তৌহিদুর রহমান
আমরা যখন বড় হতে শুরু করেছি, তখন পৃথিবীটাকে নতুন করে দেখতে শিখেছি, যা দেখেছি তাই জানতে শিখেছি, বুঝতে শিখেছি। দিগন্ত বিস্তৃত মাঠ—কোথাও জলাভূমি, কোথাও ধুধু বালু, কোথাও শক্ত এটেল মাটি। পানির অভাবে মাঠকে মাঠ শুকিয়ে যেতে দেখেছি। দেখেছি চৌচির হয়ে যাওয়া শুকনো ফসলের মাঠ। তখন মা-বাবা-পরিবারের সদস্যদের মায়া-মমতার বেড়া পেরিয়ে আশপাশের মানুষ, প্রকৃতি, পরিবেশ ও দিগন্তকে অনুভব করতে শিখেছি। ঠিক যখন কৈশোরে পদার্পণ করেছি তখন দেখলাম আরো এক নতুন পৃথিবী। ১৯৭১। ভারত আর পাকিস্তানের মধ্যে তখন যুদ্ধ যুদ্ধ খেলা চলছে। আমাদের কাছে ওটা খেলার মতোই ছিল। স্কুল বন্ধ, তাই আমরাও সারাদিন যুদ্ধ যুদ্ধ খেলতাম। আমরা হিন্দুস্তান আর পাকিস্তান দু’দলে ভাগ হয়ে যুদ্ধ যুদ্ধ খেলা করতাম সারদিন। তারপর কিছু দিন পরে যুদ্ধ শেষ হয়ে গেল। দেশ স্বাধীন হলো।
আরো একটু বড় হলে দাদার হাত ধরে শহরে গেলাম। চোখ ধাঁধিয়ে গেল। অনেক মানুষ। রঙিন দুনিয়া। পৃথিবী আস্তে আস্তে অবগুণ্ঠন খুলে ধরা দিল আমাদের কাছে। চুপ থেকে পাশের মানুষগুলোকে দেখেছি, দাদার সাথে তাদের কুশল বিনিময় এখনো মনে পড়ে। কি যে আত্মীয়তার বন্ধন। দূর গ্রামের মানুষ অথচ কত যে আপন ছিল তারা, তা আজ বলে শেষ করা যাবে না। দেখেছি অনেকের পরণে ছেঁড়া কাপড়, কিন্তু মনটা তাদের কারো ছেঁড়া ছিল না। সবাই যেন রাজকীয় মনের উদার মানুষ। আব্বার আড়তে বসলে কত রঙের মানুষ যে সেখানে আসতো। কেউ লেমনচুস কিনে দিত, কেউ বাদাম। আরো কত কি। দাদার হাত ধরে বাজারে ঘুরতার— অনেক স্বপ্ন এঁকে যেত মনে।
তারপর আরো একটু বড় হলাম, তখন একাই যেতাম বাজারে। আব্বা বাজার করে দিতেন আমি বাড়ি নিয়ে চলে আসতাম। তখন অসংখ্য মানুষের সাথে ভাবের আদান-প্রদান হয়েছে। দেখেছি তারা অতি সাধারণ, নিতান্তই সহজ-সরল। সাধারণ তাদের কাপড়-চোপড়, বেশ-ভূষা। অনেক মানুষকে দেখেছি মার্কিন কাপড়ের গামছা পড়ে, ঘাড়ে একটা হাত গামছা ফেলে বাজারে আসতে। গ্রামের সে মানুষগুলোর জীবন ছিল একেবারেই সাদাসিধে, সাদামাটা। সব সময় তাদের মুখে দেখেছি হাসি লেগেই থাকত। তারপর হাইস্কুলে গেলাম। অন্য গ্রামের ছেলেরা হয়ে গেল নতুন বন্ধু। নতুন আনন্দ, নতুন ভাব-বিনিময়, নতুন হাসি-কান্না, সুখ-দুঃখের ভাগ-বাটোয়ারা। তারপর গ্রামের সব ধরনের মানুষের সাথে আমাদের মেলামেশা শুরু হলো। তাদের বুক ভরা মায়া-মমতা আর অসীম দরদি মনের ছোঁয়া পেয়ে তাদের মাঝেই আমার বড় হওয়া। দু’চোখ ভরে দেখেছি চার পাশের আলো, হাওয়া, মাটি, পানি, গাছপালা, লতাগুল্ম, পশুপাখি, কীটপতঙ্গ, ফুলফল, ইত্যাদি। মনভরে উপভোগ করেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তখন সবই মনে হয়েছে সুন্দর, নির্মল, পরিপাটি, সাজানো গোছানো। সব কিছুকেই মনে হয়েছে মায়ের মতোই আপন, মমতাময়ী।
সবাইকেই মনে হয়েছে নিজ পরিবারেরই অংশ। মন দিয়ে ভালোবাসতে শিখেছি পরিবেশ, প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত সব কিছুকে। তখন আমাদের আনন্দ-বিনোদনের শুধুমাত্র মাধ্যম ছিল খেলাধুলা আর বই পড়া। এসএসসি পরীক্ষার পরে অবসরে অস্যংখ্য বই পড়েছি। পড়েছি শরৎচন্দ্র, নিমাই ভট্টাচার্য, নিহার রঞ্জন, আকবর আলী, বিষাধসিন্ধু আরো অনেক বই। কিন্তু আজ সব কিছুই যেন মনে হচ্ছে ভারসাম্যহীন। আবহাওয়া চরমভাবাপন্ন, দূষিত পরিবেশ, চারদিকে রুক্ষতা ছড়ানো-বিছানো। শব্দ দূষণ, বায়ু দূষণ, জলবায়ুর পরিবর্তন। খাদ্যে ভেজাল। একটাও দুধের গরু নেই তবুও প্রতিদিন এক’শ লিটার দুধ উৎপাদন ও বিপনন করছে। শুধুমাত্র কেমিক্যাল দিয়ে তৈরি হয়ে যাচ্ছে হাজার হাজার লিটার দুধ। মাছ পানি থেকে তুলেই ফরমালিনের মধ্যে ডুবানো হচ্ছে— মারাত্মক সে ফরমালিন যা মৃতদেহ পচনের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। ফলসহ সব ধরনের সবজিতে একই নিয়মে মেশানো হচ্ছে ফরমালিন। বিভিন্ন ফলের ফ্লেভার ও কেমিক্যাল দিয়ে তৈরি হয়ে যাচ্ছে নামি-দামি ব্রান্ডের সব জুস। এখন শিশু খাদ্যে ভেজাল সবচেয়ে বেশি। জীবন বাঁচানোর জন্যে যে ওষুধ সে ওষুধের ভেজাল মহামারি আকার ধারণ করেছে। দেশি-বিদেশি যেকোনো দামি ওষুধ হুবহু মেড ইন জিঞ্জিরা পেয়ে যাবেন ওষুধের দোকানে বসেই। বাজারে যে ওষুধের দাম দশ পিচ ষাট টাকা সেটাই আপনি নিজের দোকানে বসেই পেয়ে যাবেন এক বক্স মানে ছয়শ পিচ ষাট টাকায়। বিভিন্ন বিদেশি কোম্পানির বড় এক বোতল ভিটামিন সিরাপ পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায়, যার খুচরা মূল্য আটশ টাকা। দামের ক্ষেত্রেও ভয়ঙ্কর সব প্রতারণা চলছে। চল্লিশ টাকার আঙুর-আপেল বাংলাদেশে ঢোকার সাথে সাথে দাম হয়ে যাচ্ছে চারশ টাকা কেজি। তিনশ টাকার সার্ট হয়ে যাচ্ছে ৩ হাজার টাকা। অপসংস্কৃতির কথা এখন আর নাই বা বললাম—পর্ন থেকে শুরু করে হাতের মুঠোই সব আছে। সুদ, ঘুষ, চাদাবাজি, ধর্ষণ, রাহাজানি মহামারি আকার ধারণ করেছে। আসলে আমাদের Common sense আজ মরে ভূত হয়ে গেছে। একবারও ভেবে দেখছি না আমি গ্রামে বসে মাছে ফরমালিন দিচ্ছি লাভের আশায় আমার ছেলে সে মাছ ঢাকায় বসে কিনে খাচ্ছে এবং আমার ছেলে ঢাকায় বসে আমদানিকৃত ফলে ফরমালিন দিচ্ছে আমি গ্রামের বাজার থেকে সেই ফল কিনে খাচ্ছি। আজ আমরা প্রত্যেকেই স্বাস্থ্যগত ও মানসিকভাবে ক্যানসারের রোগী। আমরা নিজ হাতে একে অপরকে হত্যা করছি। আমি গ্রামে বসে সরকারি দপ্তরে ঘুষ দিয়ে কাজ করিয়ে নিচ্ছি অন্যদিকে আমার ছেলে বড় কোনো সরকারি অফিসে বসে দেদারছে ঘুস খাচ্ছে। অথচ যে সম্পদ অর্জন করতে, রক্ষা করতে ঘুষ দিতে হয়, সুদ দিতে হয় সেই সম্পদ একদিন আপনার আমার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে।
সম্ভবত ২০১১ সালের ১৮ জুন লন্ডন টাইমসে একটি প্রবিবেদন প্রকাশিত হয়েছিল। যার শিরোনাম ছিল এ রকম, ‘একটি হারানো বিজ্ঞপ্তি’। প্রতিবেদনটির সারমর্ম ছিল আমাদের আজীবনের প্রিয় বন্ধু Common sense-কে আমরা হারিয়ে ফেলেছি। সে জন্যে আমরা গভীরভাবে শোকাভিভূত। যদিও আজীবন সে আমাদের সঙ্গে ছিল, কিন্তু তার বয়স কত, সে দেখতে কেমন, তার কষ্ট, দুঃখ, বেদনা, পেশা, নিয়তি, প্রেম-প্রীতি, ভালোলাগা, মন্দলাগা, শখ ইত্যাদি সম্পর্কে আজ আমরা নিশ্চিত করে কেউ আর কোনো কিছুই বলতে পারছি না। প্রতিবেদনটি বেশ ঔৎসুক্যবর্ধক ছিল। ফলে চম্বুকের মতো তা মানুষের মনকে আকর্ষণ করেছিল। লন্ডন টাইমসের ওই প্রতিবেদনে সেই সময়ের Common sense বিহীন কিছু কিছু লোমহর্ষক ঘটনার উল্লেখ করা হয়েছিল। যা ছিল অনেক হৃদয়বিদারক।
একবার জর্জ বার্নাডশ’কে প্রশ্ন করা হয়েছিল ‘What is the common sense?’ উত্তরে তিনি বলেছিলেন, ‘The sense that is uncommon is common sense।’ বলা বাহুল্য, কমনসেন্সের অভাবে দেশ-বিদেশে আজ কত অসংখ্য যে অবাঞ্ছিত ঘটনা ঘটছে যার ইয়াত্তা নেই। আমরা প্রায়ই উদাহরণ দিয়ে থাকি, ‘মানুষের বিবেক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আদালত’। অথচ কমনসেন্সের চেয়েও বড় যে বিবেক তাও আজ উধাও। শ্লীল, শিষ্ট, ভদ্র, মার্জিত, রুচিসঙ্গত, শোভন আচরণ আজ যেন সমাজের কোথাও আর অবশিষ্ট নেই।
চাঁদার জন্য পাথর মেরে মানুষ হত্যাকারী আসামী আজ সহজেই জামিন পেয়ে যাচ্ছে, সংসদ ভবনের সামনে স্কুল শিক্ষিকার হত্যাকারীও নাকি জামিন পেয়ে গেছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবমাননাকারী আজ রাষ্ট্রদ্রোহী মামলার আসামী। অথচ সাহিত্যে রবীন্দ্র সমালোচকের অভাব নেই। খোদ ভারতেই রবীন্দ্রনাথকে নিয়ে জঘন্য সব সমালোচনা করা হয়েছে, তাদের কারো কিন্তু শাস্তি হয়নি, হচ্ছে না।
কিছুকাল আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সে দেশে অপসস্কৃতির বিরুদ্ধে একটি নতুন আইন জারি করেছেন। যার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারো কাছে মোবাইলে বা অন্যকোনো ডিভাইসে অশ্লীল শব্দযুক্ত লোকসংগীতের কোনো বিষয় পাওয়া গেলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এটা উত্তর কোরিয়ার আভ্যন্তরীণ বিষয়। এসব আলোচনায় আমরা নাই বা গেলাম। আসুন আমরা নিজেদের Common sense কে কাজে লাগাই— নিজেকে বাঁচাই, নিজের আহালকে বাঁচাই, জাতিকে বাঁচাই, দেশকে বাঁচাই।
লেখক : কবি ও কথা সাহিত্যিক।
