১৭ সেপ্টেম্বর ২০২৬। দখলদার রাষ্ট্র ইসরাইলের হাইফা শহরের কাবাবির এলাকায় অনুষ্ঠিত হলো আহমদিয়া মুসলিম কমিউনিটির ২৯তম বার্ষিক সম্মেলন বা জালসা সালানা। প্রায় ৭০০ ইহুদি ও আরব অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যৌথ নাগরিকত্ব, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক, সহনশীলতা, সামাজিক দায়িত্ব এবং শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা। কিন্তু এবারের সম্মেলনকে বিশেষভাবে আলোচনায় এনেছে এর অতিথি তালিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ, বিভিন্ন ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, নেসেট সদস্য, সাবেক মেয়র, কূটনীতিক এবং ভারতের ইসরাইলেস্থ রাষ্ট্রদূত জে পি সিং। ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সেখানে খুবই প্রত্যাশিতভাবে আহমদিয়া সম্প্রদায়ের সহাবস্থান, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের ভূমিকার প্রশংসা করেছেন। অন্যদিকে, ভারতের রাষ্ট্রদূত জে পি সিংও আহমদিয়া সম্প্রদায়ের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধের কথা তুলে ধরেছেন।

ঘটনাটি এখানেই গুরুত্বপূর্ণ। কারণ আহমদিয়া বা কাদিয়ানি প্রশ্ন উপমহাদেশের মুসলিম সমাজের জন্য কোনো নতুন বিষয় নয়। এই প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে আকিদা, খতমে নবুওয়াত, ইসলামী চিন্তাধারা, উপমহাদেশের ধর্মীয় রাজনীতি, পাকিস্তানের রাষ্ট্রচিন্তা, ইসলামী আন্দোলনের ইতিহাস এবং বহু দশকের তীব্র বিতর্ক। কাদিয়ানি মতবাদের কেন্দ্রীয় ধর্মতাত্ত্বিক প্রশ্ন হলো নবুওয়তের সমাপ্তি। আহমদিয়া সম্প্রদায় নিজেদের মুসলিম হিসেবে দাবি করে। অন্যদিকে মুসলিম বিশ্বের বহু আলেম ও ধর্মীয় প্রতিষ্ঠান তাদের বিশ্বাসকে ইসলামের প্রচলিত মূলধারার আকিদা, বিশেষত খতমে নবুওয়াতের বিষয়ে সম্পূর্ণ বিপরীত ও সাংঘর্ষিক হিসেবে গণ্য করে। এই ধর্মতাত্ত্বিক বিরোধই পরবর্তী সময়ে সামাজিক ও রাজনৈতিক বিরোধে রূপ নেয়।

এখানে উল্লেখ্য যে, পাকিস্তানে ১৯৭৪ সালের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে কাদিয়ানি বা আহমদিয়া গোষ্ঠীকে সাংবিধানিকভাবে অমুসলিম হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সংবিধানের ২৬০ অনুচ্ছেদে মুসলিমের সংজ্ঞার সঙ্গে নবী মুহাম্মদ (সা.)-এর পর আর কোনো নবী বা নবুওয়তের দাবিদারকে অস্বীকার করার বিষয়টি যুক্ত করা হয়। কিন্তু এই সাংবিধানিক সিদ্ধান্ত ১৯৭৪ সালে হঠাৎ করেই দেশটিতে আসে নি।

এর পেছনে ছিল কয়েক দশকের বিতর্ক ও সংঘাত। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই কাদিয়ানি প্রশ্ন রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনায় চলে আসে। ১৯৫২-৫৩ সালে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠী কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি তোলে। একই সঙ্গে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী স্যার জাফরুল্লাহ খানকে তার ধর্মীয় পরিচয়ের কারণে পদ থেকে সরানোর দাবিও ওঠে। আন্দোলন ক্রমে তীব্র হয়ে ১৯৫৩ সালে পাঞ্জাবে ব্যাপক অস্থিরতা ও সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাহোরে সামরিক আইন জারি করা হয়। পরবর্তীতে এই ঘটনাগুলোর তদন্তে বিচারপতি মুহাম্মদ মুনিরের নেতৃত্বে তদন্ত কমিশন গঠিত হয় এবং ১৯৫৪ সালে মুনির রিপোর্ট প্রকাশিত হয়।

এই ইতিহাসের সঙ্গে মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী (রহ.) এর নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। কাদিয়ানি প্রশ্ন নিয়ে তিনি ১৯৫০-এর দশকের শুরুতেই বিস্তারিতভাবে লিখেছিলেন এবং পাকিস্তানে কাদিয়ানি সমস্যার সাংবিধানিক সমাধানের দাবি জানিয়েছিলেন। ১৯৫৩ সালের অস্থিরতার পর সামরিক শাসনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়। সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় এবং পরবর্তীতে সেই সাজা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়। এখানে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। মাওলানা মওদূদীর বিরুদ্ধে রাষ্ট্র যে ব্যবস্থা নিয়েছিল, সেটি শুধু একজন আলেম বা রাজনৈতিক নেতার বিচার ছিল না; এর সঙ্গে যুক্ত ছিল পাকিস্তানের নতুন রাষ্ট্রে ইসলাম, রাজনীতি, ধর্মীয় পরিচয় এবং রাষ্ট্রীয় ক্ষমতার সম্পর্ক নিয়ে মৌলিক সংঘাত। ১৯৫৩ সালের ঘটনাকে কেন্দ্র করে যে মুনির তদন্ত কমিশন গঠিত হয়েছিল, তার নথি আজও এই ইতিহাস বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল। সেখানে ধর্মীয় নেতাদের বক্তব্য, রাজনৈতিক আন্দোলনের ক্রমবিকাশ, প্রশাসনের ভূমিকা, সামরিক আইন জারি এবং সহিংসতার বিভিন্ন দিক নথিবদ্ধ হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রেও এই ইতিহাসের একটি আলাদা ধারাবাহিকতা রয়েছে। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কাদিয়ানি প্রশ্ন বিভিন্ন সময়ে সামনে এসেছে। এই ভূখন্ডে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা বরাবরই খতমে নবুওয়াতের প্রশ্নে জোরালো অবস্থান নিয়েছেন। একই সময়ে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব, সংগঠন ও রাজনৈতিক নেতাকে ঘিরে নানা ধরনের মামলা, বিচার, অভিযোগ ও ঐতিহাসিক বিতর্ক তৈরি হয়েছে। প্রাসঙ্গিকভাবে, এখানে আওয়ামী আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দৃষ্টান্ত দেয়া যায়। জামায়াতের নেতারা যখন আওয়ামী লীগের বিচারিক প্রহসনের মুখোমুখি হন; তখন তাদের বিরুদ্ধে অনেকেই ট্রাইবুনালে এসে সাক্ষী দেন; যাদের অনেকেই কাদিয়ানিদের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। এর মধ্যে শাহরিয়ার কবিরের নাম আলাদা করে বলতে হয়। তিনি জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মো: মুজাহিদের রহ. মামলায় এসে সাক্ষ্য দেন।

এই শাহরিয়ার সাহেবের সাথে কাদিয়ানিদের হট কানেকশন ছিল সর্বজনবিদিত। বকশিবাজারের কাদিয়ানি হেডকোয়ার্টারেও তার নিয়মিত যাতায়াত ছিল। কাদিয়ানি ইস্যুতে বিগত ৭০ বছরের যে ঘাত প্রতিঘাত, বিশেষ করে ইসলামী আন্দোলনের একাধিক প্রজন্মের ফাঁসির মঞ্চে যাওয়ার ঘটনা; এবং তাদের বিরুদ্ধে কাদিয়ানিদের সহযোগীদের সক্রিয় অবস্থান গুরুত্বের সাথে বিবেচনার দাবি রাখে। আরেকটা প্রসঙ্গ বলি। কাদিয়ানিদের বাংলাদেশ শাখার দায়িত্বে আছেন আব্দুল আওয়াল চৌধুরি নামে একজন ব্যক্তি। তাকে অহরহ সোশ্যাল মিডিয়ায় এবং আহমাদিয়াদের চ্যানেলগুলোতে দেখা যায়। তিনি ১৫ বছরের আওয়ামী আমলে ব্যাপক সুবিধা নিয়েছেন। আমি নিজে তার একাধিক আলোচনা শুনেছি, যেখানে তিনি শেখ পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। নিজেকে তিনি শেখ কামালের বন্ধু হিসেবেও দাবি করেছিলেন।

এই জায়গায় এসে ২০২৬ সালের হাইফা সম্মেলনকে ভিন্নভাবে মুল্যায়ন করার প্রয়োজনীয়তা রয়েছে। একদিকে বিশ্বের অধিকাংশ মুসলিম কাদিয়ানি মতবাদকে খতমে নবুওয়াতের আকিদার সঙ্গে সাংঘর্ষিক মনে করে। অন্যদিকে হাইফার মতো একটি আন্তর্জাতিক শহরে ইসরাইলের প্রেসিডেন্ট সেই সম্প্রদায়কে সহাবস্থান ও সহনশীলতার উদাহরণ হিসেবে তুলে ধরছেন। ভারতের রাষ্ট্রদূতও সেখানে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রদায়গুলোর পারস্পরিক সম্মানের কথা বলছেন। এই দুই বাস্তবতাকে পাশাপাশি রাখলে প্রশ্ন ওঠা স্বাভাবিক—কাদিয়ানি পরিচয়ের আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবহার বা উপস্থাপনের নতুন কোনো মাত্রা কি তৈরি হচ্ছে? কেননা, ইসরাইলের মাটিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সাথে সাংঘর্ষিক অবস্থানে থাকা কাদিয়ানিদের এই সম্মেলন আবারও যেন প্রমাণ করলো, ইসরাইল প্রকৃতার্থেই কালিমায় বিশ্বাসী বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গেল বছরগুলোতে ভারত ও ইসরাইলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্কের বর্তমান বাস্তবতা এবং কাদিয়ানিদেরকে এ দুই দেশ যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তা নতুন করে এই প্রশ্নকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। ভারতীয় মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে সেখানে নিয়মিতভাবে মুসলিমদের ওপর দমন নিপীড়ন চালানো হচ্ছে। প্রায় প্রতিদিনই যখন ভারতের কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মসজিদ বা ইসলামিক স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিন প্রশ্ন, গাজা যুদ্ধ এবং ইসরাইল-আরব ও ইসরাইল-মুসলিম সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। ইসরাইলীরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গাজায় মুসলিম নিধন করে যাচ্ছে। আল আকসার ওপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থার্ড টেম্পল বানানোর পাঁয়তারা করছে। তারা পরিকল্পিতভাবে বাহাই, দ্রুজ বা কাদিয়ানিদের মতো বিতর্কিত গ্রুপগুলোকে মুসলিম হিসেবে দেখিয়ে তাদের সাথে অনুষ্ঠানাদির আয়োজন করে নিজেদেরকে মুসলিমদের বন্ধু বা সম্প্রীতিমূলক সম্পর্ক রাখার দাবি করছে। অথচ যারা সত্যিকারের মুসলিম, যারা ইসলামের স্পষ্ট চিন্তাধারা ও বিশ্বাস লালন করে তাদেরকে চিরতরে বিনাশ করার জন্য তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে। আর উপরোক্ত বিতর্কিত গ্রুপগুলোকেও কোনোদিন ইসরাইলের এসব যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় না।

তাই খুব স্বাভাবিকভাবেই এ প্রশ্ন চলে আসে যে মুসলিম পরিচয়কে মূলধারার মুসলিম সমাজ ধর্মতাত্ত্বিকভাবে গ্রহণ করে না, সেই পরিচয়ের একটি সম্প্রদায়কে ইসরাইলৃি রাষ্ট্রীয় পরিসরে ‘মডেল মুসলিম’ বা সহাবস্থানের উদাহরণ হিসেবে উপস্থাপন করার রাজনৈতিক বার্তা কী? মূলত বিতর্কিত এই গ্রুপগুলো পশ্চিমাদের তৈরি এবং মূলধারার মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভাজন ও সংশয় তৈরির উদ্দেশ্য নিয়েই তাদেরকে তৈরি করা হয়েছে বলেই অনেকের ধারনা। এই প্রেক্ষিতে আহমদিয়া সম্প্রদায়ের আন্তর্জাতিক সংগঠনগুলো কোন কোন রাষ্ট্রের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখে, কোথায় তাদের সম্মেলনে রাষ্ট্রীয় প্রতিনিধিরা অংশ নেন, কোন ধরনের রাজনৈতিক ভাষা ব্যবহার করা হয়, আন্তর্জাতিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার আলোচনায় তারা কীভাবে নিজেদের অবস্থান তুলে ধরে, এবং বিভিন্ন রাষ্ট্র তাদের কীভাবে উপস্থাপন করে—এসব তথ্য সচেতন প্রতিটি মুসলিমের জানা প্রয়োজন।

ইতিহাসের স্বীকৃত বাস্তবতা হলো, গত সাত দশকের ইতিহাসে কাদিয়ানি প্রশ্নকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের বহু নেতা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ১৯৫৩ সালে মাওলানা মওদূদীর মৃত্যুদণ্ড এর বড়ো দৃষ্টান্ত। এরপর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশসহ প্রায় প্রতিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে খতমে নবুওয়াতের প্রশ্নে আন্দোলন হয়েছে। কেউ কারাগারে গেছেন, কেউ রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, কেউ মৃত্যুর মুখোমুখি হয়েছেন। ফলে আজ হাইফার সম্মেলনে যখন ভারত ও ইসরাইলের রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তাদের মুখে কাদিয়ানিদের প্রশংসা শোনা যায়, তখন ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দীর্ঘ কুরবানির ইতিহাসকেও শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। কারণ এই নেতারা আনেক আগেই এই সংকটকে অনুধাবন করতে পেরেছিলেন এবং কাদিয়ানিদের সাথে ইসলাম বিরোধী শক্তির যোগসাজেশ আবিস্কার করতে পেরেছিলেন। এটি তাদের দূরদর্শিতারই পরিচয় বহন করে।

এখানে বলে রাখা ভালো যে, খতমে নবুওয়াত মুসলিমদের কাছে নিছক একটি ধর্মতাত্ত্বিক বিতর্কের বিষয় নয়। বিশ্বের বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল এবং তাঁর পরে আর কোনো নবী আসবেন না। কুরআনের সূরা আল-আহযাবের ৪০ নম্বর আয়াতে তাঁকে নবীগণের শেষ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামী ঐতিহ্যে রাসুলুল্লাহ (সা.)-এর বহু হাদিসেও তাঁর পরে নবী না আসার বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এ কারণে খতমে নবুওয়াতের বিশ্বাস মুসলিমদের কাছে ইসলামী আকিদার অন্যতম মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত। এই বিশ্বাসের গুরুত্ব কেবল ধর্মীয় পরিচয়ের প্রশ্নে সীমাবদ্ধ নয়। ইসলামের নবুওয়তের ধারাবাহিকতা সম্পর্কে মুসলিমদের যে ধারণা, তার পরিণতিই হলো রাসুলুল্লাহ (সা.)-এর মাধ্যমে নবুওয়তের সমাপ্তি এবং তাঁর আনীত শরিয়তের পূর্ণতা। একজন মুসলিমের জন্য মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা তার ঈমানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই কোনো ব্যক্তি বা মতবাদ যদি তার পরে কোনো ধরনের নবুওয়তের দাবি বা এমন কোনো ধর্মতাত্ত্বিক ধারণা উপস্থাপন করে যা মুসলিমদের প্রচলিত খতমে নবুওয়াতের আকিদার সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়, তাহলে মুসলিম সমাজে সেটিকে গুরুতর ধর্মতাত্ত্বিক প্রশ্ন হিসেবে দেখা স্বাভাবিক। আর কাদিয়ানিদের বেলায় ঠিক এমনটাই হয়েছে।

এই বাস্তবতায় ইসলামী আন্দোলনের ইতিহাসও নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। মাওলানা মওদূদী রহ. কেন কাদিয়ানি প্রশ্নে লিখেছিলেন, ১৯৫৩ সালে রাষ্ট্র কেন তার বিরুদ্ধে এত কঠোর হলো, সামরিক আদালত কেন মৃত্যুদণ্ড দিল, কীভাবে সেই সাজা পরিবর্তিত হলো, পরবর্তী দুই দশকে কীভাবে একই প্রশ্ন পাকিস্তানের সাংবিধানিক কাঠামোতে ফিরে এল—এসব বিষয় না জানলে আজকের হাইফার ঘটনাটিও যথাযথভাবে বোঝা যাবে না। আজকের সবচেয়ে বড় প্রশ্ন শুধু ‘কাদিয়ানি কারা’- তা নয়। বরং প্রকৃত প্রশ্ন হলো, বিতর্কিত এই গ্রুপটির আন্তর্জাতিক পরিচয় কীভাবে নির্মিত হচ্ছে? পশ্চিমা রাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ভারত তাদের কীভাবে উপস্থাপন করছে? কেন একটি বিতর্কিত ও অগ্রহণযোগ্য গ্রুপকে সহাবস্থান ও শান্তির মডেল হিসেবে আন্তর্জাতিক পরিসরে সামনে নিয়ে আসা হচ্ছে? এগুলো নিয়ে আমাদের নিজস্ব গবেষণা থাকা বাঞ্ছনীয়। সমাজের প্রতিটি মানুষকেও এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করে তোলার দায়িত্ব আমাদের রয়েছে।