বাংলাদেশের ইসলামি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, ভাষাসৈনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস অধ্যাপক গোলাম আযম ২০১৪ সালের ২৩ অক্টোবর কারাবন্দী অবস্থায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আন্দোলন, সংগ্রাম, চিন্তা ও বিপ্লবী চেতনায় ভাস্বর ছিল তাঁর দীর্ঘ জীবন।
অধ্যাপক গোলাম আযম ছিলেন একাধারে শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক, গবেষক ও সম্মোহনী ব্যক্তিত্বের অধিকারী। বাংলাদেশের রাজনৈতিক ও ইসলামি আন্দোলনের ইতিহাসে তিনি একটি আলোচিত নাম। তাঁর রাজনৈতিক জীবন, আদর্শিক অবস্থান, সাংগঠনিক প্রজ্ঞা ও ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসের আলোচনায় বিশেষ স্থান অধিকার করে আছে। তাঁকে নিয়ে অনেক আলোচনা ও মূল্যায়ন গাথা রয়েছে। কিন্তু আমার কাছে অধ্যাপক গোলাম আযমের স্মৃতি কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে নয়; এর সঙ্গে জড়িয়ে আছে প্রত্যক্ষ পরিচয়, ব্যক্তিগত সান্নিধ্য, সাংগঠনিক অভিজ্ঞতা, স্নেহ-ভালোবাসা এবং জীবনের কিছু অবিস্মরণীয় মুহূর্ত।
সাংগঠনিক সম্পর্ক থেকে ব্যক্তিগত সান্নিধ্য : ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার সুযোগ আমার হয়েছিল। সে সুবাদে অধ্যাপক গোলাম আযমের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়, কথাবার্তা ও সাক্ষাতের সুযোগ ঘটে। কাছ থেকে তাঁকে দেখেছি, তাঁর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করেছি এবং তাঁর ব্যক্তিত্বের বিভিন্ন দিক প্রত্যক্ষ করেছি।
বিশেষ করে ২০০৩ সালে পবিত্র হজ্ব পালন করতে গিয়ে তাঁর সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ আমার জীবনের একটি স্মরণীয় অধ্যায়। সে সময় হজ্ব ক্যাম্প থেকে শুরু করে আরাফাতের ময়দান, মিনা ও মুজদালিফায় অবস্থান—হজ্বের বিভিন্ন পর্বে তাঁকে কাছ থেকে দেখেছি। আনুষ্ঠানিক সাংগঠনিক সম্পর্কের বাইরে একজন মানুষ হিসেবে তাঁর চিন্তা, আচরণ, ব্যক্তিত্ব ও মহানুভবতা উপলব্ধি করার সুযোগ হয়েছিল। একজন নেতাকে দূর থেকে দেখা আর তাঁর সান্নিধ্যে থেকে তাঁকে বোঝার মধ্যে পার্থক্য রয়েছে। দূর থেকে মানুষ তাঁর বক্তব্য, সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের মূল্যায়ন করে। কিন্তু কাছ থেকে দেখলে তাঁর ব্যক্তিত্বের এমন কিছু দিক উপলব্ধি করা যায়, যা কেবল আনুষ্ঠানিক পরিচয়ের মাধ্যমে জানা সম্ভব নয়। অধ্যাপক গোলাম আযমের সঙ্গে আমার সম্পর্কের ক্ষেত্রেও এ কথাটি সত্য।
আমার বিবাহের খুতবা: পিতার মর্যাদা সম্পর্কে এক অনন্য শিক্ষা : অধ্যাপক গোলাম আযমের সঙ্গে আমার সম্পর্কের এমন কিছু স্মৃতি রয়েছে, যা আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সেসব স্মৃতির মধ্যে সবচেয়ে আবেগময় ও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা আমার বিবাহকে কেন্দ্র করে। ১৯৯৯ সালের ৭ মার্চ আমাদের দাম্পত্য জীবনের সূচনা হয়। আমাদের বিবাহ অনুষ্ঠানের খুতবা দিয়েছিলেন তৎকালীন আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম। তাঁর বাড়ি সংলগ্ন মসজিদে বিবাহের খুতবা পাঠের পর আমি তাঁর সঙ্গে মুসাফাহা করার জন্য এগিয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে নিজের কাছ থেকে ফিরিয়ে আমার বাবার দিকে মুখ করে বলেছিলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান, শ্রদ্ধা ও অগ্রাধিকার পাওয়ার অধিকারী হলেন পিতা। কথাটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর তাৎপর্য ছিল গভীর। একজন প্রবীণ নেতার মুখে পিতার মর্যাদা সম্পর্কে এমন আন্তরিক উপদেশ আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল। সেদিন তিনি আমার হৃদয় আরেকবার জয় করে নিয়েছিলেন। তাঁর প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে গিয়েছিল।
আমাদের দাম্পত্য জীবনের সূচনালগ্নে তিনি দোয়া করেছিলেন। আমাদের দুজনের জীবনই ছিল ইসলামি ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। আমি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, আর আমার স্ত্রী সাবিকুন্নাহার মুন্নী ছিলেন ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী। ফলে আমাদের ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে ইসলামি আন্দোলনের একাধিক শীর্ষস্থানীয় নেতার স্নেহ, দোয়া ও শুভকামনা যুক্ত হয়েছিল।
আমাদের বিবাহের সঙ্গে অধ্যাপক গোলাম আযম, শহীদ মতিউর রহমান নিজামী, মরহুম মাওলানা এ কে এম ইউসুফ, অধ্যাপক এ, ক, এম নাজির আহমদ, মাওলানা আব্দুস সোবহান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মোহাম্মদ কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবর রহমান, শহীদ মীর কাসেম আলী, শহীদ আবদুল কাদের মোল্লা, সরদার আব্দুস সালাম এবং আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহিরসহ ইসলামী আন্দোলনের বিশিষ্ট নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা ছিল। তাঁদের স্নেহ, দোয়া ও শুভকামনা আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিশেষ তাৎপর্য দিয়েছিল। সে সময় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী দেশের বাইরে ছিলেন; পরবর্তী সময়ে তিনি আমাদের দাওয়াত দিয়ে নিজের বাসায় সম্মানিত করেছিলেন।
আমাদের দুজনের সাংগঠনিক জীবনের সঙ্গে ইসলামি ছাত্র আন্দোলনের নিবিড় সম্পর্ক থাকায় নেতৃবৃন্দের এই আন্তরিকতা আমাদের কাছে ছিল বিশেষ প্রাপ্তি। তাঁরা শুধু সাংগঠনিক জীবনের অভিভাবক ছিলেন না; ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তেও তরুণ নেতৃত্বের পাশে দাঁড়িয়েছিলেন।
ময়মনসিংহে বিবাহোত্তর অনুষ্ঠান: নেতৃবৃন্দের স্নেহ ও ভালোবাসা : আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল ময়মনসিংহে। সেখানেও উপস্থিত হয়েছিলেন শহীদ মোহাম্মদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, অধ্যাপক তাসনিম আলম, জনাব আতাউর রহমানসহ ইসলামী আন্দোলনের বিশিষ্ট নেতৃবৃন্দ। তাঁদের উপস্থিতি আমাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তাঁদের আন্তরিকতা, স্নেহ ও শুভকামনা আমাদের দাম্পত্য জীবনের সূচনাকে স্মরণীয় করে রেখেছে।
আজ এত বছর পরও সেই দিনগুলোর কথা মনে পড়লে হৃদয় আবেগে আপ্লুত হয়ে ওঠে। ইসলামি আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ব্যক্তিগত জীবনের এমন নিবিড় সম্পর্ক, তাঁদের সান্নিধ্য এবং তরুণ নেতৃত্বকে ভালোবাসা দিয়ে আগলে রাখার স্মৃতি আমাকে আজও উজ্জীবিত করে, সামনে এগিয়ে চলার প্রেরণা জোগায়।
নেতৃত্বের এই মানবিক দিকটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁরা তরুণদের শুধু সাংগঠনিক দায়িত্ব পালনে উৎসাহিত করতেন না; তাঁদের ব্যক্তিগত জীবনেও আন্তরিকভাবে পাশে দাঁড়াতেন। দোয়া, স্নেহ, পরামর্শ ও ভালোবাসার মাধ্যমে তাঁরা যে সম্পর্ক গড়ে তুলেছিলেন, তা ছিল এক গভীর আত্মিক বন্ধন। আমার জীবনে সেই অভিজ্ঞতার প্রভাব আজও অম্লান।
নিজ হাতে লেখা বই: স্নেহের এক অমূল্য স্মারক : বিবাহের কিছুদিন পর অধ্যাপক গোলাম আযমের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি নিজ হাতে আমাকে একটি বই উপহার দিয়েছিলেন। বইটির ভেতরে নিজের স্বাক্ষরসহ স্নেহপূর্ণ কিছু কথা লিখে দিয়েছিলেন। সেখানে আমার ও আমার স্ত্রীর নাম উল্লেখ করে লেখা সেই কথাগুলোর স্মৃতি আজও আমার চোখের সামনে জ্বলজ্বল করে। তাঁর হাতের লেখা ও স্নেহমাখা শব্দগুলো আমার হৃদয়ে এখনো প্রজ্জ্বলিত হয়ে আছে। একটি বই হয়তো সাধারণ উপহার। কিন্তু প্রিয় ও শ্রদ্ধেয় কোনো ব্যক্তিত্বের নিজের হাতে লেখা কয়েকটি শব্দ সময়ের ব্যবধানে অসাধারণ স্মারক হয়ে উঠতে পারে। অধ্যাপক গোলাম আযমের দেওয়া সেই বইটি আমার কাছে তেমনই এক স্মৃতিচিহ্ন—যার মূল্য বস্তুগত নয়, আবেগ ও ভালোবাসায় পরিমাপযোগ্য।
পিতার প্রতি সম্মান প্রদর্শনের সেই শিক্ষা, আমাদের দাম্পত্য জীবনের সূচনায় তাঁর দোয়া এবং নিজের হাতে লেখা কথাসহ বই উপহার দেওয়ার স্মৃতি—সবকিছু মিলিয়ে অধ্যাপক গোলাম আযম আমার কাছে আরও আপন, আরও শ্রদ্ধেয় এক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
আজ পেছনে ফিরে তাকালে বুঝতে পারি, একজন নেতার প্রকৃত প্রভাব শুধু তাঁর রাজনৈতিক বক্তব্য, সাংগঠনিক সিদ্ধান্ত কিংবা আদর্শিক অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাঁর ব্যক্তিগত আচরণ, ছোট ছোট উপদেশ, স্নেহপূর্ণ ব্যবহার এবং মানুষের মর্যাদা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিও অন্যের জীবনে স্থায়ী ছাপ রেখে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ও তাঁর পরামর্শ: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৯৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের অভিজ্ঞতা আমার হয়েছিল। সে সময় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বলপ্রয়োগের মাধ্যমে বের করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বৈধ আবাসিক শিক্ষার্থীদের অধিকার পুনরুদ্ধারের প্রশ্নটি সামনে আসে।
এ বিষয়ে অধ্যাপক গোলাম আযম আমাদের কিছু পরামর্শ দিয়েছিলেন। তাঁর পরামর্শের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্তের পুরোপুরি মিল ছিল না। কিন্তু মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি ছাত্রশিবিরের সঙ্গে কোনো বিরোধে জড়াননি। সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতের ভিন্নতা কীভাবে শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে ধারণ করা যায়, সে অভিজ্ঞতা আমার কাছে তাৎপর্যপূর্ণ। ইসলামী ছাত্রশিবির সংশ্লিষ্ট স্থানীয় সংগঠনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের যেসব বৈধ আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাঁরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য হলে ফিরে যাওয়ার উদ্যোগ নেবেন। মহান আল্লাহর ওপর ভরসা রেখে তাঁরা তাঁদের অধিকার পুনরুদ্ধারের চেষ্টা চালাবেন।
প্রথম দিকে অধ্যাপক গোলাম আযম এ সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত ছিলেন না। কিন্তু জামায়াতে ইসলামীর তৎকালীন চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা আবু তাহের, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা শামসুদ্দীন ,অধ্যাপক মফিজুর রহমান, এবং মাওলানা মমিনুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের পর বিষয়টি নতুনভাবে বিবেচিত হয়। তাঁদের চিন্তা ও পরামর্শের সঙ্গে ছাত্রশিবিরের অবস্থানের সমন্বয় ঘটলে অধ্যাপক গোলাম আযমও ছাত্রশিবিরের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি সম্মতি জানান। এ ঘটনায় তাঁর ব্যক্তিত্বের একটি দিক আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল। নিজের মতামত থাকা সত্ত্বেও বৃহত্তর সাংগঠনিক আলোচনার মধ্য দিয়ে গৃহীত সিদ্ধান্তকে সম্মান করার মানসিকতা তাঁর মধ্যে ছিল। মতপার্থক্যকে ব্যক্তিগত বিরোধে পরিণত না করে পারস্পরিক আলোচনা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখার এ অভিজ্ঞতা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে। পরবর্তী সময়ে মহান আল্লাহর ওপর ভরসা রেখে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাঁদের অধিকার পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যান।
গ্রেফতার, মুক্তি এবং তাঁর স্নেহপূর্ণ অভিনন্দন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সেই আন্দোলনের সময় আমাকেও একদিন গ্রেফতার করা হয়। আমার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারকেও আটক করা হয়েছিল। আমরা তিনজনই থানায় আটক ছিলাম। আমাদের আটকের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের সহকর্মীরা আন্দোলন ও প্রতিবাদ শুরু করেন। তাঁদের ধারাবাহিক প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টার মধ্যে আমাদের মুক্তি দেয়া হয়। মুক্তির পর অধ্যাপক গোলাম আযম আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তাঁর আহ্বানে আমি তাঁর সঙ্গে দেখা করতে যাই। সেদিন তিনি আমাদের অভিনন্দন জানান, স্নেহভরে কথা বলেন এবং দোয়া করেন।
ঘটনাটি আমার কাছে কেবল একজন প্রবীণ নেতার কাছ থেকে অভিনন্দন পাওয়ার স্মৃতি নয়। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে একজন অভিজ্ঞ নেতার স্নেহ, উৎসাহ ও দোয়া তরুণ কর্মীদের মনোবলে কী প্রভাব ফেলতে পারে, তা আমি সেদিন অনুভব করেছিলাম। তিনি আমাদের সঙ্গে যে আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশ করেছিলেন, তা আজও আমার স্মৃতিতে উজ্জ্বল। তাঁর মতো একজন প্রবীণ ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে যে স্নেহ ও উৎসাহ পেয়েছিলাম, তা আমার জীবনের মূল্যবান অভিজ্ঞতাগুলোর একটি।
ইসলামি চিন্তা, ঐক্য ও আলেমদের প্রতি শ্রদ্ধা : অধ্যাপক গোলাম আযমকে আমি কেবল একজন রাজনীতিবিদ হিসেবে দেখিনি। তিনি ছিলেন ইসলামি চিন্তাচর্চা ও আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একজন ব্যক্তি। ইসলামি ঐক্য প্রতিষ্ঠার বিষয়টি তাঁর চিন্তা ও কর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি দীর্ঘকাল প্রচেষ্টা চালিয়েছেন।
প্রচলিত অর্থে তিনি মাদরাসায় শিক্ষিত কোনো আলেম ছিলেন না। কিন্তু ইসলামি জ্ঞান, ধর্মীয় বিষয়ের বিশ্লেষণ এবং ইসলামি আন্দোলনের তাত্ত্বিক দিক নিয়ে তাঁর গভীর অধ্যয়ন ও পাণ্ডিত্য ছিল। তিনি ওলামায়ে কেরামকে সম্মান করতেন, তাঁদের মতামতকে গুরুত্ব দিতেন। অন্যদিকে অনেক আলেমের কাছেও তিনি শ্রদ্ধা ও সম্মান পেতেন।
আমার কাছে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে। কারণ ইসলামি আন্দোলনের অগ্রযাত্রায় জ্ঞানচর্চা, আলেমদের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক পরামর্শ এবং ঐক্যের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধ্যাপক গোলাম আযমের সঙ্গে পরিচয়ের সুবাদে এসব বিষয়ে তাঁর আগ্রহ ও আন্তরিকতা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি।
তাঁর রাজনৈতিক ও আদর্শিক জীবনকে মূল্যায়ন করতে হলে তাঁর চিন্তা, বক্তব্য, কর্ম এবং সময়ের প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন। তবে ব্যক্তিগতভাবে তাঁর সান্নিধ্যে এসে আমি যে স্নেহ, আন্তরিকতা ও চিন্তার গভীরতা উপলব্ধি করেছি, তা আমার স্মৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
শেষ জীবনের দৃঢ়তা ও জাতির উদ্দেশে বক্তব্য : জীবনের শেষ অধ্যায়ে অধ্যাপক গোলাম আযমকে কারাবন্দী অবস্থায় থাকতে হয়েছে। এ সময় তাঁর বক্তব্য, অবস্থান ও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ জনপরিসরে আলোচনার বিষয় হয়ে ওঠে। কারাবন্দী অবস্থায় জাতির উদ্দেশে দেওয়া তাঁর বক্তব্য এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকার মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। তাঁর বক্তব্যে নিজের আদর্শিক অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা এবং সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে তাঁর বিশ্লেষণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাঁর অনুসারী ও সমর্থকদের কাছে এসব বক্তব্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শেষ জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নিজের চিন্তা ও অবস্থান প্রকাশের চেষ্টা করেছিলেন—এ বিষয়টি তাঁর জীবন ও ব্যক্তিত্বের আলোচনায় উল্লেখযোগ্য। একজন মানুষকে তাঁর জীবনের একটি বিছিন্ন ঘটনা দিয়ে সম্পূর্ণভাবে বোঝা যায় না। তাঁর দীর্ঘ কর্মজীবন, চিন্তার জগৎ, সাংগঠনিক ভূমিকা, ব্যক্তিগত আচরণ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট—সবকিছুর সমন্বিত বিবেচনাই তাঁকে বুঝতে সহায়তা করে। অধ্যাপক গোলাম আযমের জীবনও তেমনই বহুমাত্রিক।
শেষ বিদায়ের দিন: এক বিশাল জনসমাগম : ২০১৪ সালের ২৩ অক্টোবর অধ্যাপক গোলাম আযমের ইন্তিকালের সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। ২৫ অক্টোবর তাঁর জানাযায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় মানুষের ব্যাপক সমাগম ঘটে। সেদিনের দৃশ্য আমার কাছে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনের একটি স্মরণীয় ঘটনা। একজন মানুষের মৃত্যুর পর তাঁর প্রতি মানুষের আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসা নানা উপায়ে প্রকাশ পায়। অধ্যাপক গোলাম আযমের জানাযায় মানুষের উপস্থিতি ছিল তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে গভীর আবেগের একটি উপলক্ষ। তাঁর দীর্ঘ জীবনের সঙ্গে সংশ্লিষ্ট স্মৃতি, আদর্শ ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা আজও বিভিন্ন মহলে অব্যাহত রয়েছে। তাঁর ইন্তিকালের দিনটি ফিরে এলে আমার মনে পড়ে যায় তাঁর সঙ্গে কাটানো সময়গুলো—সাংগঠনিক দায়িত্ব পালনের দিনগুলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের স্মৃতি, গ্রেফতারের পর তাঁর সঙ্গে সাক্ষাৎ, তাঁর স্নেহপূর্ণ অভিনন্দন ও দোয়া, ১৯৯৯ সালের ৭ মার্চ আমাদের বিবাহের খুতবা পাঠের স্মৃতি, ময়মনসিংহে বিবাহোত্তর অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতি এবং ২০০৩ সালের পবিত্র হজ্বে আরাফাত, মিনা ও মুজদালিফায় একসঙ্গে অবস্থানের অভিজ্ঞতা। বিশেষ করে পিতার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে তাঁর সেই সংক্ষিপ্ত উপদেশ এবং নিজের হাতে স্বাক্ষর করে বই উপহার দেয়ার স্মৃতি আমার হৃদয়ে আজও জীবন্ত। এসব ঘটনা আমাকে বারবার মনে করিয়ে দেয়, একজন মানুষের প্রকৃত প্রভাব শুধু তাঁর পদ-পদবি বা রাজনৈতিক পরিচয়ে সীমাবদ্ধ থাকে না; তাঁর মানবিক আচরণও মানুষের মনে স্থায়ী আসন করে নিতে পারে। সময়ের ব্যবধানে অনেক ঘটনা স্মৃতির আড়ালে চলে যায়। কিন্তু জীবনের কিছু মুহূর্ত মানুষের মনে স্থায়ী আসন করে নেয়। অধ্যাপক গোলাম আযমের সঙ্গে আমার প্রত্যক্ষ পরিচয় ও ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো তেমনই কিছু স্মৃতি, যা আমার কাছে বিশেষ মূল্য বহন করে। তিনি ছিলেন তাঁর সময়ের একজন আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর জীবন ও কর্মের মূল্যায়ন ইতিহাসের বিভিন্ন আলোচনায় ভিন্ন ভিন্নভাবে উঠে আসবে। কিন্তু আমার ব্যক্তিগত স্মৃতিতে তিনি থেকে যাবেন একজন প্রবীণ নেতা হিসেবে, যাঁর স্নেহ পেয়েছি, যাঁর সঙ্গে মতবিনিময় করেছি, যাঁর কাছ থেকে নেতৃত্ব ও সাংগঠনিক জীবনের কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এবং যাঁর কাছ থেকে ব্যক্তিগত জীবনের জন্যও মূল্যবান শিক্ষা পেয়েছি।
তাঁর স্নেহ, দোয়া ও উপদেশের স্মৃতি আজও আমার হৃদয়ে জীবন্ত। একই সঙ্গে আমাদের বিবাহ ও বিবাহোত্তর অনুষ্ঠানে ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতি, তাঁদের আন্তরিকতা এবং তরুণ নেতৃত্বের প্রতি তাঁদের ভালোবাসা আমার জীবনের এক অমূল্য অধ্যায় হয়ে আছে। সেই স্মৃতিগুলো আজও আমাকে উজ্জীবিত করে, নতুন করে প্রেরণা জোগায় এবং জীবনের পথচলায় সাহস সঞ্চার করে।
পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন অধ্যাপক গোলাম আযমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করুন, তাঁর নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন।
