দেশের উচ্চশিক্ষা বিস্তারে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ, অহংকার এবং প্রাণের স্পন্দন। কিন্তু যখন কেউ এই বিদ্যাপীঠ নিয়ে কোনো অশালীন মন্তব্য বা অপ্রয়োজনীয় বিদ্বেষ ছড়ায় তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ এটি কেবল ইটের তৈরি বিল্ডিং কিংবা ক্যাম্পাস নয়; এটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। যার শিক্ষা, গবেষণা এবং উৎকর্ষতা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনন্য এক উচ্চতায়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-মন্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী- প্রত্যেকেই ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন এবং স্বাধিকার অর্জনের লড়াইয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। যার অসংখ্য সোনালী ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী সকল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রতিষ্ঠার পেছনেও রয়েছে এক দীর্ঘ ও কণ্টকাকীর্ণ ইতিহাস। ব্রিটিশ ঔপেনিবেশিক আমলে এ অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করার জন্য অনেকে নানামুখী চক্রান্ত করেছিল। বিশেষ করে তৎকালীন হিন্দু নেতাদের একাংশের তীব্র বিরোধিতার কথা কারও অজানা নয়। সে সময় সংকীর্ণ মানসিকতা থেকে অনেকে কটাক্ষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘মক্কা বিশ্ববিদ্যালয়’ বলেও অবমূল্যায়ন করার চেষ্টা করেছিল। এমন এক বৈরী ও প্রতিকূল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কয়েকজন দূরদর্শী মুসলিম মনীষী অনন্য অবদান রেখেছিলেন, তাঁদের মধ্যে নবাব স্যার সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী চৌধুরী ও শেরে বাংলা এ.কে. ফজলুল হক অন্যতম। তাঁদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগী ও দূরদর্শী প্রচেষ্টা না থাকলে হয়তো এ অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে আরও কয়েক যুগ পেরিয়ে যেত। জাতির এই কৃতিমান সন্তান ও দূরদর্শীদের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। পরবর্তীতে ১৯২০ সালে বঙ্গীয় আইনসভা বা বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পাস করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার আইনি ভিত্তি লাভ করে। সে সময়ে ব্রিটিশরা উপমহাদেশে শাসন প্রতিষ্ঠা করলেও এ অঞ্চলের মুসলমানদের স্বতন্ত্র ধর্মীয় ও রাজনৈতিক চেতনাকে বিনষ্ট করতে পারেনি। ভারতবর্ষের রাজনৈতিক ঐক্যের প্রশ্নে এম কে গান্ধী যখন বলেছিলেন- We are first Indian, then we are Hindu or Muslim (আমরা প্রথমে ভারতীয়, অতঃপর হিন্দু অথবা মুসলিম) তার দ্ব্যর্থহীন প্রতিউত্তরে কায়েদে আযম মুহাম্মাদ আলী জিন্নাহ অত্যন্ত স্পষ্টভাষায় ঘোষণা করেছিলেন- We are first Muslim, then we are Indian (আমরা প্রথমে মুসলিম, অতঃপর ভারতীয়)। এই আত্মমর্যাদা ও স্বাতন্ত্র্যবোধের শেকড় ধরেই ১৯২১ সালের ১ জুলাই পাঠদানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয় থেকে দীক্ষা নিয়ে লাখ লাখ ছাত্র দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করেছেন, এখনো করে যাচ্ছেন। অথচ এত গৌরব, ঐতিহ্য ও ত্যাগের স্মারক এই প্রতিষ্ঠানটিকে নিয়ে আজও যখন একশ্রেণির মানুষের মনে অবহেলা বা বিদ্বেষ কাজ করে তা কেবল একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয় ; বরং এটি আমাদের সামগ্রিক ইতিহাস ও আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।

দেশের উচ্চশিক্ষা বিস্তারে বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করলেও এগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য ও শ্রেষ্ঠত্বের কারণে আজও অনন্য। এ বিশ্ববিদ্যালয় আমাদের উপহার দিয়েছে যুগশ্রেষ্ঠ সব গুণীজনকে। প্রখ্যাত ভাষাবিজ্ঞানী জ্ঞানতাপস ড.মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম শিক্ষক। তাছাড়া শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কৃতী শিক্ষার্থী ছিলেন। এমন অসংখ্য মনীষী এখানে পড়াশোনা করেছেন কিংবা শিক্ষকতা করে এই ক্যাম্পাসকে ধন্য করেছেন। অথচ এই পরম প্রিয় বিদ্যাপীঠ নিয়ে যখন কেউ অশালীন বা কুরুচিপূর্ণ মন্তব্য করেন তখন হৃদয়ে গভীরে রক্তক্ষরণ হয়। সম্প্রতি কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি বক্তব্য এ দেশের মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘অমানুষদের কারখানা’ ও ‘সিনিয়র মাদরাসা’ বলে কটূক্তি করেন। তিনি এখানেই থেমে থাকেননি; বরং আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি এখন ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা’। এ ধরনের রুচিহীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জাতি তার মতো মানুষের কাছ থেকে আশা করেনি।

মানুষ সব সময় সব কিছু ঢেকে রাখতে পারে না। ক্ষণিকের জন্য হয়ত সাধু সাজা যায়। কিন্তু প্রকৃত সাধু হওয়া যায় না। মাননীয় সংসদ সদস্য হৃদয়ে যা লালন করে আসছেন সেটাই মুখ ফসকে প্রকাশ করে দিয়েছেন। তাঁর এই বক্তব্যের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক স্বাক্ষরিত এক বিবৃতিতে বক্তব্যটিকে ‘উদ্ভট’ দায়িত্বজ্ঞানহীন ও বিদ্বেষপ্রসূত’ উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারে দাবি জানান। বিৃবতিতে আরও বলা হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি এ ভূখন্ডের স্বাধীনতা, গণতন্ত্র, স্বাধিকার আন্দোলন এবং বিভিন্ন গণঅভ্যুত্থানের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘অমানুষ’ আখ্যা দেওয়া মানে শুধু শিক্ষার্থীদের প্রতি অবমাননা নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য ও বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্রবিন্দুর প্রতি প্রকাশ্য ঔদ্ধত্য। পাশাপাশি সিনিয়র মাদরাসা শব্দটিকে অবজ্ঞ বা অপমানের উপকরণ হিসেবে ব্যবহারেরও প্রতিবাদ জানানো হয়। স্মরণ করিয়ে দেওয়া হয় যে, দেশের যেকোনো গণতান্ত্রিক ও সরকারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ঐতিহাসিক সংগ্রামে মাদরাসা শিক্ষার্থীদেরও রয়েছে এক গৌরবোজ্জ্বল ভূমিকা। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষাধারাকে হেয় করে বক্তব্য দেওয়া কখনোই গহণযোগ্য হতে পারে না। কারণ জাতীয় জীবন ও জ্ঞানচর্চায় মাদরাসা শিক্ষারও রয়েছে সুর্দীর্ঘ ঐতিহাসিক অবদান।

ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী গণআন্দোলন সবখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব রয়েছে। সে বিশ্ববিদ্যালয় সম্পর্কে কটূক্তি একজন মাননীয় সংসদ সদস্য থেকে জাতি প্রত্যাশা করেনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা বলেছেন তা অত্যন্ত হতাশাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় কারো একক কোনো সম্পদ নয়; এটি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান। এ দেশের প্রতিটি অভিভাবক স্বপ্ন দেখেন তাঁদের সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর। আর তিনি বলেন, এটা বিশ্ববিদ্যালয় নয়, এটা অমানুষের কারখানা। কারণ এখানে মাদরাসা পড়ুয়া ছেলেরা বেশি ভর্তি হয়। এটা কি মাদরাসা পড়ুয়া ছেলেদের কোনো অপরাধ? তারা তো ভর্তি পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয়কে মেনে নিতে পারেননি। কারণ তিনি ছাত্রজীবন থেকেই শিবির বিদ্বেষীমনোভাব পোষণ করে আসছেন। সেই অভ্যাস এখনো ত্যাগ করতে পারেননি। ফলে শিবিরের বিজয় তাঁকে ব্যথিত করছে। অথচ ইসলামী ছাত্রশিবির পেশীশক্তির দাপটে নয়, ভালোবাসার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে বিজয়ী হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট) ভূমিধস বিজয় লাভ করে। ডাকসুর মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয় ইসলামি ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। সহসভাপতি (ভিপি) পদে মো.সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দীন খানসহ শীর্ষ পদগুলো এব বেশিরভার সম্পাদকীয় ও সদস্য পদে তারা জয় পান। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এই নির্বাচনে কোনো পদেই জয়লাভ করতে পারেনি এবং বাকি ৫টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শিবিরের প্যানেল বিজয়ী হওয়ার জন্য কী শিবির স্বাধীনতাবিরোধী হয়ে গেল? স্বাধীনতাবিরোধী তকমা দিয়েও হাসিনা রেহাই পায়নি, পালিয়ে যেতে হয়েছে।

একজন সরকারী দলীয় সংসদ সদস্য বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র আঙিনাকে অমানুষদের কারখানার সাথে তুলনা করলেন? কিন্তু এই বিষয় নিয়ে কারও কোনো উচ্চবাচ্য শোনা যায়নি। অথচ এই একই কথা যদি কোনো ইসলামি দলের নেতা কিংবা কর্মী বলতেন, তাহলে তথাকথিত বুদ্ধিজীবী ও সুশীলরা মুখে ফেনা তুলে ধুয়ে দিতেন। জীবনের পড়ন্ত বেলায় বিএনপির মনোনয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু অতীত ইতিহাসটা ভুলতে পারছেন না। তিনি রাজনৈতিক জীবনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী ভূত তাকে তাড়া করছে, ফলে তিনি এমন বেফাস মন্তব্য করছেন। আমরা মনে করি দেশের স্বার্থে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার স্বার্থে সরকারীদলের নীতিনির্ধারক মহল মাননীয় সংসদ সদস্যকে তাঁর এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশনা দিবেন-এমনটিই দেশবাসীর প্রত্যাশা।