তাল্লিনের একটি পাহাড়ের ওপর অবস্থিত এস্তোনিয়ার প্রধানমন্ত্রীর নব্য ধ্রুপদি কার্যালয় ‘স্টেনবক হাউস’-এর সম্মুখভাগে একটি স্মৃতিফলক রয়েছে। ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়নের এস্তোনিয়া দখলের পর সোভিয়েত বাহিনীর হাতে নিহত ১০ জন সরকারি কর্মকর্তার স্মরণে এটি স্থাপন করা হয়।
দীর্ঘ ৫১ বছর এস্তোনিয়া তার সাম্রাজ্যবাদী প্রতিবেশীর দখলে ছিল; আর ৩৫ বছর ধরে দেশটি সেই প্রতিবেশীর ছায়ায় স্বাধীনভাবে টিকে আছে। স্টেনবক হাউসে কর্মরত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের জন্য এই ফলক এক নিরন্তর সতর্কবার্তা—১৪ লাখ জনসংখ্যার এই ছোট্ট বাল্টিক দেশ তার চেয়ে ১০০ গুণ বড় প্রতিবেশীর কাছ থেকে কতটা ঝুঁকির মুখে রয়েছে।
অবশ্য তাদের আলাদা করে মনে করিয়ে দেওয়ারও খুব একটা প্রয়োজন পড়ে না। এক দশক ধরে দেশটির রাজনীতিতে হস্তক্ষেপ, রুশভাষী সংখ্যালঘুদের লক্ষ্য করে অপপ্রচার এবং একের পর এক সাইবার ও হাইব্রিড হামলা চালানো হয়েছে। এর সর্বশেষ উদাহরণ হলো গত শনিবার এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা কোম্পানিতে অগ্নিসংযোগের চেষ্টা।
.ট্রাম্প ও পুতিন দুজনই কেন ইউরোপকে ‘ধ্বংস’ করতে চান.
তাল্লিন থেকে ফোনে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাহকনা আমাকে বলেন, ‘তাদের মূল লক্ষ্য হলো আমাদের সমাজে ভীতি সৃষ্টি করা।’ তিনি জানান, এস্তোনিয়ার স্বাধীনতা রক্ষার একমাত্র ঢাল হলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ন্যাটোর সদস্যপদ। ‘ন্যাটোর সদস্যপদ না থাকলে আজ আমরা এই কথা বলার সুযোগ পেতাম না। এস্তোনিয়া শতভাগ দখল হয়ে যেত।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের অনেক আগে থেকেই ভ্লাদিমির পুতিন দাবি করে আসছিলেন যে মধ্য ও পূর্ব ইউরোপের সাবেক সোভিয়েত বা ওয়ারশ চুক্তিভুক্ত দেশগুলোর ন্যাটোতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত একটি আগ্রাসী পদক্ষেপ।
এই যুক্তি মূলত ওই দেশগুলোর স্বাধীনতাকেই পদদলিত করে এবং নিজেদের নিরাপত্তাব্যবস্থা নিজেরা নির্ধারণ করার মৌলিক অধিকারকে অস্বীকার করে। যেসব দেশ অতীতে মস্কোর দ্বারা আক্রান্ত, দখল করা বা নিয়ন্ত্রিত হয়েছে, তারা কেবল সেই ইতিহাসের পুনরাবৃত্তি রোধ করতেই সুরক্ষা চায়।
সম্প্রতি পর্যন্ত মূলধারার পশ্চিমা রাজনীতিবিদদের মধ্যে পুতিনের এই যুক্তি খুব একটা সমর্থন পায়নি। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর পুতিন উচ্চপর্যায়ে একজন মূল্যবান মিত্র পেয়ে গেছেন। এই সপ্তাহে শেনজেনে অনুষ্ঠিত অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনকে স্বাগত জানানোর সময় ট্রাম্প উচ্ছ্বসিত হয়ে বলে ওঠেন, ‘এই যে আমার বন্ধু!’
.ট্রাম্প ও পুতিন কেন ভুলের ফাঁদ থেকে বের হতে পারছেন না.ট্রাম্প-পুতিন বৈঠক ইউরোপের জন্য নির্মম সতর্কবার্তা.
ইউরোপ সম্পর্কে ট্রাম্প ও পুতিনের দৃষ্টিভঙ্গি অভিন্ন: তাঁদের মতে, ইউরোপ ছিল একসময়ের মহান খ্রিষ্টান সভ্যতা, যা অভিবাসনের মাধ্যমে—বিশেষ করে মুসলিমপ্রধান দেশগুলো থেকে আসা অভিবাসীদের কারণে—নিজেদের ধ্বংস ডেকে এনেছে। তাঁরা দুজনেই এই বিপজ্জনক ধারণায় বিশ্বাসী যে পরাশক্তিগুলোর (তাঁরা দুজনেই নিজেদের পরাশক্তি মনে করেন) নিজ নিজ প্রভাববলয় বা ‘ব্যাকইয়ার্ড’ নিয়ন্ত্রণের অধিকার থাকা উচিত।
ট্রাম্পের মতে, এর অর্থ হলো পশ্চিম গোলার্ধ তাঁর নিয়ন্ত্রণে থাকবে; আর পুতিনের মতে, মধ্য ও পূর্ব ইউরোপে পশ্চিমাদের নাক গলানো চলবে না। সি চিন পিংয়ের উপস্থিতিতে শেনজেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন এবং ট্রাম্প-পুতিনের মধ্যকার এই আন্তরিক সখ্যের আংশিক উদ্দেশ্যই ছিল এ ধারণাকে পাকাপোক্ত করা।
ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তাঁর সাবেক আবাসন ব্যবসায়ী বন্ধু স্টিভ উইটকফের নেতৃত্বে চলা শান্তি আলোচনার পুরো সময়ে পুতিন শুধু ইউক্রেন নয়, বরং গোটা ইউরোপকে আলোচনার আওতায় আনার দাবি তুলেছেন। তিনি চান ন্যাটো যেন ১৯৯৭ সালের সীমানায় তাদের সৈন্য ও ঘাঁটি সরিয়ে নেয়। এর অর্থ দাঁড়াবে, জোটের ১৬টি দেশ কোনো বহিরাগত সহায়তা পাবে না।
উদাহরণস্বরূপ, এস্তোনিয়া এবং অন্যান্য বাল্টিক দেশ আকাশ প্রতিরক্ষাহীন হয়ে পড়বে। পুতিন আরও দাবি করেছেন যে ব্রিটেন ও ফ্রান্স যেন অন্য কোনো ইউরোপীয় দেশকে রক্ষার জন্য তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার অঙ্গীকার করে। পুতিনের যুক্তি হলো, ইউক্রেন নিয়ে যেকোনো চুক্তি অবশ্যই ইউরোপ–সংক্রান্ত একটি বৃহত্তর চুক্তির অংশ হতে হবে।
.
ট্রাম্পও সম্ভবত এ ধারণা পছন্দ করছেন। গত সপ্তাহে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এক বিশাল চুক্তির সম্ভাবনার কথা বলেন। তিনি বলেন, ‘এটি অনেক বড় কিছু হতে যাচ্ছে। এতে শুধু ইউক্রেন নয়, বরং আমি বলব পুরো ইউরোপই জড়িত থাকতে পারে। এটি একটি চমৎকার ও বিশাল চুক্তি হতে যাচ্ছে এবং সবাই এতে দারুণ রোমাঞ্চিত হবে।’
স্বাধীন ইউরোপে বিশ্বাসী কেউই এতে ‘রোমাঞ্চিত’ হবেন না, তবে ট্রাম্প কখনোই একটি শক্তিশালী ইউরোপ চান না, যাকে তিনি দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে আসছেন। এটি ইউরোপ সম্পর্কে ট্রাম্পের আরেকটি প্রধান অবস্থানের সঙ্গেও মিলে যায়: তাঁর মতে, ইউরোপ হলো পরগাছাদের একটি মহাদেশ, যাদের যুক্তরাষ্ট্র নিজেদের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে রক্ষা করে চলেছে।
এক বছরের বেশি সময় ধরে ইউক্রেন–সংক্রান্ত আলোচনা থেকে ইউরোপকে মূলত বাইরে রাখা হয়েছিল। আবুধাবিতে ইউরোপীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি দল আলোচনার ফাঁকে বৈঠক করতে এসেছিল, সেখানে কুশনার ভবিষ্যতের আলোচনায় ইউরোপের আনুষ্ঠানিক ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
কিন্তু ইউরোপ অবশেষে আলোচনার টেবিলে জায়গা পেলেও আবিষ্কার করল যে খোদ ইউরোপকেই সেখানে ‘খাবারের মেনুতে’ (বিনিময়ের বস্তু হিসেবে) রাখা হয়েছে।
.ট্রাম্প, সি ও পুতিনের বৈঠক নিয়ে ইউরোপ অস্বস্তিতে .ইউরোপ কেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে.
ট্রাম্প-পুতিন জোট ইউরোপের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ, বিশেষ করে এ কারণে যে ইউরোপেরই কিছু রাজনীতিবিদ এই জোটকে স্বাগত জানাচ্ছেন। আগামী তিন বছরের মধ্যে পশ্চিম ইউরোপের চারটি বৃহত্তম দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালিতে—অতি ডানপন্থী বা কট্টর ডানপন্থী দলগুলো ক্ষমতায় আসতে পারে কিংবা অন্তত ক্ষমতাসীন জোটে যোগ দিতে পারে।
এই চারটি দলের নেতারাই হয় পুতিনের প্রতি প্রকাশ্যে সহানুভূতিশীল অথবা অন্ততপক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কঠোর সমালোচক।
আগামী বসন্তে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দৌড়ে এগিয়ে থাকা মারিন লে পেন ইউক্রেনকে ‘আর্থিক সহায়তা বন্ধ করার’ অঙ্গীকার করেছেন এবং কিয়েভে যাওয়ার জন্য জেলেনস্কির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। অতীতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন—২০২২ সালে তাঁর নির্বাচনী প্রচারপত্রগুলোয় দুজনের করমর্দনের ছবি বেশ ফলাও করে ছাপা হয়েছিল, যতক্ষণ না ইউক্রেন যুদ্ধ সেই ছবিটিকে নির্বাচনী বিষে পরিণত করে।
জার্মানিতে ‘অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড’-এর সহনেত্রী অ্যালিস ভাইডেল ইউক্রেনের প্রতি তাঁর অবজ্ঞা লুকানোর কোনো চেষ্টাই করেন না। এএফডি ক্ষমতায় এলে—এবং তারা বর্তমানে ফ্রিডরিখ মের্জের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটদের চেয়ে আট শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছে—জার্মানি ইউক্রেনকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেবে।
জেলেনস্কি দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইউক্রেনের রণাঙ্গনই হলো ইউরোপের রণাঙ্গন। এই মহাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে দনবাসে, আলোচনার টেবিলে এবং ব্যালট বক্সে। ট্রাম্প-পুতিন জোট ইউরোপের প্রতিটি দেশের জন্যই হুমকিস্বরূপ, কিন্তু সবচেয়ে বড় বিপদ হলো—সেই দেশগুলোই যদি এমন নেতাদের নির্বাচিত করে যাঁরা এই জোটকে সমর্থন জোগান!
গত মাসে দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন যে তাদের পক্ষে জেতা ‘অসম্ভব’। পুতিনের সুরেই সুর মিলিয়ে তিনি বলেন, ‘রাশিয়ার নিরাপত্তা স্বার্থকেও’ বিবেচনায় নিতে হবে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউক্রেনের অন্যতম কট্টর মিত্র হিসেবে আবির্ভূত হলেও এখন তিনি রবার্তো ভান্নাচ্চি নামের এক নতুন অতি ডানপন্থী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন, যাঁর ইউক্রেন নীতি এএফডিরই প্রতিধ্বনি। ভান্নাচ্চি প্রশ্ন তুলেছেন যে অ্যালেক্সি নাভালনিকে আদৌ রুশ রাষ্ট্র হত্যা করেছে কি না; তিনি দাবি করেন রাশিয়া একটি গণতান্ত্রিক দেশ এবং পুতিন ও জেলেনস্কির মধ্যে কাকে পছন্দ করেন জানতে চাইলে তিনি রুশ নেতাকেই বেছে নেন।
এরপর রয়েছে ব্রিটেন। নাইজেল ফারাজ এতটুকু বুদ্ধিমান যে তিনি বোঝেন যুক্তরাজ্যে পুতিন চরম অজনপ্রিয়, কিন্তু অতীতে তিনি বারবার এই রুশ নেতার প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করেছেন।
ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর ফারাজ দাবি করেছিলেন, পশ্চিমারা ‘ভালুককে খোঁচা দিয়ে’ এই যুদ্ধ উসকে দিয়েছে এবং ট্রাম্পের ওভাল অফিসের সেই অপ্রীতিকর ঘটনার জন্য তিনি জেলেনস্কিকে ‘অভদ্র’ আখ্যা দিয়ে তাঁকেই দায়ী করেছিলেন।
গত মাসে ফারাজ দাবি করেন, ইউক্রেন ‘পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ’ এবং তাঁর দল ‘রিফর্ম’ সরকার গঠন করলে দেশটিতে ব্রিটিশ সহায়তার বিষয়টি ‘খুব তীক্ষ্ণভাবে খতিয়ে দেখবে’।
মহাদেশজুড়ে চলা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটের কারণে ইউক্রেনের প্রতি জনসমর্থন হয়তো কিছুটা কমে আসছে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাহকনা বলেন, ‘সহজ সমাধানের লোভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ।’ তাঁর আশঙ্কা, ফ্রান্স ও জার্মানির নির্বাচন এই মহাদেশের চেহারাই আমূল বদলে দিতে পারে।
স্টিভ ব্লুমফিল্ড
দ্য গার্ডিয়ানের আন্তর্জাতিক–বিষয়ক কলামিস্ট।
দ্য গার্ডিয়ান
থেকে সংক্ষেপে অনূদিত
