কামনা মিম
অপ্রতীম আর ফিরবে না।
এই একটি বাক্যই হয়তো একটি মায়ের জন্য পৃথিবীর সবচেয়ে ভারী বাক্য। ১৩ বছরের একটি শিশু ঘর থেকে বের হয়েছিল। পরিবারের কাছে সেটি ছিল আর দশটা দিনের মতোই স্বাভাবিক একটি বেরিয়ে যাওয়া। কেউ কি তখন ভেবেছিল, এই বেরিয়ে যাওয়াই একদিন তার শেষ যাত্রা হয়ে দাঁড়াবে?
কোনো শিশুর মৃত্যুর খবর শুনলে আমাদের প্রথম প্রশ্ন হয়—কে দায়ী? কে এই শিশুটির জীবন কেড়ে নিল? বিচার হবে কবে? প্রশ্নগুলো অবশ্যই জরুরি। কিন্তু অপ্রতীমের মৃত্যু তার চেয়েও বড় একটি প্রশ্ন সামনে এনে দিয়েছে—নিজের চেনা শহর, চেনা পথ, চেনা মানুষের ভিড়েও কেন একটি শিশু নিরাপদ থাকল না?
কাজেই অপ্রতীম কেবল একটি নাম নয়; সে আমাদের সামাজিক বাস্তবতার সামনে রাখা একটি আয়না। সেই আয়নায় আমরা শুধু অপ্রতীমকে দেখি না, দেখতে পাই রামিসা, আছিয়া কিংবা এমন আরও অনেক শিশুর মুখ, যাদের হারিয়ে যাওয়ার পর আমরা কিছুদিন শোক করেছি, ক্ষুব্ধ হয়েছি, বিচার চেয়েছি। তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই উত্তাপও কমে গেছে। কিন্তু যে পরিবারগুলো সন্তান হারিয়েছে, তাদের কাছে তো শোকের কোনো মেয়াদ নেই।
তাহলে প্রশ্নটা থেকেই যায়—কেন আমাদের প্রতিবাদের শুরুটা হয় একটি প্রাণ হারানোর পর? কেন তার আগেই বিপদের কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করি না? আমরা কি সবসময় আগুন লাগার পর পানি খুঁজব? নাকি আগুন জ্বলার আগেই তার উৎসটুকু নিভিয়ে দেওয়ার কথা ভাববো??
কারণ অপরাধ শুধু একটি মুহূর্তের ঘটনা নয়। এর পেছনে অনেক সময় তৈরি হয় নানা সামাজিক দুর্বলতা। পরিবারে নজরদারির ঘাটতি, ভুল সঙ্গ, মাদক, অপরাধী চক্রের প্রভাব, অনলাইন জগতের অপব্যবহার কিংবা সমাজের দীর্ঘ নীরবতা—এসব ঝুঁকি একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে। কিন্তু আমরা প্রায়ই সমস্যার গভীরে না গিয়ে শুধু একজনকে চিহ্নিত করি—‘খারাপ ছেলে’, ‘অপরাধী’, ‘দুষ্কৃতকারী’।
অপরাধীর বিচার অবশ্যই হতে হবে। কিন্তু তার আগের গল্পটিও কি আমাদের জানতে হবে না? কোন পরিবেশ তাকে অপরাধের দিকে ঠেলে দিল, কোথায় তাকে থামানোর সুযোগ ছিল, আর সেই সুযোগগুলো কেন কাজে লাগানো হলো না—এই প্রশ্নগুলোও কি জরুরি নয়?
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কিংবা সহিংসতা—এসবকে শুধু বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে সমস্যার গভীরতা ধরা পড়ে না। কোথাও পরিবার তার সন্তানের কাছ থেকে দূরে সরে যায়, কোথাও শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পড়াশোনা ও ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকে, কোথাও তরুণদের সামনে সুস্থ বিনোদন, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক সম্পৃক্ততার সুযোগ কমে যায়। আর কোথাও অন্যায় দেখেও মানুষ নীরব থাকে।এই নীরবতাই কি ধীরে ধীরে অপরাধের জন্য জায়গা তৈরি করে না?
আমরা কত সহজে বলি—‘আমার কী?’
কেউ বিপদে পড়েছে—চুপ। পাশে অন্যায় ঘটছে—চুপ।
কেউ সাহায্য চাইছে—চুপ।
তারপর যখন সেই নীরবতার ভেতর থেকে একটি মৃত্যুসংবাদ আসে, তখন আমরা সবাই একসঙ্গে প্রশ্ন করি—এমন হলো কীভাবে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আয়নাটা নিজের দিকেও ঘোরাতে হবে।কারণ শিশুর নিরাপত্তা শুধু একটি পরিবারের দায়িত্ব নয়, এটি আমার, আপনার, সমাজ ও দেশের আবশ্যকীয় দায়িত্ব। পরিবারকে অবশ্যই সচেতন হতে হবে, কিন্তু তার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সমাজ, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—সবারই দায়িত্ব রয়েছে। নিরাপদ পরিবেশ তৈরি করতে হলে শুধু অপরাধের পর ব্যবস্থা নিলে হবে না; কোথায় ঝুঁকি তৈরি হচ্ছে, কোন জায়গাগুলো শিশুদের জন্য অনিরাপদ, কোথায় দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন—এসবও আগে থেকে ভাবতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেও আমাদের দায়িত্ব কম নয়। কোনো ঘটনা ঘটলেই ছবি, ভিডিও, অনুমান কিংবা যাচাই না করা তথ্য ছড়িয়ে দেওয়া সচেতনতা তৈরি করে না। বরং কখনো কখনো ভুক্তভোগী ও তার পরিবারকে আরও বিপদে ফেলে। একটি শিশুর পরিচয় ও মর্যাদা রক্ষা করাও নিরাপত্তার অংশ। তাহলে নিরাপত্তা আসলে কী?
শুধু রাস্তায় পুলিশ থাকা? শুধু অপরাধীর শাস্তি নিশ্চিত করা? নাকি এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে একটি শিশু ভয় ছাড়াই স্কুলে যেতে পারবে, খেলতে পারবে, পরিচিত পরিবেশে চলাফেরা করতে পারবে এবং বিপদে পড়লে নিশ্চিতভাবে সাহায্য পাবে?
সমস্যার গভীরে তাকালে আমরা উপলব্ধি করতে পারি, নিরাপত্তার প্রকৃত অর্থটা এখানেই।
কারণ বিচার প্রয়োজন, কিন্তু বিচার তখনই আসে যখন একটি ক্ষতি ইতোমধ্যে ঘটে গেছে। প্রতিরোধের সাফল্য বরং সেখানে, যেখানে একটি জীবন হারানোর আগেই বিপদকে থামানো যায়।
অপ্রতীমকে ফিরিয়ে আনা সম্ভব নয়। রামিসাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আছিয়াকেও নয়। কিন্তু তাদের হারানোর পরও যদি আমরা শুধু নামগুলো মনে রাখি, কয়েকদিন শোক করি, প্রতিবাদ করি, তারপর আবার সবকিছু আগের মতো চলতে দিই—তাহলে আমরা আসলে কী বদলালাম?
একটি মৃত্যুর পর হাজার প্রশ্ন তোলা সহজ। কঠিন হলো সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে একই প্রশ্ন আরেকটি পরিবারের সামনে ফিরে আসবে না।
কিন্তু তার মৃত্যু যদি আমাদের শুধু কাঁদায়, আর না বদলায় আমাদের চিন্তা, আমাদের দায়িত্ববোধ, আমাদের ব্যবস্থা—তাহলে পরের শিশুটির জন্য আমরা আসলে কী রেখে গেলাম?
আর কত অপ্রতীম হারালে আমরা বুঝব—একটি শিশুর নিরাপত্তা কোনো ঘটনার পর শুরু করার বিষয় নয়; এটি নিশ্চিত করার দায়িত্ব তার ঘর থেকে শুরু হয়ে পুরো সমাজের?
লেখক : শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
