাড়িয়ে দেয়।
বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ষণ ও নারী-শিশুর প্রতি যৌন সহিংসতার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ২০০০ এবং প্রযোজ্য অন্যান্য আইন অনুসারে অপরাধের প্রকৃতি ও পরিস্থিতি বিবেচনায় বিচার করা হয়। তবু প্রশ্ন ওঠে, আইন থাকার পরও কেন অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ সব ক্ষেত্রে প্রত্যাশিত মাত্রায় কার্যকর হয় না? কেন তদন্তে অবহেলা, সাক্ষীকে ভয় দেখানো, প্রমাণ সংগ্রহে দুর্বলতা, সামাজিক চাপ কিংবা প্রভাবশালীদের হস্তক্ষেপ? কেন ভুক্তভোগীকে ন্যায়বিচারের জন্য মাসের পর মাস, বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে হয়? কেন বিচার প্রক্রিয়ার অনিশ্চয়তা তাঁদের মানসিক যন্ত্রণাকে আরও দীর্ঘায়িত করে?
প্রচলিত বিচারব্যবস্থার সীমাবদ্ধতা বলতে আইনের অস্তিত্বহীনতাকে বোঝায় না; বরং অনেক ক্ষেত্রে আইন প্রয়োগের দুর্বলতা, দীর্ঘসূত্রতা, তদন্তের ঘাটতি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতাকে বুঝায়। কঠোর শাস্তির বিধান থাকলেও অপরাধী যদি অর্থ, ক্ষমতা কিংবা সামাজিক প্রভাবের মাধ্যমে দায় এড়ানোর আশা করে, তবে শাস্তির ভয় অপরাধ প্রতিরোধে যথেষ্ট কার্যকর নাও হতে পারে। আবার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে অপরাধী সাব্যস্ত করাও ন্যায়বিচার নয়। তাই অপরাধীর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধের অধিকার রক্ষা, প্রমাণের যথাযথ মূল্যায়ন এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। বিচার শুধু রায় ঘোষণার নাম নয়; ন্যায়সংগত সময়ে ন্যায়সংগত রায় কার্যকর করার নামও বিচার।
এখানেই ইসলামের ন্যায়ভিত্তিক বিচারদর্শন বিশেষ গুরুত্ব বহন করে। ইসলাম মানুষের মর্যাদা, অধিকার ও নিরাপত্তাকে পবিত্র বলে বিবেচনা করে। মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি আদমসন্তানকে মর্যাদা দান করেছি।” (সূরা: বনি ইসরাইল, আয়াত: ৭০) এই মর্যাদা নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের। অতএব নারীর দেহ ও সম্মানের ওপর জবরদস্তিমূলক আঘাত মানবিক মর্যাদার পরিপন্থী এবং গুরুতর জুলুম। ইসলাম অপরাধের নিন্দা করার পাশাপাশি অপরাধীর জবাবদিহি, মানুষের অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশ দেয়।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, “তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও নিকৃষ্ট।” (সূরা: বনি ইসরাইল, আয়াত: ৩২) এই নির্দেশনা অবাঞ্চিত যৌন আচরণ থেকে বিরত থাকার মৌলিক শিক্ষা দেয়। তবে ধর্ষণ ও সম্মতিপূর্ণ ব্যভিচার এক বিষয় নয়। ধর্ষণ হলো জবরদস্তি যৌন সহিংসতা; এর শিকার নারীকে অপরাধীর সঙ্গে দোষী করা যায় না। ইসলামি ন্যায়নীতিতে জবরদস্তি ও স্বেচ্ছায় সংঘটিত অপরাধের পার্থক্য গুরুত্বপূর্ণ। তাই কোনো নারী নির্যাতনের শিকার হলে তাঁর ওপর অপরাধের দায় চাপানো কিংবা তাঁকে সামাজিকভাবে অপমানিত করা ন্যায়বিচারের চেতনার পরিপন্থী। ইসলামি বিচারব্যবস্থায় অপরাধের প্রকৃতি, প্রমাণ, অপরাধের দায় এবং বিচারিক কর্তৃত্ব বিবেচ্য। তাই ধর্ষণকে কেবল ব্যভিচারের সাধারণ বিধানের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে জবরদস্তি ও সহিংসতার স্বতন্ত্র চরিত্র উপেক্ষিত হতে পারে।
ইসলামি আইন কার্যকর করার অর্থ ব্যক্তিগত প্রতিশোধ কিংবা জনতা কর্তক আইন হাতে তুলে নেওয়া নয়। বিচার ও দন্ড কার্যকর করার দায়িত্ব বৈধ কর্তৃপক্ষের। প্রমাণ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা অপরিহার্য। অপরাধ যত ভয়াবহই হোক, বিচারবহির্ভূত শাস্তি ন্যায় প্রতিষ্ঠার পথ হতে পারে না। ইসলাম অপবাদকেও গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে। পবিত্র কুরআনে সূরা আন-নূরের ৪ নম্বর আয়াতে পবিত্র নারীর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ আরোপের শাস্তি বর্ণিত হয়েছে। একইভাবে, কোনো পুরুষের বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হলে তা গুরুতর অপরাধ ও জঘন্য পাপ। কিন্তু এই বিধানকে ধর্ষণের শিকার নারীর মুখ বন্ধ করার হাতিয়ার বানানো অনুচিত। সুতরাং অভিযোগের ক্ষেত্রে বক্তব্য, চিকিৎসা-প্রতিবেদন, পারিপার্শ্বিক তথ্য, ডিজিটাল উপাত্ত ও অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণ আইনসম্মতভাবে মূল্যায়ন করতে হবে।
নারীর সম্ভ্রমহানি প্রতিরোধে ইসলামি নীতির কার্যকর বাস্তবায়ন তাই গুরুত্বপূর্ণ। তবে শুধু শাস্তির কথা প্রচার করলেই অপরাধ নির্মূল হবে না। প্রয়োজন নৈতিক শিক্ষা, আত্মসংযম, অন্যের অধিকার সম্পর্কে সচেতনতা এবং অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ব্যক্তিগত সীমারেখা, নিরাপদ আচরণ এবং নরী-পুরুষের পারস্পরিক সম্মান শেখাতে হবে। ধর্মীয় আলোচনায় নারীর শালীনতার পাশাপাশি পুরুষের দৃষ্টিসংযম, আত্মনিয়ন্ত্রণ, জবরদস্তির নিষেধাজ্ঞা এবং অপরাধীর জবাবদিহিকেও সমান গুরুত্ব দিতে হবে। কোনো পোশাক, পেশা বা সামাজিক অবস্থান যৌন সহিংসতার জন্য ভুক্তভোগীকে দায়ী করার যুক্তি হতে পারে না।
একই সঙ্গে অভিযোগ পাওয়ার পর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, প্রমাণ সংরক্ষণ, ভুক্তভোগীর নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও মানসিক সহায়তা এবং সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতিতার পরিচয় প্রকাশ কিংবা তাঁকে অপমান করার প্রবণতা বন্ধ করা জরুরি। নির্যাতিত নারীকে একা ফেলে রেখে শুধু শাস্তির দাবি তোলা যথেষ্ট নয়; তাঁর নিরাপত্তা, মর্যাদা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ নিশ্চিত করাও ন্যায়বিচারের অংশ।
নারীর সম্ভ্রমহানির বিচার কোন পথে? এই প্রশ্নের উত্তর তাই কেবল কঠোর দন্ডের আলোচনায় সীমাবদ্ধ নয়। ইসলামি ন্যায়নীতি, কার্যকর আইন প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত, প্রমাণভিত্তিক বিচার এবং ভুক্তভোগীর মর্যাদা রক্ষার সমন্বয়েই ন্যায় প্রতিষ্ঠার এই পথ সুগম হতে পারে। ইসলামি নীতির বাস্তবায়ন অপরাধ প্রতিরোধ ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে; তবে এর সঙ্গে সুশাসন, আল্লাহভীতি, সামাজিক সচেতনতা ও বিচারব্যবস্থার কার্যকারিতাও নিশ্চিত করতে হবে।
একজন নির্যাতিত নারীর চোখের পানি মুছে দেওয়া কেবল সহানুভুতির কাজ নয়; এটি ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার। তাঁর আর্তনাদ যেন প্রভাবশালীর দরজায় গিয়ে থেমে না যায়, তাঁর অভিযোগ যেন দীর্ঘসূত্রতার অন্ধকারে হারিয়ে না যায়, আর কোনো অপরাধী যেন নারীর অসহায়ত্বকে নিজের শক্তি মনে না করে। যে সমাজ অপরাধীর জবাবদিহি নিশ্চিত করে, নির্যাতিতের পাশে দাঁড়ায় এবং ন্যায়বিচারের প্রশ্নে আপস না করে, সেই সমাজই প্রকৃত অর্থে সভ্য ও মানবিক। নারীর সম্ভ্রম রক্ষায় তাই প্রয়োজন ইসলামের ন্যায়ভিত্তিক শিক্ষার আন্তরিক বাস্তবায়ন, আইনের কার্যকর প্রয়োগ এবং এমন এক বিচারব্যবস্থা, যেখানে অপরাধীর প্রশ্রয় নেই, নির্যাতিতার অবহেলা নেই, আর ন্যায়বিচারের কোনো বিকল্প নেই।
লেখক : আইনবিদ ও শিক্ষক, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, যশোর সেনানিবাস, যশোর।
